Home Blog Page 26

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি থানার বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও জবর দখলকৃত জমিতে নির্মান কাজ করা এবং এক অবসরপ্রাপ্ত আর্মির বাড়ির প্রাচীরের গ্রেডবীম কেটে ভেঙ্গে পুকুরে ফেলানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ফজলুল হক জানান, বুধহাটা মৌজায় ৬৭৪ নং খতিয়ানে ২৭০৪, ২৭০৫ ও ২৭০৬ দাগসহ ৫টি দাগে তাদের ১.৪১ একর জমি। ৫টি দাগ উল্লেখ করে ২৭০৪ ও ২৭০৫ চৌহদ্দী উল্লেখ করে ৬ শতক জমি বুঝিয়ে দেয়া হয়। কিন্তু মিজানুর ২০৭৪ ও ২০৭৫ দাগে জমি না নিয়ে ২০৭৬ দাগে ৬ শতক জমি জবর দখল নিয়ে সেখানে স্থাপনা নির্মান কাজ করে। আমি ১০সেপ্টেম্বর  থানায় অভিযোগ দেই কিন্তু প্রতিকার না পেয়ে ১৫/৯/২৬ তাং আমি বাদী হয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করি। বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে লাঠিয়াল বাহিনী নিয়ে মিজানুর পুনরায় স্থাপনা নির্মান কাজ করতে থাকে। এসআই সেকেন্দারের অবহেলায় সে কাজের সুযোগ পেয়েছে। বাধ্যহয়ে গত ৮ অক্টোবর আদালতে ১৮৮ ধারায় মামলা করলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১৮৮ মোতাবেক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।
বুধহাটা গ্রামের সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী অভিযোগ করেন, বুধহাটা মৌজায় ৬৫৬ খতিয়ানে হাল ৩১৪৪ নং দাগে ৬ শতক জমিতে তার বসতভিটা ও পাকা বিল্ডিং আছে। আমি সুশীল কর্মকারের নিকট থেকে ১৯৯৭ সালে জমি ক্রয় করে বসবাস করে আসছি। বাড়ীর সীমানায় প্রাচীরের গ্রেডবীম নির্মান করা ছিল। গ্রেডবিমের উপর দিয়ে ইটের গাঁথনির কাজ করা হচ্ছিল।
গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে মিজানুর গাজী লোকজন নিয়ে গ্রেডবিম কেটে ভেঙ্গে পাশের পুকুরে ফেলে দেয়। এব্যাপারে অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পি-১১৩১/২৬ মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। ওসি থানার এসআই লিটন কুমার ঘোষকে দায়িত্ব দিলে তিনি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানতে পেরেছি বলে দাবী করে। বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী ভূমিদস্যু মিজানুরের হাত থেকে বাঁচতে আইন আদালতের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিষ্ঠিত বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
শুরুতে বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ ও বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পরদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন।
  তিনি পূজা মন্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯ টি পূজামন্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে, আচার অনুষ্ঠানে সবাই একত্রে থাকে। তিনি বুধহাটায় উপস্থিত সকলকে দেখিয়ে বলেন, এখানে যেমন হিন্দু মুসলিম সবাই একসাথে এসেছেন, তেমনি সবাই মিলে পূজায় শান্তিরক্ষা করবেন। আমি এবং আমার সাথী সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। অধিকাংশ পূজামন্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরে তিনি উপজেলার মহেশ্বরকাটি, হাড়ীভাঙ্গা, বুড়িয়া ও গোয়ালডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার, এএসপি (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলায় নবাগত সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন আশাশুনিতে যোগদানের পর গত ১ অক্টোবর প্রথম কোন অনুষ্ঠানের আয়োজন করেন। ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। উপজেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠান হলেও ছিলনা জন সমাগম, ছিলনা প্রবীণদের উল্লেখযোগ্য উপস্থিতি। যেনতেন ভাবে দায়সারা গোছে অনুষ্ঠানের আয়োজন ছিল।
