প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার মিশন সভা কক্ষে যুব নেতৃত্বে জনসেবার ক্ষেত্রে পাবলিক ন্যারেটিভ পরিবর্তন বিষয়ে স্থানীয় সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০ টায় ধানদিয়া ইউনিয়নের মানিকহার মিশনের সভা কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পাবলিক ন্যারেটিভ পরিবর্তন বিষয়ে ক্যাম্পেইনে মানিকহার মিশন কমিটির সভাপতি নিরঞ্জন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধানদিয়া ইউনিয়নের ১, ২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন মানিকহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মানিকহার মিশনের পালক মাইকেল সরদার, সাংবাদিক মো: ইদ্রিস আলি। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও যুব সদস্যবৃন্দ। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং একটি রক্ষণশীল এলাকা। এখানকার নারীরা কিছুটা পিছিয়ে আছে, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা, নিরাপদ কাজের সুযোগ, বাল্যবিবাহ, মতপ্রকাশের স্বাধীনতা, পারিবারিক ও সামাজিক বাঁধা ইত্যাদী সব ক্ষেত্রে। অধিকাংশ নারী তাদের পরিবার এবং সমাজ দ্বারা বৈষম্যের শিকার হয়। ধর্মীয় দৃষ্টিকোন থেকে নারীদের বের হয়ে আসা একটি বড় বাধা। এসব প্রতিবন্ধকতা দূর করতে যুব-নেতৃত্বে সচেতনতামুলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশ সম্পর্কে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি করা, সমাজ ও তাদের পরিবার থেকে নারী সম্পর্কে ভ্রান্ত ধারনা কুসংস্কার দুর করা এবং নারীদের অবাধ বিচরণ ও শিক্ষার সুযোগ সৃষ্টি করা। বক্তরা বলেন, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার বাস্তবায়নে এফরটি প্রকল্পের আওতায় নারীদের মর্যাদা ও তাদের বাক-স্বাধিনতার বিষয়ে যে প্রোগ্রামের আয়োজন করেছে সত্যিই প্রশংসার দাবিদার। যুব সদস্যবৃন্দ বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী উপস্থিতিদের কাছে প্রশ্ন করেন এবং কিভাবে নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করার আহবান করেন। যুবদের নেতৃত্বে সামাজিক সুরক্ষা বিষয়ে সকলের সম্মলিত প্রচেষ্টায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Author: kobirubel.satnadee
-
‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ’ শীর্ষক সংলাপের যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে তাদের চিন্তাধারা আমাকে উৎফুল্ল করেছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মানুষের চিন্তা-ভাবনা ও মানুষিকতার পরিবর্তন হয়নি। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। দেশের উন্নয়নে আমরা বন্ধু ফাউন্ডেশন জননেত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগসহ যে উন্নয়ন চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছে সেটি গ্রামাঞ্চলের মানুষের মাঝে তুলে ধরতে হবে। তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সকলে অবগত হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে। স্মার্ট বাংলাদেশ তৈরীতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার জন্য ইকোনমিক জোন, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির জেলায় রূপান্তরিত করতে পাটকেলঘাটাকে উপজেলা করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে আমাদের আগে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে” এই প্রতিপাদকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে সংলাপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়কারী এসএম নাহিদ হাসান। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সংলাপে অংশ নেয়। এসময় বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
-
সায়মা ওয়াজেদ পুতুল এক অনন্য নাম
ডাঃ এস এম বাদশা মিয়া
