Home Blog Page 35

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে শ্রমিক সমাবেশ

0
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: “শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে শ্রমিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কাশিমাড়ী প্রত্যাশা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং কাশিমাড়ী প্রত্যাশা ওয়েলফেয়ার গ্রুপের বাস্তবায়নে আয়োজিত এ সমাবেশ কাশিমাড়ী বাজার মৎস্য আড়ৎ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাশিমাড়ী প্রত্যাশা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন প্রভাষক ছামিউল ইমাম আযম মনির।
বিশেষ অতিথি ছিলেন রোকনুজ্জামান রফিক, জি.এম. আব্দুস সালাম এবং সিরাজুল ইসলাম সিরাজ।
এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেখ মশিউর রহমান, সম্রাট শাহজাহান কবির, এস.এম. কামাল হোসেন ও শরিফুল আলম মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদকজনাব প্রভাষক মুক্তার হোসেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং যথাসময়ে পারিশ্রমিক পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শ্রমিকের শ্রম ও ঘামের ওপর নির্ভর করেই গড়ে ওঠে দেশের অর্থনীতি ও উন্নয়নের ভিত। তাই শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে বুঝিয়ে দেওয়া প্রত্যেক মালিক ও নিয়োগকর্তার নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের যে মানবিক আহ্বান, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে স্থানীয় শ্রমিক, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা

0
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে:  ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা এর মর্যাদা বৃদ্ধি এবং  আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের ২জন সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী ও হারুন অর রশিদ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল।
মোহনা টিভির সিনিয়র সাংবাদিক  আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সখিপুর সরকারী কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মুহাসিন আলী, কেবিএ কলেজের সহযোগী অধ্যাপক আবু তালেব, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ। বক্তারা বলেন, ​শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সমাজ পরিবর্তনের প্রধান কারিগর।
একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মানউন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে এবং প্রশাসন সবসময় শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকবে।
​আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর অবদানের স্বীকৃতি

