সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
শ্যামনগরে শিক্ষা অফিসারের সহায়তায় ছাত্রীশূন্য বিদ্যালয়ে বই উত্তোলন: বিতর্কে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা খাদিজা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাস্তবে ছাত্রী না থাকার অভিযোগের মধ্যেই ৮৫ জনের নামে ৮৫ সেট সরকারি পাঠ্যবই উত্তোলনের তথ্য সামনে এসেছে। বিদ্যালয়ের নথিতে শিক্ষার্থী দেখানো হয়েছে ১২২ জন। একই প্রতিষ্ঠানের আটজন শিক্ষক ও দুজন কর্মচারীর সরকারি বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের নামে উপবৃত্তির অর্থ গ্রহণের বিষয়টি নিয়েও উঠেছে প্রশ্ন।
বিদ্যালয়টির নাম শংকরকাটি খাদিজা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়। উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের আল আজাদ। আর শিক্ষার্থীসংক্রান্ত তথ্য যাচাই ও শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মুহাম্মদ (তেজারত) এখন নানা প্রশ্নের মুখে।
সরেজমিনে বিদ্যালয়ে ছাত্রী না থাকার অভিযোগ, নথিতে শিক্ষার্থীর সংখ্যা এবং সরকারি বই উত্তোলনের তথ্য—সব মিলিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সরকারি অর্থ ব্যবস্থাপনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে স্থানীয়ভাবে।
ছাত্রী নেই, তবু ৮৫ সেট বই কার জন্য?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির জন্য ২৫ সেট, সপ্তম শ্রেণির জন্য ৩০ সেট এবং অষ্টম শ্রেণির জন্য ৩০ সেট সরকারি পাঠ্যবই উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে ৮৫ সেট বই।
প্রশ্ন উঠেছে, বিদ্যালয়ে যদি বাস্তবে ছাত্রী না থাকে, তাহলে এসব বই কোন শিক্ষার্থীদের জন্য উত্তোলন করা হয়েছিল? বই বিতরণের তালিকায় থাকা শিক্ষার্থীদের পরিচয়, ভর্তি-সংক্রান্ত নথি এবং বই গ্রহণের স্বাক্ষর যাচাই করা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মুহাম্মদ (তেজারত) মুঠোফোনে বলেন, ‘খাদিজা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বই ফেরত নেওয়া হয়েছে।
তবে কী কারণে বই ফেরত নেওয়া হয়েছে, উত্তোলিত সব বই ফেরত এসেছে কি না এবং বই উত্তোলনের সময় শিক্ষার্থীদের তালিকা যাচাই করা হয়েছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কাগজে ১২২ শিক্ষার্থী, বেতন-ভাতা পান ১০ জন: বিদ্যালয়টির নথিতে ১২২ জন শিক্ষার্থী থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অথচ প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত ছাত্রী উপস্থিতি না থাকার অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ফাঁকা থাকার কথাও উঠে এসেছে আগের অনুসন্ধানে।
এর মধ্যেই আটজন শিক্ষক ও দুজন কর্মচারীর সরকারি বেতন-ভাতা গ্রহণের বিষয়টি সামনে এসেছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রমের বাস্তব অবস্থা কি, শিক্ষক-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন কি না এবং তাঁদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ হচ্ছে কি না।
শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, শংকরকাটি খাদিজা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষকরা বসে বসে বেতন-ভাতা উত্তোলন করছেন।
তবে উপবৃত্তির অর্থ পেয়েছে কারা?
