Home Blog Page 32

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

0

সংবাদদাতা: সাতক্ষীরা কমিউনিটির স্বেচ্ছাসেবী শাখা Volunteers of Satkhira Communit (VoSC)-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কে এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়।

এ সময় কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও পরিকল্পিত, সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি, সহ-সভাপতি (পরিকল্পনা ও কৌশল) সালাউদ্দীন সাবাদ, সহ-সভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহ-পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক অলিউল্লাহ রাহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ এবং কোষাধ্যক্ষ শাহিন ফরহাদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সংগঠনের সামাজিক সচেতনতা, মানবিক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন।

সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সাতক্ষীরার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও পরিকল্পিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

0

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে পরানদাহ গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পূর্ব শত্রুতার জেরে শিবপুর কারিগরপাড়ায় অগ্নিসংযোগ করে আব্দুল আজিজের বসতবাড়ির আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার  দুপুর ১২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ওই বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে সাতক্ষীরার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সরোজমিনে গিয়ে দেখা যায় , দীর্ঘদিন যাবত জমি জায়গার বিষয় নিয়ে শত্রুতা করে আসছে প্রতিবেশি মোঃ আনারুল ইসলাম ঝন্টু। এই বিবাদ চলে আসছে অনেক আগে থেকেই। মঙ্গলবার দুপুরের সময় রুহুল কুদ্দুস মন্টু , মাসুদা বেগম , বিলকিছ নাহার হঠাৎ করে তাদের বাড়িতে এসে অগ্নিসংযোগ করে চলে যায়। আগুনে বাড়ি ঘরের আসবাব-পত্র পুড়ে যায়। পরে বাড়ির সদস্যদের চিৎকারে বাজারের দোকানদারেরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিবৃত করে।

অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বাড়ির মালিক আব্দুল আজিজের ছোট ছেলে শামীম বলেন, গত ১৫ দিন আগে আমাাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বসত বাড়িতে আগুনে আসবাপত্র পুরে প্রায় ৭০হাজার টাকা ক্ষতি হয়। আজ মঙ্গলবার আবারও বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় এতে আমাদের ১লক্ষ টাকা আসবাবপত্র পুড়ে ছায় হয়ে যায়। আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আজিজের ক্রয়কৃত জমি দখল করার চেষ্টা করিলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা বর্তমানে চলমান আছে। মোঃ আনারুল ইসলাম ঝন্টু এবং রুহুল কুদ্দুস মন্টু আমাদের ক্রয়কৃত জমি জবর দখল করার হুমকি দেয়। আজ ৬-১০-২০২৬ তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় বিবাদীরা হাতে লাঠিসোঠা সহকারে আমাদের বাড়ির সামনে সরকারি রাস্তার উপর আসিয়া আজিজের পরিবারের সদস্য দের দেখা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আজিজের ছেলে মোঃ সবুজ ইসলামসহ পরিবারের সদস্যদের মারধর করিবে, মিথ্যা মামলা দিবে, খুন জখম করিবে, জায়গা জমি জবর দখল করিবে, বাড়ির বিষয় সম্পদের ক্ষতি করিবে বলিয়া হুমকি দেয়। বিবাদীরা আমাকে সহ আমার ছেলে মোঃ সবুজ ইসলাম (৪০) সহ আমার পরিবারের সদস্যদের মারধর করিবে, আমাদের নামে মিথ্যা মামলা দিবে, আমাদের খুন জখম করিবে, আমার জায়গা জমি জবর দখল করিবে, আমার বাড়ির বিষয় সম্পদের ক্ষতি করিবে বলিয়া হুমকি দেয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা. আবুল কালাম বাবলা আহবায়ক, মাসুম বিল্লাহ শাহীন সদস্য সচিব

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরে ছুরিকাঘাতে নিহত জাকারিয়া খান হত্যার বিচার নিশ্চিত ও তা বাস্তবায়নের দাবিতে ৩৮টি অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক যৌথ আলোচনা সভা থেকে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সম্মিলিতভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

 

