Home Blog Page 44

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

0

শাহীন বিশ্বাস: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বিল নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন পাটকেলঘাটা বাজারের এক চা-দোকানি। তার অভিযোগ, মিটারে থাকা ইউনিটের চেয়ে বেশি ইউনিট উল্লেখ করে বিল তৈরি করা হয়েছে।পাটকেলঘাটা বাজারে মিতালী ড্রাগ হাউজের পূর্ব পাশে চায়ের দোকান পরিচালনাকারী সুবাষ ঘোষ জানান, চলতি মাসের ১২ সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার মিটারের রিডিং ৫ হাজার ৫৪৫ ইউনিট উল্লেখ করে বিল ইস্যু করে। ওই বিলে তার কাছে ৬ হাজার ২২১ টাকা দাবি করা হয়।তবে ২৭ সেপ্টেম্বর মিটার পরীক্ষা করে তিনি দেখতে পান, মিটারে মোট রিডিং রয়েছে ৫ হাজার ৪১৫ ইউনিট। অর্থাৎ ১২ সেপ্টেম্বরের বিলের রিডিংয়ের তুলনায় মিটারে বর্তমানে ১৩০ ইউনিট কম দেখা যাচ্ছে।গ্রাহক সুবাষ ঘোষের প্রশ্ন, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মিটারে যদি ৫ হাজার ৪১৫ ইউনিট থাকে, তাহলে ১২ সেপ্টেম্বর কীভাবে ৫ হাজার ৫৪৫ ইউনিট রিডিং দেখিয়ে বিল তৈরি করা হলো? তার দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।এ ঘটনায় পল্লী বিদ্যুতের বিল তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী গ্রাহকরা, কুমিরা ইউনিয়নের রিপন সাহা নামের আরেক গ্রাহক তার বিদ্যুৎ দিলে অসামাজ্যপূর্ণ দেখতে পেয়ে তিনিও অভিযোগ করেন তার অভিযোগ, মিটার রিডিং ও বিলের কাগজের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।

এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের কাছে যোগোযোগের চেস্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেনি ।

 চিকিৎসক-রোগীর আস্থাই স্বাস্থ্যসেবার প্রাণ, কনসাল্টেন্সির বাইরে প্রয়োজন কোঅপারেশন

0

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজনগুলোর একটি। একজন মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালের দরজায় যান, তখন তিনি শুধু চিকিৎসা নিতে যান না—তিনি সঙ্গে নিয়ে যান তাঁর ভয়, উদ্বেগ, প্রত্যাশা এবং পরিবারের উৎকণ্ঠা। অন্যদিকে একজন চিকিৎসক রোগীর সামনে বসেন জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দায়িত্ব নিয়ে। এই দুই পক্ষের মিলনস্থলই হাসপাতাল। তাই স্বাস্থ্যসেবার মান শুধু চিকিৎসকের দক্ষতা কিংবা হাসপাতালের অবকাঠামো দিয়ে বিচার করলে পুরো চিত্রটি পাওয়া যায় না। এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থা ও সহযোগিতা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসাইনের সাম্প্রতিক হাসপাতাল-অভিজ্ঞতা থেকে উঠে আসা বক্তব্যটি এই জায়গাতেই বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রায় চারদিন সাতক্ষীরার ব্লিস হাসপাতালে রোগী হিসেবে থাকার পর তিনি চিকিৎসক-রোগীর সম্পর্ককে ‘কনসাল্টেন্সি’ থেকে ‘কোঅপারেশন’-এর দিকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

একজন চিকিৎসক রোগীর সমস্যা শুনবেন, পরীক্ষা-নিরীক্ষা করবেন, রোগ নির্ণয় করবেন এবং চিকিৎসা দেবেন—এটি চিকিৎসাব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রোগীকেও যদি চিকিৎসা-পদ্ধতি, হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসকের পরামর্শ এবং নিজের দায়িত্ব সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া যায়, তাহলে চিকিৎসা আরও কার্যকর হতে পারে।

দুঃখজনকভাবে আমাদের দেশে চিকিৎসক ও রোগীর সম্পর্কের জায়গায় মাঝে মাঝে অবিশ্বাস তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে রোগী বা স্বজন চিকিৎসার ফলাফল সম্পর্কে অবাস্তব প্রত্যাশা করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনকে পর্যাপ্তভাবে বিষয়টি ব্যাখ্যা করতে ব্যর্থ হন। ফলে তৈরি হয় ভুল বোঝাবুঝি। আর ভুল বোঝাবুঝি থেকেই কখনো উত্তেজনা, সংঘাত, এমনকি সহিংসতার ঘটনাও ঘটে।

এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি—চিকিৎসক ও রোগী পরস্পরের প্রতিপক্ষ নন। একজন চিকিৎসক রোগীর জীবন ও সুস্থতার জন্য কাজ করেন, আর রোগী চিকিৎসকের চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। এই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আস্থা, সম্মান, ধৈর্য ও সহযোগিতা।

একই সঙ্গে রোগীরও কিছু দায়িত্ব রয়েছে। চিকিৎসকের কাছে রোগের ইতিহাস সঠিকভাবে বলা, প্রয়োজনীয় পরীক্ষা করানো, চিকিৎসকের পরামর্শ বোঝার চেষ্টা করা এবং চিকিৎসা-প্রক্রিয়া সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা জরুরি। কোনো অভিযোগ বা অসন্তোষ থাকলে সেটিও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে জানানোর সংস্কৃতি তৈরি করতে হবে।

চিকিৎসকদের ক্ষেত্রেও প্রয়োজন রোগীর সঙ্গে আরও মানবিক যোগাযোগ। একজন রোগী হয়তো চিকিৎসাবিজ্ঞানের ভাষা বোঝেন না। তাই রোগীকে বোঝানোর দায়িত্বও চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি রোগের অবস্থা, চিকিৎসার সম্ভাবনা, ঝুঁকি কিংবা সীমাবদ্ধতা সম্পর্কে রোগী ও স্বজনকে যত পরিষ্কারভাবে জানানো যাবে, ভুল বোঝাবুঝির সুযোগ তত কমবে।

ডা. মনোয়ার হোসাইনের নিজের জীবনও এই বাস্তবতার একটি মানবিক উদাহরণ। তিনি নিজে রোগী হয়েছেন; ২০১৬ সালে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন-জটিলতায় প্রায় ১০ দিন হাসপাতালে ছিলেন। গত বছর ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আবার মায়ের কিডনি-সংক্রান্ত চিকিৎসার জন্য প্রায় দুই দশক ধরে বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ছুটেছেন। অর্থাৎ চিকিৎসক হওয়ার পাশাপাশি রোগী ও রোগীর স্বজনের অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

এই অভিজ্ঞতা থেকে যে উপলব্ধি এসেছে, সেটি শুধু একজন চিকিৎসকের ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখলে ভুল হবে। এর মধ্যে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য একটি বৃহত্তর শিক্ষা রয়েছে।

আমাদের প্রয়োজন এমন একটি স্বাস্থ্যসেবা সংস্কৃতি, যেখানে চিকিৎসক রোগীকে সম্মান করবেন এবং রোগী চিকিৎসককে সম্মান করবেন; হাসপাতাল রোগীকে তথ্য দেবে এবং রোগী হাসপাতালের নিয়ম ও সীমাবদ্ধতা বুঝবেন; অভিযোগ থাকলে তার সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা থাকবে এবং কোনো অবস্থাতেই চিকিৎসক, নার্স কিংবা হাসপাতালের কর্মীদের ওপর হামলা যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনি রোগী ও স্বজনের যৌক্তিক অভিযোগকেও উপেক্ষা করা যাবে না।

স্বাস্থ্যসেবাকে মানবিক করতে হলে শুধু আধুনিক যন্ত্রপাতি, নতুন ভবন কিংবা বেশি সংখ্যক হাসপাতাল যথেষ্ট নয়। প্রয়োজন মানবিক যোগাযোগ, জবাবদিহি, আস্থা এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি।

কনসাল্টেন্সি চিকিৎসার শুরু হতে পারে; কিন্তু কোঅপারেশন চিকিৎসাকে সফল করার অন্যতম ভিত্তি।

চিকিৎসক ও রোগী যখন একই লক্ষ্যে—রোগীর সুস্থতার লক্ষ্যে—একসঙ্গে এগিয়ে যাবেন, তখন হাসপাতাল শুধু চিকিৎসা নেওয়ার জায়গা থাকবে না; হয়ে উঠবে আস্থা ও মানবিকতার জায়গা।

দৈনিক সাতনদী মনে করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে সংঘাতের নয়, সহযোগিতার সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন সময়ের দাবি।উপসম্পাদকীয়

রোগী যখন চিকিৎসকের সামনে, চিকিৎসকও যখন রোগীর শয্যায়

‘আমি রোগী’—এই অভিজ্ঞতাই চিকিৎসককে অনেক সময় রোগীর পৃথিবীটা নতুন করে দেখায়

একজন চিকিৎসক প্রতিদিন অসংখ্য রোগী দেখেন। কেউ ব্যথায় কাতর, কেউ উৎকণ্ঠিত, কেউ ভীত, আবার কেউ রোগের নামটিই শুনে মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসকের কাছে এগুলো হয়তো তাঁর পেশার প্রতিদিনের দৃশ্য। কিন্তু একজন চিকিৎসক নিজেই যখন রোগীর শয্যায় শুয়ে পড়েন, তখন সেই পরিচিত দৃশ্যগুলো অন্যরকম হয়ে ওঠে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসাইনের সাম্প্রতিক হাসপাতালবাসের অভিজ্ঞতা তাই আমাদের ভাবায়।

প্রায় চারদিন সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি থাকার পর তিনি শুধু চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাননি; নিজের জীবনের অসুস্থতার বিভিন্ন অধ্যায়ও স্মরণ করেছেন। গত বছরের ফুড পয়জনিং, ২০১৬ সালের অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জটিলতা এবং তারও আগে মায়ের কিডনি চিকিৎসা নিয়ে প্রায় দুই দশকের ছুটে চলা—সব মিলিয়ে তাঁর রয়েছে চিকিৎসক এবং রোগী, দুই দিক থেকেই স্বাস্থ্যসেবাকে দেখার অভিজ্ঞতা।

এই দুই দৃষ্টিভঙ্গির মিলন থেকেই এসেছে একটি গুরুত্বপূর্ণ শব্দ—কোঅপারেশন।

চিকিৎসক রোগীর চিকিৎসা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রোগী কি চিকিৎসার অংশীদার হতে পারেন না?

অবশ্যই পারেন।

রোগী যদি নিজের রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানেন, চিকিৎসকের কাছে রোগের ইতিহাস সঠিকভাবে তুলে ধরেন, চিকিৎসকের পরামর্শ বোঝেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় সহযোগিতা করেন এবং চিকিৎসা-প্রক্রিয়ার বাস্তবতা উপলব্ধি করেন, তাহলে চিকিৎসাও অনেক বেশি কার্যকর হওয়ার সুযোগ পায়।

আবার চিকিৎসকেরও দায়িত্ব রয়েছে রোগীকে বোঝানোর। একজন রোগী মেডিকেল টার্ম জানবেন—এমনটি প্রত্যাশা করা যায় না। তাই চিকিৎসকের জ্ঞান শুধু প্রেসক্রিপশনে সীমাবদ্ধ থাকলে হবে না; প্রয়োজন হলে রোগীকে বুঝিয়ে বলতে হবে তাঁর কী সমস্যা, কী পরীক্ষা প্রয়োজন, কেন প্রয়োজন এবং চিকিৎসার সম্ভাব্য পথ কী।

এখানেই ‘কনসাল্টেন্সি’ এবং ‘কোঅপারেশন’-এর পার্থক্য।

কনসাল্টেন্সিতে চিকিৎসক পরামর্শ দেন। কোঅপারেশনে চিকিৎসক ও রোগী একসঙ্গে চিকিৎসার পথটি এগিয়ে নেন।

আমাদের স্বাস্থ্যসেবায় অনেক বিরোধের পেছনে রোগের জটিলতার পাশাপাশি যোগাযোগের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। রোগী হয়তো ভাবছেন, চিকিৎসা নিলেই দ্রুত সুস্থ হয়ে যাবেন। চিকিৎসক জানেন, প্রতিটি রোগের চিকিৎসার ফলাফল একই নয়। কোনো রোগে সময় লাগে, কোনো চিকিৎসায় ঝুঁকি থাকে, কোনো ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

এই পার্থক্যটি যদি শুরুতেই পরিষ্কারভাবে বোঝানো যায়, অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব।

