Home Blog Page 42

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

0

মাসুদ রানা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ থানা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এক উৎসবমুখর পরিবেশে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সঞ্চালনায় উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক বিজ্ঞান সম্পাদক ও মেডিকেল কলেজের সাবেক সভাপতি ড. মনিরুল ইসলাম এবং শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ সেক্রেটারি শাহজালাল সাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “মেডিকেল শিক্ষার্থীরা মানবসেবার মতো এক মহান ব্রতে নিয়োজিত। তবে একজন আদর্শ চিকিৎসক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিকভাবে চাঙ্গা থাকা আবশ্যক। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। সৎ, দক্ষ ও শারীরিকভাবে সুস্থ নাগরিক গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির সর্বদাই ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তরুণদের মাদকমুক্ত রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই আমাদের আজকের এই আয়োজন।  টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টজুড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘শহীদ আমিনুর রহমান টিম’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং চমৎকার লড়াই করে ‘শহীদ ওসমান হাদী টিম’ রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে রাজহাঁস ও পাতিহাঁস তুলে দেওয়া হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে।

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

0
তালা প্রতিবেদকঃ  তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য স্বল্পমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে খলিলনগর ইউনিয়ন ক্লিনিকের পাশে ফিতা কেটে এই কার্যক্রমের  উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজ রহমান,  সাংবাদিক ইমন ইসলাম প্রমুখ।
নবনিযুক্ত ডিলার মেসার্স মুক্তা এন্টারপ্রাইজের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে এই স্বল্পমূল্যের টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে।

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

0

#ইউরোপ-আমেরিকা-মধ্যপ্রাচ্যে ৩ শাখার অনুমোদন

#৩১ অক্টোবর ঐতিহাসিক মাদকবিরোধী সাইকেল র‍্যালি : অংশ নেবেন ৬০০ সাইক্লিস্ট

#দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার নতুন উদ্যোগ

দেবহাটা প্রতিনিধি: আলহামদুলিল্লাহ। স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি এবার আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম বিস্তারের পথে এগিয়ে যাচ্ছে ফেয়ার মিশন। দেবহাটার দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে ফেয়ার মিশনের কার্যক্রম বহির্বিশ্বে ছড়িয়ে দিতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তিনটি শাখা অনুমোদন দেওয়া হয়েছে।

ফেয়ার মিশনের কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের এ উদ্যোগকে সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। নতুন অনুমোদিত তিন শাখার মাধ্যমে বিদেশে অবস্থানরত দেবহাটার দক্ষ ও আগ্রহী জনশক্তিকে সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি ফেয়ার মিশনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন মহাদেশে তিন শাখা

ফেয়ার মিশনের অনুমোদিত নতুন শাখাগুলো হলো—

১. ফেয়ার মিশন ইউরোপ শাখা
২. ফেয়ার মিশন আমেরিকা শাখা
৩. ফেয়ার মিশন মধ্যপ্রাচ্য শাখা।

গতকাল অনুষ্ঠিত ফেয়ার মিশনের কার্যনির্বাহী পরিষদের সভায় এসব শাখার অনুমোদন দেওয়া হয়। সংগঠনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফেয়ার মিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম বিস্তারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিদেশে বসবাসরত দেবহাটার দক্ষ জনশক্তিকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। স্থানীয় পর্যায়ে ফেয়ার মিশনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সক্ষমতাকে সামাজিক কর্মকাণ্ডে কাজে লাগানোর পরিকল্পনার কথাও উঠে আসে।

মাদকবিরোধী র‍্যালি ঘিরে ব্যাপক প্রস্তুতি

সভায় আগামী ৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য ফেয়ার মিশনের ঐতিহাসিক মাদকবিরোধী সাইকেল র‍্যালি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। র‍্যালিকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ইতোমধ্যে এ র‍্যালিতে অংশগ্রহণের জন্য ৬০০ জন সাইক্লিস্ট নিবন্ধন সম্পন্ন করেছেন বলে ফেয়ার মিশন সূত্রে জানা গেছে। ফলে এবারের র‍্যালি বড় পরিসরে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দেবহাটা থেকে বার্তা যাবে বহির্বিশ্বে

