Home Blog Page 39

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে ছেলে ও পৌত্রের বিরুদ্ধে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় মো. ছফেদ আলী গাইনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন মো. ছফেদ আলী গাইন অভিযোগ করেন, তিনি নিজের পুরোনো বসতঘরের খুঁটি সরিয়ে পাকা দেয়াল তৈরির কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরের আগে তার ছেলে নুর মোহাম্মদ ও পৌত্র রিফাত সেখানে আসেন। এ সময় বাদানুবাদের একপর্যায়ে তারা তার হাতের আঙুল মুচড়ে দেওয়ার পাশাপাশি কিল-ঘুষি মারেন। পরে তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে তার ছোট ছেলে রাশিদুল তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ছফেদ আলী গাইন একই গ্রামের মৃত আবুল কাশেম গাইনের ছেলে। তিনি ছেলে নুর মোহাম্মদ ও পৌত্র রিফাতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

0
কামরুল হাসান, কলারোয়া থেকে: কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের ৯৪ নং মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বছরের প্রায় ৮/ ৯ মাস জলাবদ্ধতা অবস্থায় থাকে। বিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশ পচা, দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকার ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। যাতায়াতের সময় প্রায়ই পিছলে পড়ে গিয়ে জামাকাপড় নোংরা হচ্ছে এবং বই-খাতা ভিজে নষ্ট হচ্ছে। এছাড়া শৌচাগার বা ওয়াশরুমে যাওয়ার পথও পানিতে তলিয়ে থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান মিম জানায়, “স্কুলে আসার পথে পানি জমে থাকে। পড়ে গিয়ে কাপড় নোংরা হয়, বই ভিজে যায়। আমরা খেলাধুলাও করতে পারি না।” অপর এক শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, “পানির জন্য আমরা ঠিকমতো ওয়াশরুমেও যেতে পারি না।”
সাঁতস্যাঁতে পরিবেশ ও জমা পানিতে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ নানা রোগজীবাণুর ঝুঁকি বাড়ছে। অনেক শিক্ষার্থী জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল আহাদ এবং পরিচালনা কমিটির সদস্যরা দীর্ঘদিনের এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষক জানান, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে। পরিচালনা কমিটির পক্ষ থেকে দ্রুত মাটি ভরাট অথবা কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে পরিবেশের উপরে কাজ করে ইতিমধ্যে সবার নজরে আসা তরুণ প্রকৌশলী আসিফ ইকবাল চয়ন বলেন, দীর্ঘদিন বিদ্যালয়টি জলাবদ্ধ থাকায় এই বিদ্যালয় এবং আশপাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে। অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না গেলে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবগত করা হলেও তিনি কার্যকর ব্যবস্থা নেননি বলে আসিফ ইকবাল চয়ন জানান।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পূর্ববর্তী পরিদর্শনের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিদ্যালয়ের মাঠ ভরাটের বিষয়টি আমাদের প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পাওয়ামাত্রই দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করা হবে।

নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে গ্রামবাসীর ভোজ

0
নিজস্ব প্রতিবেদক:  সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কার হিসেবে দেওয়া গরু ও ছাগলের মাংস দিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর জন্য ভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর মিঠাবাড়ি ঈদগাহ ময়দানে এ ভোজের আয়োজন করা হয়। এতে একটি গরু ও একটি ছাগলের মাংস দিয়ে মোট ২৪ ডেগ খিচুড়ি রান্না করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি, ধারাভাষ্যকার অলিউল ইসলাম ওলি, জাকির হোসেন, আলমগীর হোসেন, টুর্নামেন্টের রেফারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত আলীর উপস্থিতিতে ভোজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংঘের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা ও মোশাররফ হোসেন।
আয়োজকরা জানান, সম্প্রতি মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু দেওয়া হয়। সেই গরু ও একটি ছাগলের মাংস দিয়ে স্থানীয় গ্রামবাসীর জন্য এই ভোজের আয়োজন করা হয়।
ভোজে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। আয়োজকদের এমন উদ্যোগে গ্রামবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

মাসুদ রানা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  ‎​শুক্রবার (২ অক্টোবর) সকালে আগরদাঁড়ী বল ফিল্ডে আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার সভাপতি মো. মহিবুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মারুফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউনুস আলী ছোটন।
‎
‎​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হাফেজ এবাদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শারীরিক সুস্থতা ও মেধা বিকাশের বিকল্প নেই। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী ছাত্রশিবির সর্বদা এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

