Home Blog Page 40

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

0
#ASHRAE-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বখ্যাত প্রকৌশলীদের সম্মেলনে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী
#৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিশরের উদ্দেশ্যে যাত্রা, ১–৭ অক্টোবর কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন
সাতনদী প্রতিবেদন: সাতক্ষীরার মেধাবী কন্যা প্রজ্ঞা পারমিতা রহমান এখন মিশরের রাজধানী কায়রোতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী ASHRAE-এর একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সেই সুবাদে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান প্রকৌশলীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় একটি ফ্লাইটে মিশরের উদ্দেশ্যে রওনা দেন প্রজ্ঞা পারমিতা রহমান। যাত্রা শেষে তিনি কায়রোতে পৌঁছেছেন। ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ সম্মেলন।
শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি সময়ে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয় এবং পরবর্তীতে সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ প্রজ্ঞার জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। একই সঙ্গে এটি তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাতক্ষীরার জন্যও আনন্দ ও গর্বের বিষয়।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়, এরপর বিশ্বমঞ্চে
ASHRAE-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়েই আন্তর্জাতিক পরিসরে নিজের মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন প্রজ্ঞা। প্রতিযোগিতায় সাফল্যের পর তাঁকে কায়রোর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
এ সম্মেলন তাঁর জন্য শুধু একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক আয়োজন নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীদের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিশ্বের খ্যাতিমান প্রকৌশলীদের সঙ্গে একই মঞ্চে
১ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের নানা দেশের খ্যাতিমান প্রকৌশলীরা অংশগ্রহণ করবেন। প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের এই মিলনমেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রজ্ঞা বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী প্রকৌশলী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
একজন বাংলাদেশি প্রকৌশল শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক এই আয়োজনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও সম্ভাবনার কথাও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।
বুয়েটের চতুর্থ বর্ষে পড়ছেন প্রজ্ঞা
প্রজ্ঞা পারমিতা রহমান বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয় অর্জন এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ তাঁর শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য সাফল্য।
শিক্ষাজীবনের এ পর্যায়েই আন্তর্জাতিক পরিসরে নিজের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাওয়া ভবিষ্যৎ পেশাগত জীবনেও তাঁর জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
পরিবারেও আনন্দ ও গর্ব
প্রজ্ঞা পারমিতা রহমানের মা নাজমুন নাহার সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক। তাঁর বাবা আলহাজ্জ মো. সাহিদুর রহমান সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
মেয়ের আন্তর্জাতিক অর্জন ও কায়রো যাত্রায় পরিবারে আনন্দের পাশাপাশি তৈরি হয়েছে গর্বের আবহ। প্রজ্ঞার এই সাফল্য তাঁর পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি সাতক্ষীরার মানুষের কাছেও এটি গর্বের একটি বিষয়।
সাতক্ষীরার মেধাবী কন্যার আন্তর্জাতিক পথচলা
সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও বিভিন্ন পেশায় মেধাবী মানুষের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় প্রজ্ঞা পারমিতা রহমানের আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণও জেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি গল্প হয়ে উঠতে পারে।
ASHRAE-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয় থেকে কায়রোর আন্তর্জাতিক সম্মেলন—প্রজ্ঞার এই পথচলা দেখিয়ে দেয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত তরুণ-তরুণীদের মেধা ও সৃজনশীলতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সম্ভাবনা কতটা বিস্তৃত।
কায়রো সম্মেলনে নতুন অভিজ্ঞতার অপেক্ষা
কায়রোতে অনুষ্ঠিতব্য সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলীদের সঙ্গে একই আন্তর্জাতিক পরিসরে অবস্থান করবেন প্রজ্ঞা। সেখানে তিনি নতুন প্রযুক্তি, প্রকৌশল ভাবনা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
আন্তর্জাতিক অঙ্গনের এই অভিজ্ঞতা তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত পথচলায় নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।
সবার কাছে দোয়া প্রার্থী প্রজ্ঞা
কায়রোর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আগে এবং সম্মেলন চলাকালীন সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন প্রজ্ঞা পারমিতা রহমান। তাঁর আন্তর্জাতিক এ যাত্রা সফল হোক, সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নতুন অভিজ্ঞতা অর্জন করুন এবং নিরাপদে দেশে ফিরে আসুন—এটাই তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।
৩০ সেপ্টেম্বর সন্ধ্যার সেই যাত্রা এখন কায়রোর আন্তর্জাতিক মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সাতক্ষীরার মাটি থেকে উঠে আসা বুয়েটের এই তরুণ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের গল্প আরও বিস্তৃত হোক আন্তর্জাতিক অঙ্গনে—এটাই প্রত্যাশা।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো দেখছেন উপকূলবাসী