ফেয়ার মিশনের নতুন এ উদ্যোগে স্থানীয় সংগঠনটির কর্মকাণ্ড এবার ভৌগোলিক সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক পরিসরে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তিনটি শাখা অনুমোদনের মধ্য দিয়ে বিদেশে অবস্থানরত দেবহাটার মানুষদের সঙ্গে একটি সাংগঠনিক যোগাযোগ কাঠামো গড়ে তোলার পথও তৈরি হলো।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন শাখাগুলোর মাধ্যমে বিদেশে অবস্থানরত দক্ষ জনশক্তি ফেয়ার মিশনের সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে প্রবাসীদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে দেবহাটার মানুষের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

ফেয়ার মিশনের কার্যনির্বাহী পরিষদের এ সিদ্ধান্তের ফলে সংগঠনটির কার্যক্রমের পরিধি যেমন বাড়বে, তেমনি দেবহাটা থেকে শুরু হওয়া সামাজিক সচেতনতার বার্তা ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল স্থানীয় সরকার

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট করার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর চিঠিটি সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণ ব্যানার্জি’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে সাতক্ষীরা শহীদ রীমু সরণির সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। উত্থাপিত এই অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. শাহেদ মোস্তফা। অনুলিপি পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে।স্থানীয়দের আশা, এই তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে।সাতক্ষীরা পৌরসভার আওতাধীন ‘শহীদ রীমু সরণি’ (সরকারি কলেজ সড়ক-পোস্ট অফিস থেকে পুরাতন সাতক্ষীরা) সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করা হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর অভিযুক্ত সড়কটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

উল্লেখ্য: গত ২৭ তারিখে সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জি নিজের ফেসবুক পেজে “দেশটা রসাতলে যাক, আমরা সবাই নন্দলাল হই!” শিরোনামে একটি পোস্ট করেন। সেখানে এসব অনিয়মের কথা উল্লেখ করেন।

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

0

নিজস্ব প্রতিবেদক:  পরকিয়ায় বাঁধা দেওয়ায় শাশুড়ির নির্যাতনে শিকার হয়েছেন সরকারী চাকুরিজীবি এক পুত্র বধু। এই ঘটনার প্রতিকার চেয়ে আদালতের দারস্থ হয়েছে ভুক্তভোগী ওই গৃহবধু ।নির্যাতনের শিকার ওই গৃহবধুর নাম শাহিনা আক্তার। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় যুগিখালী গ্রামের সালমান হোসেনের স্ত্রী। তিনি বাগেরহাট জেলার রামপাল থানায় যুবউন্নয়ন অধিদপ্তরের জুনিয়র অফিসার হিসাবে কর্মরত। গত শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহিনা আক্তার বলেন, গত বৃহস্পতিবার(২৫ সেপ্টেস্বর) রাত সাড়ে ৮টার দিকে শাশুড়ি প্রতিবেশী এক যুবকের সাথে পরকিয়া লিপ্ত হন। ওই সময় ঘটনাটি দেখে ফেলায় তাকে শাশুড়ির শাসাতে থাকে। এরপর দিন শুক্রবার(২৬সেপ্টেম্বর) সকালে শাশুড়ি জাহানারা বেগমের নেতৃত্বে ননদাই গফফার সরদার,ননদ সাথী খাতুন, তার ভাই সাদ্দাম সরদার,তার পিতা হোসেন আলী সরদার, ভাড়াটে রিহান তাদের বাড়িতে এসে বেধড়ক মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে তাকে সহ স্বামী সালমান হোসেনকে কোপ মারে। এরপর তারা বসত ঘর ভাংচুর চালাতে থাকে। একপর্যায়ে হামলাকারীর ঘরে থাকা ৮আনা ওজনের কানের দুল ও ১৪আনা ওজনের স্বর্ণের চেইন এবং নগদ ৫৪হাজার টাকা ছিনিয়ে নেয়।একই সাথে ৬লাখ টাকা মুল্যের আর ওয়ান-৫মডেলের মোটরসাইকেল ভাংচুর করে অর্ধলক্ষ টাকার ক্ষতি করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরোও বলেন ঘটনার পরে স্থানীয়দের সহয়তায় তিনি ও তার স্বামী কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা গ্রহন। এ ঘটনায় তিনি মঙ্গলবার সকালে সাতক্ষীরা আদালতে তিনি মামলা করেছেন।

