Author: kobirubel.satnadee

  • ২৭শে জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপি’র

    জাতীয় ডেস্ক:

    আগামী ২৭শে জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

    যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, বক্তব্য অনেক হয়েছে। এখন আর বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা। এই সরকার একটি ভীরু কাপুরুষ সরকার। তারা নির্বাচনে ভয় পায়। আমরা নির্বাচন চাই। তবে এই সরকারের অধীনে নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। পত্রিকার শিরোনাম দেখিয়ে তিনি বলেন, গায়েবি মামলা এবারও। আগে এমন সোয়া লাখ মামলা হয়েছে। আজকে আবারো এমন মামলা দেয়া হচ্ছে। কোথাও কিছু ঘটেনি কিন্তু মামলা দেয়া হচ্ছে।

    তিনি বলেন, এখন নতুন কৌশল নিয়েছে। আমাদের জনপ্রিয় নেতা, যারা নির্বাচন করতে পারে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তাদের দ্রুত সাজা দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি, এবার এদেশে কোনো নির্বাচন হবে না নির্দলীয় সরকার ছাড়া। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে।

    সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করুন। নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করুন। এই নির্বাচন কমিশনতো সরকার যা বলে তাই করে। দাস সুলভ মনোভাব নিয়ে তারা কাজ করছে।
    সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হলেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে সমাবেশ ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে।

  • আলেমদের ছেড়ে দাও, নইলে গদি থাকবে না: হেফাজত আমীর

    জাতীয় ডেস্ক:

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, সময় শেষ হয়ে এসেছে। আলেমদের আর জেলে রাখতে পারবেন না। আজকে বন্দি আলেমের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে। আমি সরকারকে বলবো, যদি নিজেদের ভালো চান, অবিলম্বে কারাবন্দি সকল আলেমকে মুক্তি দিন। হয়রানি বন্ধ করুন। না হলে অবস্থা করুণ হবে। যদি গদি টেকাতে চাও। অতি দ্রুত আলেমদের মুক্তি দাও। জাতির কাছে ক্ষমা চাও। নিজেদের মুক্তির পথ বের করো।

    শনিবার (২২ জুলাই) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলানায়তনে শায়খুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল ওলামায়ে কেরামের মুক্তি, দেশব্যাপী আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেমদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    হেফাজত আমীর আরো বলেন, এই দেশ স্বাধীন হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের জন্য। অথচ দেশে ন্যায় ও ইনসাফ কল্পনাও করা যায় না। সরকারের কাছে আমাদের অনুরোধ, বল প্রয়োগের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না। সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করুন।

    তিনি বলেন, আলেমরা আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছে না। নতুন মামলা দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে। কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদরাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে। জুমার খুতবা ও ওয়াজ-মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে।

    সমাবেশের সভাপতি ও শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন, আজকে ওলামায়ে কেরামদের ঘর থেকে বের হওয়া কষ্টকর। বের হলেই গ্রেপ্তার করা হয়। গোটা দেশ আজ কারারুদ্ধ। শুধু মামুনুল হক নয়, গোটা দেশকে কারারুদ্ধ অবস্থা থেকে বের করতে হবে। আমাদের যেটুকু সামর্থ আছে তা নিয়ে নামতে হবে। আপনারা যদি বাঁচতে চান অতি দ্রুত কারাবন্দিদের মুক্তি দেন। সরকারকে সতর্ক করবো। এখনো সময় আছে। মুক্তি দেন। অন্যথায় আপনাদের মুক্তি মিলবে না। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবেন। তাদের বিরুদ্ধে আলেমরা গর্জে উঠবে। এসময় কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আমাদের প্রথম কর্মসূচি হলো মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ৩০শে আগস্ট প্রধানমন্ত্রী ও জেলা উপজেলায় স্মারকলিপি দেয়া হবে। কথা না শুনলে রাজপথে নামতে বাধ্য হবো।