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। একটু মমতা পেলেই তারা নিজেদের প্রমাণ করতে পারেন। এ দেশে এমনই এক বাস্তবতা প্রমাণ করে দেখিয়েছেন একজন। যার কথা বলছিলাম তিনি আর কেউই নন; তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য উত্তরসূরি সায়মা ওয়াজেদ পুতুল বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর অভিভাবক। সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায়। মনস্তত্ত্ববিদ সায়মা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিকসের পরামর্শক হিসেবেও কাজ করেন। তিনি ২০১৩ সালের জুন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে অন্তর্ভুক্ত হন। পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমের মতো অবহেলিত একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অংশগ্রহণ করেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশে ‘নিউরোডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি ট্রাস্ট অ্যাক্ট ২০১৩’ পাশ করা হয়। সেই সঙ্গে তার প্রদান করা পরামর্শের ওপর ভিত্তি করেই জাতিসংঘ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সায়মা ওয়াজেদকে ‘এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ প্রদান করে। উল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলীতে অটিজমের বিষয়টি তিনিই সংযুক্ত করেন। বাংলাদেশে অটিজম বিষয়ক বিভিন্ন নীতি-নির্ধারণে উল্লেখযোগ্য সাফল্য লাভের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সায়মা ওয়াজেদ কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়। তিনি যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। একবিংশ শতাব্দীতে এসে বিশেষত বাংলাদেশে অটিজমসংক্রান্ত ধারণা দ্রুত পরিবর্তন হতে থাকে। বর্তমানে অটিজম নিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়েই নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সবার মধ্যে বেড়েছে সচেতনতা। বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অটিজম আক্রান্তরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি ২০০৮ সাল থেকে সারা বিশ্বে অটিস্টিক শিশুদের অধিকার ও শিশুদের অটিজমসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করে আসছেন। সায়মা ২০১২ সাল থেকে প্রতি বছর জাতিসংঘের অটিজম সচেতনতা দিবস উদযাপন অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রিত হয়ে আসছেন। তিনি জাতিসংঘ আয়োজিত ‘অ্যাড্রেসিং দ্য সোসিওইকোনমিক নিডস অব ইনডিভিজুয়ালস, ফ্যামিলিস অ্যান্ড সোসাইটিজ অ্যাফেকটেড বাই অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারস, ডেভেলপমেন্ট ডিজঅর্ডারস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে ‘হু অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ ভূষিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের উদ্যোগে এ অঞ্চলের ১১টি দেশের জন্য অটিজমসংক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে অটিজমবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হন। এছাড়া সায়মা ওয়াজেদ ক্লাইমেট ভালনারেবল ফোরামের একজন মনোনীত (সিভিএফ) ‘থিমেটিক দূত’। এরই মধ্যে সায়মা বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। বাংলাদেশে সায়মা ওয়াজেদ পরিচালিত ‘সূচনা ফাউন্ডেশন’ মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে অবিরাম কাজ করে যাচ্ছে। দেশে প্রতিবন্ধী শিশুদের পরিপূর্ণ বিকাশের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এক ইতিবাচক পরিবর্তনের বাতিঘর। তাই অটিজম, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং বাংলাদেশ এক সূত্রেগাঁথা। সায়মা ওয়াজেদ একজন সুবক্তা ও লেখক বটে! মনস্তত্ত্ববিদ সায়মা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিক্সের পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানসিক ভারসাম্য ও শারীরিক প্রতিবন্ধী মানুষকে সমাজের মূলধারায় নিয়ে আসার ইস্যুতে বড় ধরনের অবদান রেখেছেন। সমাজে ও পরিবারে মেয়েদের কোণঠাসা, নির্যাতিত অবস্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রী কন্যা সদাসোচ্চার এক কণ্ঠস্বর। এ ব্যাপারে তার স্মরণীয় উক্তি— ‘আমরা মেয়েরা কেন অস্বস্তিতে থাকব? আমরা কেন ভয়ে থাকব? আমাদের কেন… এভাবে চলতে হবে, আর তা না হলে আমাদের দোষ দেওয়া হবে? আমাদের ছোটবেলা থেকে ভয় দিয়ে কেন বড় হতে হবে? আমরা সাহস নিয়ে কেন চলতে পারব না?’ গেল বছর আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা’ বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধনী বক্তব্যে সায়মা ওয়াজেদ বলেছেন, ‘হ্যাঁ, সেলফ প্রটেকশন স্কিলস জানা উচিত, অফ কোর্স। কিন্তু আমাদের কেন এভাবে থাকতে হবে? কেন আমরা জেন্ডার আইডেন্টিটি নিয়ে চলব? আমরা মেয়ে বলে কেন ভয়ে চলতে হবে? এক্সট্রা কেয়ারফুলি চলতে হবে, অন্যভাবে চলতে হবে? আমাদের যেটা মনে চায়, যেটা ইচ্ছা, যেটা আমরা করতে পারি, সেটা কেন আমরা করতে পারব না?’ সায়মা ওয়াজেদ আরও বলেছেন, ‘আমাদের দেশকে যেন আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কোনো মেয়ে হয়রানির শিকার হবে না। কোনো মেয়ের অশ্রদ্ধাও হবে না। আমরা যেন সম্মানের সাথে এগিয়ে যেতে পারি। যে যেটার স্বপ্ন দেখছি, যেটা করতে চাচ্ছি মন খুলে যেন এটা করতে পারি। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য ছোটবেলা থেকেই নারী-পুরুষের সমতার শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।’ চার সন্তানের জননী সায়মা বলেছেন, ‘আমার চার বাচ্চাকে আমি যা শেখাব, আমি চাই আমার দেশে ওরকমভাবে সবাইকে শেখানো হোক যে, নারী ও পুরুষের মধ্যে কোনো তফাৎ নাই। আমরা ইক্যুয়াল। আমরা সব জায়গায় ঘরে হোক, বাইরে হোক, যেখানেই হোক, রাস্তাঘাটে হোক, স্কুলে হোক এবং কাজকর্মের জায়গায় যেন আমরা নারীর সম্মান তৈরি করি।’ নারী নির্যাতন রুখতে স্কুল-কলেজ, কর্মক্ষেত্র বা পথে-ঘাটে যেখানেই নারী নিপীড়নের ঘটনা ঘটতে দেখা যাবে, সেখানেই নারী-পুরুষ সবাইকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন সায়মা ওয়াজেদ। তিনি বলেছেন, একটা মেয়ে যদি এক জায়গায় দাঁড়ায়, আমরা যদি দেখি যে তাকে নাজেহাল করা হচ্ছে। তার সাথে প্রতিবাদ করার যদি কেউ না থাকে পাশে তাহলে সে একা কী করবে? কোনো মানুষই একা কী করবে? তার তো সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আমাদের ছেলেদের এ শিক্ষাটা দিতে হবে ছোটবেলা থেকেই নিজ ঘর থেকে। এ শিক্ষাটা তো দিতে হবে। বড় হয়ে নিজেদের সংসার করবে, ওই জায়গাটা তো তাকে তৈরি করে দিতে হবে। আমাদের পরিবারে ও সমাজে মেয়েদের দাবিয়ে রাখার প্রবণতার প্রতিবাদ করে তিনি বলেন, আমি যদি জোরগলায় কথা না বলতে পারি নিজের বাড়িতে, আমাদের যদি সব সময় বলা হয়- না না না, চুপ থাক, তুমি বেয়াদবি করো না, শান্ত থাকো, মাথা ঠাণ্ডা রাখো, প্রতিবাদ করো না; কিন্তু ওটা তো আমাদের বাঙালি জাতির ইতিহাসে নাই। প্রতিবাদের সময় বাঙালির সবার আগে কিন্তু মহিলারাই ছিল।
আমাদের ইতিহাসই যখন বলে, আমরা প্রতিবাদ আগে করব, তা এখন কেন আমরা চুপচাপ থাকব? প্রতিবাদ ভাই-বোন একসাথে মিলে করতে হবে। একা একা করলে হবে না। তিনি বলেন, আমাদের দেশে যে কোনো মেয়ে যে বয়সী মেয়ে হোক, সে যেন নিজের সম্মান নিয়ে মাথা তুলে সব জায়গায় হাঁটতে পারে, সব জায়গায় যেতে পারে- এটার কাজ কিন্তু আমাদের এক জনের না। এটা আমাদের আশপাশের সবাই আছে। তাদের করতে হবে।
সায়মা ওয়াজেদ বলেন, কোথাও কোথাও কোনো একটা মেয়েকে যেন ওই প্রশ্ন দেওয়া হয়, তোমরা এ রকম না করলে কিন্তু তোমার উন্নতি হবে না, চাকরি চলে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা প্রফেশনে হচ্ছে। কিছু কিছু প্রফেশনে আরও বেশি করে হচ্ছে। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন।
তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য, একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ। তিনি ২০১২ সাল থেকে প্রতি বছর জাতিসংঘের অটিজম সচেতনতা দিবস উদযাপন অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রিত হয়ে আসছেন। তিনি জাতিসংঘ আয়োজিত ‘অ্যাড্রেসিং দ্য সোসিওইকোনমিক নিডস অব ইন্ডিভিজুয়াল্স, ফ্যামিলিস অ্যান্ড সোসাইটিজ অ্যাফেকটেড বাই অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারস, ডেভেলপমেন্ট ডিজঅর্ডারস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
সায়মা ওয়াজেদ অটিজমসংক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের উদ্যোগে এ অঞ্চলের ১১টি দেশের জন্য এ পুরস্কার চালু করা হয়। সায়মার উদ্যোগেই অটিজম সচেতনতায় বাংলাদেশের একটি প্রস্তাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলিতে অটিজমের বিষয়টি তিনিই সংযুক্ত করেন।
