Home Blog Page 37

পাটকেলঘাটায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ

0
শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাদিকাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের নারীদের খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে বিল্লুমঙ্গল দাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদেশি একটি সংস্থার নাম ব্যবহার করে বিল্লুমঙ্গল দাশ গ্রামের অসহায় ও সহজ-সরল নারীদের বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। এর মধ্যে সপ্তাহে এক থেকে দুই কেজি আটা দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগও রয়েছে।
এ ঘটনায় কাদিকাটি গ্রামের মন্দিরের সামনে স্থানীয়দের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিল্লুমঙ্গল দাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।
স্থানীয় শিবুপদ দাশ অভিযোগ করেন, বিদেশি সংস্থার নাম ব্যবহার করে গ্রামের অসহায় নারীদের জন্য অর্থ সংগ্রহ করে তা আত্মসাতের অভিযোগ রয়েছে বিল্লুমঙ্গল দাশের বিরুদ্ধে। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
সভায় উপস্থিত গ্রামবাসীরা ধর্ম পরিবর্তনকারীদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার বিষয়ে মত দেন। তবে কাউকে ধর্ম পরিবর্তনে বাধা দেওয়া যাবে না বলেও সভায় উল্লেখ করা হয়।
সভায় খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ইউপি সদস্য সুবীর দাশ, সাংবাদিক শাহীন আলম, বিএনপি নেতা ইমান আলী, অসীম দাশ, মনিরুল ইসলাম, সঞ্জয় দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে বিল্লুমঙ্গল দাশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

0
মোমিনুর রহমান/লিটন ঘোষ বাপি, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. ইব্রাহিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনে একটি মামলা গ্রহন করে। এঘটনায় অভিযান চালিয়ে লুটের ঘটনার পরিকল্পনাকারী আছাফুর রহমানকে গ্রেফতার করে।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামী মুলহোতা আছাফুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

0
ওমর ফারুক মুকুল, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, মোহনা টিভির সিনিয়র সাংবাদিক  আর.কে.বাপ্পাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সভায় দেশের সকল সেক্টরের উৎপাদন বৃদ্ধি, উপকারভোগীদের প্রশিক্ষন প্রদান ও দক্ষ কর্মী তৈরি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

0
মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
 ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমান।
ক্যাম্পে বিনা মূল্যে চোখের দৃষ্টি ত্রুটি, চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং ছানি রোগীদের বাছাই করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাছাই করা ছানি রোগীদের বিদেশি লেন্সের মাধ্যমে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে। ক্যাম্পে কম মূল্যে ওষুধ ও চশমা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়।
আয়োজকেরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ছানি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন।

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’- পুলিশ সুপার

0
# দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে সাতক্ষীরা, ৬১২ মণ্ডপে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি
মোজাফ্ফর রহমান: ‘শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের গুজব, অপপ্রচার, উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’—বলেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে জেলার ৬১২ টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। দৃশ্যমান পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। সাতক্ষীরার মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 দৃশ্যমান পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি পূজা কমিটি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, পূজা কমিটি, মন্দির কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও উৎসবমুখর দুর্গোৎসব নিশ্চিত করতে চায় জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলার সব থানার অফিসার ইনচার্জদের ইতোমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, জনসমাগমস্থল ও বিসর্জনস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, চলতি বছর সাতক্ষীরায় ৫৯১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসবকে ঘিরে জেলার বিভিন্ন মণ্ডপে চলছে নানা ব্যতিক্রমী আয়োজন। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে এবার দেড় লাখের বেশি দেশলাই কাঠি ও ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা। মণ্ডপটি ইতোমধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
অন্যদিকে কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়ার পূজামণ্ডপে প্রায় ৫০ কেজি পাটের আঁশ ব্যবহার করে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা। প্রতিমাটি দেখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ দুর্গাপূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১আব্দুল আলিম, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার শীলসহ সাত উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

0

লিটন ঘোষ বাপি:সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। এ ঘটনায় ফাতেমা খাতুনসহ দুজনকে আসামি করে দেবহাটা থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি অভিযানিক দল উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ফাতেমা খাতুনের ঘরের পাশ থেকে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স উদ্ধার করা হয়। পরে ওই স্থান থেকে ফাতেমা খাতুনকে আটক করা হয়। তিনি দক্ষিণ কুলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩)কে আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, এসআরবির পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

0

জি এম মুজিবুর রহমান: আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপকে এক মাস তেরদিন পর বদলী করা হয়েছে। গত ১৯ আগস্ট আশাশুনি থানায় ওসি হিসাবে যোগদান করেন। মাত্র ১ মাস ১৩ দিন আশাশুনিতে দায়িত্ব পালন করার সুযোগ পান তিনি।বদলীকৃত ওসি জাহাঙ্গীর আরিপ বলেন, বদলী আদেশ পেয়ে আমি এসপি স্যারের অফিসে যোগদান করেছি।

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

জি. এম. মুজিবুর রহমান : আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভাপতি কামরুন নাহার কচির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাছলিমা পারভিন আইরিনের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেহা হক কেয়া। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা মহিলা দলের সহ সভাপতি সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম এবং বিশেষ বক্তা ছিলেন, কামরুন্নাহার রিনা। সমাবেশে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মর্জিনা ইসলাম বেবী, নাজমা খাতুন, সেলিনা আক্তার, ঝর্ণা খাতুন, রহিমা পারভিন কবিতা ও রমেচা খাতুন।

 

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

0

মাসুম বেলাল কাইয়ুম:সাতক্ষীরার শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বাড়িতে দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।শনিবার (৩রা অক্টোবর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন না বসতভিটার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করে অভিযুক্ত করিম ও তার পরিবার। অস্বাস্থ্যসম্মত পরিবেশে পোল্ট্রি চাষ করায় আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবেশসম্মতভাবে পোল্ট্রি চাষ করার অনুরোধ জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে তারা বিজ্ঞ আদালতে একটি মিথ্যা পিটিশন মামলা দায়ের করেন। আগামী ৬ অক্টোবর পিটিশনটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। ভুক্তভোগীকে আইনের কাছে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এক মাস ধরে হারিয়ে যাওয়া সংবাদকর্মীর পোষা ৩টি কবুতর আটকে রাখে করিম ও তার স্ত্রী খাদিজা। গতকাল স্থানীয়দের সহযোগিতায় কবুতর গুলো আনতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এরই ধারাবাহিকতায় আজ (৩রা অক্টোবর) সকাল ১০টায় করিমের উন্ধনে তার স্ত্রী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশীর উপর অতর্কিত হামলায়। এসময় খাদিজা বেগম ভুক্তভোগী পরিবারকে উদ্দেশ্য করে বাজে উক্তি করতে থাকে। পরিবারটি কোনরকম ভ্রুক্ষেপ না করায় সংবাদকর্মীর বসতবাড়ির সীমানা পিলার উপড়ে ফেলে। এর কিছুক্ষণ পর তার ভিটা থেকে মাটি কেটে ধানের জমিতে ফেলে দেয়। বাঁধা দেওয়ার চেষ্টা করলে হিংস্র মহিলা খাদিজা বেগম কোদাল, লোহার শাবল ও দা নিয়ে তাকে মারপিট ও খুন করার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় তারা বসতভিটার ক্ষতি সাধন, মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিবাদীদের এমন উগ্র ও বেপরোয়া আচরণে যেকোনো মুহূর্তে বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর আইনি সহায়তা পেতে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ পিয়ার আলী বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

0

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করছে। দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা দুর্গাপূজা উদযাপন নিয়ে তাঁদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, ডিআইও-১ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।