    সমাবেশে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, আমার বিশ্বাস আজকে ঐক্য হয়ে গেছে। সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কারাবন্দি ওলামাদের মুক্তি চায়। শান্তিপূর্ণ আন্দোলন করে আলেমদের মুক্তি করা যাবে না। আজকে আলেমদের হাজিরা দিতে দিতে নাজেহাল অবস্থা। আমরা চাই মামলা প্রত্যাহার করা হোক। তাদের হাজিরা থেকে মুক্ত দেয়া হোক। আমরা ঐক্যবদ্ধ হয়ে মামুনুল হককে মুক্ত করতে চাই। মুক্ত করে ছাড়বো।

    হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়েদ আল হাবিব বলেন, রাস্তাঘাটে যাকে যেখানে পেয়েছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে নামাজ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি ১৯ মাস জেল খেটেছি। কি দোষ করেছিলাম। কি অন্যায় করেছিলাম। আমরা কি এদেশের ঘর জামাই। আমরা বন্যায় ভেসে আসিনি। আমরা যেখানে যাই ফুলের মালা দেয়া হয়। তোমরা যেখানে যাও সেখানে জুতার মালা দেয়া হয়। জনগণ তোমাদের বয়কট করেছে। শাপলা চত্বরের মতো আরেকবার ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। মাঠে না নামলে আলেমদের মুক্তি দিবে না। মুক্তি কাদের কাছে চাবো। যাদের ক্ষমতা হারানো দামামা বেজে গেছে। আমাদের যদি রাজপথে নামতে হয় আর পালানোর জায়গা পাবেন না।

    সমাবেশে শায়খুল হাদিস পরিষদের সভাপতি তাফাজ্জুল হক আজিজ বলেন, ঐক্যের বিকল্প নাই। আমাদের একদফা হলো আলেম ওলামেদের মুক্তি। সরকারকে বলবো, আপনারা যদি সম্মানের সাথে বিদায় নিতে চান। তাহলে মামুনুল হকসহ সকল আলেমদের মুক্তি দেন। না হলে আন্দোলনের গণবিস্ফোরণ সৃষ্টি হবে। তখন আর সামাল দিতে পারবেন না।

    খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, আমাদের ঐক্যের সূচনা হয়েছে। এই সরকার খুনি সরকার। ২০১৩ সালে হাজার হাজার আলেমদের শহীদ করেছে। এই সরকার পাগল হয়ে গেছে। তাদের পাবনা পাঠানো হবে। প্রধানমন্ত্রী এক কথা মনে রাখবেন এক মাঘে শীত যায় না। আপনার আমাদের নেতাদের মুক্তি দিতেই হবে। না হলে গদি ছাড়তে হবে। সে সময় আর বেশিদূর নয়।

    খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন বলেন, একদিন মামুনুল হক মুক্তি পাবে। কারাগার পড়ে থাকবে। একদিন আপনাদের পতন হবে। তখন আপনারা কারাগারে যাবেন। কেউ ঠেকাতে পারবে না। কারণ জালেমদের আল্লাহ ক্ষমা করে না।

    সদ্য কারামুক্ত হেফাজত ইসলামের সাবেক সহ সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বলেন,  আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারি তাহলে দেশের এমন কোন সরকার নাই। আলেমদের বন্দি করে রাখবে। আমাদের মধ্যে ঐক্য নেই। তারা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের ঐক্য নেই বলেই তারা সুযোগ নিচ্ছে। নিজের মধ্যে ঐক্যের ভিত মজবুত করতে পারলে তাহলে খাচা ভেঙে আমাদের নেতাদের মুক্ত করতে পারবো। বাংলাদেশে নিয়ে বিদেশীরা ছেলেখেলা করছে। আমি চাই সরকারের পরিবর্তন হোক। আমরা চাই যারাই ক্ষমতায় আসুক তাদের উলামাদের পক্ষে থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তবেই আমরা তাদের আমরা সমর্থন দিবো।

    হেফাজত ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আজকে আমেল ওলামাদের মুক্তি করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তাদের মুক্ত করতে হলে কঠোর কর্মসূচি দিতে হবে। সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আঙ্গুল বাঁকা করতে হবে। তবেই সরকার বাধ্য হবে আলেমদের মুক্তি দিতে। রক্ত বহু দিয়েছি। আর রক্ত দিতে চাই না। এখন প্রতিশোধ নিতে চাই।

    সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাইল নূরপুরী, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুরী,জমিয়তে ওলামায়ে ইমলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা শুআইব জমীরি, অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, জমিয়তে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, জাতীয় দ্বীনি শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ আলী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মাওলানা মোস্তফা তারেক হাসান প্রমুখ।

  • ডেঙ্গু জ্বর নিয়ে জরুরী তথ্যগুলো জেনে রাখুন

     

    ফের ছড়িয়ে পড়েছে ডেঙ্গু–আতঙ্ক। কম বয়সীদের নিয়েই বেশি ভয়। প্রায় রোজই ডেঙ্গুজনিত জটিলতায় কেউ না কেউ মারা যাচ্ছেন। নিজেরা সচেতন হওয়া সত্ত্বেও পারিপার্শ্বিকতার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন যে কেউ।

    জ্বর এলে প্রথম থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিন। ডেঙ্গু জ্বর নিশ্চিত করার জন্য রক্তের নানা ধরনের পরীক্ষা রয়েছে। এগুলোর কোনোটি জ্বরের প্রথম দিকে, কোনোটি আবার পাঁচ দিন পেরোলে করতে হয়। জ্বরের কততম দিনে কোনো পরীক্ষায় ‘পজিটিভ’ এলে, আবার পরীক্ষায় ‘পজিটিভ’ রিপোর্ট না এলেও কোন কোন বিষয় দেখে ডেঙ্গু জ্বর হিসেবেই চিকিৎসা করাতে হবে, তা কেবল একজন চিকিৎসকই বলতে পারবেন। প্রথমবার ডেঙ্গু জ্বর হলে জটিলতার ঝুঁকি কম। তবে জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডেঙ্গু জ্বর বিষয়ে নানান পরামর্শ দিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতলেবুর রহমান।

    জ্বর ছাড়াও অন্য উপসর্গ

    ডেঙ্গু জ্বরে থাকে মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং শরীর ব্যথার মতো উপসর্গ। দুর্বলতা দেখা দিতে পারে। তবে এসবের বাইরে এখন সর্দি, কাশি, বমি, পাতলা পায়খানা কিংবা পেটব্যথার মতো উপসর্গও দেখা যাচ্ছে। ত্বকে ফুসকুড়ি হতে পারে।

    তরল খাবার ভীষণ জরুরি

    জ্বর হলেই প্রচুর পানি ও তরল খাবার খেতে হবে। ওরস্যালাইন তো খেতেই হবে, অন্যান্য তরলের সঙ্গেও যোগ করে নিন খানিকটা লবণ। স্যুপ, তরল ডালের পাশাপাশি ফলের রসেও সামান্য লবণ যোগ করে নেওয়া যেতে পারে। ডাবের পানি প্রাকৃতিকভাবেই লবণসমৃদ্ধ। রোগী বাড়িতে পর্যাপ্ত তরল গ্রহণ করতে না পারলে হাসপাতালে নেওয়াই ভালো। শিরাপথে স্যালাইনের প্রয়োজন হলে বাড়িতে নয়, হাসপাতালেই নিন।

    বাড়িতে দৈনন্দিন জীবনযাপন

    পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। কুসুম গরম পানিতে গা মুছিয়ে দিন। শরীরের যেসব স্থানে ঘাম হয়, সেসব স্থান ভালোভাবে মুছে দেওয়া উচিত। রোগী চাইলে কুসুম গরম পানিতে গোসলও করতে পারেন। রোজ পরিধেয় কাপড় বদলে দেওয়া ভালো।

    মুখের পরিচ্ছন্নতা এ সময় গুরুত্বপূর্ণ। রক্তের প্লাটিলেট খুব বেশি কমে গেলে রক্তপাতের আশঙ্কায় রোগীকে ব্রাশ করতে নিষেধ করা হয়। এমন পরিস্থিতিতেও মাউথওয়াশ দিয়ে কুলকুচি করতে হয় এবং গজের টুকরা বা পরিষ্কার কাপড়ে পোভিডন আয়োডিন মাউথওয়াশ নিয়ে মুখের ভেতরটা পরিষ্কার করতে হবে, ঘুম ভাঙার পর এবং প্রতিবেলা খাওয়ার পর।

    শোয়া বা বসা অবস্থা থেকে দাঁড়ানোর সময় তাড়াহুড়া করা যাবে না। ধীরেসুস্থে, প্রয়োজনে কারও সাহায্য নিয়ে উঠতে হবে। হঠাৎ মাথা ঘুরে রোগী পড়ে যেতে পারে, এ কারণে রোগী হাঁটাচলার সময় (যেমন বাথরুমে যাওয়ার সময়) কেউ কাছে থাকা ভালো।

    জ্বর আসার দুই দিন আগে থেকে জ্বর সেরে যাওয়ার দুই দিন পর পর্যন্ত ডেঙ্গু রোগীর কাছ থেকে মশার মাধ্যমে জীবাণু ছড়াতে পারে। তাই এই মৌসুমে প্রত্যেকের বাড়িতেই মশারি ব্যবহার করতে হবে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই জ্বর সেরে যাওয়ার দুই দিন পর পর্যন্ত মশারি ব্যবহার করতে হবে।

    ডেঙ্গু জ্বর হলে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতেই হবে। মনে রাখবেন, জ্বর সেরে যাওয়ার পরের কয়েকটা দিনই বেশি ঝুঁকিপূর্ণ।

    প্লাটিলেটই শেষ কথা নয়

     

    প্লাটিলেট কমে যাওয়া নিয়ে আতঙ্কে থাকেন কেউ কেউ। তবে ডেঙ্গুর মূল জটিলতা কিন্তু প্লাটিলেট কমে যাওয়া নয়। পানিশূন্যতা, রক্তচাপ কমে যাওয়ার মতো জটিলতাগুলো এড়ানো সম্ভব হলে রোগীর জীবন বেঁচে যায়। লবণযুক্ত তরলের সাহায্যে রক্তচাপ স্বাভাবিক রাখাটাই মূল বিষয়। তা ছাড়া এমন কোনো ওষুধ বা পথ্যও নেই, যা সেবন মাত্রই ডেঙ্গু সেরে যাবে কিংবা প্লাটিলেট বেড়ে যাবে। প্লাটিলেট কমে যাওয়া প্রতিরোধ করতে আগেভাগে রোগীর শরীরে প্লাটিলেট পরিসঞ্চালন করেও লাভ নেই।

    বিপদচিহ্ন

    পেটব্যথা কিংবা পেটে স্পর্শ লাগলে ব্যথা, পেট ফোলা, ২৪ ঘণ্টার মধ্যে অন্তত তিনবার বমি, প্রচণ্ড ক্লান্তি, অস্থিরতা, জ্ঞানের মাত্রা কমে যাওয়া (এলোমেলো কথা বলা, কাউকে চিনতে অসুবিধা হওয়া), একেবারেই খেতে না পারা, হাত-পা ঠান্ডা হয়ে আসা, শ্বাসকষ্ট কিংবা যেকোনো ধরনের রক্তপাত ডেঙ্গু জ্বরের বিপদচিহ্ন। এগুলোর যেকোনোটি দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

    রক্ত পড়তে পারে নাক থেকে, মুখ থেকে, মাড়ি থেকে, সর্দি বা কাশির সঙ্গে, প্রস্রাব বা পায়খানার পথ দিয়ে। রক্তপাত হতে পারে ত্বকের নিচে, যা লালচে ফুসকুড়ির মতো দেখাবে। কারও কারও এমনিতেই ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত যায়। ডেঙ্গু জ্বর হওয়ার পর এভাবে রক্ত গেলে চিকিৎসককে জানাতে ভুলবেন না।

    মেয়েদের ক্ষেত্রে মাসিকের তারিখ ছাড়াই মাসিক হতে পারে ডেঙ্গুজনিত রক্তক্ষরণ হিসেবে, কিংবা জ্বরের সময় মাসিক হলে ডেঙ্গুর কারণে স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হতে পারে কিংবা রক্তের চাকা বা দলা পড়তে পারে। এগুলো সবই গুরুত্বপূর্ণ উপসর্গ।