তিনি ২০১১ সালের জুলাই মাসে দক্ষিণ-পূর্ব এশীয় অটিজম নেটওয়ার্ক গড়ে তোলেন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে গ্লোবাল অ্যাডভাইজরি প্যানেলের একজন সদস্য হন। তার উদ্যোগে ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সায়মা বাংলাদেশে স্বাস্থ্য এজেন্ডায় অটিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আন্তরিক প্রচেষ্টা নেন। অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার এবং অন্যান্য মানসিক ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিক আকর্ষণে সহায়তা করার জন্য ২০১৭ সালে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে অটিজমবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছিলেন।
সায়মা ওয়াজেদ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও স্নায়ুবৈকল্যবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। তিনি এ দেশের প্রতিবন্ধী বা অটিস্টিকদের চিকিৎসাসেবা প্রদান, তাদের জীবন অর্থবহ করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অটিজম মোকাবেলায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়। অতি স্বল্প সময়ের মধ্যেই তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় অটিজম বিষয়ে বাংলাদেশ বিশ্বদরবারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথমে নিজ মাতৃভূমি বাংলাদেশে, পরবর্তী সময়ে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তিনি কাজ করেন। তার পরিচালিত ‘সূচনা ফাউন্ডেশন বাংলাদেশ’ মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি ট্রাস্ট অ্যাক্ট-২০১৩’ সালে পাশ করা হয়। বিশ্বের দেশে দেশে প্রতিবন্ধী শিশুদের পরিপূর্ণ বিকাশের পথে সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এক আলোকবর্তিকা। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন আর্দশ দর্শন বাংলাদেশ সহ বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএম বাদশা মিয়াকে বলেছেন, আপনি কাজ করে যান, আমি আপনার সাথে আছি, রাজনীতি করতে গেলে অনেক বাধা বিপওি আসবে, বঙ্গবন্ধু কে কি কম নির্যাতন সহ্য করতে হয়েছে, দেখেন খুন পর্যন্ত হতে হলো,বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুলের স্বামীর নাম খন্দকার মাশরুর হোসেন। তিন কন্যা এবং এক ছেলের জনক-জননী তারা।লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। -
ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া
বিনোদন ডেস্ক:
হঠাৎ করেই তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করতে দেন। ২৪ ঘণ্টা পর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।
বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তাঁর প্রচণ্ড জ্বর রয়েছে। কমছে না। অসুস্থ শরীর নিয়েই কথা বললেন তানিয়া। তিনি বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’
তানিয়া বৃষ্টি এবার ঈদের বেশ কিছু কাজ দিয়ে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে খুবই প্রশংসা পাচ্ছেন। ঈদে প্রচারিত নাটক ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক এই তালিকায় রয়েছে। তিনি বলেন, ‘ঈদের পর থেকে বেশি কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন। অনেকেই জানেন না আমি অসুস্থ। আপাতত সুস্থতা নিয়ে ভাবছি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসাসেবা ও খাবার খাচ্ছি। ভালো হলে কাজ অনেক করা যাবে।’
এক দশক আগে নাটকে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। শুরুতে তাকে বেশির ভাগ নাটকের গল্পেই দেখা যেত ঝগড়াটে বা উচ্চ স্বরে কথা বলতে হয় এমন চরিত্রে। এমন চরিত্রগুলো প্রশংসা পেলে বেশির ভাগ পরিচালক তাঁকে একই চরিত্রের জন্য বারবার ডাকতেন। বাধ্য হয়েই তাঁকে সেসব কাজ করতে হয়েছে। তবে গত দুই ঈদ থেকে চরিত্র প্রধান ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করছেন। এই কাজগুলোই তাঁকে বেশি শান্তি দিয়েছে। এমন চরিত্রের জন্য তাঁকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।
-
১০০ কোটি টাকা পারিশ্রমিক!