উপজেলা পরিষদ ভবনের সামনের সড়ক থেকে র‌্যালি বের করা হয়,র‌্যালিটি সর্বোচ্চ ২০/৩০ হাত গিয়ে শেষ করা হয়। অর্থাৎ ফটোসেশনের মধ্যদিয়ে র‌্যালির সমাপ্তি ঘটে। র‌্যালিতে আমন্ত্রিত অতিথি, কয়েকজন আধা প্রবীণ, গোটা কয়েক যুবক-এনজিও কর্মী অংশ নেন। কথিত র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা করা হয়। ২০/৩০ জন মানুষের অংশ গ্রহনে আলোচনা সভা করা হয়। সভায় হাতেগোনা কয়েকজন প্রবীণ উপস্থিত থাকলেও প্রবীণদের কোন বক্তব্য বা অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়নি। হয়নি সন্তানতূল্য যুবকের কাছ থেকে কোন কথা শোনা। এনজিও কর্মকর্তা-কর্মী ও সাংবাদিকদের কোন কথাও শোনা হয়নি। সংক্ষিপ্ত পরিসরে উপজেলা নির্বাহী অফিসার, সমাজ সেবা অফিসার ও দু’জন রাজনৈতীতিবিদ তাদের বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত অংশ গ্রহনকারীদের সমালোচনামুখর হতে দেখা যায়।
আরও প্রশ্নের সৃষ্টি হয়, সরকারি ভাবে বরাদ্দ থাকার পরও সমাজ সেবা কর্মকর্তা অনুষ্ঠানের খরচ নির্বাহে সহযোগিতার কথা বলে ৬টি এনজিওর কাছ থেকে চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ব্যানারে ফ্রেন্ডশীপ, উত্তরণ, ইএসডিও, বারসিক, ব্রেকিং দ্য সাইলেন্স, ন্যাজারিন মিশন ও আইডিয়াল এনজিও’র নাম ও মনোগ্রাম লিপিবদ্ধ করা হয়। খোজ নিয়ে জানাযায়, অনুষ্ঠানে ব্যানার, নাস্তাসহ মোট খরচ হয়েছে ৪ হাজার ৯৬০ টাকা। এনজিওদের থেকে নেয়া চাঁদার টাকায় খরচের টাকা প্রায় পুরন হয়ে গেছে। আর সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের খাতায় রয়েগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সচেতন মহলের দাবী অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যেনতেন অনুষ্ঠান করে সরকারি টাকার অপচয় ও সময় নষ্ট করা থেকে আশাশুনিবাসী পরিত্রাণ চায়- এমন প্রত্যাশা ব্যক্ত করে তারা সুন্দর ও সরকারি স্বার্থ রক্ষা হয় তেমন অনুষ্ঠান দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মৃনাল স্বর্নকার জানান, এনজিওদের থেকে টাকা আদায় হয়েছে, খরচ হয়েছে ৪৯৬০ টাকা। ৩টি অনুষ্ঠানের জন্য ২৫ হাজার টাকার বরাদ্দ হয়েছে, পরে টাকা পাওয়া যাবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন অভিযোগের জবাব না দিয়ে বলেন, অফিসে আসলে কথা হবে।

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার ১৪

0
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক এই অভিযানে রাজনৈতিক মামলার এক এজাহারনামীয় নেতাসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক একরামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের স্থানীয় নেতা মান্নান হাজরাকে (৫৭) আটক করা হয়। ২০২৪ সালে থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, ২৪ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে জুয়া আইনের মামলায় ৬ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলার ২ জন এবং মাদক আইনের মামলায় ৩ জনসহ অন্যান্য অপরাধে জড়িতরা রয়েছেন। এছাড়া গভীর রাত পর্যন্ত চলাচল করার অপরাধে সোলাদানা থেকে ৪জন আটক করা হলে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত বা সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সমাজ থেকে মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং সব ধরনের অপরাধের মূলোৎপাটনে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনার আলোকেই এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও জুয়ার গডফাদারদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা

0
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা প্রেসক্লাবের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাক। সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিনের সঞ্চালনায় সভায় ক্লাবের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ প্রদান করায় তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ ছাড়া অর্থ বরাদ্দের বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক ড. আব্দুল মজিদ এবং সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বি. সরকার, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মন্ডল,  বদিউজ্জামান, আশরাফুল ইসলাম সবুজ, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম প্রমুখ। সভায় বক্তারা ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল রাখতে এবং স্থানীয় সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব পড়ছে অর্থনীতি ও পরিবেশের উপর

0
ফারুক রহমান: দেশের দক্ষিণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ফসলের জমিতে কয়েক দশক নদী থেকে লোনা পানি তুলে চিংড়ি চাষের ফলে এই এলাকার মাটিতে লবণাক্ততা বেড়ে বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেখানে এখন আর চাইলেও মিষ্টি পানি ব্যবহার করে কৃষিকাজ করা সম্ভব হচ্ছে না। তারপরও বিগত এক দশক স্থানীয় কৃষকরা চেষ্টা করছে জমিতে মিষ্টি পানির ফসল ফলাতে। সেজন্য তারা এখন কৃষিজমিতে বছরে একাধিকবার ধান চাষ করছে। একই সাথে হারিয়ে যাওয়া বীজ সংগ্রহ করে স্থানীয় বিভিন্ন জাতের সবজি ও ফসলের চাষ করছে। জমিতে ফসল ফলাতে কৃষকদের এখন মুখোমুখি হতে হচ্ছে নানারকম সমস্যার।
কৃষকের উৎপাদন ব্যয় বদ্ধি ও রোগাক্রান্ত হচ্ছে মানুষ:
স্থানীয় কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ ও স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে। তেমনি বাড়ছে কৃষকের খরচ। স্থানীয় কষকরা জমির মাটিতে লবণাক্ততা থাকায় অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফলে একদিকে যেমন জমি তার উর্বরা শক্তি হারাচ্ছে। কৃষককে ধান ও অন্যান্য ফসল উৎপাদনে অধিক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। সময়মতো জমিতে সার ও কীটনাশক না ব্যবহার করলে উৎপাদন কম হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে কৃষককে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। কৃষকরা এক বিঘা জমিতে ধান চাষ করে প্রাকৃতিকে সার ব্যবহার করে যে পরিমাণ ফসল উৎপাদন করছে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার তার প্রায় পাঁচগুন বেশি ফসল পাচ্ছে। সে কারণে কৃষক বাধ্য হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে। এই অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরা শক্তি কমছে। আবার কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে। এর নানামুখি প্রতিক্রিয়াও দেখা দিচ্ছে। কৃষক প্রাকৃতিক সার ব্যবহার করে যে পরিমাণ ফসল উৎপাদন করছে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে তার প্রায় দ্বিগুন বেশি ফসল উৎপাদন করছে। তবে, আশার কথা শ্যামনগর উপজেলায় কর্মরত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্থানীয় কৃষকরা ধীরে ধীরে প্রাকৃতিক সার ও জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ায় আশার আলো দেখছেন সাধারণ কৃষক।