অভিযোগ অস্বীকার করে জাহানারা বেগম বলেন, পরকিয়ার ঘটনাটি সত্য নয়।তবে তাদের মারপিট করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তাকে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩৫ মিনিটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী, গাজীপুর এলাকা থেকে পালিয়ে যায়।

পলাতক আসামি যাতে ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের কোনো স্থান দিয়ে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে টহল তৎপরতা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাহাতাব উদ্দীন বলেন, সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় কোনো অবৈধ ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পরিচালক মাহাতাব উদ্দীন ছাড়াও ভোমরা বিওপি কোম্পানি কমান্ডার মো. আফজাল হোসেন খান, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন, আব্দুর রহিমসহ ভোমরা বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন মালেক গাজী

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: হাইকোর্টের আদেশে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব নেন।

বিদ্যালয়ে পৌঁছে সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলামকে হাইকোর্টের আদেশের কপি দেখান মালেক গাজী। পরে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে নিজ আসনে বসেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

এ সময় তাঁকে স্বাগত জানাতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কয়েকজন অভিভাবককেও এ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়।

এক শিক্ষার্থী বলেন, “স্যারকে আবার স্কুলে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত। তিনি আমাদের পড়াশোনার বিষয়ে সবসময় খোঁজখবর নিতেন এবং উৎসাহ দিতেন। স্যার না থাকায় আমরা তাঁকে অনেক মিস করেছি। আজ তাঁকে আবার নিজের কক্ষে দেখে খুব ভালো লাগছে।”

দায়িত্ব গ্রহণের পর প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী বলেন, “আদালতের প্রতি আমি শ্রদ্ধাশীল। হাইকোর্টের আদেশের পর আজ পুনরায় দায়িত্ব গ্রহণ করেছি। দীর্ঘদিন পর শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সবাইকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই।”

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তের পর গত ১৬ আগস্ট প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানি শেষে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ১৬ আগস্টের সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

আদালতের ওই আদেশের পর মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে আদেশের কপি দেখিয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন মালেক গাজী। পরে তিনি নিজ দাপ্তরিক কক্ষে বসে নিয়মিত কার্যক্রম শুরু

করেন।

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

0
নিজস্ব  প্রতিবেদক : কালিগঞ্জে মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজীকে  আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । রবিবার সকালে তাকে বন্দকাটি গ্রাম থেকে আটক করা হয় । এসময় তার কাছ থেকে ৩৫ পিছ  ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন কালিগজ্ঞ থানার ওসি শাহিন।
অনুসন্ধানে জানা যায় , কালিগঞ্জ ও আশাশুনির উপজেলার ইয়াবা সরবারহ করে ওবায়দুল্লাহ গাজী।  সে সরাসরি টেকনাফ থেকে ইয়াবা  নিয়ে আসে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে।  তার রয়েছে ইয়াবা বিক্রির বিশেষ বাহিনী। রয়েছে একাধিক কিশোর গাং যারা ইয়াবা সেবন করে রাতভর এলাকায় চুরি- ডাকাতি করে। ওবায়দুল্লাহ গাজীর স্ত্রী এই কিশোর গাং নিয়ন্ত্রণ করে। ওবায়দুল তার স্ত্রীকে দিয়ে মাদক পরিবহন করায় জেলার ভিতরে । ওবায়দুল্লাহ গাজীর মাদকের সিন্ডিকেট মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করে বন্দকাটি মনতেজ মোড়লের পুত্র এনামুল ও মজু গাজীর পুত্র আমিরুল ইসলাম।
বন্দকাটি এলাকার বাসিন্দা ছবুর গাজী বলেন, ওবায়দুল্লাহ শীর্ষ মাদক ব্যবসায়ী।  সে প্রকাশ্য ইয়াবা বিক্রি করে তার কিশোর গাং বাহিনী দিয়ে। তার বউকে দিয়ে মাদক পরিবহন করায় বিভিন্ন স্থানে। এই মাদক ব্যবসায়ীর কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়েছে৷ আমরা কেউ নিরাপদে বসবাস করতে পারে না।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা বলেন, ওবায়দুল্লাহ একজন মাদকের গডফাদার। তার পুরো পরিবার মাদক কেনাবেচার সাথে জড়িত। তার বাবা মা স্ত্রী সবাই মাদকের সরবরাহ করে। তার বাড়ি প্রকাশ্য মাদক বেচাকেনা হয়। মুদি পণ্যর মত ওবায়দুল্লাহ মাদক বিক্রি করে। আমরা চাই ওকে উপযুক্ত আইনগত শাস্তি দেওয়া হোক।
সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রুহুল আমিন বলেন, ওবায়দুল্লাহ গাজী কালিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় অভিযান চালিয়ে ৩৫ পিছ  ইয়াবাসহ তাকে আটক করেছি। নিয়মিত মামলা রজু হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হবে।
কালিগজ্ঞ থানার ওসি মো.শাহিন বলেন, ওবায়দুল্লাহর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলা দিয়ে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার ছিনতাই

0
# প্রভাবশালী দুই নেতার মধ্যস্ততায় ৪পিচ ফেরত পেল মালিক
# খাটালের টাকা ছিনতাই, ফেন্সিডিল ব্যবসা, মাটি-বালু লুট ও গনচাঁদাবাজির অভিযোগ সুমনের বিরুদ্ধে
# স্বর্ণের বার বহন করা স্পেলেন্ডার ফেরত চাচ্ছেন মিনারুল
ইসলাম, ও ছিনতাইকাজে ব্যবহার করা জিকসার ফেরত চাচ্ছেন যুবদল
নেতা সুমন রহমান।
# স্বর্ণের বার বহনকরা যুবকের সন্ধান পাওয়া যায়নি এখনও,
মালিকও অধরা।
# স্বর্নের বার ছিনতাইয়ের খবর প্রকাশের জেরে সাতনদী সম্পাদককে হত্যার হুমকি।

