Home Blog Page 30

দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

0

দেবহাটা প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫ টি বাইসাইকেল, ৩০ টি স্কুল ব্যাগ ও ৩০টি ফুটবল বিতরণ করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা সিনিয়র কৃষি অফিসার শওকত ওসমান, পল্লী দারিদ্র বিমোচক কর্মকর্তা সন্দীপ কুমার, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

0

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর, পুকুরপাড় থেকে মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোনটি ভেঙে পেলে। পরে তার জামা কাপড় একটি ট্রাভেল ব্যাগে বহন করে বাড়ি থেকে বের হয়ে যান মারুফ। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি, পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে, ডার কোন সন্ধান পাননি।

 

বুধবার রাতে বাড়ির পাশে ধানখেত সংলগ্ন পুকুরপাড়ে মারুফের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে, স্থানীয়রা পুলিশকে খবর দেন। সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।

 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হযরত আলী মিলন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, গলায় গামছা বাঁধা লাশটি পুকুর পাড ও ধানখেতের মধ্যে পড়ে আছে। গামছার একটি অংশ পুকুর পাড়ে গাছের ঢালেরৈ মধ্যে বাঁধা ছিল, ওপর অংশ লাশের গলায় পেঁচানো ছিল। গলায় থাকা গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে যাওয়ার পর তিনি ধানখেতে পড়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের সমাপণী

0

শ্যামনগর প্রতিবেদক: সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন ও যুবদল থেকে ৩ জন সদস্য প্রমূখ।

 

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী ।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসি ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

 

আলোচনা ও প্রশিক্ষণ শেষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে সুশান্ত সরদার বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের নিজেদের এবং এলাকার অনেক উন্নয়ন করতে পারব।

বিথীকা রানী বলেন, আমাদের এলাকায় একটি জলবদ্ধতা সমস্যা আছে। আমি এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে উক্ত সমস্যাটা নিয়ে এ্যাডভোকেসি করব।

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য নেই চিকিৎসার

0
নিজস্ব প্রতিবেদক: চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছে সুনীল দাসের। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করাতে পারেননি। এখন চোখের অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
সুনীল দাস সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা। বয়স ৫৯ বছর। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও সামর্থ্যের অভাবে নিয়মিত চিকিৎসা নিতে পারছেন না তিনি।
পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে সুনীল দাসকে খুলনায় চক্ষু চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চোখে অস্ত্রোপচারের প্রয়োজনের কথা জানানো হয়। কিন্তু অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে না পারায় শেষ পর্যন্ত সেই চিকিৎসা আর করা হয়নি। এরপর কেটে গেছে কয়েক বছর।
সুনীল দাসের স্বজন গৌতম দাস বলেন, ‘আমার কাকা পাঁচ-ছয় বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন। একবার খুলনায় নিয়ে ডাক্তার দেখিয়েছিলাম। অপারেশন করার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় অপারেশন করাতে পারিনি। এখন তাঁর চোখের অবস্থা খুবই খারাপ।’
কথা বলতে বলতে গৌতমের কণ্ঠে অসহায়ত্ব ফুটে ওঠে। তিনি বলেন, ‘আমরা চাই কাকার চোখের চিকিৎসা হোক। তিনি যেন আবার ভালোভাবে দেখতে পারেন। কিন্তু আমাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।’
স্বজনদের ভাষ্য, চিকিৎসার অভাবে সুনীলের স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। চোখের চিকিৎসা করানোর ইচ্ছা থাকলেও অর্থের অভাব তাঁর সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সুনীল দাসের বাবার নাম কুটু দাস এবং মায়ের নাম রাজকুমারী দাসী। তাঁর জন্ম ১৫ জুলাই ১৯৬৭। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মরাজপুর গ্রামে।
সুনীল দাসের চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীদের ০১৪০১৪৬৪২৭০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তাঁর স্বজনেরা। একই নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে সহায়তা পাঠানোর কথাও জানানো হয়েছে।
স্বজনদের প্রত্যাশা, সামর্থ্যবান ব্যক্তি, সমাজসেবী ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে সুনীল দাসের চোখের প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হবে। দীর্ঘদিনের অন্ধকার পেরিয়ে আবারও হয়তো তাঁর চোখে ফিরতে পারে পৃথিবী দেখার আলো।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

0
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর ২০২৬ রাত ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬ টি একনলা বন্দুক, ৩ টি এয়ারগান, ১ টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃআব্দুর রউফ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান।

এ সময় বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন,“আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি, তো কী হয়েছে? আমার দল তো রাষ্ট্রীয় ক্ষমতায়,সাতক্ষীরার উন্নয়নে যে কাজই হোক না কেন, আমাদের হাত দিয়েই হবে।”

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। “আজ সংস্কার কাজের উদ্বোধন করে যাচ্ছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই বেইলি ব্রিজ ভেঙে খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব, ইনশাআল্লাহ।”

বক্তারা আরও জানান, প্রথম পর্যায়ে সংস্কারের জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ হলেও তা দিয়ে সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। পরবর্তীতে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিম ভিশন কন্সট্রাকশন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

0

শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হল রুমে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫০ জন শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
রোটারিয়ান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থাভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। দেশের উন্নয়নে সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান আখতারুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান হবি, রোটারিয়ান মো. আশরাফুল করিম ধনী, রোটারিয়ান মো. মাগফুর রহমান, রোটারিয়ান ফারহা দীবা খান সাথী, রোটারিয়ান মশিউর রহমান বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান এসএম মিজানুর রহমান, সার্জেন্ট অব আর্মস রোটারিয়ান নাসিমা খাতুন, রোটারিয়ান মো. গোলাম রসুল ও রোটারিয়ান তারিনা তাজরিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা রোটারী ক্লাবের মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

0

মোমিনুর রহমান:  দেবহাটা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার নুরুল ইসলাম, দেবহাটা আনসার ভিডিপির সহকারী কোম্পানি কমান্ডার নুর হোসেন, দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অজয় কুমার, গাজীরহাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার, দেবহাটা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ এবং দক্ষিণ পারুলিয়া মন্দির কমিটির সভাপতি ও ইউপি সদস্য অসীম কুমার প্রমুখ।
সভায় উপজেলার মোট ২১টি দুর্গোৎসব মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি মন্দিরে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় স্বেচ্ছাসেবক দল গঠন করা সার্বক্ষণিক নজরদারির সুবিধার্থে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
মণ্ডপগুলোতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা যাতায়াত ও প্রতিমা দর্শনের সুব্যবস্থা রাখা হবে।
উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ভিজিলেন্স টিম মাঠে সক্রিয় থাকবে।
পুলিশ, আনসার ও বিজিবি বাহিনীর সমন্বয়ে প্রতিটি মণ্ডপে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত এই পদক্ষেপে দেবহাটায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

0

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আপসনামা পর্যালোচনা করে আদালত বলেছেন, ‘এ ধরনের অনাপসযোগ্য মামলায় একটা আপসনামার ওপরে ভিত্তি করে জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হবে।’

পরে আদালত জামিন আবেদন না মঞ্জুরের আদেশ দেন। মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই—আসামিপক্ষের এমন দাবি তুলে ধরার পর আদালতে জামিনের আবেদন করা হয়। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি বলেন, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষেরও জামিনে আপত্তি নেই।তবে শুনানি শেষে আদালত নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেন। মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার পরদিন নজরুলের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নজরুলের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

 

 

 

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

0

কলারোয়া প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবি সদস্যরা।এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট’র উপজেলা সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশীত রায় চৌধুরী, প্রদীপ পাল (ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, জয়ন্ত, শম্ভু, রঞ্জিত, দীপক ঘোষ ও অমিত চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন।সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কলারোয়া উপজেলায় এ বছর মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। সবগুলো পূজামণ্ডপ সিসি ক্যামেরায় আওতায় থাকছে বলে জানা যায়।