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম’র সভাপতিত্বে ও জাকারিয়া খাঁনের ফুফাতো ভাই শেখ মাসুম বিল্লাহ শাহীন’র সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন ডা. আবুল কালাম বাবলা, এড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক আবুল কাসেম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, এড. আকবার আলী, শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, সিরাজুল ইসলাম বাবু, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মেহেদী হাসান, শেখ আবু রায়হান, সাংবাদিক ডা. মহিদার রহমান, জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

পরে জাকারিয়া হত্যার বিচার দাবিতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সভায় গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, এড.শেখ আজাদ হোসেন বেলাল ও কামরুল ইসলাম ফারুক।

 

ডা. আবুল কালাম বাবলাকে আহ্বায়ক এবং শেখ মাসুম বিল্লাহ শাহীনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর নুর মোহাম্মদ পাড়, সিরাজুল ইসলাম বাবু, তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাংবাদিক আবুল কাশেম, জেলা ছাত্রদল, জেলা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এড. আকবর আলী ও মোঃ কামরুজ্জামান রাসেল।

কমিটিতে ৩৮টি সংগঠনের প্রত্যেকটি থেকে তিনজন করে সদস্য রাখা হয়েছে। সভায় জাকারিয়া হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

0

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর খেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি খাদিজা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কোনো ছাত্রী না থাকায় অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। কাগজে-কলমে ১২২ জন শিক্ষার্থীর তালিকা দেখানো, পাঠ্যপুস্তক ও উপবৃত্তি টাকা উত্তোলন সহ ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারীর সরকারি বেতন-ভাতা গ্রহণের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।

জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও মাধ্যমিক শিক্ষা অফিস নূর মোহাম্মদ তেজারত ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়। তবে বেতন-ভাতা, এমপিও সুবিধা ও উপবৃত্তি কার্যক্রম নিয়ে দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার জানা থাকার পরও দীর্ঘ কয়েক বছর ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন বন্ধ না করে শিক্ষকদের কাছ থেকে সুবিধা নিয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ শিক্ষকদের।

কাগজে থাকা শিক্ষার্থীদের তালিকা ও উপবৃত্তির তথ্যের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মুহাম্মদ (তেজারত) বেতন-ভাতার বিপরীতে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারি অর্থ উত্তোলনে সহযোগিতা করেছেন।

ধারাবাহিক অনুসন্ধানে উঠে এসেছে, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে নিয়মিত ছাত্রী উপস্থিতি নেই। সরেজমিনে শ্রেণিকক্ষ ফাঁকা থাকার চিত্রও পাওয়া গেছে।

প্রশ্ন উঠছে—যদি বাস্তবে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী না থাকে, তাহলে ১২২ জন শিক্ষার্থীর তালিকা কীভাবে তৈরি হলো? ওই তালিকায় থাকা প্রত্যেক শিক্ষার্থীর ভর্তি রেজিস্টার, জন্মনিবন্ধন, অভিভাবকের তথ্য, উপস্থিতির খাতা, শ্রেণিভিত্তিক রেজিস্টার এবং উপবৃত্তির হিসাব যাচাই করা হয়েছে কি না—এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা অব্যাহত রাখার একটি কাঠামো দীর্ঘদিন ধরে চলে আসছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। উপবৃত্তির টাকা কার পকেটে?

বিদ্যালয়টিতে বাস্তব শিক্ষার্থী উপস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও উপবৃত্তির তথ্য থাকার বিষয়টি সামনে এসেছে। এর ফলে উপবৃত্তির তালিকায় থাকা শিক্ষার্থীরা বাস্তবে বিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তারা নিয়মিত ক্লাস করে কি না এবং তাদের নামে উত্তোলিত অর্থ প্রকৃত শিক্ষার্থীরা পেয়েছে কি না—এসব প্রশ্ন এখন সামনে এসেছে।

বিশেষ করে উপবৃত্তির তালিকায় থাকা শিক্ষার্থীদের বাড়িতে সরেজমিন যাচাই, মোবাইল ব্যাংকিং/ব্যাংক হিসাবের তথ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের বক্তব্য নিলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ৮ শিক্ষক-২ কর্মচারীর বেতন-ভাতা নিয়েও প্রশ্ন: অন্যদিকে শিক্ষার্থী সংকটের মধ্যেও বিদ্যালয়ের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারীর বেতন-ভাতা অব্যাহত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির থাকলেও এমপিও সুবিধার আওতায় সরকারি অর্থে বেতন-ভাতা উত্তোলন চলছে।

স্থানীয়দের প্রশ্ন—প্রতিষ্ঠানে যদি দীর্ঘদিন ধরে কার্যকর শিক্ষা কার্যক্রম না থাকে, তাহলে শিক্ষক-কর্মচারীরা কীভাবে নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং কোন ভিত্তিতে সরকারি বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রয়েছে?

এ ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের হাজিরা খাতা, ডিজিটাল/ম্যানুয়াল উপস্থিতির রেকর্ড, শ্রেণি রুটিন, পাঠদান রেজিস্টার এবং বেতন-ভাতা সংক্রান্ত ব্যাংক নথি যাচাই করা হলে অভিযোগের সত্যতা অনেকটাই স্পষ্ট হতে পারে। শোকজেই কি দায়িত্ব শেষ?

এর আগে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের আল আজাদকে শোকজ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। নূর মুহাম্মদ (তেজারত) স্বাক্ষরিত ওই নোটিশে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান, পাঠ্যপুস্তক, উপবৃত্তি, শিক্ষক-কর্মচারীদের তথ্য এবং বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

কিন্তু শোকজের পরবর্তী কার্যক্রম কী হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, প্রকৃত শিক্ষার্থী সংখ্যা যাচাই করা হয়েছে কি না এবং সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি নিরীক্ষা করা হয়েছে কি না—এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনও সামনে আসেনি।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ না করে তা উত্তোলনের সুযোগ করে দেওয়ার অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করছেন শিক্ষা কর্মকর্তা ।

এখন দেখার বিষয়, জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন কাগজে থাকা ১২২ শিক্ষার্থীর তালিকা, উপবৃত্তির হিসাব এবং ৮ শিক্ষক ও ২ কর্মচারীর বেতন-ভাতা সংক্রান্ত নথি কতটা নিরপেক্ষভাবে যাচাই করে। সচেতন মহলের মতে, অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে শুধু শোকজ যথেষ্ট নয়।

 

প্রয়োজন বিদ্যালয়ের গত কয়েক বছরের ভর্তি রেজিস্টার ও শিক্ষার্থী তালিকা যাচাই;
তালিকাভুক্ত ১২২ শিক্ষার্থীর বাস্তব অস্তিত্ব ও অভিভাবকদের পরিচয় যাচাই। শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক উপস্থিতির রেকর্ড পরীক্ষা, উপবৃত্তির তালিকা ও অর্থপ্রাপ্তির ব্যাংক/মোবাইল হিসাবের ফরেনসিক যাচাই; ৮ শিক্ষক ও ২ কর্মচারীর উপস্থিতি ও পাঠদান কার্যক্রম পরীক্ষা। গত কয়েক বছরের এমপিও বেতন-ভাতা উত্তোলনের হিসাব নিরীক্ষা। বিদ্যালয়ের এমপিওভুক্তির শর্ত পূরণ হচ্ছে কি না, তা যাচাই।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি অর্থের ক্ষয়ক্ষতি নিরূপণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
স্থানীয় সচেতন মহল বলছে, তদন্তে যদি প্রমাণিত হয় যে প্রকৃত শিক্ষার্থী না থাকা সত্ত্বেও ভুয়া বা অসত্য তথ্য ব্যবহার করে সরকারি বেতন-ভাতা ও উপবৃত্তি সুবিধা নেওয়া হয়েছে, তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির শর্ত পূরণ করছে কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাচাই করতে হবে।

তাদের দাবি, প্রকৃত শিক্ষার্থী নেই অথচ কাগজে শিক্ষার্থী দেখিয়ে সরকারি সুবিধা গ্রহণের অভিযোগ সত্য হলে পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারি অর্থের হিসাব প্রকাশ করতে হবে।

 

এ বিষয়ে শংকরকাটি খাদিজা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

তবে এই অভিযোগের বিষয়ে নূর মুহাম্মদ (তেজারত) মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীশূন্য বিদ্যালয়ে টাকার বিনিময়ে শিক্ষকদের বেতন-ভাতা উত্তোলন এবং ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তি উত্তোলনে সহযোগিতা করার বিষয় এড়িয়ে যান।

 

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মুহাম্মদ (তেজারত)-এর সঙ্গে কথা বলবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

প্রশ্ন এখন একটাই—শোকজের পর কি বিষয়টি ফাইলবন্দি হয়ে থাকবে, নাকি ১২২ শিক্ষার্থীর তালিকা, উপবৃত্তি, ৮ শিক্ষক-২ কর্মচারীর বেতন-ভাতা এবং শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ায় তদন্ত হবে?

শ্যামনগরের শিক্ষা প্রশাসনের কাছে এখন স্থানীয়দের প্রত্যাশা—কাগজের শিক্ষার্থী নয়, বাস্তব শিক্ষার্থী; কাগজের হিসাব নয়, প্রকৃত হিসাব—সবকিছুর স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে আনা হোক।

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা কমিউনিটি’র শুভেচ্ছা

0

সংবাদদাতা: সাতক্ষীরা সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি’ এবং এর যুব শাখা ‘Volunteers of Satkhira Community (VoSC)’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি-র পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা নতুন ওসি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাক্ষাৎকালে ‘সাতক্ষীরা কমিউনিটি’র প্রতিনিধি দল নবনিযুক্ত ওসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ওসি শফিকুল ইসলাম একজন অত্যন্ত সৎ, নীতিবান ও ভালো মনের মানুষ। তিনি সাতক্ষীরার জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবসময় পাশে থাকবেন। তাঁর দক্ষ নেতৃত্বে আমরা একটি নিরাপদ, সুন্দর ও নতুন সাতক্ষীরা উপহার পাব।”

এ বিষয়ে সংগঠনের প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি বলেন, সাতক্ষীরার সাধারণ মানুষের কল্যাণ ও মানবিক কার্যক্রমে ‘সাতক্ষীরা কমিউনিটি’ সবসময় প্রশাসনের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

একই সাথে, নবনিযুক্ত ওসি শফিকুল ইসলাম সাতক্ষীরাবাসীর সার্বিক সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

0

কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক ভার্চ্যুয়াল মিটিং-এর মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হলো। স্কুলের সাথে সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য এবং স্কুলের সার্বিক উন্নয়নের জন্য এই কমিটি কাজ করবে।

হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ইলিয়াস হোসেনকে আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। উপদেষ্টা হিসেবে আছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হযরত আলী, শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক মো. আব্দুল আজিজ, শিক্ষক এসএম আতিকুর রহমান মিলন এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম (ছাত্র প্রতিনিধি)।

কমিটিতে আছেন আহবায়ক- আব্দুল লতিফ কাজল (এসএসসি-১৯৯৯), যুগ্ম আহবায়ক- রুহুল আমিন (এসএসসি-১৯৯৮), হাসানুজ্জামান (এসএসসি-২০০০), শিমুল (এসএসসি-২০০১), মো. নাজমুল ইসলাম (এসএসসি-২০০২), সদস্য সচিব-আসাদুজ্জামান আসাদ (এসএসসি-২০০৩), সদস্য (দপ্তর সম্পাদক ও স্কুল সমন্বয়ক)- কবিরুল ইসলাম (এসএসসি-১৯৯৯) এবং সদস্যরা হলেন- মুন্নি (এসএসসি-২০০৩), নাজমুল হোসেন (এসএসসি-২০০৪), সরোয়ার হোসেন রিন্টু (এসএসসি-২০০৫), বাইজীদ (এসএসসি-২০০৬), সেলিম হোসেন (এসএসসি-২০০৮), আবু তৌহিদ (এসএসসি-২০১২), মো. সাইফুল্লাহ (এসএসসি-২০১৬), মেহেদী (এসএসসি-২০২০) ও শাহারিয়ার মাহমুদ সুজন (এসএসসি-২০২২)।

আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিত কল্পে চাহিদা বিশ্লেষণ ও চুড়ান্ত করণের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তর ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বড়দল ইউপির প্যানেল চেয়ারম্যান-২ কেএম রকিবুজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক এমরান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ওয়াটার এইড বাংরাদেশের প্রোগ্রাম লীড জাকিয়া নাজনিন ও রূপান্তরের পরিচালক ফারুক হোসেন। সভায় অন্যদের মধ্যে বড়দল ইউপির সাবেক প্রশাসক ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ডিপিএইচই উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের উপজেলা ম্যানেজার শহিদুল ইসলাম, উত্তরণের মনিরুজ্জামান জোয়ার্দ্দার, বারসিকের আসাদুজ্জামান আসাদ, মহিলা মেম্বার হাফিজা খাতুন তমা প্রমুখ বক্তব্য রাখেন।
বড়দল ইউনিয়নে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে ৭ হাজার ৫০৭ পরিবারের মধ্যে ৫ হাজার ৪০৩ পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা হয়েছে। যা ৭২%। নিরাপদ পানির বাইরে থাকা ২৮% তথা ২ হাজার ১০৪ টি পরিবারকে দ্রুত সময়ে নিরাপদ পানির আওতায় আনতে মাঠ পর্যায় থেকে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। এবং এলাকা ও প্রযুক্তি নির্ণয় করে কর্ম পরিকল্পনা করা হয়েছে। সভায় কর্ম পরিকল্পনা ও ১০০% নিরাপদ পানি কভারেজ অর্জনের রোডম্যাপ এবং স্বস্ব ওয়ার্ডের সামাজিক মানচিত্রের মাধ্যমে চাহিদা উপস্থাপন করেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সহযোগি সদস্যবৃন্দ। উত্থাপিত চাহিদা বিশ্লেষণ ও চুড়ান্তকরণের লক্ষ্যে পরামর্শ গ্রহন করা হয়।

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মুন্সিগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয়ভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন। এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল মজিদকে প্রার্থী করা হয়েছে।

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহর নামীয় জমির দক্ষিণ পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযোগে ফারুক হোসেন, রবিউল ইসলাম, উম্মে কুলসুম, নাসরিন ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দা, লোহার রড ও শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। এ সময় অ্যাডভোকেট সাইফুল্লাহর স্ত্রী সোনিয়া আফরিন ও বড় শালিকা সাফিয়া খাতুন ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর হামলা করা হয়। সোনিয়া আফরিনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং তার হাতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সাফিয়া খাতুনও হামলায় আহত হন এবং তার পায়ে সাতটি সেলাই দেওয়া হয়েছে।
এছাড়া হামলা ঠেকাতে এগিয়ে আসা মইনুল ইসলাম ও মিজান নামে দুই ব্যক্তিকেও শাবল ও লোহার রড দিয়ে মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে। মিজানের স্ত্রী মমতাজকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় সোনিয়া আফরিনের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়।
এর আগে একই জমি নিয়ে গত ২৬ এপ্রিল শক্তির মহড়া, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে দ্রুত বিচার আদালত, সাতক্ষীরায় মামলা করেন অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ। আদালতের নির্দেশে ৪ মে সাতক্ষীরা সদর থানায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত হয়। মামলাটির নম্বর ১৪।
এ ঘটনায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল: তালাবদ্ধ কক্ষে বন্দী চিকিৎসাসেবা

0
প্রমথ সানা, পাইকগাছা থেকে: সরকারি হাসপাতালে কোটি টাকার এক্স-রে মেশিন ধুলোবালি মেখে জং ধরে পড়ে রয়েছে, অথচ হাড় ভাঙা বা ফুসফুসের তীব্র যন্ত্রণা নিয়ে আসা দরিদ্র রোগীদের শেষ সম্বলটুকু সম্বল করে ছুটতে হচ্ছে বাইরের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে।
সরকারি স্বাস্থ্যসেবার দোরগোড়ায় এসেও তারা ফিরছেন খালি হাতে, কারণ হাসপাতালের এক্স-রে কক্ষের দরজায় ঝুলছে দীর্ঘদিনের তালা। খুলনার পাইকগাছা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা অদ্যাবধি চালু না হওয়ায় চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ রোগীদের মধ্যে।
উল্লেখ্য, তৎকালীন থানা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছিল ২২শে অক্টোবর ১৯৯৭ ইং তারিখে। দীর্ঘ ২৯ বছর পার হয়ে গেলেও আজও এই প্রান্তিক জনপদের মানুষের সরকারি মূলধারার এক্স-রে সেবার আকাঙ্ক্ষা অধরাই থেকে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপকূলীয় এ অঞ্চলের লাখো মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি। রোগীদের সুবিধার্থে একাধিকবার সরকারি বরাদ্দে কোটি টাকা মূল্যের আধুনিক এক্স-রে মেশিন হাসপাতালে আনা হলেও তা কোনোদিন আলোর মুখ দেখেনি। টেকনিশিয়ান ও জনবল সংকটে জং, মরিচা ধরে যন্ত্রপাতি নষ্ট হয়ে স্তুপাকারে পড়ে রয়েছে। বলা যায় বছরের পর বছর এক্স-রে বিভাগটি তালা মেরে রাখা হয়েছে।
সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে বাধ্য হয়ে রোগীদের দ্বারস্থ হতে হচ্ছে হাসপাতালের চারপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। যেখানে সরকারিভাবে নামমাত্র খরচে এক্স-রে করার কথা, সেখানে বাইরের ক্লিনিকগুলোতে প্রতি রিপোর্টের জন্য গুণতে হচ্ছে ৪শত থেকে ৮শত টাকা, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন দিনমজুর, প্রান্তিক ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ, যাদের পক্ষে এই বিপুল অর্থ বহন করা প্রায় অসম্ভব।
চিকিৎসা নিতে আসা এক অসহায় রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালে ডাক্তার দেখানোর পর এক্স-রে করতে বললে বাইরের ক্লিনিকে যেতে হয়। সেখানে একেকটি রিপোর্টের জন্য ৮০০ টাকা পর্যন্ত কেটে নিচ্ছে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব?” অভিযোগ উঠেছে, তৎকালীন হাসপাতালের চিকিৎসকদের একাংশের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর অশুভ ‘কমিশন বাণিজ্য’ ও যোগসাজশের কারণেই এক্স-রে মেশিনটি সচল করতে কর্তৃপক্ষের কোনো আন্তরিক সদিচ্ছা দেখা যায় নি।
সচেতন মহলের মতে, দীর্ঘ ২৯ বছর ধরে চলমান এই সংকটে স্থায়ী জনবল সংকট, টেকনিশিয়ান, আধুনিক এক্স-রে মেশিন, নির্দিষ্ট কক্ষ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আধুনিক মেশিন থাকলে স্থানীয়ভাবে কিংবা ফ্রি সার্ভিস/আউটসোর্সিং লোক নিয়োগের মাধ্যমে অন্তত জরুরি সময়ের জন্য হলেও এক্স-রে সার্ভিসটি চালু রাখা সম্ভব।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা আহমেদ বলেন, আমাদের আধুনিক এক্স-রে মেশিন, টেকনিশিয়ান ও মেশিন রাখার কক্ষ নাই। একটা মেশিন রয়েছে সেটা দীর্ঘদিন পড়ে থাকায় মরিচা ধরে যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। আমি দায়িত্ব পাওয়ার পর  বিষয়গুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত সমাধান করে এটি চালু করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।”
সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো কি তবে শুধু নামেই দাঁড়িয়ে থাকবে? উপকূলীয় এই প্রান্তিক জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং দালালি ও কমিশন বাণিজ্য বন্ধে অনতিবিলম্বে এক্স-রে বিভাগটি চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করেছেন।