বিনোদন ডেস্ক:
শুধু বলিউড নয়, দক্ষিণি অভিনেতাদেরও পারিশ্রমিক বাড়ছে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তিনি নিজের পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৭৮ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ১০৩ কোটির বেশি। খবর পিঙ্কভিলার
ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত তেলেগু ভাষার সিনেমা ‘গুন্তুর করম’–এ দেখা যাবে মহেশ বাবুকে। প্রায় ১৩ বছর পর এই পরিচালকের সঙ্গে আবার জুটি বাঁধছেন মহেশ। অ্যাকশন-কমেডি-ড্রামা ঘরানার এ সিনেমার জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। আগামী বছরের ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
২০১৫ সালের ‘শ্রীমানথুডু’র পর থেকে মহেশ বাবুর কোনো সিনেমা ফ্লপ যায়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই অভিনেতা। আর তাঁর এই ধারাবাহিক সাফল্যের কারণেই তিনি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় এসেছেন।
‘গুন্তুর করম’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করার কথা ছিল পূজা হেগড়ের। তিনি প্রথম ধাপের শুটিংও শেষ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সিনেমার শুটিং শিডিউল পেছানো এবং ক্রিপ্ট পরিবর্তন করলে তিনি এই সিনেমা থেকে বেরিয়ে যান। তাঁর স্থানে দেখা যাবে শ্রীলীলাকে। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী, জগপতি বাবু, জয়রাম প্রমুখ।
সর্বশেষ ‘সরকারু ভারি পাতা’ সিনেমায় দেখা যায় মহেশ বাবুকে। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ২৩০ কোটি রুপি।
-
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা শিক্ষকদের
জাতীয় ডেস্ক:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকেরা ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তাঁরা শ্রেণিকক্ষে ও ঘরে ফিরে যাবেন না। আগামীকাল রোববারও কর্মসূচি চলবে। এর মানে হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করায় আগামীকাল ক্লাস শুরু হলেও শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন না আন্দোলনকারী শিক্ষকেরা।
বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। আন্দোলনের ১২তম দিনে আজ শনিবার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ ঘোষণা দেন, প্রধানমন্ত্রী তাঁদের অভিভাবক। অভিভাবকের সঙ্গে সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, পাঁচ মিনিট না হলে অন্তত দুই মিনিটের জন্য যেন অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তাঁদের সাক্ষাৎ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা বাড়ি ফিরে যেতে চান।
শেখ কাওসার আহমেদ আগামীকাল সকাল আটটায় আবারও কর্মসূচি শুরু করা হবে বলে ঘোষণা দেন। এ সময় তিনি জানান, বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃত্বে ভ্রাতৃপ্রতিম কয়েকটি শিক্ষক সংগঠন মিলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সংগ্রাম পরিচালনা কমিটির মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।
এর আগে গত বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে (জাতীয়করণ) আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবে জাতীয়করণের যৌক্তিকতা আছে কি নেই, সেটাসহ শিক্ষা, শিক্ষকদের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্টের শেষ নাগাদ এই দুটি কমিটি গঠন করা সম্ভব হবে। একটি কমিটি জাতীয়করণসহ শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও করণীয় বিষয়ে গবেষণা করবে। আরেকটি কমিটি আর্থিক বিষয়টি নিয়ে কাজ করবে।
তবে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে সেদিনের আলোচনা ‘ফলপ্রসূ হয়নি’ বলে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা।
-
সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী
জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা ও ভরসা সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সেনাবাহিনী তাদের কর্মদক্ষতা দিয়ে তা অর্জন করেছে। প্রধানমন্ত্রী আজ শনিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সেনা নির্বাচন বোর্ড (প্রথম পর্যায়)–২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেকোনো সেনাবাহিনীর জন্য আস্থা ও আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আস্থা ও আত্মবিশ্বাস না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আজ আমি বলতে পারি, আমাদের সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা ও ভরসা আছে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বাহিনী। তারা সব সময় দেশের জনগণের পাশে থাকে এবং যেকোনো দুর্যোগে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সর্বত্র তারা কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সেনাবাহিনী অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। তাই আমরা নিশ্চিত যে কাজগুলো গুণগত মান নিশ্চিত করে দ্রুততার সঙ্গেই সম্পন্ন হবে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনা নির্বাচন বোর্ড-২০২৩-কে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে পদোন্নতির জন্য যোগ্য ও বিচক্ষণ কর্মকর্তাদের বাছাই করতে বলেন। তিনি বলেন, ‘আপনাদের পেশাদার যোগ্যতা বিবেচনা করে এটি করা উচিত। যৌক্তিক এবং বৈজ্ঞানিক উপায়ে তুলনামূলক মূল্যায়ন করা উচিত।’ তিনি বলেন, ‘এ ছাড়া অফিসারদের কমান্ড দেওয়ার দক্ষতা বা (বিশেষ পরিস্থিতিতে) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি না, সেদিকে আপনাদের মনোযোগ দিতে হবে।’পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বাছাই করার জন্য নির্বাচন বোর্ড সততা ও সঠিক বিচারের সঙ্গে পবিত্র দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন, ‘মাঠের কাজে তাদের অভিজ্ঞতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার এবং তাৎক্ষণিকভাবে সরঞ্জামাদি ব্যবহার করার ক্ষমতা বিবেচনা করুন…আমরা চাই আপনি নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের (বাংলাদেশ সেনাবাহিনীতে) কর্মকর্তাদের পদোন্নতি দিন।’
বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে আখ্যায়িত করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী বলে কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের পূর্বশর্ত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকেই ১৯৭৫ সালের পরের ইতিহাস জানেন, যখন একের পর এক অভ্যুত্থানে অনেক সেনা কর্মকর্তা ও সৈন্য নিহত হন।’ তিনি আরও বলেন, ‘অনেকে তাঁদের প্রিয় ও কাছের মানুষদের খুঁজে পাননি। শুধু আমিই আমার বাবা, মা, ভাই ও আত্মীয়দের হারাইনি, অনেক সেনা পরিবারও তাদের প্রিয়জনকে হারিয়েছে কিন্তু এ বিষয়ে কেউ কথা বলতে পারেননি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী জনগণের। এটা আপনাদের মাথায় রাখতে হবে।’
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁকে স্বাগত জানান।
-
নতুন রূপে বুবলী
বিনোদন ডেস্ক:
ব্যক্তিগত জীবন নিয়ে টানাপড়েন চললেও ক্যারিয়ারে সুসময় পার করছেন শবনম বুবলী। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’- ছবির মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। দু’টি ছবিতেই তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে সামনেই আসছে বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ ছবিটি। মোহাম্মদ ইকবাল পরিচালিত এ ছবিতে তার নায়ক রোশান। এরই মধ্যে ছবিটির সব কাজ শেষ হয়েছে। এ ছাড়াও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর। বলা চলে এই সময়ে নায়িকাদের মধ্যে সব থেকে ব্যস্ত এখন তিনি। এবার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘তুমি যেখানে, আমি সেখানে’।
সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। নির্মাতা জানিয়েছেন, ৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এফডিসি এবং ঢাকার আশপাশের লোকেশনে সিনেমার বিভিন্ন সিক্যুয়েন্সের চিত্রধারণ করবেন বলে জানিয়েছেন পরিচালক।
বর্তমানে এফডিসি’র ফ্লোরে চলছে সেট নির্মাণের কাজ। ছোট-বড় মিলিয়ে ৫টি সেটের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া গানের শুটিংয়ের জন্য কক্সবাজার, সেন্টমার্টিন রয়েছে নির্মাতার পছন্দের তালিকায়। সিনেমার সংগীত আয়োজনে আছেন কলকাতার শ্রী প্রীতম। এরই মধ্যে সিনেমার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। জানা গেছে বুবলীকে এই ছবিতে নতুন রূপে দেখা যাবে। দেবাশীষ বিশ্বাস জানান, দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসছি, আমি আশাবাদী এটি সবার ভালো লাগবে। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। ছবিটি প্রযোজনা করছেন সালমান চৌধুরী।
-
বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: ওবায়দুল কাদের
জাতীয় ডেস্ক:
বিএনপি আন্দোলনে হেরে গেছে, তারা নির্বাচনেও হারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। তারা আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সাড়ে ১৪ বছরে পারেনি আগামীতেও পারবে না।
শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল নোয়াখালীতে এসে বিষাদগার করেছে। সে হয়তো জানে না নোয়াখালী বিএনপির নয় আওয়ামী লীগের ঘাঁটি। তিনি বলেন, যে হাত আগুন দিয়ে পোড়াতে আসবে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেবেন। বিএনপির আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। সেতুমন্ত্রী আরও বলেন, ৪৮ বছরে শেখ হাসিনার মতো সৎ, সাহসী নেতা কেউ নেই, কেউ জন্মায়নি। এই শেখ হাসিনা তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় জনগণের জন্য তিনি কাজ করেন। তিনি সজীব ওয়াজেদ জয়কে দিয়ে বিকল্প পাওয়ার সেন্টার করেননি। সারা বিশ্বের প্রথম শ্রেণির সাহসীদের নামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠেছে। মনে রাখবেন যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।
ভিসা নীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতিকে শেখ হাসিনা ভয় করে না। কোনো রক্তচক্ষুকে ভয় করে না। প্রয়োজনে শেখ হাসিনা ডালভাত খাবে তবুও কারো কাছে মাথা নত করবে না। শেখ হাসিনার বড় শক্তি জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। বারবার আন্দোলন সংগ্রাম করে এ দলকে দাবিয়ে রাখা যাবে না।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনা করেন। শান্তি সমাবেশে ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী–১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে রুখে দিলো বাংলাদেশ
জাতীয় ডেস্ক:
রুদ্ধশ্বাস লড়াই বুঝি একেই বলে! খাদের কিনারা থেকে ফিরে আসে ম্যাচে রোমাঞ্চ তৈরি করা। এরপর আবার খাদের কিনারায় চলে যাওয়া এবং আবার ফিরে এসে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করা। এটুকু চিত্রনাট্য মনে হলেও বাস্তবে আজ মিরপুরে ভারতের বিপক্ষে সেটাই করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
আগে ব্যাটিং করে ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতীয় ব্যাটারদের দাপটে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেছিলো স্বাগতিকরা। এরপর বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ে ইনিংসের শেষ বলে ভারতকে অলআউট করে ম্যাচ ড্র করে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে নবম, বাংলাদেশের মেয়েদের প্রথম টাই ম্যাচ। এই ড্র-য়ে ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় থেকে শেষ হলো।
পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো বাংলাদেশ। দেশের নারী ক্রিকেটে ওয়ানডেতে পিংকির প্রথম সেঞ্চুরি করার দিনে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ১৬০ বলে ১০৫ রান করেন পিংকি। সব দল মিলিয়ে ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান এখনও ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ।
ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরি করে ইতিহাস পিংকির
দেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।
ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দেশের নারী ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার ইতিহাস গড়লেন এই ডানহাতি ব্যাটার। ১৫৬তম বলে চার হাকিয়ে এই ইতিহাস গড়েন পিংকি।
ভারতের বিপক্ষে রেকর্ড গড়ে ভাঙলো উদ্বোধনী জুটি
সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার মিলে রীতিমতো রেকর্ড গড়েছেন এদিন। দলীয় ৯৩ রানে শামিমা ফিরলে ভাঙে জুটি।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড৷ ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে টিম ম্যানেজমেন্টের যে চিন্তা সেটা একেবারে রেকর্ড গড়েই সরিয়ে দিলেন শাকিমা সুলতানা ও ফারজানা হক পিংকি। ফেরার আগে ৭৮ বলে ৫২ রান করেন শামিমা।
এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ২২ রানের। সব দল মিলিয়ে ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ১১৩ রানের জুটি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেটভারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৮ রান। পিংকি ৩৪ আর জ্যোতি ব্যাটিং করছেন ১ রানে।