খেলায় আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার বিভিন্ন জনশক্তি সহ সাধারণ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। খেলা দেখতে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের উপস্থিতি মাঠে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে‎।

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

0

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় সীমান্ত জেলা সাতক্ষীরা জাতীয় অর্থনীতিতে অনন্য অবদান রেখে চলেছে। আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন এবং মৎস্য সম্পদের বড় অংশ কেন্দ্র করে এই জেলার অবস্থান। তবে টেকসই উন্নয়নের জন্য জেলার সার্বিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন অপরিহার্য। সাতক্ষীরার সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রধান

অগ্রাধিকারভিত্তিক খাতগুলোর চিত্র তুলে ধরা হলো:ডিজিটালাইজেশন ও শেড বৃদ্ধি: ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন ও বাণিজ্যিক সম্প্রসারণ ‎​ভোমরা স্থলবন্দর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রধান গেটওয়ে।
‎​অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম ও ডিজিটালাইজড ট্র্যাকিং চালুর মাধ্যমে দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা জরুরি। অতিরিক্ত গুদাম ও শেড নির্মাণ করলে খোলা আকাশের নিচে পচনশীল পণ্য নষ্ট হওয়া রোধ করা সম্ভব।পাসপোর্ট যাত্রী সুবিধা ও বাইপাস সড়ক: আন্তর্জাতিক যাত্রীদের জন্য আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ এবং বন্দর এলাকা থেকে ভারী ট্রাক শহরের বাইরে পাঠানোর জন্য ডেডিকেটেড ‘বাইপাস রোড’ নির্মাণ করা প্রয়োজন।
‎​

‎​নতুন রেলপথ স্থাপন: রেললাইন সংযোগ প্রতিষ্ঠা অবকাঠামোগত যোগাযোগের সবচেয়ে বড় ঘাটতি হলো রেললাইন। যশোর বা খুলনা থেকে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রকল্প গ্রহণ করা জরুরি।

‎​অর্থনৈতিক লাভ: এই সংযোগ স্থাপিত হলে ভারতীয় আমদানিকৃত কাঁচামাল ও সাতক্ষীরার চিংড়ি খুব কম খরচে সারা দেশে পরিবহন করা যাবে।‎​প্রধান মহাসড়ক প্রশস্তকরণ: যশোর-সাতক্ষীরা এবং খুলনা-সাতক্ষীরা সড়ককে চার লেনে উন্নীত করা আঞ্চলিক যোগাযোগের অন্যতম মূল দাবি।উপকূলীয় বাঁধ ও গ্রামীণ রাস্তাঘাট: শ্যামনগর ও আশাশুনির মতো দুর্যোগপ্রবণ এলাকার পাকা রাস্তাগুলো বন্যা ও প্লাবনসহনশীল টেকসই কনক্রিট দিয়ে পুনঃনির্মাণ প্রয়োজন।
‎​

জলবায়ু সহনশীল বাঁধ:বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষা ও টেকসই পরিবেশ ব্যবস্থা‎​ সাতক্ষীরা সুন্দরবনের অন্যতম প্রধান প্রবেশদ্বার।
‎​নদী ভাঙন ও ঘূর্ণিঝড় থেকে সুন্দরবনসংলগ্ন জনগোষ্ঠীকে বাঁচাতে আধুনিক ও স্থায়ী সি-ওয়াল (Sea-wall) বা টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা।পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম: প্লাস্টিক দূষণ রোধে কঠোর নজরদারি নিশ্চিত করে সুন্দরবন রক্ষা করা এবং শ্যামনগর কেন্দ্রিক টেকসই পর্যটন কেন্দ্র গড়ে তোলা।ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণ:প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জরাজীর্ণ বিদ্যালয়গুলোর সংস্কার এবং পর্যাপ্ত আধুনিক শ্রেণিকক্ষ নির্মাণ করা দরকার।‎​দুর্যোগ আশ্রয়কেন্দ্র বিশিষ্ট স্কুল: উপকূলীয় অঞ্চলে বিদ্যালয় ভবনগুলোকে বহুমুখী সাইক্লোন শেল্টার হিসেবে গড়ে তোলার অবকাঠামোগত নকশা প্রয়োগ করা জরুরি।