ঋণনির্ভরতা:
কৃষক তার উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক রাখতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করার জন্য ঋণগ্রস্ত হচ্ছে। কারণ কৃষক আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী নয়। ফসল উৎপাদনের সময় তার হাতে টাকা থাকে না। তখন তাকে বীজ কিনে জমিতে চাষাবাদ শুরুর পর সময়মতো সার ও কীটনাশক প্রয়োগ করতে না পারলে ফসল উৎপাদনে মার খাওয়ার আশঙ্কা থাকে। যে কারণে কৃষককে সার ও কীটনাশক কেনার জন্য ঋণ গ্রহণ করতে হচ্ছে। কৃষক বীজ কোম্পানি, স্থানীয় সারের ডিলার, কীটনাশক ব্যবসায়ী, মহাজন ও ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করছে মৌসুমে। কিন্তু তাকে এই ঋণ পরিশোধ করার জন্য সারাবছর কিস্তি দিতে হয়। বেশির ভাগ ক্ষুদ্র কৃষক পরিবারের নারী সদস্যসের মাধ্যমে ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিচ্ছে। আবার কখনও কখনও স্থানীয় মহাজনদের নিকট থেকে উচ্চসুদে ঋণ নিতে বাধ্য হয়।
পরিবেশ বিপর্যয়: 
দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। এখন আর এই অঞ্চলে আম, জাম, লেবু, নারিকেল, সবেদা, জামরুল এসব ফলের গাছ দেখা যায় না। আগে যেখানে প্রতিটি বাড়িতে বিভিন্ন ফলের গাছ ছিল, বাড়িতে পারিবারিকভাবে ব্যবহারের জন্য বিভিন্ন গাছ লাগানো হতে যা থেকে কাঠ সংগ্রহ করে ঘর ও ফার্নিচারের কাজে ব্যবহার করা হতো। এখন এসব গাছ আর খুজে পাওয়া যায় না। এলাকায় কোথাও কোথাও নারিকেল, কদবেল, তাল, কাঠাল গাছ দু’একটি থাকলে ফল আগের মতো হয় না। লোনা পানি আর কীটনাশকের থাবায় এসব স্থানীয় জাত হারিয়ে যেতে বসেছে। আগে বিভিন্ন ফল গাছ থাকায় পাখিরা বাসা তৈরি করে এলাকায় থাকতো। এখন পাখি ও স্থানীয় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণির অস্তিত্ব সংকটে পড়েছে। কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে শাামুক, ব্যাঙ, সাপ, জোনাক পোকা, বিভিন্ন প্রজাতির পাখি এলাকায় এখন নেই বললেই চলে। অনেক প্রজাতি একেবারে হারিয়ে গেছে।
কর্পোরেট কোম্পানির প্রভাব:
উপকূলের কৃষকরা কর্পোরেট কোম্পানির হাতে বন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন কৃষকরা অন্যান্য বিভিন্ন সমস্যা মোকাবেলা করে কৃষিকাজ চালিয়ে গেলেও এখন আর কর্পোরেট কোম্পানির বাইরে যেয়ে কৃষির কোনো কাজ করতে পারছে না। তাদের হাতে এখন আর বীজের নিয়ন্ত্রণ নেই। এলাকার ফসলের জমিতে লবণাক্ততা থাকায় স্থানীয় জাতের সব বীজের চাষ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কৃষককে কর্পোরেট কোম্পানির নিকট থেকে বীজ কিনতে হচ্ছে। ওই বীজের চাষাবাদ করতে হলে তাকে অবশ্যই রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। তা না হলে জমিতে ফসল উৎপাদন হবে না। প্রতিবছর কৃষককে বীজ কিনতে হচ্ছে। আগে যেখানে কৃষক তার নিজ জমি থেকে উৎপাদিত ফসল থেকে বীজ বাড়িতে সংরক্ষণ করতো। আবার কৃষকরা বীজ বিনিময় করতে পারতো। উপকূলের কৃষক কোনোভাবেই কর্পোরেট কোম্পানির কব্জা হতে বের হয়ে কৃষিকাজ করতে পারছে না। কারণ তাদের হাতে না আছে বীজ, না আছে যথেষ্ট প্রাকৃতিক সার ও কীটনাশক, না আছে বড় পুঁজি। এই জনপদের কৃষককে বেঁচে থাকার তাগিদে, অস্তিত্ব রক্ষায় নিজেদের পূর্বপুরুষের জ্ঞান বিসর্জন দিয়ে কর্পোরেট কোম্পানির হাতে বন্দি হয়ে কৃষিকে এগিয়ে নিতে বাধ্য হতে হচ্ছে।
স্বাস্থ্যঝুকি বাড়ছে:
এই অঞ্চলে কৃষিতে ধারাবাহিকভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার উৎপাদিত সবজি ও ফসল মানব স্বাস্থ্যের জন্য নানারকম রোগবালাই বয়ে আনছে। নারী ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। একদিকে উচ্চ ফলনশীল জাতের সবজি ও ধান অপরদিকে লবণাক্ততা এলাকার মানুষের স্বাস্থ্যঝুকি বাড়িয়ে চলেছে প্রতিনিয়ত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এখানকার নারীরা জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রতিক্রিয়ায় জরায়ু ক্যান্সার, চোখে কম দেখা, প্রজনন স্বাস্থ্যহানি, হার্টের সমস্যা, নিয়মিত সর্দিজ¦রসহ নানারকম রোগে সারাবছর আক্রান্ত থাকছে।
সর্বোচ্চ পর্যায়ে কাঠামোগত সংকট:
উপকূলের মানুষের বেঁচে থাকার যে লড়াই সেখানে রাষ্ট্র, রাজনীতি ও সমাজের উপর তলার মানুষের কাছে তা গুরুত্ব পাচ্ছে না। এই জনপদের কৃষকরা কখনও রাজনৈতিক গুরুত্ব পায়নি। দেশের অন্যান্য অঞ্চলের কৃষির সমস্যা আর উপকূলীয় জনপদের কৃষির সমস্যা একরকম না। কিন্তু রাষ্ট্র কাঠামোতে এই অঞ্চলের কৃষকের জন্য আলাদা কোনো সেল নেই। দুর্যোগপ্রবণ এই অঞ্চলের কৃষির জন্য কৃষকরা আলাদা মন্ত্রণালয় অথবা অধিদপ্তর গঠনের দাবি জানিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকার উপকূলীয় জপদের কৃষি ও কৃষকের অস্তিত্ব রক্ষায় কৃষক ও সাধারণ মানুষের জন্য বিশেষ উল্লেখযোগ্য কোনো প্রদক্ষেপ গ্রহণ করেনি। যার করনে তারা বঞ্চিত থেকেই গেছে।
এত সংকটে মাঝেও আশার কথা শুনিয়েছেন কয়েকজন কৃষক। সরজমিনে কথা হয় কৃষক টুম্পা রানী মন্ডল, কল্পনা রানী মিস্ত্রি ও যোগেশ চন্দ্র মন্ডলের সাথে। দীর্ঘ আলাপ এবং সরজমিনে তাদের কৃষি খেতে বসে কথা আলাপকালে তারা জানিয়েছেন স্থানীয়ভাবে কর্মরত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক কিভাবে তাদেরকে বিষমুক্ত সবজি ও ধান চাষে এবং ফল ও ফসল উৎপাদনে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে।
শ্যামনগর উপজেলায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এই অঞ্চলের কৃষি ও কৃষকের অস্তিত্ব রক্ষায়। তারই ধারাবাহিকতায় বারসিকের সংগঠিত ‘শতবাড়ি’র সদস্য সফল কৃষক টুম্পা রানী মন্ডলের সাথে কথা হয় তার দশ কাঠা জমির কৃষি খামারে। মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে টুম্পা রানী বারসিকের সহযোগিতায় প্রাকৃতিক সার ও কীটনাশক ব্যবহার করে কৃষি কাজ করছেন। তিনি বলেন, বাবা-মাকে দেখেছেন খেতে কাজ করতে। কিন্তু তখন এত বেশি সার, কীটনাশক কিনে জমিতে দিতে হতো না। বাড়ির আবর্জনা, তরকারির কুটনো, ছাই এসব জমা করে বছরে একবার জমিতে ফেলে দিয়ে সেখানে চাষাবাদ করতে তার বাবা, চাচা, দাদা ও পূর্বপুরুষরা। কিন্তু এখন বীজ, সার ও কীটনাশক কোম্পানির নিকট থেকে কিনতে হয়। অনেক সময় কোম্পানির লোকজন বাড়িতে এসে নতুন জাতের বীজ ও নতুন নতুন সার ও কীটনাশকের নমুনা দিয়ে যায়। তবে, তিনি বারসিকের সহযোগিতায় নিজে স্থানীয় বীজ সংগ্রহ করে তা সংরক্ষণ করার কাজ শুরু করেছেন। নিজের ও বর্গা নেওয়া জমিতে ধান ও অন্যান্য ফসল উৎপাদনে প্রাকৃতিক সার ও কীটনাশক, পোকা মারার ফাঁদ ব্যবহার শুরু করেছেন।
প্রাকৃতিক সার ও প্রাকৃতিক জৈব বালাইনাশক ব্যবহার প্রসঙ্গে কৃষক টুম্পা রানী মন্ডল বলেন, বারসিকের সহযোগিতায় সবজি ও ধান খেতে প্রাকৃতিক সার ও কীটনাশক ব্যবহার করে কৃষি কাজ করছেন। এতে তার খেতের ফসল কেনার জন্য একটি ক্রেতা গ্রুপ তৈরি হয়েছে যারা তার জমিতে প্রাকৃতিক সার ও কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল কেনার জন্য নিয়মিত যোগাযোগ করেন। তার সবজি ও ধান দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়।