হাবিবুর রহমান: স্বর্ণের বার ছিনতাইয়ের খবর প্রকাশের পর যুবদল নেতা সুমনের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অপরাধ চিত্র সামনে এসেছে। খাটালেরগরুর টাকা ছিনতাই, মাদক ব্যবসায় সিদ্ধ হস্ত বিগত দিনে তাতী লীগের ব্যানারে থাকা সুমন এখন যুবদলের মস্তবড় নেতা। খবর প্রকাশের জেরে সুমন সাতনদী সম্পাদককে হত্যার হুমকি দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত ২৪ আগষ্ট দুপুরে শহর থেকে ১২টার দিকে ১০ পিচ স্বর্ণের বার নিয়ে ভোমরা স্থলবন্দর অভিমুখে যাচ্ছিল জনৈক যুবক। পথিমধ্যে মেডিকেল কলেজ ও বাইপাসের সংযোগ স্থানে পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা যুবদল নেতা সুমন স্বর্ণের বার বহনকারী যুবককে ধাওয়া দেয়। একটি লাল রং এর নম্বর প্লেট বিহীন গাড়ীতে সুমন ও রাজু স্বর্ণের বার বহনকারী যুবকের পিছু নেয়। স্বর্ণের বার বহনকারী যুবক যশোর অভিমুখে বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। এক পর্যায়ে ২ কিলোমিটার দূরে গিয়ে আবু সাঈদের তেলের পাম্পের সামনে গিয়ে সুমন স্বর্ণের বার বহনকারী যুবকে ধরে ফেলে। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে যুবকের নিকট থেকে ১০ পিচ স্বর্ণের বার ছিনতাই করে নেয় সুমন ও তার সহযোগী। ধ্বস্তা-ধ্বস্তির সময় আশ-পাশের লোক জড়ো হতে থাকে ঘটনাস্থলে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে শহরে। শতাধিক লোক ঘটনাস্থলে হাজির হলে বাঁধে শোর-গোল। দুটি যুবককে বেদম মারপিটের ভিডিও চিত্রও সাতনদীর হাতে এসেছে। সেখানে সাদা ক্যাপ পরিহিত অবস্থায় সুমনকে দেখা যায়। ঘটনাস্থল থেকে ট্রিপল নাইনে ফোন দিলে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর কবির ঘটনাস্থলে পৌছান। তখন ঘড়ির কাটা ১২.৩০ মিনিট। থানায় ফিরে এস আই আলমগীর কবির ৪১৪ নম্বর একটি ডাইরি করেন। ডাইরিতে পরিত্যাক্ত অবস্থায় ২টি মোটর সাইকেল উদ্ধারের ঘটনা বর্ণনা করা হয়।

স্বর্ণেরবার পাচার কাজে ব্যাবহৃত মোটর সাইকেল

এর মধ্যে সুমনের মালিকানাধীন নম্বর প্লেট বিহীন এবং একটি হিরো হোন্ডা স্পেলেন্ডার ১০০ সিসি মটর সাইকেল যার রেজিঃ নং সাতক্ষীরা-হ-১৭-৭৮১১।

স্বর্ণেরবার ছিনতাইয়ে ব্যাবহৃত  পুলিশকর্তৃক জব্দকৃত সুমনের  মোটরসাইকেল

জিডিতে ঘটনাস্থল আবু সাইদের পেট্রোল পাম্পের নিকটবর্তী বাইপাস সড়কের ওপর দেখানো হলেও ভিডিও চিত্রে দেখা যায় রাফসান পেট্রোল পাম্পের ধারে বাইপাস সড়কের নিচে জমিতে শতাধিক লোক হট্টগোল করছে। চলছে সংঘর্ষ। শোনা যাচ্ছে একজন বলছে ওর কাছে মাল আছে। প্রকৃত ঘটনা হলো স্বর্ণের বার ছিনতায়ের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে সুমনের পক্ষের এবং বিপক্ষের লোকও ছিল। স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয় সুমনের সহযোগী রাজু। ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ ডাকায় স্বর্ণের বারসহ সুমন সটকে পড়ে ঘটনাস্থল থেকে। ইতোমধ্যে আদালতের মাধ্যমে সুমন তার নিজের গাড়ী এবং স্বর্ণের বার বহনকারী যুবকের রেখে যাওয়া স্পেলেন্ডার মটর সাইকেল ফেরত পেতে যাচ্ছে। পুলিশ স্বর্ণের বার ছিনতাইয়ের কোন অভিযোগ না পেলেও উদ্ধার করা মোটর সাইকেল নিয়ে তদন্ত চালাচ্ছে। সংশ্লিষ্ট আইও এস আই আলমগীর কবির জানান, বিষয়টি এসপি স্যার এমনকি ডিআইজি স্যারও জানেন।