শিক্ষার্থী না থাকার অভিযোগের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে উপবৃত্তি উত্তোলনের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা বাস্তবে ওই বিদ্যালয়ে ভর্তি কি না, তাঁদের নিয়মিত উপস্থিতির প্রমাণ রয়েছে কি না এবং উপবৃত্তির অর্থ প্রকৃত শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা পেয়েছেন কি না, তা যাচাই করা জরুরি।
এ জন্য ভর্তি রেজিস্টার, শিক্ষার্থীদের পরিচয় ও অভিভাবকের তথ্য, শ্রেণিভিত্তিক উপস্থিতির খাতা এবং উপবৃত্তির অর্থ পাঠানোর ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাব মিলিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
তবে এ পর্যন্ত উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা আর্থিক নথি পাওয়া যায়নি। ফলে অর্থের প্রকৃত প্রাপক ও ব্যবহারের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে তদন্ত প্রয়োজন।
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ:
বিদ্যালয়টির বেতন-ভাতা উত্তোলনের সুযোগ অব্যাহত রাখার বিনিময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মুহাম্মদ (তেজারত) ১৫ শতাংশ হারে অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। অভিযোগটি গুরুতর হলেও এর পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো নথি বা প্রমাণ প্রতিবেদকের হাতে আসেনি।
অভিযোগ অস্বীকার করে নূর মুহাম্মদ (তেজারত) মুঠোফোনে বলেন, শিক্ষার্থীশূন্য বিদ্যালয়ে টাকার বিনিময়ে শিক্ষকদের বেতন-ভাতা উত্তোলন এবং ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তি উত্তোলনে সহযোগিতা করার অভিযোগ সত্য নয়। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, বেতন-ভাতা অনুমোদনের নথি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা স্বাধীনভাবে তদন্ত করা প্রয়োজন।
শোকজের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
এর আগে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের আল আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। নূর মুহাম্মদ (তেজারত) স্বাক্ষরিত ওই নোটিশে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান, পাঠ্যপুস্তক, উপবৃত্তি, শিক্ষক-কর্মচারীদের তথ্য এবং বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।
তবে শোকজের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, বিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীসংখ্যা যাচাই করা হয়েছে কি না এবং সরকারি অর্থের হিসাব নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির এ বিষয়ে বলেন, তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মুহাম্মদ (তেজারত)-এর সঙ্গে কথা বলবেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্য দিতে রাজি নন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের আল আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি কোনো বক্তব্য দিতে রাজি নই।
শিক্ষার্থী না থাকার অভিযোগের মধ্যেও আটজন শিক্ষক ও দুজন কর্মচারীর বেতন-ভাতা গ্রহণ, উপবৃত্তি এবং ৮৫ জনের নামে সরকারি বই উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো কৈফিয়ত দিতে পারব না। আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেন।থ এরপর তিনি কথোপকথনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও বিদ্যালয়ের নথি যাচাই করে প্রকৃত চিত্র বের করতে কয়েকটি বিষয়ে প্রশাসনিক ও আর্থিক তদন্ত প্রয়োজন। এর মধ্যে রয়েছে—নথিতে থাকা ১২২ শিক্ষার্থীর বাস্তব অস্তিত্ব ও ভর্তি-সংক্রান্ত তথ্য যাচাই, ৮৫ সেট বই উত্তোলন ও ফেরতের হিসাব পরীক্ষা, উপবৃত্তির অর্থের প্রকৃত প্রাপক শনাক্ত করা এবং আটজন শিক্ষক ও দুজন কর্মচারীর উপস্থিতি ও পাঠদান কার্যক্রম যাচাই। পাশাপাশি গত কয়েক বছরের বেতন-ভাতা উত্তোলনের নথি, বিদ্যালয়ের এমপিওভুক্তির শর্ত পূরণের তথ্য এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা ১৫ শতাংশ ঘুষের অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সরকারি অর্থের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ধানদিয়ায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
ফিরোজ হোসেন: দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঝড়গাছা গ্রামের নিমাই কৃষ্ণ ঘোষের ছেলে প্রণব ঘোষ, সন্ন্যাসী কুমার ঘোষ ও সুমন ঘোষের পৈতৃক সম্পত্তিতে লাগানো ১৫ বছরের দুইটি বড় বড় শীলকড়া গাছ কেটে ফেলেছে একই এলাকার সুধীর ঘোষের ছেলে পিন্টু ঘোষ ও রবীন ঘোষ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে জোরপূর্ব গাছ কেটে খেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৯ অক্টোবর) অনুমান দুপুর ১২ টার দিকে জোরপূর্ব গাছ কেটে দিয়েছে। এ ব্যাপারে নিমাই কৃষ্ণ ঘোষের ছেলে প্রণব ঘোষ, সন্ন্যাসী কুমার ঘোষ ও সুমন ঘোষ জানান, আমাদেরকে না জানিয়ে পৈতৃক সম্পত্তিতে লাগানো দুইটি বড় বড় শীলকড়া গাছ কেটে সুধীর ঘোষের ছেলে প্রভাবশালী পিন্টু ঘোষ সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই দুইটি গাছ কেটে ফেলে। কেটে ফেলা গাছ দুইটির আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
এছাড়াও গাছ কেটে ফেলার সময় একই স্থানে অসংখ্য বাঁশ ঝাড় ও ডাব্বল গাছসহ অনেক গাছ গাছালির ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে বিষয়টি অবহিত করার পরও গাছ কাটা বন্ধ না হলে তারা ট্রিপল নাইনে ফোন দিয়েও কোন প্রতিকার পাইনি বলে জানান। এ বিষয়ে অভিযুক্তরা বলেন, আমাদের বাড়ির সীমানার পাশে বড় বড় গাছ থাকায় বাড়ি ও মানুষের ক্ষতি হবে ভেবে কেটে দিয়েছি।
সরজমিনে গিয়ে দেখা গেছে, বড় বড় দুইটি গাছ পড়ে আছে। এ সময় এলাকাবাসীরা জানায়, পিন্টু ঘোষরা প্রভাবশালী হওয়ায় তারা ক্ষমতার দাপটে এই অসহায় পরিবারটির উপর জুলুম নির্যাতন করে তাদেরকে না জানিয়ে সন্ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক গাছ কেটে ফেলেছে। আমরা তাদের বিষয়ে মুখ খুললেই আমাদেরকেও বিপদে পড়তে হবে।
এ ব্যাপারে এলাকায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ: ক্ষতিগ্রস্ত ৩ লক্ষাধিক টাকা
মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বিলগুল্লের বিলে লিজ নেওয়া একটি মাছের ঘেরে গভীর রাতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দিনমজুরের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়াশিমলা ইউনিয়নের হরিণডাঙ্গা (কুকোডাঙ্গা) গ্রামের মৃত বিশে গাজীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৭) দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে আসছেন। এর পাশাপাশি সংসার চালানোর তাগিদে তিনি বিলগুল্লের বিলে ১১ বিঘা জমি লিজ নিয়ে একটি মৎস্য ঘের তৈরি করে মাছ চাষ করে আসছিলেন।
ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, গত ৯ অক্টোবর গভীর রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ঘেরে শত্রুতা বশত বিষ প্রয়োগ করে। পরদিন সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান, ঘেরের সমস্ত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। ঘেরে থাকা ভেটকী, ভাঙন, খোরকুল্লো, রুই, কাতলা ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান মাছ মরে যাওয়ায় তার প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সহায়-সম্বলহীন একজন দিনমজুরের এমন বড় ধরনের লোকসানে তিনি এখন সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছেন।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ ও সঙ্গীয় পুলিশ ফোর্স এবং উপজেলা কৃষকদলের আহবায়ক মো. রোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হতাশাগ্রস্ত ও নিঃস্ব দিনমজুর সাইফুল ইসলাম এই ন্যাক্কারজনক ঘটনার সুস্হ তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে দেবহাটায় উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মাধ্যমেই সমাপ্তি ঘটেছে পিতৃপক্ষের এবং সূচনা হয়েছে দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।
আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে সারা দেশের সাথে তাল মিলিয়ে দেবহাটা উপজেলার মন্দিরগুলোতে ভোর ৬টা থেকে চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তিল তর্পণ এবং সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপন করা হয়।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দেবহাটা উপজেলায় ২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ছয় দিনব্যাপী মূল দুর্গোৎসব এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটবে।
জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: জাকারিয়া হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, এড. আকবার হোসেন, এড. শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো: নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান, অজিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামী গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক।
বক্তারা আরও বলেন, হত্যা মামলার প্রধান আসামী নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ গ্রেপ্তারে পুলিশের কৃতিত্ব কম। তাই অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। নইলে পুরো জেলাবাসীকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
সহায়ক হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণটি পরিচালনা করেন সক্রিয় কর্মী সালমা আক্তার। তাকে সহযোগিতা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, অ্যাডভোকেট এস. এম. সোহরাব হোসেন বাবলু এবং কাউন্সিলর সুমাইয়া নাজনীন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মীবৃন্দ মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি অ্যাক্টিভিস্টদের ভূমিকা, কাউন্টার ট্রাফিকিং কমিটি সম্পর্কিত তথ্য, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, কার্যকর নেতৃত্ব, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন এবং ভিকটিম সাপোর্ট নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করেন। এছাড়া দলীয় আলোচনার মাধ্যমে কাজের ধারাবাহিকতা রক্ষায় ‘সাসটেইনেবিলিটি প্ল্যান’ ও সুনির্দিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
সমাপনী অধিবেশনে দিনব্যাপী কার্যক্রমের পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মী দলের সভাপতি শাফিরুল ইসলাম।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে মানব পাচার প্রতিরোধ ও ভিকটিম সহায়তায় সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।