0
জি এম নজরুল ইসলাম, নিজস্ব থেকে: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষের বাস্তুচ্যুতি ও অভিবাসনের করুণ বাস্তবতা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক একটি বইয়ে কৃতজ্ঞতার সঙ্গে নাম উঠে এসেছে সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর।
সুন্দরবনের কোলঘেঁষা জনপদের মানুষের জীবন, প্রকৃতি ও জলবায়ু সংকটের বাস্তবচিত্র আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার নেপথ্য সহায়তাকারী হিসেবে তাঁর নাম উল্লেখ করায় উপকূলীয় সাংবাদিকতায় যুক্তদের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের অনুভূতি।
যুক্তরাষ্ট্রের The New Press থেকে গত ৬ জানুয়ারি প্রকাশিত Shelter from the Storm: How Climate Change Is Creating a New Era of Migration বইটির লেখক মার্কিন সাংবাদিক ও মাইগ্রেশন গবেষক জুলিয়ান হ্যাটেম। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের জীবন, জীবিকা ও বসতভিটায় যে গভীর সংকট তৈরি হচ্ছে, বইটিতে তার বাস্তব ও মানবিক চিত্র তুলে ধরা হয়েছে।
বইটির কৃতজ্ঞতা অংশে লেখক মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, ফিক্সিং, অনুবাদ এবং স্থানীয় বাস্তবতা বুঝতে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে রিটন কুইয়া, অ্যালেন ডায়াস, জি এম মাছুম বিল্লাহ, বেলাল উদ্দিন জয়সহ আরও অনেকের নাম উল্লেখ করা হয়েছে। একজন আন্তর্জাতিক লেখকের গবেষণাভিত্তিক গ্রন্থে শ্যামনগরের এই সাংবাদিকের নাম কৃতজ্ঞতার সঙ্গে স্থান পাওয়া নিঃসন্দেহে তাঁর দীর্ঘদিনের মাঠপর্যায়ের সাংবাদিকতা ও মানুষের পাশে থেকে কাজ করার একটি স্বীকৃতি।
সুন্দরবন শুধু একটি বন নয় এটি উপকূলের মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক আশ্রয়। এই সুন্দরবনের প্রান্তিক জনপদ শ্যামনগর দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের কঠিন অভিঘাত বহন করে চলেছে। লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পানির সংকট ও জীবিকার অনিশ্চয়তা এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। সেই বাস্তবতার কাছাকাছি থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সাংবাদিক জি এম মাছুম বিল্লাহ।
বইটিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। কোথাও ভাঙন কেড়ে নিচ্ছে মানুষের বসতভিটা, কোথাও সমুদ্রের লবণাক্ত পানি নষ্ট করছে কৃষিজমি, আবার কোথাও জীবিকার সন্ধানে মানুষকে ছুটতে হচ্ছে এক জনপদ থেকে অন্য জনপদে। এই বৈশ্বিক সংকটের মানবিক দিকটিই বইটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
বাংলাদেশ প্রসঙ্গে বইটিতে নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রায় এক কোটি মানুষকে জলবায়ু অভিবাসী হিসেবে বিবেচনা করার প্রসঙ্গও সেখানে উল্লেখ করা হয়েছে। ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ের সাংবাদিক ও স্থানীয় সহযোগীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ দীর্ঘদিন ধরে সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের জীবন, জীবিকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং নানা সংকট নিয়ে কাজ করে আসছেন। তাঁর সাংবাদিকতার পরিধি শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশ-বিদেশের গবেষক ও গণমাধ্যমকর্মীদের কাছে উপকূলের মানুষের বাস্তব জীবন ও প্রকৃতির পরিবর্তনের চিত্র তুলে ধরতেও তিনি ভূমিকা রেখে চলেছেন।
জানা যায়, তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক ৩৩টি গণমাধ্যম এবং বেশ কয়েকজন গবেষককে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন, স্থানীয় বাস্তবতা বুঝতে সহায়তা করা এবং মাঠের তথ্য আন্তর্জাতিক সাংবাদিক ও গবেষকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
একজন স্থানীয় সাংবাদিকের কাজ অনেক সময় কাগজের পাতায় সীমাবদ্ধ থাকে না। তাঁর সংগ্রহ করা একটি তথ্য, তাঁর দেখিয়ে দেওয়া একটি নদীভাঙনের জনপদ, তাঁর পরিচয় করিয়ে দেওয়া কোনো জেলে পরিবার কিংবা লবণাক্ততায় হারিয়ে যাওয়া কোনো কৃষকের গল্প একদিন পৌঁছে যেতে পারে পৃথিবীর অন্য প্রান্তের পাঠকের কাছে। জি এম মাছুম বিল্লাহর কাজও যেন সেই সেতুবন্ধনেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আন্তর্জাতিক একটি গ্রন্থে কৃতজ্ঞতার সঙ্গে তাঁর নাম উচ্চারিত হওয়া তাই শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত অর্জন নয়; এটি সুন্দরবন ও উপকূলীয় জনপদের মাঠপর্যায়ের সাংবাদিকতার জন্যও এক ধরনের সম্মান। বিশ্বের জলবায়ু সংকটের আলোচনায় শ্যামনগরের মানুষের জীবন ও সংগ্রামের যে বাস্তবতা স্থান করে নিচ্ছে, তার পেছনে স্থানীয় সাংবাদিকদের নিরলস শ্রমেরও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
সাংবাদিকতা যেখানে সত্যকে মানুষের সামনে তুলে ধরার দায়বদ্ধতার নাম, সেখানে উপকূলের প্রান্তিক মানুষের কণ্ঠকে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়া নিঃসন্দেহে এক মহৎ কাজ। আর সেই কাজের স্বীকৃতি যখন আন্তর্জাতিক একটি বইয়ের পাতায় কৃতজ্ঞতার অক্ষরে লেখা হয়, তখন তা শ্যামনগর তথা সুন্দরবন উপকূলের সাংবাদিকতার জন্যও হয়ে ওঠে আনন্দ ও গর্বের সংবাদ।

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি ঠিকাদারদের

0
মেহেদী হাসান, খুলনা থেকে: বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়নকাজের প্রাক্কলন (এস্টিমেট) সংশোধনের দাবি জানিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি। দাবি পূরণ না হলে আগামী ৭ অক্টোবর এলজিইডির প্রায় ৪৯ কোটি টাকার উন্নয়নকাজের টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছেন ঠিকাদাররা।
সোমবার (০৫ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যসচিব শেখ বদরুদ্দোজা বাবলু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাজারদরের তুলনায় এলজিইডির বিভিন্ন উন্নয়নকাজের এস্টিমেটে উপকরণের মূল্য কম ধরা হয়েছে। এতে ঠিকাদাররা কাজ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। বিশেষ করে বিটুমিন, পাথর, ইট, কয়লা, বালি ও জ্বালানি তেলের দাম গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ঠিকাদার সমিতির দাবি, সরকার টেন্ডারে এক ব্যারেল বিটুমিনের মূল্য সাড়ে ১৩ হাজার টাকা নির্ধারণ করেছে। ভ্যাট-ট্যাক্স বাদ দিলে ঠিকাদারের হিসাবে থাকে প্রায় ১২ হাজার টাকা। অথচ বর্তমানে দেড়শ কেজির এক ব্যারেল বিটুমিনের বাজারদর প্রায় ১৯ হাজার টাকা।
এ ছাড়া গত বছর প্রতি টন পাথরের দাম প্রায় ৪ হাজার ২০০ টাকা থাকলেও বর্তমানে পরিবহন খরচ বাদেই তা প্রায় ৪ হাজার ৭০০ টাকা। ইটের দাম গত বছর ৯ থেকে ১০ হাজার টাকা থাকলেও বর্তমানে ১২ থেকে ১৩ হাজার টাকা হয়েছে বলে দাবি করেন তারা। একইভাবে কয়লার দাম টনপ্রতি ১৭ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ২৫ হাজার টাকা এবং বালির দাম প্রতি ঘনফুট ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকা হয়েছে।
ঠিকাদার সমিতি বলছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নির্মাণসামগ্রী ও পরিবহন ব্যয়ে। ফলে বর্তমান এস্টিমেট অনুযায়ী কাজ করলে ঠিকাদারদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে ঠিকাদাররা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা উন্নয়নকাজের বিরোধী নন। তবে বাস্তব বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি উন্নয়নকাজের এস্টিমেট রেট পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
তাদের দাবি, নির্ধারিত সময়ের আগে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্টিমেট সংশোধন করা না হলে আগামী ৭ অক্টোবরের টেন্ডার বর্জন করতে বাধ্য হবেন তারা।
এ সময় সমিতির নেতারা তাদের দাবির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির বিশ্বাস, সিনিয়র সহসভাপতি আজগর আলী খান, সহসভাপতি আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর ফকির, কোষাধ্যক্ষ এস এম সালাউদ্দিন ও নির্বাহী সদস্য আলাউদ্দিন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার  আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর;  মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সাতক্ষীরা এবং মোঃ নাজমুল হক মোল্লা, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)।

ক্যাম্প প্রশিক্ষণে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির

0

# পুলিশ সদর দপ্তরে মো. কামাল উদ্দিনের সঙ্গে এক আলোকিত দুপুরের সাক্ষাৎ

#হাতে ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’—বই পড়ার আগ্রহ, সাংবাদিকতা ও সংবাদপত্রের ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা

#কক্সবাজার ও পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়েও মতবিনিময়; হাতে তুলে দেওয়া হয় ‘দি টুরিস্ট’

#পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনআস্থা পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ

#লেখকের ৩৪টি বই প্রকাশের তথ্য, পেন ইন্টারন্যাশনাল ও চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের দায়িত্ব নিয়েও আলোচনা

সাতনদী প্রতিবেদন: কিছু সাক্ষাৎ কেবল একটি নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিকতা হয়ে থাকে। আবার কিছু সাক্ষাৎ শেষ হওয়ার পরও তার রেশ থেকে যায় দীর্ঘদিন। কথোপকথনের কোনো একটি বাক্য, কোনো একটি আচরণ কিংবা কোনো একটি মুহূর্ত হয়ে ওঠে পুরো সাক্ষাতের স্মারক। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে ডিআইজি হুমায়ুন কবিরের সঙ্গে সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিনের সৌজন্য সাক্ষাতের ক্ষেত্রেও তেমনই একটি বাক্য হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু—“বই উপহার পৃথিবীর সেরা উপহার।”

৫ অক্টোবর দুপুর ১২টার দিকে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্যস্ত কর্মদিবসের মধ্যেও সাক্ষাতে ছিল আন্তরিকতা ও প্রাণবন্ত পরিবেশ। পুলিশ প্রশাসন থেকে সাংবাদিকতা, সংবাদপত্র থেকে সাহিত্য, বই থেকে পর্যটন, কক্সবাজার থেকে দেশের ভবিষ্যৎ—বিভিন্ন প্রসঙ্গ ঘুরে ফিরে আসে আলোচনায়।

ডিআইজি হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকারধর্মী এই আলাপচারিতায় উঠে আসে পেশাগত দায়িত্বের পাশাপাশি বই, জ্ঞান, সংস্কৃতি ও সমাজের প্রতি তাঁর আগ্রহের বিভিন্ন দিক।

বই হাতে নিয়ে উচ্চারণ—‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’

সাক্ষাতের এক পর্যায়ে মো. কামাল উদ্দিন তাঁর সাংবাদিকতা, গবেষণা ও লেখালেখির অভিজ্ঞতার ফসল ‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ বইটি ডিআইজি হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

বইটি হাতে নিয়ে তিনি বলেন, “বই উপহার পৃথিবীর সেরা উপহার। আমি এই বইটি পড়ব, ইনশাআল্লাহ।”

সাধারণ একটি বাক্য হলেও বই ও জ্ঞানচর্চার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এতে। উপহারের প্রচলিত ধারণার বাইরে বইকে জ্ঞান ও চিন্তার বাহক হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গিই সাক্ষাতের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

বইটির বিভিন্ন অংশ তিনি দেখেন এবং সাংবাদিকতা ও সংবাদপত্র নিয়ে প্রকাশিত এমন বইয়ের প্রয়োজনীয়তার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

একজন লেখকের কাছে পাঠকের আগ্রহ যেমন আনন্দের, তেমনি একজন পেশাদার ও সচেতন মানুষের কাছ থেকে নিজের কাজের বিষয়ে এমন মনোযোগ লেখালেখির প্রতি নতুন দায়বদ্ধতাও তৈরি করে—বলেন লেখক মো. কামাল উদ্দিন।

‘আপনার লেখা আমি নিয়মিত পড়ি’

সাক্ষাতের আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ডিআইজি হুমায়ুন কবিরের মন্তব্য—মো. কামাল উদ্দিনের লেখা তিনি নিয়মিত পড়েন এবং তাঁর লেখালেখি ভালো লাগে।

বিষয়টি লেখকের জন্য বিশেষ তাৎপর্যের। কারণ কর্মব্যস্ত একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিয়মিত কোনো লেখকের লেখা পড়ছেন—এটি সাংবাদিকতা ও লেখালেখির প্রতি তাঁর আগ্রহেরই বহিঃপ্রকাশ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মো. কামাল উদ্দিনের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৪টি। সাংবাদিকতা ও সংবাদপত্রের ইতিহাস, সমাজ, রাষ্ট্র, মানুষ, অপরাধ, পর্যটন ও সমকালীন নানা বিষয় নিয়ে তাঁর লেখালেখির প্রসঙ্গও আলোচনায় আসে।

‘সাংবাদিক ও সংবাদপত্রের কথা’ বইটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য রেফারেন্স হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিষয়টি জানানো হলে ডিআইজি হুমায়ুন কবির লেখককে অভিনন্দন জানান।

অর্থনীতির ছাত্র, সংবাদপত্রের প্রতি গভীর আগ্রহ

ডিআইজি হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। তাঁর একাডেমিক বিষয় অর্থনীতি হলেও সংবাদপত্র ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে।

সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়—সমাজের বাস্তবতা তুলে ধরা, মানুষের কথা বলা এবং রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রেও সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে—আলোচনায় এমন বিভিন্ন দিক উঠে আসে।

পুলিশ ও সংবাদমাধ্যমের দায়িত্বের ক্ষেত্র আলাদা হলেও উভয়ের কাজের কেন্দ্রেই রয়েছে মানুষ ও সমাজ। মানুষের নিরাপত্তা, অধিকার, সত্য ও তথ্যের সঙ্গে দুই পেশারই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ জায়গা থেকেই আলোচনায় তৈরি হয় একটি অর্থবহ সেতুবন্ধন।

কক্সবাজার, পর্যটন ও বাংলাদেশের সম্ভাবনা

সাক্ষাতের আলোচনায় কক্সবাজারের প্রসঙ্গও বিশেষ গুরুত্ব পায়। কক্সবাজার ক্লাব লিমিটেডের পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং বাংলাদেশের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন উপস্থিতরা।

কক্সবাজারকে আরও পরিকল্পিত ও আকর্ষণীয় পর্যটন নগর হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ সময় মো. কামাল উদ্দিনের নতুন বই ‘পর্যটন শিল্পে বাংলাদেশ’ প্রকাশের বিষয়টি ডিআইজি হুমায়ুন কবিরকে জানানো হয়। তিনি বইটির সফলতা কামনা করেন।

পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং পর্যটকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি সরাসরি যুক্ত। ফলে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে পর্যটন নিয়ে এমন আলোচনা একেবারেই বিচ্ছিন্ন কোনো বিষয় নয়; বরং দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

হাতে ‘দি টুরিস্ট’, পর্যটন নিয়ে আরও আলোচনা

সাক্ষাতের এক পর্যায়ে ডিআইজি হুমায়ুন কবিরের হাতে জাতীয় ইংরেজি দৈনিক ‘দি টুরিস্ট’ তুলে দেওয়া হয়।

তিনি পত্রিকাটি দেখেন এবং এর লেখা ও প্রকাশনার মান নিয়ে আগ্রহ প্রকাশ করেন। দেশের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরতে পর্যটনভিত্তিক সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ না থেকে দেশের পর্যটন, সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতে পারে—আলোচনায় এমন ভাবনাও উঠে আসে।

পুলিশের শৃঙ্খলা ও জনআস্থার প্রসঙ্গ

আলোচনার গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল বাংলাদেশ পুলিশের পেশাগত শৃঙ্খলা, পেশাদারিত্ব, মর্যাদা ও জনআস্থা।

দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে ডিআইজি হুমায়ুন কবির পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাগত মানকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

একটি বাহিনীর শক্তি শুধু তার সাংগঠনিক সক্ষমতায় নয়; মানুষের আস্থাও তার অন্যতম বড় শক্তি। আর সেই আস্থা অর্জনের জন্য প্রয়োজন দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহি।

পুলিশের মর্যাদা ও গৌরবকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে পেশাগত শৃঙ্খলার গুরুত্ব তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে।

চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের দায়িত্ব

সাক্ষাতে মো. কামাল উদ্দিন চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টিও ডিআইজি হুমায়ুন কবিরকে অবহিত করেন।

তিনি তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

সাংবাদিক সংগঠনের দায়িত্ব, পেশাগত ঐক্য এবং সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়েও এ সময় আলোচনা হয়।

পেন ইন্টারন্যাশনাল ও বিশ্বভ্রমণের অভিজ্ঞতা

আলোচনায় উঠে আসে লেখক মো. কামাল উদ্দিনের আন্তর্জাতিক সাহিত্য ও লেখালেখির অভিজ্ঞতাও। বিশ্ব লেখকদের সংগঠন পেন ইন্টারন্যাশনাল-এর সদস্য হিসেবে বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেন।

সাহিত্য, সংস্কৃতি, মানুষের জীবন এবং বিভিন্ন দেশের সমাজবাস্তবতা নিয়ে আলোচনায় উঠে আসে নানা অভিজ্ঞতা।

একজন লেখকের চিন্তার পরিধি যত বিস্তৃত হয়, তাঁর লেখার জানালাও তত বড় হয়—ভ্রমণ ও বিভিন্ন সমাজকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা লেখকের চিন্তা ও লেখাকে আরও সমৃদ্ধ করে—এমন ভাবনাও আলোচনায় স্থান পায়।

সঙ্গে ছিলেন যাঁরা

সৌজন্য সাক্ষাতে মো. কামাল উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু সৈয়দ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী এবং সৈয়দুল ইসলাম সাঈদ।

তাঁদের উপস্থিতিতে সাক্ষাৎটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

শেষ পর্যন্ত একটি বই, একটি বাক্য

সাক্ষাৎ শেষ হওয়ার পরও আলোচনার নানা বিষয় থাকলেও সবচেয়ে বেশি মনে থাকার মতো হয়ে ওঠে একটি বাক্য—“বই উপহার পৃথিবীর সেরা উপহার।”

সত্যিই, একটি বইয়ের মূল্য কেবল তার মুদ্রিত পাতায় নয়। বই একজন মানুষকে নতুন কিছু জানতে শেখায়, ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়। একটি বই কখনো একজন পাঠককে গবেষক করে, কখনো লেখক করে, কখনো সমাজ ও রাষ্ট্রকে নতুন চোখে দেখার সুযোগ দেয়।

ফুলের সৌন্দর্য একসময় ম্লান হয়, অনেক বস্তুগত উপহারের আবেদনও সময়ের সঙ্গে কমে যায়। কিন্তু একটি ভালো বই মানুষের মনের ভেতর যে জ্ঞানের আলো জ্বালাতে পারে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।

বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের সেই দুপুরে তাই সৌজন্য সাক্ষাতের স্মৃতিতে একটি বই এবং একটি বাক্য বিশেষভাবে জায়গা করে নিয়েছে।

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’

এই একটি বাক্যের মধ্যেই যেন লুকিয়ে আছে বইয়ের প্রতি শ্রদ্ধা, জ্ঞানচর্চার প্রতি ভালোবাসা এবং আলোকিত সমাজের প্রত্যাশা। আর সেই কারণেই ৫ অক্টোবরের ওই দুপুরটি হয়ে উঠেছে একটি বইকে ঘিরে স্মরণীয় এক আলোকিত সাক্ষাৎ।এটি এখন প্রথম পাতার বড় ফিচার/আইকনিক নিউজ হিসেবে ব্যবহারযোগ্য। চাইলে এর সঙ্গে ছবির জন্য ও করে দিতে পারি।

 কামাল উদ্দিন

সাংবাদিক ও লেখক

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট ও অগ্নিসংযোগ: ১০ লক্ষ টাকার ক্ষতি

0

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশ অমান্য করে সরকারি ওয়াপদার বেড়িবাধ কেটে পিভিসি পাইপ স্থাপন মৎস্য ঘের লুটপাট ও ঘেরের আইলে বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে মৎস্য ঘেরে এ লুটপাটের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক বাগডাঙ্গি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জয়নাল আবেদীন জানান, পৈত্রীক সুত্রে পাওয়া ৮ বিঘা জমিতে দীর্ঘ ৩০ বছরের অধিককাল তিনি একটি মৎস্য ঘের করে আসছেন। উক্ত ঘেরের প্রতি কু-নজর পড়ে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুস সবুরের। তিনি বিভিন্ন সময় ঘেরটি দখল করার পায়তারা করছিল।

তিনি আরও বলেন আমাদের এলাকায় কোন জলাবদ্ধতা নেই। জলাবদ্ধতার এই ঠুনকো অভিযোগে জামায়াত নেতা আব্দুস সবুর তার ভাইপো রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, ও রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের নেতৃত্বে তারা রাতের আধারে আমার মৎস্য ঘেরে হামলা লুটপাট অগ্নিসংযোগ করে। তারা লুটপাট করে ক্ষ্যান্ত হয়নি ঘেরের আইলে থাকা বিভিন্ন ফলজ গাছ যেমন আমগাছ পেপে গাছ, বিভিন্ন ফলজ গাছ কেটে সাবাড় করে দেয়। তারা প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসমসয় আমরা বাধা দিতে গেলে তারা আমাদের খুন জখম করার হুমকি দেয়।

 

এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া গত ৪/১০/২৬ তারিখে উক্ত স্থানে যাতে কেউ কালভার্ট নির্মান/পিভিসি পাইপ নির্মানের ফলে কোন ব্যক্তি বা জনসাধারন কোন ক্ষতি না হয় তার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জামায়াত নেতা সরকারি নির্দেশ অমান্য করে রাতের আধারে আমার ঘের লুটপাট ও প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। তিনি সরকারি ওয়াবদার বেড়িবাধ স্কেবেটরমেশিন দিয়ে কেটে অবৈধ পাইপ স্থাপন করেছেন। এবং মাটি দিয়ে ঢেকে দিয়েছেন।


স্থানীয় বাসিন্দা ওমর ফারুখ বলেন, আমরা রাতের আধারে এমন লুটপাট কখনও দেখিনি। আমার ভাই ঘেরের মাছগুলো ধরে নিতে চেয়েছিল কিন্তু তারা সে সুযোগ দেয়নি। আমার ভাইয়ের সারা জীবনের অর্জন তারা এক রাতেই শেষ করে দিয়েছে। আমার ভাই এখন এক প্রকার নি:স্ব হয়ে গেছে। আমার ভাইয়ের মৎস্য ঘের যারা লুটপাট অগ্নিসংযোগ করেছে প্রশাসনের কাছে আমাদের দাবী তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।

জামায়াত নেতা আব্দুস সবুর বলেন,আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম কিন্তু কারা লুটপাট করেছে তা আমি জানি না। আমি ঘটনাস্থল থেকে চলে আসলে পরবর্তীতে কারা কি করেছে তা আমি বলতে পারবো না।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে জেলার সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যুবসমাজের ইতিবাচক ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

নেতৃবৃন্দ সাতক্ষীরার শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ৩

0

নিজস্ব প্রতিবেদক।।

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা এবং অভিযানকারী দলের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর সংঘবদ্ধভাবে চড়াও হওয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতের দিকে তালা উপজেলার হাজরাকাটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই তপনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে কয়েকজনকে আটক করা হয়। এর মধ্যে ফারুক বিশ্বাস ও তার সহযোগী হযরত আলী কে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এবং অভিযানকারী দলের সদস্যদের ঘেরাও করে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে।

পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়।

খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—মৃত আপু বিশ্বাসের ছেলে মো: ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

এদিকে স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস (নুরু)-এর নেতৃত্বে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

তালা থানার এসআই তপন বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, আটক-৩ 

0

নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ করেছে স্থানীয় মাদক কারবারিরা। পরবর্তীতে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের মুক্ত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছেন। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁ’র ছেলে রাশেদ খাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সরাসরি সহায়তা করে আসছিলেন। তাঁর সহায়তায় ইতিপূর্বে একাধিক মাদক কারবারি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার নামে কয়েকজন মাদক কারবারি সোহেল শেখের ওপর হামলা চালায়। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়। পরে আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী গ্রাম পুলিশ তালা থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ ও জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হাজরাকাটি গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা কৃত্রিম ‘মব’ সৃষ্টি করে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় এবং অভিযানকারী পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে।
ঘটনার খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বিপুলসংখ্যক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করেন এবং মব সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর মব সৃষ্টি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।