আধুনিক কৃষি নিয়ে কথা হয় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের কৃষক যোগেশ চন্দ্র মন্ডলের সাথে। তিনি বলেন, বর্তমানে সময়ে কৃষিতে অনেক পরিবর্তন এসেছে। কর্পোরেট কোম্পানিগুলো নিয়মিত প্রান্তিক কৃষকের সাথে যোগাযোগ করছে। বিভিন্ন বাজার ও পাড়ায় নতুন নতুন বীজ, সার ও কীটনাশক নিয়ে তারা আমাদের কাছে আসছে। প্রতিবছর নতুন নতুন জাতের হাইব্রিড সবজি ও ধানের বীজ আমাদেরকে কখনও বিনামূল্যে, আবার কখনও নামমাত্র মূল্যে প্রথমবার দিয়ে যাচ্ছে। আমরা কৃষকরা এসব নতুন জাত চাষ করার পর পরের বছর বেশি লাভের আশায় ওইসব কোম্পানির ডিলারদের নিকট থেকে বীজ, সার ও কীটনাশক নিতে বাধ্য হচ্ছি। কারণ এখানে উৎপাদন বেশি। আমাদের দেশিয় ও স্থানীয় জাতের ধান ও সবজির ফলন কম। বাধ্য হয়ে আমরা এসব কোম্পানির সাথে কাজ করছি। একসময় আমাদের বাপ-দাদারা স্থানীয় জাতের বীজ সংরক্ষণ করে পরের বছর সেই বীজ ব্যবহার করতেন। বাড়িতে জমানো প্রাকৃতিক সার যেমন- ছাই, তরকারির কুটনো, গাছের পচা পাতা, গরুর শুকনো গোবর এসব দিয়ে তারা চাষবাষ করতেন। কিন্তু দীর্ঘ সময় লোনাপানির প্রভাবে এলাকায় গাছপালা কমে গেছে। কোথাও কোথায় কোনো গাছ নেই বললেই চলে।
যোগেশ চন্দ্র মন্ডল আরও বলেন, তার মতো আরও অনেক কৃষক গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সাথে হওয়ায় সামনে তারা আশার আলো দেখছেন। স্বল্প পরিসরে তারা স্থানীয় জাতের বীজ চাষবাষ শুরু করেছেন। সেখানে ব্যবহার করছেন প্রাকৃতিক সার ও বালাইনাশক।
ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের কৃষক অল্পনা রানী মিস্ত্রি বলেন, তিনি বিগত কয়েক বছর ধরে জড়িয়ে আছেন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সাথে। বারসিকের সহযোগিতায় কল্পনা রানী মিস্ত্রী এলাকায় নারী কৃষকদের নিয়ে গড়ে তুলেছেন কয়েকটি কৃষক দল। এই কৃষক দলের সদস্যরা বিগত প্রায় এক দশক ধরে স্থানীয় জাতের ধান, সবজি, ফল, ফুলসহ বিভিন্ন বীজ সংরক্ষণ ও বিনিময় করছেন। এখন কৃষক অল্পনা রানী মিস্ত্রির সংগ্রহে চার শতাধিক বিভিন্ন জাতের স্থানীয় বীজ সংরক্ষণ আছে। তিনি এলাকার কৃষকদের মাঝে বীজ বিতরণ ও বিনিময় করেন। প্রতিনিয়ত তার বীজ সংরক্ষণের সংখ্যা বাড়ছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ শ্যামনগর উপজেলায় লবণাক্ত জমিতে ফসল, সবজি ও ধান চাষে কৃষি বিভাগের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে, লবণ সহনশীল জাতের সম্প্রসারণ, জৈব সার ব্যবহার বৃদ্ধি, পলিমালচের ব্যবহার বৃদ্ধি, বস্তায় আদা ও সবজি চাষ সম্প্রসারণ, মিনি পুকুর খনন, ড্রিপ ইরিগেশন, ঘেরের আইলে অমৌসুমি তরমুজ ও সবজি চাষ, বিনা চাষে সরিষা, খেসারি, ভুট্টা চাষ, সাথি ফসল হিসেবে সবজি চাষ (আখের সাথে মসুর ও ছোলা, সল্পজীবনকালীন সবজি, সবুজ সার হিসেবে ধৈঞ্চা চাষ বৃদ্ধি, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, সরজান টেকনিকে অবলম্বন, বেড নালা পদ্ধতিতে শাক ও সবজি চাষ, লবণ সহনশীল ফল সূর্যমুখী,কদবেল, সফেদা, তেতুল,নারিকেল, আমলকি চাষ।

শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখা।
শনিবার সকাল ৯টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নকিপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন আহমেদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি ও মিডিয়া পরিচালক অধ্যাপক আব্দুল হামিদ, যুব বিভাগের সভাপতি সাঈদ হাসান বুলবুল এবং সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি শহিদুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নকিপুর বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

0
নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর)  দুপুরে সাতক্ষীরা শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অধিকার কর্মী সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম,’অধিকার টিম সাতক্ষীরা’-এর সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,  সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, “১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকেই ‘অধিকার’ বাংলাদেশে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখেও সংগঠনটি তার নীতি থেকে বিচ্যুত হয়নি। মাঠপর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ অনুসন্ধান, তথ্যচিত্র তৈরি ও অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে ‘অধিকার’ আজ দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।” তিনি সাতক্ষীরাসহ দেশজুড়ে মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা ‘অধিকার’-এর দীর্ঘ ৩২ বছরের গৌরবময় পথচলাকে সাধুবাদ জানান এবং এর গণতান্ত্রিক রূপরেখা বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংগঠনটির চলমান কার্যাক্রমের প্রশংসা করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে এবং যেকোনো ধরণের বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে ‘অধিকার’-এর মতো স্বাধীন মানবাধিকার সংগঠনের উপস্থিতি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও মানবাধিকার কর্মীরা আগামী দিনগুলোতেও সাতক্ষীরা জেলায় যেকোনো প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ‘অধিকার’-এর হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কেক কাটা এবং উপস্থিত সকলের মাঝে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শেষ হয়।

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

0
কলারোয়া প্রতিবেদক: ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলার ছবি ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করছে।
তাঁর দাবি, সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকায় তাঁকে কেশবপুর থেকে তুলে নিয়ে সাতক্ষীরা ডিবি অফিস ও ঢাকা র‍্যাব অফিসে ফেনসিডিল সামনে রেখে জোর করে ছবি তোলা হয় এবং মাদকের মামলা দেওয়া হয়। তিনি বলেন, সব সময় মাদকবিরোধী অবস্থানে থাকায় তৎকালীন বিরোধীরা তাঁকে সম্মানহানির চেষ্টা করেছে। মামলাটি সাজানো, তা এলাকাবাসীর কাছে স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেসবুকে প্রচারিত সম্মানহানিকর সংবাদের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

0
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্দেশনায় সাতক্ষীরা দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকাল ১০টায় সখিপুর বাজারের পাশে সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ​
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত “ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ” উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সখিপুর বাজারের মাছ বাজার, কাচা বাজার, মুরগি পট্টি, বাজার জামে মসজিদ, প্রাইমারি স্কুলসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ইয়াকুব আলী, সাধারন সম্পাদক আফছার আলীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজের বাড়ির আঙিনাসহ আশেপাশের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
 বক্তারা বলেন, ​আসুন নিজের আঙিনা পরিষ্কার রাখি এবং ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলি। এই অনুষ্টানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।