বাইপাস সড়কে স্বর্নেরবার ছিনতাই কালে সাদা টুপি মাথায় যুবদল নেতা সুমন 

এদিকে স্বর্ণের বার খোয়ানো ব্যক্তি শাসকদলের শীর্ষ নেতার স্মরণাপন্ন হলে বিষয়টি নিয়ে শালিসী বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ২ জন প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ১০ পিস স্বর্ণের বার থেকে ৪ পিস ফেরত দেয়া হয়। ৬ পিস থেকে যায় সুমনের কাছে যার বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। এ ঘটনা গতকাল ২৮ সেপ্টেম্বর দৈনিক সাতনদীর প্রিন্ট ভার্সনে ছাপা হয়। সেখানে তথ্যগত কিছু ভুল ছিল। ঘটনাস্থল পুরাতন সাতক্ষীরা বলা হয়। তবে ২৭ সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে দশটায় সাতনদীর ওয়ানলাইন নিউজ পোর্টালে খবরটি ছোট আকারে ছাপা হয় যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

২৭ সেপ্টেম্বর ওয়ানলাইনে খবর প্রকাশ পেলে সুমন তার ব্যবহৃত মোবাইল ০১৭১৬-১৮১২৫৭ নং ফোন থেকে রাত ১০.৫০ মিনিটে সাতনদী সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে ফোন করে হত্যার হুমকি সহ গালিগালাজ করে। তাৎক্ষনিকভাবে হাবিবুর রহমান ঘটনাটি জেলা বিএনপি ও জেলা যুবদলের শীর্ষ নেতাদের অবহিত করেন। যুবদল নেতা সুনের পরিচয় : আদি বাড়ী ব্রহ্মরাজপুর ইউনিয়নের নূনগোলা ও বর্তমানে সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা পশ্চিম পাড়ার সুজাউদ্দীন সরদারের পুত্র মোঃ সুমন রহমান। তিনি বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। নিজেকে সুমন যুব দলের সাধারণ সম্পাদক বলেও দাবী করেন।

সুমন বিগত সময়ে তাতিলীগের নেতা আলমগীরের ছায়া সঙ্গী ছিল। তাতী লীগের ব্যানার থেকে তৎকালীন সময়ে সার্কিট হাউজবকচরা রোড থেকে সীমান্তের খাটালের গরুর টাকার ব্যাগ ছিনতাই করতো বলে অভিযোগ আছে। তবে সাতনদী যাচাইকরে দালিলিক ডকুমেন্ট হাতে পায়নি। ওই সময়ে মামলা না হওয়ায় দালিলিক প্রমাণ নাই। নিউমার্কেট অঞ্চলের প্রয়াত যুবদল নেতা জাহাঙ্গীর এর কর্মচারী ছিল সুমন। মাদক ব্যবসায়ী সুমন: শুধু ছিনতাই, চাঁদাবাজীতে সিদ্ধ হস্ত নয়। সুমন একসময় মাদক ব্যবসাও করতো। ২০১১ সালের ৮ আগষ্ট সাতক্ষীরা সদর থানায় ১৪৫ বোতল ফেন্সিডিল বহনের দায়ে সুমনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয় (যার নং-৮৯, তারিখ-২৪/০৮/২০১১)। মামলার বাদী ছিলেন তৎকালীন ডিবির এসআই হারান।

ফেনসিডিল বহন,   সুমনের নামে সদর থানায় মামলা 

সুমন থেকে হরি সুমন: বহু বছর আগে সুমন আশাশুনির বুধহাটা থেকে একটি শুয়োর চুরি করে আনে। চুরি করে আনা শুয়োরটি রাখা হয় পুরাতন সাতক্ষীরার তৎকালীন সময়ে নির্মানাধীন শিশু সদনের ভবনের এক রুমে। পরে এক হাজার টাকা নিয়ে শুয়োরটি ফেরত দেয়। সুমন বর্তমানে বেতনা নদীর পাড়ে থাকা মাটি ও বালু বিক্রি করছে বিনা বাধায়। সরকারি মাটি বালু বিক্রিকে কেন্দ্র বেতনা নদীর পাড়ে বসবাসরত এক নারীকেও বেধড়ক পিটিয়ে জখম করার গুরুত্বর অভিযোগ আছে। ৫ আগষ্টের পর গণহারে চাঁদাবাজি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

যুবদলের নেতা বনে যাওয়া সুমন: বিগত সময়ে তাতীলীগের ব্যানারে থাকা সুমন ৫ আগষ্টের পর যুবদলে আশ্রয় পায়। তথ্য আছে চাঁদাবাজির বিপুল পরিমাণ অর্থকড়ি খরচ করে নেতা বনে গেছে সুমন। জেলা বিএনপির এক শীর্ষ নেতার সুদৃষ্টিতে থাকার গুরুতর অভিযোগও আছে। বিগত দিনে তাতীলীগের ব্যানারে থাকা সুমন যুবদলের গুরুত্বপূর্ণ পদে যাওয়ায় বিষ্ময় প্রকাশ করেছে খোদ শাসক দলের বিভিন্ন সংগঠনের নেতারা।

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: উপকুলীয় এলাকার চুনা ম্যানগ্রোভ বনায়নকে অন্যান্য কার্যকর এলাকা ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা (ওইসিএম) হিসেবে সম্ভাব্য স্বীকৃতির প্রক্রিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও সম্মতি গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে চুনা-ম্যানগ্রোভ বনয়ান বিষয়ে গণশুনানি (ওইসিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণশুনানিতে চুনা ম্যানগ্রোভকে ওইসিএম হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণ সম্মতি প্রদান করেন।
বিফরআরএল প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে চুনা ম্যানগ্রোভের জীববৈচিত্র্য, ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা এবং ওইসিএম হিসেবে স্বীকৃতির সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সুইডেন দূতাবাস ঢাকা বাংলাদেশের অর্থায়নে, সিএনআরএস-এর নেতৃত্বে আইইউসিএন, বেলা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সিডিও ও প্রেরণা-এর অংশীদারত্বে বিফরআরএল প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের চুনা নদীর চরে ম্যানগ্রোভ গড়ে তোলা হয়েছে।
ওইসিএম হিসেবে সম্ভাব্য স্বীকৃতির ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও সম্মতি গুরুত্বপূর্ণ হওয়ায় অনুষ্ঠানের গণশুনানি পর্বে চুনা ম্যানগ্রোভ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় সুবিধাভোগীদের মতামত নেওয়া হয়। আলোচনার পর উপস্থিত সদস্যরা হাত তুলে সম্মতি প্রকাশ করেন এবং চুনা ম্যানগ্রোভ সংরক্ষণ ও ব্যবস্থাপনার উদ্যোগের প্রতি আগ্রহ জানান। তারা শুধু বর্তমান বনায়ন এলাকা নয়, ভবিষ্যতে আরও এলাকায় ম্যানগ্রোভ বনায়ন ও সংরক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
আইইউসিএন-এর প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজ এর পরিচালনায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম।
আইইউসিএন-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইসরাত জাহান ইমা’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসো ফরিদুল ইসলাম, সামাজিক নবায়ন কর্মকর্তা আছাউর রহমান, সিডিওর পরিচালক গাজী ইমরান, মেম্বর আব্দুল রউফ, সিনআরএস-এর সাইট অফিসার তৌহিদ হাসান প্রমুখ।
আলোচনায় জানানো হয়, চুনা ম্যানগ্রোভ এলাকায় সুন্দরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রজাতির গাছের উপস্থিতি রয়েছে। একই সঙ্গে এলাকাটি সুন্দরবনের বৃহত্তর ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র-এর সঙ্গে বাস্তুতান্ত্রিক সংযোগ-এর দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে গঠিত চুনা-ম্যানগ্রোভ ব্যবস্থাপনা কমিটি নিয়মিতভাবে বনায়ন এলাকা পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে।
স্থানীয় অংশীজনরা বলেন, এ ধরনের উদ্যোগ ম্যানগ্রোভ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিবেশগত ও জীবিকাগত সুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে বন ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ শক্তিশালী হলে সুন্দরবনের ওপর জীবিকা ও প্রাকৃতিক সম্পদের জন্য অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হতে পারে।