
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় পুলিশ পরিচালনায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ ও পরোয়ানাভুক্ত আসামিসহ মাদক মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিক্রির দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাইকগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৪ জন আসামিকে আটক করে।
অভিযানকালে থানার এসআই তুষার রায়হান খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি সাকিব গাজী (২০)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাকিব সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা এলাকার খায়রুল গাজীর ছেলে।
অন্যদিকে, একই রাতে এসআই একরামুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন- পাইকগাছার স্থানীয় জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী (১৯)। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকসহ আটক জাহাঙ্গীর আলম ও আজাহারুল মালীকে পৃথকভাবে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন। অভিযানে অন্যান্য পরোয়ানাভুক্ত আসামিসহ আটক মোট ৪ জনকে যথাসময়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধসহ সব ধরনের অপরাধ দমনে ‘আইনের আওতায় কেউ নয় রেহাই’ নীতির ভিত্তিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