একইভাবে রোগী ও স্বজনেরও মনে রাখা দরকার—হাসপাতাল একটি সেবাপ্রতিষ্ঠান, কিন্তু সেখানে কর্মরত প্রত্যেক মানুষও মানুষ। চিকিৎসক, নার্স কিংবা অন্য কোনো কর্মীর সঙ্গে অসৌজন্য বা সহিংস আচরণ কোনো সমস্যার সমাধান করতে পারে না। অভিযোগ থাকলে তার জন্য নিয়মতান্ত্রিক পথ রয়েছে।

আবার হাসপাতাল কর্তৃপক্ষেরও মনে রাখতে হবে—রোগী ও স্বজনের প্রশ্নকে বিরক্তি হিসেবে দেখলে চলবে না। অসুস্থ মানুষ এবং তাঁর পরিবার স্বাভাবিকভাবেই জানতে চাইবেন কী হচ্ছে। তাঁদের সঙ্গে সম্মানজনক যোগাযোগ স্বাস্থ্যসেবারই অংশ।

ডা. মনোয়ার হোসাইনের বক্তব্যের সবচেয়ে মানবিক দিকটি সম্ভবত এখানেই—তিনি চিকিৎসক হয়েও রোগীর জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন।

তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রায় ২০ বছর ধরে হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে চেম্বারে ঘুরেছেন। তখন তাঁর নিজের ভাষায়, টাকা কিংবা পরিচিতি কিছুই ছিল না। সেই অভিজ্ঞতা একজন চিকিৎসকের চোখে রোগী ও স্বজনের অসহায়ত্বের অন্য একটি ছবি এঁকে দিয়েছে।

আজ তিনি নিজে চিকিৎসক। আবার কখনো তিনি রোগী। এই দুই পরিচয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি যে কথাটি বলেছেন, সেটি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ—

চিকিৎসক ও রোগীকে পরস্পরের বিরুদ্ধে নয়, পরস্পরের পাশে দাঁড়াতে হবে।

চিকিৎসকের দক্ষতা প্রয়োজন, হাসপাতালের অবকাঠামো প্রয়োজন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রয়োজন। কিন্তু এর পাশাপাশি প্রয়োজন বিশ্বাস।

কারণ একজন রোগী যখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন, তখন তাঁর হাতে শুধু একটি প্রেসক্রিপশন থাকে না—থাকে সুস্থ হয়ে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা।

আর একজন চিকিৎসক যখন সেই রোগীর পাশে দাঁড়ান, তখন তাঁর হাতেও শুধু স্টেথোস্কোপ থাকে না—থাকে একটি মানুষের জীবনের দায়িত্ব।

এই দুই দায়িত্বের মধ্যে যদি আস্থা তৈরি হয়, তাহলে কনসাল্টেন্সি পেরিয়ে জন্ম নিতে পারে কোঅপারেশন।

আর সেই কোঅপারেশনই হয়তো পারে হাসপাতালের দরজা থেকে সংঘাতকে সরিয়ে সেখানে ফিরিয়ে আনতে মানবিকতা, শ্রদ্ধা ও আস্থার সংস্কৃতি।

 

যুবদল নেতা সুমনের নেতৃত্বে কোটি টাকার ৮ টি স্বর্ণের বার ছিনতাই, চাপে পড়ে ৪ টি ফেরত

0
# স্বর্নের বার ছিনতাইয়ের খবর প্রকাশের জেরে সাতনদী সম্পাদককে হত্যার হুমকি।

নিজস্ব প্রতিবেদক: এক যুবদল নেতার কোটি টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা এখন টক অফদা টাউন । স্বর্ণের মালিক শাসক দলের এক শীর্ষ নেতার মধ্যস্ততায় খোয়া যাওয়া আটপিচ স্বর্নের বার হতে চার পিচ ফেরত পেয়েছে । সাতক্ষীরা বাইপাস সড়কের রাফসান কনস্টাকসন লিমিটেডের সামনে  পাকার রাস্তার ওপরে প্রকাশ্য দিবালকে এ ঘটনা ঘটে।

 

ক্যাপ পরিহিত ছবি যুবদল নেতা সুমন 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, যশোরের একস্বর্ণ ব্যাবসায়ী ৮ পিচ সোনার বার নিয়ে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন  ।বেলা ২ টার দিকে যুবদল নেতা সুমন এক সহযোগীকে নিয়ে স্বর্ণ বহনকারী ব্যাবসায়ীর ওপর হামলা করে। এসময় তার কাছে থানা ৮ পিচ স্বর্ণ ছিনিয়ে নেয় । এসময় সুমনের সহযোগী রাজুকে জনতা গণধোলাই দেয়। একপর্যায়ে স্থানীয় জনতা  ৯৯৯ নাইনে ফোন করে। পরে  পুলিশ ঘটনাস্থলে গেলে সুমন পালিয়ে যায়।এরপর ঘটনাস্থল থেকে  সুমনের মোটরসাইকেলটি  ইটাগাছা ফাড়িতে আনে পুলিশ। পরে ওই ব্যাবসায়ী শাসক দলের এক শীর্ষ নেতার স্মরনাপন্ন হয় । শুরু হয় মধ্যস্ততা । মধ্যস্ততার বৈঠকে সুমন দাবী করে স্বর্ণের বার ছিল ৪ পিচ ৮ পিচ নয় ।এক পর্যায়ে শীর্ষনেতার চাপে পড়ে সুমন চার পিচ স্বর্নের বার মালিকে ফেরত দিতে বাধ্য হয় । ঘটনাটি এখন শাসক দলের বিভিন্ন স্তরে ওপেন সিক্রেট। তাদের একাধিক অফিসে বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে কানাঘুষা করতে দেখা যাচ্ছে । সুমনের পদপদবী ও পারিবারিক পরিচয় গোপন রাখা হল । এ ঘটনায় সোনা খোওয়ানো ব্যাবসায়ী থানা পুলিশে প্রতিকার চেয়ে অভিযোগ করেনি । তবে ওই ব্যাবসায়ী দৈনিক সাতনদীকে জানান, ৮ পিচ স্বর্ণের বারের মূল্য ১ কেটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ।অর্ধেক ফেরত পেয়েছি । ফেরত দেওয়ার শর্ত ছিল থানা পুলিশ করা যাবেনা ।

 

 

সাতক্ষীরায় আ’লীগ নেতা মসলউদ্দিনকে সারের ডিলার শিপ না দেওয়ার দাবি

0

মোকারম বিল্লাহ : সাতক্ষীরার ৩নং বৈকারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মসলউদ্দিনের বিরুদ্ধে এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম, মাদক ব্যবসা ও চোরাচালানের মাধ্যমে অঢেল অবৈধ সম্পদের পাহাড় গড়ার মারাত্মক অভিযোগ উঠেছে। গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও এই প্রভাবশালী আ’লীগ নেতা বহাল তবিয়তে তার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, যার পেছনে শক্তিশালী কোনো মহলের মদদ বা “শেলেটার” রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আ’লীগ নেতা মসলউদ্দিন অতীতে সরাসরি সীমান্ত চোরাচালানের (স্মাগলিং) সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানেও এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন। কেবল তিনি নিজেই নন, তার পুরো পরিবারই জড়িয়ে পড়েছে অনৈতিক কর্মকাণ্ডে। তার ভাই ও ভাইপোরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন। এমনকি মাদক চোরাচালানের মামলায় তার স্ত্রীও ইতিপূর্বে জেল খেটেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কলারোয়ার কাথুন্ডা বাজারে মসলউদ্দিনের একটি গোপন গোডাউন রয়েছে, যা তিনি ও তার পরিবারের সদস্যরা অবৈধ চোরাচালান ও মাদকের প্রধান আস্তানা হিসেবে ব্যবহার করেন।

এদিকে, সম্প্রতি সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউনিয়নে নতুন সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক ডিলারশিপ প্রদান করা হবে। এই সুযোগে আওয়ামী লীগের এই বিতর্কিত দোসর ও মাদক কারবারি মসলউদ্দিন তার প্রতিষ্ঠান “মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ”-এর নামে সারের ডিলারশিপ পেতে আবেদন করেছেন।

এক যৌথ বিবৃতিতে ৩নং বৈকারী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, “কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদের সহযোগী, চিহ্নিত চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের হাতে সারের মতো স্পর্শকাতর পণ্যের ডিলারশিপ তুলে দেওয়া না হয়।”

বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, মাদক ব্যবসা ও অবৈধ চোরাচালানের কালো টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এই আ’লীগ নেতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে তার অবৈধ সাম্রাজ্য ও আস্তানা গুড়িয়ে দিয়ে বৈকারী ইউনিয়নকে সন্ত্রাসী ও মাদকমুক্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান গ্রামবাসী।