0
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপকূলীয় জনপদের মানুষের চিকিৎসাসেবার একমাত্র গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানটিতে শুরু হয়েছে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম। এতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে হাসপাতালের অবকাঠামোগত দুরবস্থার কারণে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে শয্যাসংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে দূরদূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হতো। ফলে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন শ্যামনগরসহ আশপাশের উপকূলীয় এলাকার অসংখ্য মানুষ।
এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও পুনর্নির্মাণ কার্যক্রমে নতুন গতি এসেছে। হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করতে তিনি নিজেই বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রত্যাশিত ভবন পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কাজ শেষ হলে অতি দ্রুত ভবনটি রোগীদের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা হচ্ছে।
শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, হাসপাতালের সার্বিক পরিবেশের পরিবর্তনেও বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। হাসপাতালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ঝোপঝাড় ও বনজঙ্গল পরিষ্কারের ব্যবস্থা করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সমস্যার কারণে যাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে বিষয়েও নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।
হাসপাতালের জরুরি বিভাগ, ডেলিভারি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নিজস্ব উদ্যোগে জরুরি বিভাগের জন্য জেনারেটরের ব্যবস্থাও করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও জরুরি চিকিৎসাসেবা সচল রাখার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নতুন ভবনটি চালু করা হলে শ্যামনগরের সাধারণ মানুষ আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। বিশেষ করে প্রত্যন্ত উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমে আসবে।
হাসপাতালের এমন ইতিবাচক পরিবর্তনে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। ডা. জিয়াউর রহমানের দিকনির্দেশনা, আন্তরিকতা ও উদ্যোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুনভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

0
নিজস্ব প্রতিবেদক: চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সাতক্ষীরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত কার্যক্রম চালু, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু এবং সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলীর সভাপতিত্বে নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।
এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা শাহানারা খাতুন রিনা, রফিকুল ইসলাম ও স্বপন পান্ডে প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, ভূমিহীনদের পুনর্বাসন ও তাঁদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু এবং সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর দাবি জানান তাঁরা।
পথসভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ভূমিহীন মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা চার দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় এক বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক ও উন্নয়ন সংস্থা আরাধনা’র সার্বিক ব্যবস্থাপনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলার সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য, কারুশিল্প, কৃষি জীবন, বায়ান্ন, জুলাই অভ্যুত্থান, প্রকৃতিক দূর্যোগ সহ জলরঙে আঁকা শিল্পীদের নানা চিত্র প্রদর্শনীতে স্থান পায়।

এ সময় চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, তালা উপশাখা পূবালী (পিএলসি) ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং ম্যানেজার আব্দুল কাদের, আরাধনার নির্বাহী পরিচালক মোঃ মাহবুব রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবী মানুষজন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, আমাদের সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য অনন্য এই চিত্র প্রদর্শনীর আয়োজন। আন্তর্জাতিক পরিমন্ডলেও এ ধরণের আয়োজন বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে। শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্র কর্মের তিনি প্রশংসা করেন। সাতক্ষীরার কৃতি সন্তান নাজমুস সাকিব এর আঁকা বাংলাদেশের প্রকৃতিক দূর্যোগ এর উপর আঁকা চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ স্থান পায়।

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব

0
কলারোয়া প্রতিবদেক: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবাঅঅর (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি ২টি করে মোট ১০টি বাইসাইকেল দেওয়া হয়। এভাবে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮০ জন শিক্ষার্থী এ সুবিধা পেয়েছে।
অনুষ্ঠানে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজীরহাট হাইস্কুল। এসব প্রতিষ্ঠানের ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্রের মাঝে মোট ৮০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধার বিকাশ ঘটাতে উৎসাহিত হয়, সেজন্য আমরা তাদের পাশে আছি।”
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

0

ফিরোজ হোসেন: সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর)  দুপুর আড়াই টায়  শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সদর ইউএনও অর্ণব দত্ত, জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল পর্যায়ের প্রতিনিধিগন।

 

এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহরি পণ্যের স্টল। লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, শহিদ  বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ২০ দিন ব্যাপী।

চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। এছাড়া সিসি ক্যামেরায় সার্বক্ষনিক তদারকি করার ব্যবস্থা রয়েছে।

 

প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় তিনজন। আহত হয় অর্ধশতাধিক। এরপর থেকে মেলা হারিয়ে ফেলে তার ঐতিহ্য।

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা

0
#নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে নদীর লবণ পানি ওঠানো নামানোর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে চাউলখোলা ও খুটিকাটা এলাকায় এ ধরনের ‘নাইন্টি পাইপ’ বেশি রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের দাবি, বিভিন্ন স্থানে বেড়িবাঁধের ভেতর দিয়ে এসব পাইপ বসিয়ে নদী থেকে লবণ পানি চিংড়ি ঘেরে প্রবেশ করানো এবং প্রয়োজন অনুযায়ী আবার নদীতে বের করে দেওয়া হচ্ছে। ফলে পাইপ বসানো স্থানগুলোতে বেড়িবাঁধ দুর্বল হওয়ার পাশাপাশি আশপাশের ধান ও মিষ্টি পানির মাছের জমিতে লবণ পানি প্রবেশের ঝুঁকি তৈরি হচ্ছে।
চাউলখোলা ও খুটিকাটা এলাকার বাসিন্দাদের অভিযোগ, কিছু কিছু স্থানে অল্প দূরত্বের মধ্যেই একাধিক পাইপ দেখা যায়। দীর্ঘদিন ধরে পানি ওঠানো-নামানোর কারণে পাইপের আশপাশের মাটি ও বাঁধের গোড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি তাদের।
এ এলাকার মানুষের জন্য বেড়িবাঁধ শুধু নদীর পানি ঠেকানোর অবকাঠামো নয়—অনেক স্থানে এটিই মানুষের প্রধান চলাচলের রাস্তা। ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে একই সঙ্গে বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং যোগাযোগব্যবস্থার দুর্ভোগ বাড়তে পারে।
একজন স্থানীয় কৃষক বলেন, আমরা চাই ঘেরও থাকুক, কৃষিও থাকুক। কিন্তু একজনের লবণ পানির ঘেরের কারণে যেন অন্য মানুষের ধান ও মিষ্টি পানির মাছের ক্ষতি না হয়। সরকারি বেড়িবাঁধ কেটে পাইপ বসানো হয়ে থাকলে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক।
আরেক বাসিন্দা বলেন, চাউলখোলা ও খুটিকাটার কোথায় কতগুলো নাইন্টি পাইপ আছে, প্রশাসন সরেজমিনে এসে হিসাব করুক। কোনটির অনুমোদন আছে আর কোনটির নেই, সেটাও প্রকাশ করা হোক।
এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে চাউলখোলা ও খুটিকাটাসহ পুরো পদ্মপুকুর ইউনিয়নের বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করা হোক। অনুমোদনহীন পাইপ পাওয়া গেলে সেগুলো অপসারণ করে কাটা বাঁধ যথাযথভাবে মেরামত এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া বাঁধ কাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়দের ভাষ্য, একটি দুর্বল স্থান দিয়ে নদীর পানি প্রবেশ করলে ক্ষতি শুধু একটি ঘের বা জমিতে সীমাবদ্ধ থাকবে না ঝুঁকিতে পড়তে পারে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও মানুষের চলাচলের রাস্তা।
এলাকাবাসীর দাবি—ব্যক্তিস্বার্থে বেড়িবাঁধ নয় কৃষি, জনপদ ও মানুষের নিরাপত্তা রক্ষায় অবৈধ নাইন্টি পাইপ বন্ধ করতে হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম বলেন, এবিষযে অনেকবার ঘের মালিকদের নিষেধ করা হয়েছে, তারপরও কিছু কিছু ব্যক্তি এমন কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের কে নোটিশ করা হয়েছে, পাইপ না সরালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে উদ্ধার

0
শ্যামনগর প্রতিবেদক: ‎সাতক্ষীরার শ্যামনগরে স্বজনদের কাছে বেড়াতে গিয়ে নিখোঁজ দুই অপ্রাপ্তবয়স্ক বোনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভূক্তভোগীদের মা বাদী হয়ে শ্যামনগর থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাপিতখালী গ্রামের মোঃ কুয়াত আলীর স্ত্রী মোছাঃ রোজিনা খাতুনের (৩৮) বাড়িতে গত ১৫ সেপ্টেম্বর বেড়াতে আসেন তাঁর বোন জামাই মোঃ সাহেব আলী (৩০)। পরদিন ১৬ সেপ্টেম্বর সকালে চন্ডিপুর (গলাচাপা) এলাকার বাসিন্দা সাহেব আলী তাঁর দুই শ্যালিকা—মনিরা আক্তার মিতা (১৪) ও মোছাঃ লামিয়া ইয়াসমিনকে (০৭) নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যান। পরদিন মেয়েদের ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও তিনি নানা তালবাহানা শুরু করেন।
‎পরবর্তীতে ভূক্তভোগী পিতা-মাতা সাহেব আলীসহ অন্যান্য বিবাদীদের (তাছলিমা খাতুন, মোঃ রফিকুল ইসলাম গাজী ও মোছাঃ নুরুন্নাহার খাতুন) কাছে সন্তানদের ফেরত চাইতে গেলে তাঁরা গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর সকালে দুই কন্যাকে ফেরত চাইতে গেলে বিবাদীরা তাদের সন্তানদের ক্ষতি করারও হুমকি দেয়। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়।
‎অভিযোগ পাওয়ার পরপরই শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারীর তাৎক্ষণিক নির্দেশে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। সাব ইন্সপেক্টর খন্দকার আনোয়ার ও সহকারী সাব ইন্সপেক্টর মোহাম্মদ নবীরের নেতৃত্বে এবং স্থানীয় গ্রাম পুলিশ মোঃ সাগরের সহযোগিতায় অভিযান চালিয়ে নিখোঁজ দুই বালিকাকে নিরাপদে উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
‎অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে অল্প সময়ের মধ্যে দুই সন্তানকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাফিউল ইসলাম পাটোয়ারী ও অভিযানে অংশগ্রহণকারী পুলিশ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সাধারণ মানুষ।

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

0
নগরঘাটা প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরঘাটা ইউনিয়নের বিথী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি। বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে আজকের এই কর্মসূচি আমাদের মুগ্ধ করেছে। কোমলমতি শিশুদের হাতে গাছের চারা তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা এসব চারা নিজ নিজ বাড়িতে রোপণ করবে এবং গাছের সঙ্গে সঙ্গে তারাও সুন্দরভাবে বেড়ে উঠবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীসহ সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিথী আইডিয়াল স্কুলের পরিচালক ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত কুমার মণ্ডল, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম হায়দার আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল এবং তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

0
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে:  আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা সচলতার বিষয়ে খোঁজখবর নেন। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠ দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে আসেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।
 এসময় মোহনা টিভির সিনিয়র সাংবাদিক  আর.কে.বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ বাবুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ওসি এইচ এম শাহীন জানান, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে সম্পন্ন হতে পারে সেজন্য দেবহাটা থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মন্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে। প্রতিটি মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি সতর্ক করেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পুলিশের এমন আগাম নিরাপত্তা তদারকি ও সশরীরে উপস্থিতি প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি টিকেট মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।