    এসব বিপদচিহ্ন না থাকা সত্ত্বেও চিকিৎসক যদি ভর্তির পরামর্শ দিয়ে থাকেন, তাহলে দেরি করবেন না। অভ্যন্তরীণ রক্তপাত হলে বিশেষজ্ঞ ছাড়া অন্য কেউ না–ও বুঝতে পারেন। যেকোনো জটিল রোগীর জন্য একটি মিনিটও গুরুত্বপূর্ণ।

    বিশেষ ক্ষেত্রে

    বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। অনেকেরই দীর্ঘমেয়াদি রোগ থাকে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, লিভারের রোগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর হলে একেবারেই অবহেলা করা যাবে না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    ডেঙ্গু জ্বর হলে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ বন্ধ রাখতে হতে পারে। ডায়াবেটিসের সব ধরনের ওষুধ এ সময় নিরাপদ নয়। হৃদ্‌রোগের ওষুধের কারণে প্লাটিলেট কমে যেতে পারে। তাই কোন ওষুধ চালানো যাবে, আর কোনটা যাবে না, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়াই নিরাপদ।

    দীর্ঘমেয়াদি কিডনি রোগ কিংবা হার্ট ফেইলিওরে আক্রান্ত ব্যক্তি জ্বরের সময় কতটা পানি এবং লবণ গ্রহণ করতে পারবেন, তা বিশেষজ্ঞের থেকে অবশ্যই জেনে নিন। গর্ভবতী মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গর্ভের শিশুর ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়ের অসুস্থতায় চিকিৎসা নিন।

    প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথানাশক সেবন করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন করবেন না।

    শিশুদের জটিলতার হার বেশি

    শিশুরা খুব সহজেই পানিশূন্য হয়ে পড়ে। তাই সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন বলেই জানালেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক সাঈদা আনোয়ার। শিশুর জ্বর হলে প্রথম দিনেই পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিলেন তিনি। শিশুবিশেষজ্ঞের তত্ত্বাবধানেই চিকিৎসা করানো প্রয়োজন। বাড়িতে নানান ধরনের পানীয় ও তরল খাবার তৈরি করে দিন, অল্প অল্প করে বারবার দিন। ওদের পানীয়তেও খানিকটা লবণ যোগ করে দিন। ওরস্যালাইনও খাওয়ান। যেসব শিশু মায়ের দুধ খায়, তাদের মায়ের দুধ দিতে হবে বারবার। ছয় মাস পূর্ণ হওয়ার আগে অন্য কোনো খাবার বা তরল দেওয়ার সুযোগ নেই। যেকোনো বয়সী শিশু যদি মুখে পর্যাপ্ত পরিমাণে তরল খেতে না পারে, তাহলে হাসপাতালে নিয়ে শিরাপথে স্যালাইন দেওয়ার প্রয়োজন পড়ে। তা ছাড়া শিশু নিস্তেজ হয়ে পড়লে বা অতিরিক্ত ছটফট করলে, প্রস্রাবের পরিমাণ কমে গেলে কিংবা অন্য কোনো বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত হাসপাতালে নিন। পাতলা পায়খানা বা কোষ্টকাঠিন্য হলে চিকিৎসকের পরামর্শ নিন।

    প্রতিরোধ

    • পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাড়িতে ও বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেবেন না। তা সেই পানি পরিষ্কারই হোক আর অপরিষ্কারই হোক।
    • দিন, রাত ও সন্ধ্যায় মশারি ব্যবহার করুন। বাসায় নেট লাগিয়ে নিতে পারেন।
    • শরীর যতটা সম্ভব, আবৃত রাখুন। ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরা ভালো।
    • মসকিউটো রিপেল্যান্ট ব্যবহার করুন। তবে শিশুদের ক্ষেত্রে রিপেল্যান্ট ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন সেটি শিশুর উপযোগী কি না। তা ছাড়া কোনো রিপেল্যান্ট কারও হাতের তালু কিংবা মুখে লাগানো উচিত নয়।

     

  • প্রসঙ্গ: ডেঙ্গু, রক্তে প্লাটিলেট বাড়াতে যা খাবেন

    ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেটের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তনের মাধ্যমে এই প্লাটিলেটের মাত্রা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছু খাবারের বিশেষ ভূমিকা আছে।

    প্লাটিলেট হলো রক্তের কোষ, যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। একজন সুস্থ মানুষের প্রতি ১০০ মিলিমিটার রক্তে প্লাটিলেটের মাত্রা দেড় থেকে চার লাখ থাকা উচিত। প্লাটিলেটের ওপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা। আর তাই শরীরে প্লাটিলেটের অভাব হলে সহজে ক্লান্ত হয়ে যেতে পারেন। খুব সহজে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত ভিটামিন বি১২ খেলে শরীরে প্লাটিলেটের পরিমাণ বাড়ে। যেকোনো আমিষ খাবারেই এই ভিটামিন বি১২ প্রচুর পরিমাণে থাকে।

    পেঁপে ও পেঁপের পাতা

    মালয়েশিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে করা একটি গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। পাকা পেঁপের জুসও প্লাটিলেটের পরিমাণ বাড়াতে পারে। এ জন্য কারও রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে তাঁকে প্রতিদিন তাজা পেঁপে পাতা বেটে রস বের করে ১ চামচ করে দুই বেলা খাওয়ানোর পাশাপাশি পাকা পেঁপের জুসও খেতে দিতে পারেন।

    মিষ্টিকুমড়া ও কুমড়ার বীজ

    মিষ্টিকুমড়ায় রয়েছে রক্তে প্লাটিলেট তৈরির উপাদান ভিটামিন ‘এ’। রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে তাই নিয়মিত মিষ্টিকুমড়া খেতে পারেন। মিষ্টিকুমড়ার বীজেও রয়েছে প্লাটিলেট বৃদ্ধিকারী উপাদান। তাই ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে তাঁকে নিয়মিত মিষ্টিকুমড়া ও মিষ্টিকুমড়ার বীজ খেতে দিন।

    পালংশাক

    ভিটামিন কে–সমৃদ্ধ খাবার প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। তাই ভিটামিন কে–সমৃদ্ধ খাদ্য হিসেবে আপনি পালংশাককে বেছে নিতে পারেন। এতে ফোলেটও রয়েছে, যা প্লাটিলেট এবং কোষের বৃদ্ধিতে সহায়তা করে।

    লেবুর রস

    লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে খুবই সহায়ক। এ ছাড়া এতে থাকা ভিটামিন ‘সি’ প্লাটিলেটকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধেও ব্যাপক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু রোগীকে লেবু শরবত খাওয়ানো উচিত।

    আমলকী

    আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও অ্যান্টি–অক্সিডেন্ট। ডেঙ্গু রোগীরা নিয়মিত আমলকী খেলে তাদের রক্তের প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে। সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

    বিটের রস

    বিটের রস মুক্ত র‍্যাডিকেলের হাত থেকে শরীরকে রক্ষা করে এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত প্লাটিলেট বৃদ্ধিতে সহায়তা করে। তাই বিটের রস খেতে পারেন।

    অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস

    অ্যালোভেরার রয়েছে রক্তকে বিশুদ্ধ করার ক্ষমতা। রক্তে যেকোনো জীবাণুর সংক্রমণ রোধ করতেও অ্যালোভেরা কার্যকরী। তাই রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে ডেঙ্গু রোগীকে নিয়মিত অ্যালোভেরার জুস পান করাতে পারেন।

    ডালিম

    অনেকের কাছে ডালিম ফলটি খুবই প্রিয়। ডালিমের রস রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে, কারণ এতে রয়েছে প্রচুর আয়রন। এ ছাড়া ডালিমের রসে থাকা ভিটামিন শরীরের দুর্বলতা দূরীকরণেও কাজ করে। তাই রোগীকে প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস খেতে দিন। এই অভ্যাস দুই সপ্তাহ পর্যন্ত চালু রাখুন।

    খেয়াল রাখা জরুরি

    ডেঙ্গু রোগীর হজমশক্তি অনেকাংশে কমে যায় বলে বমি ও পেটব্যথা হতে পারে। রোগীর যকৃতে অস্বাভাবিকতা সৃষ্টি হয়ে রক্তে এসজিপিটির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই রোগীকে বাড়তি মসলা ও তেলচর্বিযুক্ত খাবার না খাওয়ানো ভালো। তবে তার খাবারে পর্যাপ্ত আমিষ উপাদান থাকা জরুরি। এ জন্য তাকে মাছ, মুরগি, দুধ, ডিম প্রভৃতি উপকরণে তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে দিতে হবে।

    লেখক: ইসরাত জাহান

    পুষ্টিবিদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল

     

  • উপকুল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

    আব্দুর রহমান: ভাঙন কবলিত ও নির্মাণাধীন উপকুল রক্ষা বাধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক মো. নাজমুল আহসান। শুক্রবার দুপুরের পর শ্যামনগর উপজেলার গাবুরার জেলেখালী ও নেবুবুনিয়াসহ পাশর্^বর্তী এলাকাসমুহের উপকুল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, বার বার ভাঙনের মুখে পড়ার কারনে চলতি বছর থেকে গাবুরাকে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব মো. নাজমুল আহসান নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন। এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুনগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেতনা, মরিচ্চাপ, পাখিমারা বিলের জলাবদ্ধতা নিরসনসহ পোন্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্থানীয় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

  • সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি জগলুল হায়দারের গণসংযোগ

    সাতনদী ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে অবস্থিত মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর হাট বাজারে আগত সর্বস্তরের জনগনের খোজখবরের পাশাপাশি ব্যাবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫ টায় গনসংযোগ ও কুশল বিনিময়কালে সরকারের উন্নয়ন তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলি, শ্যামনগর সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাংবাদিক জিএম আকবর কবীর, বুড়িগোয়ালীনী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ভবতোষ মন্ডল, রমজাননগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বজলুর রশীদ, উপজেলা আ.লীগের সদস্য হাসিম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, যুবলীগ নেতা ও ইউপি সদস্য অহিদুল ইসলাম, শ্যামনগর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান এসএম ফেরদাউস হায়দারসহ উপজেলা আওয়ামীলীগ ও মুন্সিগঞ্জ ইউনিয়ন আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ ইউপি সদস্যবৃন্দ।

  • সাংস্কৃতিক বিপ্লবই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে: এমপি রবি

    সাতক্ষীরায় নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাংস্কৃতিক চর্চা ভালো। সাংস্কৃতিক বিপ্লবই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মানুষিকতার পরিবর্তন করা সম্ভব। আমাদের সাতক্ষীরার ছেলে মেয়েরা খেলা-ধূলায়, পড়া শোনা ও সাংস্কৃতিতে দেশের অন্যান্য জেলার থেকে ভালো। তিনি আরো বলেন, আমি ভারতের আগরতলায় বিশ^ সংস্কৃতি বলয়’র অনুষ্ঠানে, আমি বর্ধমানে ও কলকাতার অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছি কয়েকবার। এছাড়াও কুমিল্লাতে গিয়েছি বিশ^ সংস্কৃতি বলয়’র অনুষ্ঠানে এবং আবারও যাবো। সাংস্কৃতি আমার চিন্তা চেতনার মাঝে মিশে আছে। আমি নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র সকলকে ধন্যবাদ জানায় তাদের এই ভালো উদ্যোগের জন্য।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি চৈতালী মুখার্জী ও নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা শাহীদ হাসান রেবু ও অতুল কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুত্বে স্বাগত বক্তব্য ও আবু রায়হানকে সভাপতি ও নিশিকান্ত বিশ^াসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র উপদেষ্টা ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। নোঙ্গর মিউজিক্যাল একাডেমি’র সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