‎​কারিগরি শিক্ষা: স্থানীয় যুবক-যুবতীদের দক্ষ কর্মসংস্থানে রূপান্তর করতে ভোকেশনাল ইনস্টিটিউট ও আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা প্রয়োজন।সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যকরতা: আইসিইউ, সিসিইউ এবং জরুরি বিভাগে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি করা।

‎​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্যাটেলাইট ক্লিনিক: প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে শ্যামনগর, আশাশুনি ও কালিয়াগঞ্জের মানুষকে চিকিৎসা সেবা পৌঁছাতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্স সেবা উন্নত করা।
‎​লবণাক্ততার বিকল্প সুপেয় পানীয় জল ব্যবস্থা: স্বাস্থ্য রক্ষায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সরকারি বড় মাপের মেগা রিভার্স অসমোসিস (RO) ওয়াটার প্ল্যান্ট স্থাপন করা জরুরি।

সুপারিশ ও উপসংহার: ‎​সাতক্ষীরার ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, রেললাইন সংযোগ, সুন্দরবন সুরক্ষা এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো নিশ্চিত করা গেলে সাতক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থসামাজিক চালিকাশক্তিতে পরিণত হবে। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে এসব অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে জরুরি ভিত্তিতে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন প্রয়োজন।
‎​

লেখক- ‎মো. মাসুদ রানা ‎এমএসসি (পদার্থ বিজ্ঞান) সাতক্ষীরা সরকারি কলেজ।

পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪: দুই যুবকের কারাদণ্ড

0
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় পুলিশ পরিচালনায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ ও পরোয়ানাভুক্ত আসামিসহ মাদক মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিক্রির দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাইকগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৪ জন আসামিকে আটক করে।
অভিযানকালে থানার এসআই তুষার রায়হান খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি সাকিব গাজী (২০)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাকিব সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে।
অন্যদিকে, একই রাতে এসআই একরামুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন- পাইকগাছার স্থানীয় জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯)।  পরবর্তীতে বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকসহ আটক জাহাঙ্গীর আলম ও আজাহারুল মালীকে পৃথকভাবে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন। অভিযানে অন্যান্য পরোয়ানাভুক্ত আসামিসহ আটক মোট ৪ জনকে যথাসময়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধসহ সব ধরনের অপরাধ দমনে ‘আইনের আওতায় কেউ নয় রেহাই’ নীতির ভিত্তিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ রেনুপোনা জব্দ: নদীতে অবমুক্ত

0
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদের সুরক্ষা এবং ভেজাল প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন’ বাস্তবায়নে বেতবুনিয়া বাজারে পুশ বিরোধী অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও অপপরিচ্ছন্ন পরিবেশে চিংড়ি বিক্রয় ও সংক্ষণের অপরাধে দুই অসাধু ব্যবসায়ীকে ৪ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
একই সাথে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন’ বাস্তবায়নে পরিচালিত অপর এক অভিযানে আনুমানিক ১.৫ লাখ  প্রাকৃতিক উৎসের অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত রেনু পোনাগুলো নিকটস্থ শিবসা নদীতে অবমুক্ত করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
তিনি জানান, “মাছ ও চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি কিংবা অবৈধ রেনু আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”  অভিযানে সহায়তা প্রদান করে বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা থানা ও স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম। এ সময় ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌ পুলিশের এসআই জয়ন্ত সহ নৌ পুলিশ ও  থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভূমিহীনদের হত্যার হুমকি, চাঁদাবাজী, মাছ লুট ও ডিসিআর নিয়ে দীর্ঘকাল ভোগদখলীয় খাস জমি জবর দখলের পায়তারার অভিযোগে ভুক্তভোগিরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মির্জাপুর গ্রামে ভুক্তভোগিদের বাড়ির সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভূমিহীন শফিকুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল গাজী, মনোয়ারা খাতুন, রুহুল গাজী, আঃ ওহাব সানা ও রুহুল আমিন সানা।
বক্তাগণ বলেন, আনুলিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানে ১৫৮৮ দাগে ২.৩০ একর জমি ৫ জন ভূমিহীন ও মির্জাপুর মৌজায় ৮৭ ও ১৬৮ নং খতিয়ানে ৪.৬৭ একর জমি ২০ জন ভূমিহীন ১৯৯৪ সাল হতে বা কেউ কেউ কিছু পর হতে বছর বছর ডিসিআর নিয়ে (২০২৪ সাল পর্যন্ত সবাই ডিসিআর নিয়ে) ভোগদখল করে আসছি।
সর্বশেষ ২০২৫ সালে পুনরায় ডিসিআর পেতে আবেদন করি কয়েকজনের ডিসিআর পাওয়ার পর ডিসিআর কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলতি ২০২৬ সালে আমরা পুনরায় যথা নিয়মে ডিসিআর পেতে আবেদন করেছি। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছি। আমরা জমিতে মাছ চাষ, ধান চাষ ও সবজি চাষ করে আসছি। গত আগষ্ট মাস থেকে কিছু ভূমি দস্যু আমাদেরকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র করে আসছে। এবং তারাও একই জমি ডিসিআর পেতে আবেদন করেছেন। আমাদের দখলে থাকা জমি ডিসিআর পাবেনা বুঝতে পেরে তারা জবর দখলের পায়তারা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে বসে মিমাংসার চেষ্টা করলেও শেষ নামেনি এবং আমরা তাদেরকে আমাদের দখলে থাকা জমিতে আসতে দিতে রাজী হয়নি।
ভূমিহীন মনোয়ারা বলেন, প্রতিপক্ষের আনিচুর, সোহাগসহ অন্যরা আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। শফিকুল ইসলাম বলেন, মোক্তার মেম্বারের হাত দিয়ে আনিছুর, সোহাগ ও অন্যরা তার কাছ থেকে ৪০০০ টাকা চাঁদা নিয়েছে। এরপরেও বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে আনিচুর, মফিজুল, জাহাঙ্গীর ও বাবুসহ ৯ জন তার (শফিকুলের) মাছের খানা (পুকুর) থেকে জাল টেনে ৪ সহস্রাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কেউ আসলে লাশ ফেলে দেব হুমকী দিলে সাহস করে কেউ তাদের বাধা দিতে যায়নি।
এব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের কাছে প্রতিকার চেয়ে অসহায় ভূমিহীনরা আকুতি করে বলেন, ওইটুকু খাস জমি ছাড়া তাদের আয়ের কোন সম্বল নেই। জমি হাতছাড়া হলে তাদেরকে পথে বসতে হতে পারে। তারা অপরাধীদের সুষ্টু বিচার ও প্রতিকার প্রার্থনা করেছেন।

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন: সভাপতি রওশন, সম্পাদক রজব আলী

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন  হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টা হইতে  বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১১৫৯ জন ভোটারের মধ্যে ১১২৩ জন ভোটার  দতাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১ টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও  চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।
নির্বাচনে  সভাপতি পদে মোঃ রওশন আলী(গরুর গাড়ি প্রতিক)  ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মিরাজ মাহমুদ(আনারস প্রতিক) পেয়েছেন ৫০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. রজব আলী খাঁ (চেয়ার প্রতীক) ৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম বাবু (হরিণ প্রতিক) পেয়েছেন ৫২১ ভোট।
 সহ-সভাপতি পদে ফজলুর রহমান (বাই সাইকেল প্রতিক) ৫৬৫  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জবেদ আলী (ছাতা প্রতিক) পেয়েছেন ৩৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলাম (ফুট বল প্রতিক) ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজর আলী খোকা (গোলাপ ফুল প্রতীক) পেয়েছেন ৪৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আহমেদ (মোটরসাইকেল প্রতীক) পেয়েছে ৩৯৩ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে  আবুল কালাম আজাদ (ঘোড়া প্রতিক) ৫৯৬ ভোট, প্রচার সম্পাদক পদে মো  নুরুজ্জামান ৫৯৬ ভোট,দপ্তর সম্পাদক পদে  আখতারুজ্জামান  ৫৩৭ ভোট, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক পদে  আনারুল ইসলাম ৫৬৫ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে  আবু রায়হান ৮৪৫ ভোট,মহিদুল ইসলাম ৫১৯ ভোট ও খায়রুল ইসলাম ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

0
কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে  দুই(শিশু) ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে ঘটে মর্মান্তিক এ ঘটনা।
নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও ছেলে সানজাদুল ইসলাম (২)। এ ঘটনায় নিহত দুই শিশুর চাচা আব্দুল গফুর সরদার কলারোয়া থানায় অপমৃত্যু সংক্রান্ত একটি আবেদন করেছেন।
জানা গেছে- সকলের অজান্তে দুই শিশু ভাই-বোন বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাদের মা রেখা খাতুনসহ স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, দুই শিশু পুকুরের পানিতে ভাসছে। পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করার আগেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।