 

 

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

0

মো. ইশারাত আলী :দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশের পর লকারের তালা ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন মালিক। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। সকালে দোকানে এসে শাটার ভাঙা অবস্থায় দেখতে পান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার। ভেতরে ঢুকে তিনি লকারও ভাঙা দেখতে পান।দোকান মালিকের দাবি, লকারে রাখা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার এবং নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। মালামালের হিসাব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানটি পরিদর্শন করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন,এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে শওকাত হোসেন

0

মো. ইশারাত আলী : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রাজনীতি ও স্থানীয় জনপ্রতিনিধিত্বে গাজী পরিবারের দীর্ঘ উপস্থিতি রয়েছে। ১৯৭৭ সাল থেকে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে থাকা এই পরিবারের ধারাবাহিকতার বর্তমান প্রতিনিধি আলহাজ্ব গাজী শওকাত হোসেন। ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবারও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
গাজী পরিবারের স্থানীয় রাজনৈতিক পথচলার সূচনা গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা ও সাবেক চেয়ারম্যান গাজী খোরশেদ আলমের মাধ্যমে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে পরিবারটির সদস্যরা ইউনিয়ন পরিষদের নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
পরিবারটির দাবি, ১৯৭৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৪৮ বছরের সময়কালে প্রায় ৩৭ বছর বিভিন্ন মেয়াদে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নেতৃত্ব বা দায়িত্বের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রতিকূলতার মধ্যেও তারা স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। নির্বাচনের ফল অনুযায়ী তিনি ৫ হাজার ৩৮৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সজল মুখার্জী পান ৪ হাজার ২৭৬ ভোট। ফলে শওকাত হোসেন ১ হাজার ১০৭ ভোটের ব্যবধানে জয় পান।
বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরা হচ্ছে। তাঁর দাবি, বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কারকাজ চলমান রয়েছে।
ধলবাড়িয়া ইউনিয়নের সামাজিক বাস্তবতায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানও স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেয়ারম্যানের সমর্থকদের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে শওকাত হোসেন ভূমিকা রেখে চলেছেন।
আগামী নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন গাজী শওকাত হোসেন। নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করার পাশাপাশি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
গাজী শওকাত হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করব। পাশাপাশি ইউনিয়নবাসীর জন্য আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব।

 

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

0

মো. জিয়াউর রহমান: শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বেল পাড়তে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সেখানে বেলা ১১টার দিকে একটি গাছে উঠে বেল পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
এ সময় বাগানের পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা গ্রেফতার

0

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান আঃ আলিম মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আঃ আলিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বড়দল ইউনিয়ন সহ-সভাপতি।তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের মৃত এন্তাজ উদ্দীন মোল্যার ছেলে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, রবিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

0

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরার গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় কাদাকাটি হাজিরহাট চাঁদনিতে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে নামাজে অংশ নেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নূরুলআফসার মুর্তজা, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদুল হক টিটুলসহ গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ।জানাযার নামাজে ইমামতি করেন, আহলে হাদীছ আন্দোলনের সুপরিচিত আলেম মাওঃ জাহাঙ্গীর আলম ইসলাহী।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দঅফন সম্পন্ন হয় ।

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

0

জি এম মুজিবুর রহমান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলা সদর ও প্রতাপনগর ইউনিয়নে গণসংযোগ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল ৫ টায় আশাশুনি সদর ইউনিয়নে গণসংযোগ করা হয়। আশাশুনি বাজার জামে মসজিদে আসর সালাত বাদ আলোচনা সভা করা হয়। সাতক্ষীরা-০৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন। পবিত্র কোরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে মানব জীবনের প্রয়োজনীয় আমল এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে করনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবহ আলোচনা উপস্থাপন করেন। এসময় জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ (অব) আলহাজ্ব আঃ সবুর, উপজেলা আমীর ও ইউপি নির্বাচনে সদরের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে শনিবার বিকাল ৪টায় প্রতাপনগর হাইস্কুল মোড় বাজারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা জামায়াতে ইসলামীর লক্ষ্য, উদ্দেশ্য ও সমাজ গঠনের কর্মসূচি তুলে ধরেন। এসময় উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ কামরুজ্জামান, মাওঃ মুয়াজ্জাম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।