  • তালার ধুলন্ডায় আপন ভাইয়ের জমি দখল

    বিশেষ প্রতিবদক, তালা: তালার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমি জবর দখল করার অভিযোগ উঠেছে মাজেদ দফাদারের আপন ভাইয়ের বিরুদ্ধে। তথ্য সূত্রে জানাযায়, তালা উপজেলার ধুলন্ডা মৌজা ও ধুলন্ডা গ্রামের প্রিন্ট পর্চার ৯১ খতিয়ানের ৩৫৪ দাগের ৪৯ শতক জমির মধ্য ওয়ারেশ সূত্রে ৫ শতক জমি প্রাপ্ত হন মৃত আব্দুল মালেক দফাদারের ছেলে মাজেদ দফাদার। উক্ত ৫ শতক জমিতে শান্তিপূর্ন ভাবে দীর্ঘ বছর ভোগ দখল করে আসছিলেন তিনি। ওই জমির উপরে মাজেদ দফাদারের গাছ-গাছালি রোপন করা রহিয়াছে। তদত সত্বেও মাজেদ দফাদারের আপন ভাই আরিজুল দফাদার উক্ত জমি দাবি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আরিজুল দফাদার আদালতে ১৪৫ ধারার একটি মামলা দায়ের করেন। মামলার আদেশে অনুযায়ী নালিশী জমির স্থিতিবস্থা বাজায় ও ১ম পক্ষ ঘর সংস্কার করার আদেশ প্রদান করেন। আদালতের আদেশে আরও উল্লেখ্য করা আছে প্রথম পক্ষ নতুন ঘর নির্মাণ করিতে পারবেন না। কিন্তু ওই জমির উপরে ১ম পক্ষ আরিজুল দফাদারের কোন ঘর না থাকায় আইনের ফাঁককে কাজে লাগিয়ে রাতারাতি মাজেদ দফাদারে ভোগদখলীয় জমি জবর দখল করে নেন। এমতবস্থায় নিরুপায় হয়ে মাজেদ দফাদার আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়াতা চাইলে থানা প্রশাসন তাকে আদালতের দারস্ত হতে বলেন। ভুক্তভোগী মাজেদ দফাদার জানান, আমার পিতার মৃত্যুঅন্তে ৫ ভাই,২ বোন ও মায়ের জন্য জমি ভাগ করিয়া ৩৫৪ দাগের জমির মধ্য ওয়ারেশ অনুযায়ী ৫ শতক জমি ভোগদখল করিতেছিলাম। কিন্তু আমার আপনার ভাই উক্ত জমি রাতারাতি জবর দখল করিয়া দেন। আমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমি আইনুযায়ী ফেরত পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

  • বেনাপোলে পুলিশের অভিযানে ১৩জন আটক

    সোহাগ হোসেন, শার্শা: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী, ও নাহিদ হাচান নামে এক যুবককে ৩ বোতল ভারতীয় বাংলা মাদ’সহ মোট ১৩ জন আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন বেনাপোল মানকিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর করিমের ছেলে মো. ফারুক হোসেন (২৩), একুই গ্রামের আব্দুর রহিমের ছেলে মিন্টু মিয়া (৩৫), সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম, একুই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. মিজানুর রহমান, ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের মৃত রোক্কাঘ রক্কা মিয়ার ছেলে মো.ফারুক হোসেন (৩০), একুই গ্রামের মৃত জানে আলমের ছেলে মো. নাসরুল ইসলাম (৩৩), একুই গ্রামের মো. বাবলু হাওলাদার বাবুর ছেলে মো. রিপন, মানকিয়া উত্তরপাড়া গ্রামের জুনাব আলীর ছেলে জাহিদুর ইসলাম (২৯), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত শেখ আবু তাহেরের ছেলে মো. টুটুল শেখ (৩২), সাদিপুর গ্রামের মৃত সুখ চাদের ছেলে মো. সাইদুল ইসলাম (৪০), মানকিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কদম আলী মোড়লের ছেলে মো. আব্দুল করিম (৫২), বড়’আচড়া গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে মো. সুমন হোসেন (২৪), ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের ওমর লাইচ এর ছেলে নাহিদ হাচান (২০)। জানা গেছে, বিভিন্ন মামলার গ্রেফতারী পরোনাভক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঐ ১২ জন আসামীসহ নাহিদ হাচান নামে আরো এক যুবককে মোট ১৩ জন ব্যক্তিকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটককৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

    জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে গোবিন্দপুর আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় তাহমিনা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে। তিনি গোবিন্দপুর গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, অসুস্থ্য ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তায় মোটর ভ্যানের ধাক্কায় গুরত্বর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাহমিনা বেগমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সিরুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন।