
মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনে প্রথম পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নিয়মতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।
১৪ জুলাই ( মঙ্গলবার) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, শূন্য পদে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনের জন্য এই উপ-নির্বাচনের আয়োজন করা হয়। সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সারা দেশের সকল সদস্যদের ভোটের মাধ্যমে মেধা, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে মেহেদী হাসানকে প্রথম পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মেহেদী হাসান ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে তার বলিষ্ঠ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার কারণে তিনি ব্যাপক সমাদৃত। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে সাতক্ষীরা জেলা ও শহর শিবিরের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

