Home Blog Page 22

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্যামনগর উপজেলার জন্য স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর চর বনায়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার মেরামত ও সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কারসহ চার দফা সুপারিশ উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লিডার্স প্রধান কার্যালয়ের জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র-০১-এ এ কর্মশালা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বাস্তবায়িত আঞ্চলিক উদ্যোগ প্রোঅ্যাক্টের (PROAACT) আওতায় লিডার্স এর আয়োজন করে। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। তিনি প্রকল্পের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় শ্যামনগরের সব ইউনিয়নের জলবায়ু ঝুঁকি এবং ইউনিয়নভিত্তিক সংগৃহীত তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কনসালট্যান্ট আব্দুর রহমান রানা।
কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং লিডার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা অগ্রাধিকারের ভিত্তিতে এলাকার জলবায়ুজনিত ঝুঁকি চিহ্নিত করেন এবং সেসব ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে শ্যামনগরে ঝুঁকি নিরূপণ ও ইউনিয়ন পর্যায়ে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা হয়েছে। উপজেলা কর্মশালায় সেসব ফলাফল পর্যালোচনা করে ইউনিয়নগুলোর অগ্রাধিকার একত্র করা হয়। কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল প্রতিষ্ঠান, সময়সীমা, সম্ভাব্য অর্থায়ন ও মনিটরিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি মাস্টার নজরুল ইসলাম সব অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান। তিনি টেকসই ও সমৃদ্ধ উপজেলা গঠনে লিডার্সের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালার ফলাফলের ভিত্তিতে শ্যামনগর উপজেলার খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে। পরে তা পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে সরকারি পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকেরা জানান।

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

0

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা-৩৩ বিজিবি থেকে ১৫ প্লাটুন বিজিবি সদস্য কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় দায়িত্ব পালন শুরু করেছেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে আরও ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

 

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

0

নিজস্ব প্রতিবেদক : ৮ম শ্রেনীতে কালীনসময়ে বিয়ে হয় মর্জিনা খাতুনের। অভাব অনাটনের সংসার তখন । সংসারের পাশে পাশাপাশি দর্জিকাজে প্রশিক্ষন নিলেও শুরুটা এতটা সহজ ছিলনা ।হঠাৎ একদিন বেসরকারী সংস্থা মুসলিম এইডের ইউএসডিও প্রকল্পে প্রশিক্ষন নেন । এরপর সেখান থেকে কয়েক প্রকার বীজ শুরু করেন বাড়ির আঙিনায় সবজি চাষ । ধিরে ধিরে জড়িয়ে পরেন মাছ চাষ ও ছাগল পালনে । মজিনা এখন দুই সন্তানের জননী ।সংসারের পাশাপাশি তিনি একজন সফল উদ্যক্তা । শুধু মর্জিনা নয় ওই এলাকার ঝর্না ব্যানার্জী ,ফাল্গুনী মন্ডল ও বিলকিস পারভীনের মত নারীর জীবন বদলে গেছে মুসলিম এইডের ইউএসডিও প্রকল্পের ছোয়ায় ।বৃহস্পতিবার দুপুরে শহরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সভাকক্ষে অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা এই সফালতার করা গল্প তুলে ধরেন তারা । সংস্থাটির তথ্য বলছে ,২০২৩ সালে সাতক্ষীরা জেলায় প্রকল্পটির কাজ শুরু হয় । বর্তমানে চলমান প্রকল্পে সদস্য রয়েছে ৬ হাজার ৭ শত ২০ জন । এর মধ্যে উপকারী ভোগী নারী রয়েছে ৭২৮ জন ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা. এফ এম মান্নান কবির, জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত -পরিচালক জামাল উদ্দিন,
জেলা সহকারী মৎস কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. শফিকুল ইসলাম,আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুস সোবাহান, বেসরকারী সংস্থা মুসলিম এইড ইউকের প্রকল্প সমন্বয়কারী এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, তাদের জীবিকা সুরক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা ।

সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা।

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা*

0
এস কে সিরাজ, শ্যামনগর, শ্যামনগর থেকে: জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও নানামুখী পরিবেশগত সংকট মোকাবিলা করে কৃষি, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের ২৫ জন গ্রামীণ নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
‘গ্রামীণ নারীর উত্থান, সহনশীল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব গ্রামীণ নারী দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও উপকূলীয় অঞ্চলে কৃষি, বন, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদনির্ভর জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সক্রিয় সংগঠন গ্রিন কোয়ালিশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
গ্রিন কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ গাজী। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি, গ্রিন কোয়ালিশনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর পৌরসভা গ্রিন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, অধ্যাপক শাহানা হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির এবং উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক প্রমুখ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি ও পরিবেশ গবেষক, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, কৃষক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, তরুণ নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচকেরা বলেন, সম্মাননাপ্রাপ্ত ২৫ নারী উপকূলীয় অঞ্চলে স্থানীয় বীজ সংগ্রহ ও সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষা, কৃষিপ্রতিবেশবিদ্যা বা এগ্রোইকোলজি চর্চা, জৈব ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্থানীয় জ্ঞান ও উদ্ভাবনী কৃষিপ্রযুক্তির বিকাশ, খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন ও সামাজিক নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রতিকূল জলবায়ু পরিস্থিতি ও সীমিত সম্পদের মধ্যেও তাঁদের নিরলস প্রচেষ্টা উপকূলীয় জনপদের টিকে থাকা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে সাত জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ২ জেলে

0

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপন দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া, জঙ্গল মুন্না ও ভাই ভাই সুন্দরবন বাহিনীর সদস্যরা।

গত বুধ ও বৃহস্পতিবার সুন্দরবনের কুকুমারী,দোবেকি,লতাবেড়ি ও মনসা নদী খালে মাছ ধরার সময় বনদস্যুরা অতর্কিত হামলা চালিয়ে মালামাল সহ জেলেদের অপহরণ করে।

মুক্তিপনের ১লাখ ৫৩ হাজার টাকা দিয়ে ৯নং সোরা গ্রামের আহমাদ শেখের ছেলে আমিনুর রহমান (৩২) ও আব্দুর রউফের ছেলে রুহুল আমিন (৩০)।

গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ নৌকা যোগে বাড়িতে ফিরেছে। অপহৃত ৫ জেলেরা হলেন- গাবুরার ইউনিয়নের ৯নং সোরা গ্রামে আক্কাস গাজীর ছেলে রফিকুল ইসলাম (৪৮) একই গ্রামের কাওছার মালির ছেলে ইয়াসিন (১৮), সোহরাব খার ছেলে ফারুক হোসেন (৩৫) শওকত মালির ছেলে শফিকুল ইসলাম (৩৭)শরিফুলের ছেলে সাইফুল (২২)।

পরিবারের পক্ষ থেকে আক্কাস গাজী,কওছার মালি ও শওকত মালি জানায় , গত ৪ দিন আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে সাত জেলে সুন্দরবনে প্রবেশ করে। সুন্দরবনের কুকুমারী,ডিঙ্গিমারি,লতাবেকী ও মনসা নদী খালে মাছ ধরার সময় বুধ ও বৃহস্পতিবার রাতে অস্ত্র মুখে জিয়া, কাজল মুন্না ও ভাই ভাই সুন্দরবন বাহিনীর সদস্যরা সাত জেলেকে অপহরণ করে। পারিবারিক দেন দরবারে ৫১ হাজার টাকা মুক্তিপন দিয়ে আহাম্মদ শেখের ছেলে আমিনুর ও আব্দুর রউফের ছেলে রুহুল আমিন (৩০) নৌকাসহ এক লাখ দুই হাজার টাকা দিয়ে বাড়ি ফিরেছে।

অব্যাহত পাঁচ জেলেকে মুক্তিপনের জন্য ৫ লাখ টাকা দাবি করেছে জিয়া,কাজল মুন্না ও ভাই ভাই সুন্দরবন বাহিনী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরনের বিষয়ে লোকমুখ শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুন্দরবনে নিষিদ্ধ এলাকা থেকে তিন জেলে আটক

0

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য এলাকা থেকে তিন জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গত বুধবার বিকেলে ৪টার দিকে স্মার্ট টিমের লিডার সজল মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের পুষ্প কাঠি নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ তিন জেলেকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ কেজি কাকড়া, ডিঙ্গি নৌকা ১টি, আটন ৫০টি, পানির ড্রাম ১টি,,বৈঠা ৩টি ও ১ টি দা জব্দ করা হয়। কাকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২),বুড়ি গোয়ালিনী গ্রামের সাত্তার তরফদারের ছেলে আব্দুল গনি (৪৯) ও নীল ডুমুর গ্রামের আকছেদ পাড়ের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম বলেন,আটক কৃত জেলেদের একটি পি ও আর বন মামলায় দিয়ে আসামিদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগরে কুপিয়ে চাচিকে হত্যা: মা ও চাচাতো ভাই আহত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা রমেশ মন্ডলের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) গুরুতর আহত হয়েছেন। পরে অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রমেশ মন্ডল ওই গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মন্ডল একই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী। আহত সমীর কুমার মন্ডল নিহতের ছেলে এবং রমেশের চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মন্ডল তাঁর মা কমলা রানী মন্ডল, চাচি সুধা রানী মন্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনজনই গুরুতর আহত হন।

 

পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন। সমীর কুমার মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কমলা রানী মন্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সুধা রানী মন্ডলের মরদেহ বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে।

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

0
নিজস্ব প্রতিবেদক: “সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর)দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরার যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস, এম, রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়নে অনন্য অবদান রাখতে পারে। সাদাছড়ি কেবল দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলের সহায়ক নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীলতা ও মর্যাদার প্রতীক। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এবং তাদের অধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সমাজের সকল স্তরের মানুষকে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার এবং তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এস, এম, রফিকুল ইসলাম বলেন, জেলা সমাজসেবা কার্যালয় সব সময় প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেবা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও বেগবান করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে  সাদাছড়ি ও সহায়ক সামগ্রী বিতরণ করেন।

সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার স্থানীয় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে “তথ্য জানুন, অধিকার আদায় করুন” স্লোগানকে সামনে রেখে এক বিশেষ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  সকালে আয়োজিত এই সংলাপে সম্মানিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল বলেন, “তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক ও আইনগত অধিকার। সাধারণ মানুষ যদি সঠিক সময়ে সঠিক তথ্য জানতে পারে, তবে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি-বেসরকারি সকল দপ্তরের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। সংলাপে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন কর্মী এবং বিভিন্ন পেশার নাগরিকেরা অংশ নেন।
বক্তারা জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর জোর দেন। একটি মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সফলভাবে সংলাপটি সম্পন্ন হয়।

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার গান ‘পুজো পুজো অনুভব’

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: শরতের কাশবন ছুঁয়ে আসা হাওয়ায় এখন শারদীয় উৎসবের মিষ্টি আমেজ। নীল আকাশে মেঘের অমল-ধবল ভেলা আর কাঁসর-ঢাকের বাদ্যে চারদিকে যেন বয়ে যাচ্ছে এক অলৌকিক আনন্দের স্রোত। শারদীয় দুর্গোৎসবের এই রঙিন আবহে সুরের স্নিগ্ধ ছোঁয়া দিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল কণ্ঠশিল্পী নিলয়ের নতুন গান ‘পুজো পুজো অনুভব’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ ‘ম্যানগ্রোভ’ সভাঘরে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে গানটির শুভ উন্মোচন ঘটে। সুর ও সংস্কৃতির অনুরাগী সুধীজনের প্রাঞ্জল উপস্থিতিতে সভাঘরটি মুহূর্তেই রূপ নেয় সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।

শারদীয় উৎসবের চিরায়ত আবেগ ও আবহ ফুটে উঠেছে গানটির সুর ও কথামালায়। ভারতের কলকাতার গীতিকার ভি গৌরবের সুবিন্যস্ত গীতিকবিতায় গানটির হৃদয়ানন্দময় সুর ও সংগীতায়োজন করেন বরেন্য সুরকার ও সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু। গানের দৃশ্যধারণে মডেল হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন কৃতি নৃত্যশিল্পী অহনা বণিক গল্প ও কণ্ঠশিল্পী নিলয় নিজে। তারিনা তাজরীণের চমৎকার পরিচালনায় এবং অডিও স্টুডিও ওএআর-এ ধারণ করা এই গানটির দৃষ্টিনন্দন ভিডিওচিত্র নির্মাণ করেছে ‘শিকারি ব্র্যান্ড বিডি’।

অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গানটির মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, কবি মোস্তাক আহমেদ শুভ্র, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, মনজুরুল হক, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, রাহাত রাজা ও হোসেন আলী। এছাড়াও সংস্কৃতিজন তৌফিক ওমর, বিশ্বভরা প্রাণের সভাপতি মৃত্যুঞ্জয়, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, তুষার মিত্র ও সংগীতশিল্পী সবুজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরতের হিমেল বাতাস আর কাশফুলের শুভ্রতার সঙ্গে নিলয়ের এই গানটি বাঙালির শারদীয় উৎসবে যোগ করেছে এক অন্যরকম মাত্রা। উৎসবের এই দিনগুলোতে শ্রোতাদের হৃদয়ে ‘পুজো পুজো অনুভব’ গানটি দীর্ঘস্থায়ী সুরের অনুরণন তুলবে বলেই প্রত্যাশা আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের।