Home Blog Page 13

আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জাসাসের আহবায়ক করা হলো প্রতাপনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। গত ২৩ অক্টোবর মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক সাইফুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব শরিফ ইমরান টিটো।

এদিকে কমিটি ঘোষণার পর তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে প্রতাপনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। অনতিবিলম্বে তারা এই কমিটি বাতিল এবং মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

এছাড়া এই কমিটি ঘোষণা করায় তীব্র সমালোচনা করে আ.লীগ নেতাদের সাথে মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতার ছবি এবং তার পদপদবীর তালিকা সংশ্লিষ্ট ছবিও ফেসবুকে পোস্ট করেছেন।

প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়সাল হোসেন বলেন, মোস্তাফিজুর রহমানের বাড়িতেই আ.লীগের অফিস ছিল। সে এবং তার ভাইরা আ.লীগের ক্যাডার। আ.লীগের লাঠিয়াল বাহিনীর প্রধান ছিলা মোস্তাফিজুর রহমানের ভাই রিয়াসাত আলী সরদার। মোস্তাফিজুর রহমানের মত আ.লীগ ক্যাডারকে যদি বিএনপিতে আশ্রয় পায় তবে আমাদের আর দল করে লাভ নেই। ১৭ বছর নির্যাতন সহ্য করে এই দল করছি। আর এখন যদি বিএনপির তাদেরকে বেশী প্রয়োজন হয় তাহলে আমাদের বাদ দিয়ে দিক।

এ ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক সাইফুল ইসলাম বাচ্চু বলেন, যুবদলের কমিটিতে তার নাম দেখে তাকে জাসাসের আহবায়ক করা হয়েছে। তবে আ.লীগের সংশ্লিষ্টতা পেলে কমিটি বিলুপ্ত করা হবে।

এ বিষয়ে জানার জন্য মোস্তাফিজুর রহমানের কাছে কল দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি দাবি

0

#পূজার সুরক্ষায় ‘ঘুষের ছড়াছড়ি’, কর্তাদের পকেট ভারী!

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরার শ্যামনগরে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পাইয়ে দেওয়ার কথা বলে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং তাঁর কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের দাবি, ডিউটিতে নিয়োগের আশ্বাস দিয়ে জনপ্রতি ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, টাকা না দেওয়ায় তাঁদের দায়িত্ব দেওয়া হয়নি। এ ঘটনায় একাধিক ভুক্তভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬ সালের ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট দিনের জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৭১টি পূজামণ্ডপের মধ্যে এবার ১টি মণ্ডপে পূজা উৎযাপন হয়নি। সেকারণে ৭০টি পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য অনলাইনে আবেদন করেন ১ হাজার ৭০০ জন। তাঁদের মধ্য থেকে ৪৫০ জনকে নির্বাচিত করে দায়িত্ব দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, অনলাইনে  আবেদন করেও দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে তাঁদের অর্থ লেনদেনের চাপের মুখে পড়তে হয়েছে। কয়েকজনের দাবি, ইউনিয়ন দলনেতা বা টিম লিডারের মাধ্যমে তাঁদের কাছে টাকা চাওয়া হয়। আবার কেউ কেউ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন।
৩৪ সদস্যের কাছ থেকে ২৬ হাজার ৯০০ টাকা সংগ্রহের অভিযোগ
রমজাননগর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলপতি মো. রুহুল আমিন অভিযোগ করেন, তাঁর এলাকার ৩৪ জন সদস্যকে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে অন্তর্ভুক্ত করার বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে জানানো হয়, শুধু অনলাইনে আবেদন করলেই দায়িত্ব পাওয়া নিশ্চিত নয়; এ জন্য টাকা দিতে হবে।
রুহুল আমিনের ভাষ্য অনুযায়ী, পরে তিনি ৩৪ জন সদস্যের কাছ থেকে মোট ২৬ হাজার ৯০০ টাকা সংগ্রহ করেন। এরপর উপজেলা কর্মকর্তার সঙ্গে দেখা করে টাকা দিতে চাইলে তাঁকে সহকারী ট্রেইনার ইনস্ট্রাক্টর (টিআই) আলমগীর হোসেনের কাছে টাকা জমা দিতে বলা হয় বলে তিনি দাবি করেন। সেই নির্দেশনা অনুযায়ী আলমগীর হোসেনের কাছে টাকা দেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
রুহুল আমিন আরও দাবি করেন, নিজের ছেলের ডিউটির বিষয়ে জানতে চাইলে তাঁকেও টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। তাঁর অভিযোগ, অর্থ দেওয়ার পর সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব পালনের জন্য নির্বাচন করা হয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতারা ২০ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
টাকা না দেওয়ায় ডিউটি না পাওয়ার অভিযোগ
অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি (সশস্ত্র) সদস্য শেখ মনিরুল ইসলাম অভিযোগ করেন, ২০২৬ সালের দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পাওয়ার জন্য তাঁর কাছে এক ইউনিয়ন টিম লিডার ১ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা না দিয়ে অনলাইনে আবেদন করেন।
মনিরুলের দাবি, বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী ট্রেইনার ইনস্ট্রাক্টর (টিআই) আলমগীর হোসেনকে জানালে তাঁকে বলা হয়, টাকা ছাড়া ডিউটি হবে না। পরে তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মনিরুল আরও দাবি করেন, বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। বরং ঘটনা প্রকাশ না করার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয় এবং ভবিষ্যতে আর কোনো ডিউটি দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মনিরুল ২২ অক্টোবর ২০২৬ তারিখে বাহিনীর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
একাধিক সদস্যের একই ধরনের অভিযোগ
শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের আনিচ হোসেন, কৃষ্ণপদ জোয়ারদার, যাদবপুর গ্রামের মুকুল হোসেন, সোনাখালী গ্রামের আশরাফুল এবং ভৈরবনগর গ্রামের ইসরাফিল হোসেনসহ আরও কয়েকজন সদস্য একই ধরনের অভিযোগ করেছেন।
তাঁদের দাবি, দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পেতে অনলাইনে আবেদন করার পর ইউনিয়ন দলনেতার মাধ্যমে জনপ্রতি ১ হাজার টাকা করে চাওয়া হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে, সোনাখালী গ্রামের ইউনুস আলী ও একই গ্রামের সবুজ মণ্ডলের কাছ থেকেও ডিউটি পাইয়ে দেওয়ার কথা বলে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পরবর্তী সময়ে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মনিরুল ইসলাম।
ভুক্তভোগীদের ভাষ্য, দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে প্রকৃত যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা বঞ্চিত হতে পারেন। এতে বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সারাদেশে ২ লাখ ১২ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মোট ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের তথ্য দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ সদস্য ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন এবং নারী সদস্য ৬৬ হাজার ৩৩০ জন।
বাহিনীর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, সাধারণ পূজামণ্ডপে ছয়জন এবং অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে আটজন করে সদস্য মোতায়েনের ব্যবস্থা ছিল বলে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারের কথাও জানা গেছে।
এমন একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা কার্যক্রমে দায়িত্ব বণ্টন নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে কীভাবে চূড়ান্ত নির্বাচন করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের ভূমিকা কী ছিল—এসব বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে।
অভিযোগের বিষয়ে সহকারী ট্রেইনার ইনস্ট্রাক্টর (টিআই) আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন।”
অন্যদিকে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনের সঙ্গে সরাসরি আলাপকালে শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তায় আনসার ও ভিডিপি ডিউটি বন্টন ও নির্বাচন করার ক্ষেত্রে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্যের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট মো. ইবনুল হক মুঠোফোনে বলেন, “আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই। ডিউটি বণ্টনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আনসার সদস্যদের ডিউটি বন্টনে ঘুষ বানিজ্যের সাথে জড়িত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন ও তার সহযোগী (টিআই) আলমগীর হোসেন এর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার দোকানঘর গুড়িয়ে নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি সাকিলের চায়ের দোকানঘরে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজের নেতৃত্বে একটি গ্রুপের বিরুদ্ধে। ওই ঘটনায় প্রতিকার চেয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মাহফুজসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

সরেজমিনে গেলে সাকিল বলেন, এল্লারচর আশ্রয়ণ প্রকল্পে আমরা বসবাস করি। দীর্ঘ ৩০ বছর ধরে আমার শ্বশুর সরকারী ওই জায়গায় চায়ের দোকান দিয়ে জীবীকা নির্বাহ শুরু করেন। দোকান করার ৬/৭ বছর পর দোকানে দক্ষিণ পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। সেখান থেকেই মুসুল্লিরা মসজিদে নামাজ আদায় করছেন। ২০১৭ সালে আমার শ্বশুরের দোকানের উত্তর পাশে একটি ইবতেদায়ী মাদ্রাসা নির্মাণের জন্য জায়গা নির্ধারিত হয়। এরপর আমার শ্বশুরের দোকানটি নিয়ে আমি চায়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। এছাড়া আমি ফিংড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি হওয়ার পর দোকানের উপরে দলীয় সাইনবোর্ড দিয়ে সাংগঠনিক কাজও সম্পাদন করছি।

 

তিনি আরো বলেন, গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা বাঁশের লাঠি ও লোহার রডসহ আমার চায়ের দোকানে প্রবেশ করেন। এ সময় আমাকে গালিগালাজ ও মারধর করা হয়। পাশাপাশি দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়।

 

সাকিল অভিযোগ করে বলেন, তারা আমার দোকান গুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এতে আমার দোকানের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্সতি হয়েছে। এছাড়া দোকান থেকে আনুমানিক ১০ হাজার টাকার মালামাল, ক্যাশে থাকা দুই হাজার টাকা এবং আমার পকেটে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে গেছে তারা। যাওয়ার সময় আমার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, এখন তারা বলছে ওই জায়গা বেড় দিয়ে ইবতেদায়ী মাদ্রাসা করবেন। একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে মাদ্রাসা নির্মাণ করা যাবে এটি কোন আইনে আছে? আর সরকারী জায়গায় নির্মিত দোকান প্রয়োজনে সরকার উচ্ছেদ করবে। তাহলে অভিযুক্তরা কেন আমার ব্যবসা প্রতিষ্ঠানটি ধ্বংস করলো?আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে এর বিচার চাইছি।

 

এ বিষয়ে জানতে চাইলে যুবদল মেতা মাহফুজ বলেন, আল্লাহ ও রাসুলকে সন্তুষ্ট করার জন্য এলাকাবাসীর সাথে আমি ভাংচুর করতে গিয়েছিলাম। মাদ্রাসা করার জন্য তাকে জায়গা ছেড়ে দিতে বলা হলেও সে আমাদের কথা শোনেনি। তাই ভাংচুর করা হয়েছে।

 

ফিংড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, চায়ের দোকান ও দলীয় কার্যালয়ের আড়ালে শাকিল মাদক ব্যবসা, জুয়া ও চোরাকারবারীর কাজ করছিলো। এতে মসজিদের মুসুল্লিদের অসুবিধা হচ্ছিল। তাছাড়া সে আমাকে গালি দিয়েছিল। এজন্য আমি ভাংচুরে অংশ নিয়েছিলাম।

 

ফিংড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাঈম বলেন, আধিপত্য বিস্তার এবং বিশেষ কারণে একটি মহল সাকিলের জীবিকার একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। আমি এটির ন্যায় বিচার প্রত্যাশা করছি।

 

সাতক্ষীরা থানার এএসআই সোহেল বলেন, এ ব্যাপারে সাকিল একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে বৃদ্ধকে রক্তাক্ত করল দুর্বৃত্ত”

0

শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: জীবনের শেষ প্রান্তে এসে যে ভ্যানটি ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই ভ্যানটিই কেড়ে নিতে তাঁকে রক্তাক্ত করল দুর্বৃত্তরা। যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন সড়কে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হলো ৬০ বছর বয়সী বৃদ্ধ মফেজ উদ্দিন মোড়লকে। এরপর তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহত মফেজ উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে নিজের ভ্যান নিয়ে অবস্থান করছিলেন মফেজ উদ্দিন। এ সময় কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাওয়ার কথা বলে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর ভ্যান ভাড়া করেন। ১৫০ টাকা ভাড়া ঠিক করে ওই ব্যক্তি ভ্যানে ওঠেন। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে রওনা হন বৃদ্ধ।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বদলে যায় দৃশ্যপট। নির্জন সড়কে পৌঁছালে সুযোগ বুঝে ওই যাত্রীবেশী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। জীবিকার একমাত্র সম্বলটি বাঁচানোর সুযোগ তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়ে তাঁর জন্য।

রক্তাক্ত বৃদ্ধকে সড়কের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্ত। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল স্বীকারোক্তি

0

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুলে ঘুসুড়ি বাজার সংলগ্ন এল.জি.ইডির ৬৪০ মিটার দৈর্ঘ্যের ১০ ফুট প্রস্থের নতুন একটি রাস্তা যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। রাস্তার কাজের প্রায় ৪০% যেতে না যেতেই ঠিকাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে এলাকাবাসীর ব্যাপক অভিযোগ উঠেছে। যার বাস্তব সত্যতা ও প্রমাণ মিলেছে।

 

সরজমিনে পরিদর্শন করে টেন্ডার পাওয়া মেসার্স বিশ্বজিৎ কনস্ট্রাকশন রাস্তা নির্মাণের প্রথম ৮০ মিটার সব নিয়ম মেনে করলেও পরের অংশ থেকে দুই নাম্বার ইটের খোয়ার সাথে রাতের আঁধারে ভাটার পরিত্যক্ত মাটি মিশ্রিত বালি ও রাবিশ ভরাটের প্রমাণ মিলেছে। রাস্তার দৈর্ঘ্য ১০ ফুট ওয়ার্ক সিডিউলে থাকলেও বাস্তবে কোথাও কোথাও ৮.১০ ফুট থেকে ৯ ফুট পাওয়া গেছে।

 

এছাড়া ৩টি বৈদ্যুতিক পোল রাস্তার মাঝখানে রেখেই চলছে কাজ যা অপসারণের ব্যবস্থা করা হয়নি। বারবার এলাকাবাসী সিডিউল দেখতে চাইলে দেখানো পর্যন্ত হয়নি। খোয়ার সাথে মাটি ও রাবিশ মিশ্রণের বিষয়টি ধরা পড়ার পর ঠিকাদার কর্তৃপক্ষ তড়িঘড়ি উপরে পানি দিয়ে দেয় যেন তা ধরা না পড়ে। এসব জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গত ৪ দিন যাবত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।

 

রাস্তার কাজ সম্পন্ন হলে ১০০০ এর অধিক স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু রাস্তার দুই পাশে বসতবাড়ি, ফসল ও মৎস ঘের রয়েছে যার পানি অপসারণ ব্যবস্থার ৩ ফুট প্রস্থের পাকা ড্রেন থাকলেও ৯০ ফুট পরে অজ্ঞাত কারনে সেটিও উধাও হয়ে যায়। রাস্তা কাঁচা থাকা অবস্থায় পানি কোনভাবে নিষ্কাশন হলেও বর্তমান পাকা রাস্তায় তার কোন বাজেট বা পরিকল্পনা রাখা হয়নি। যার ফলে রাস্তাটির ভবিষ্যৎ হবে ভয়াবহ।

 

এসব দুর্নীতির বিষয় নিয়ে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান, “তিনি বর্তমানে পূজার ছুটিতে বাড়িতে আছেন, তবে রবিবার সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিবেন এবং সিডিউল অনুযায়ী কাজ না হলে অর্থ পরিশোধ করা হবে না”।

 

এরপর ঠিকাদার কর্তৃপক্ষের পক্ষে ম্যানেজার মো: মুন্নার সাথে সরাসরি দেখা করে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একটি পয়েন্টে রাস্তার বিপরীতে পাঁচিল থাকায় রাস্তা ৯ ফুট করতে হয়েছে। খোয়ার সাথে রাবিশ মিশ্রণের ব্যাপারে বলেন, পূজার জন্য এক স্থানে মজুদ রাখা ২ গাড়ি খোয়া দ্রুত স্থানান্তরের ফলে এমন অঘটন ঘটেছে। আমি আজই ত্রুটিপূর্ণ খোয়া উঠিয়ে সম্পূর্ণ নতুন খোয়ার ব্যবস্থা করছি।

 

এলাকাবাসীকে কেন সিডিউল দেখানো হয়নি জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। তবে তিনি রিপোর্ট টি প্রকাশ না করার জন্য বারংবার অনুরোধ করেন”। এখন এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দাবি, যেন সিডিউল মোতাবেক এই রাস্তা নির্মাণ করা হয়, অন্যথায় কাজ বন্ধ থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

0

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু স্বাক্ষর শীল মিঠুন শীলের সন্তান। ঘটনার সময় শিশুটি বাড়ির আশপাশে ছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

দুই বছরের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড

0
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় জবাইকৃত ঘোড়ার মাংসসহ ১জন কে আটক করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। খুলনার এসআরবি (র‍্যাব-৬) সাতক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে আনিসুর রহমান ওরফে (পলাশ) (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে । পরবর্তীতে  একটি ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে’ এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আটকৃত আনিসুর রহমান পলাশ কাঞ্চনপুর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, এসআরবি (র‍্যাব-৬) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জাইন উদ্দীন মো. জিয়াদের নির্দেশনায় ও অফিসার নাসির উদ্দিনের নেতৃত্বে এসআরবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাউথ বেঙ্গল ক্যাটল ফার্ম থেকে তিনটি রোগাক্রান্ত ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করছিলো।সেসময়ে প্রায় ৩ মণ মাংস এবং একটি জীবিত ঘোড়াসহ মূলহোতা পলাশকে হাতেনাতে আটক করা হয়। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা টিনের প্রাচীর টপকে পালিয়ে যায়।
পরবর্তীতে একই দিনে দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশরাফুল কবির, এসআরবি (র‍্যাব-৬)-এর সঙ্গীয় ফোর্স ও ডুমুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১৯’-এর ১৬ (ক) ধারায় সাজাপ্রাপ্ত পলাশ মাহমুদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিচারকাজ শেষে জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয় এবং জীবিত ঘোড়াটিকে স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত পলাশ মাহমুদ স্বীকার করেছে, সে ও তার চক্রটি এর আগেও অন্তত ১৬টি ঘোড়া জবাই করে অসদুপায়ে দেশের বিভিন্ন হোটেল রেস্তোরায় মাংস বিক্রি করেছে।
অভিযানের বিষয়ে এসআরবি (র‍্যাব-৬) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জাইন উদ্দীন মো. জিয়াদ বলেন, অপরাধ চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে অসদুপায়ে সেই মাংস গরু বা খাসির মাংস বলে বিভিন্ন স্থান ও হোটেলে বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই আমরা দ্রুত আভিযানিক দল পাঠাই এবং হাতেনাতে চক্রটির মূল হোতাকে আটক করতে সক্ষম হই। এ ধরনের অসাধু ও প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  আশরাফুল কবির জানান, জব্দকৃত মাংসগুলো ঘোড়ার মাংস। নিয়মবহির্ভূত ও অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা এই মাংসগুলো বিষাক্ত ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারত। আইন অনুযায়ী মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার প্রার্খনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার নাকনা গ্রামের মাফুয়ার রহমান ও মাকসুদুর রহমান বাদী হয়ে অভিযোগপত্র সূত্রে প্রকাশ, নাকনা মৌজায় বাদীদেন ক্রয়সুত্রে ১৬.৮০ শতক জমি আছে। জমি তাদের নামে নামপত্তন হয়েছে। জমি নিয়ে বাদীদের সাথে বিবাদী খাদিজা খাতুন (নাকনা), আঃ সালাম মোড়ল (নওয়াবেকী), রাকিব ও সাকিব হোসেন (নাকনা) দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বাদীর দাবি, ১নং বিবাদী খাদিজা খাতুন তার প্রথম স্বামী ২নং বিবাদী আঃ সালাম তালাক দিলে ২য় বিবাহ করলেও স্বামীর ঘরে না যাওয়ায় ভগ্নি হিসাবে বাদীরা তাদের ০.০৩ শতক জমিতে বসবাসের সুযোগ দেয়। বাকী জমি ইজারা দিলে ইজারা গ্রহিতারা ৭-৮ বছর জমিতে চাষ কারবার ও ভোগদখলে আছেন। বিবাদীরা ইজারাদারদের ভোগদখলে বাধার সৃষ্টি করছে এবং গত ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে বিবাদীরা ২নং বাদী ও বাদীর স্ত্রী খায়রুন্নেছাকে শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে বলা হয়েছে। অন্যদের তাড়িয়ে হাকিয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
প্রতাপনগরের সুলতান আহমেদ ময়রার একমাত্র সন্তান আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ নিজ বাড়িতে ধান খেতে মটর লাইনের মাধ্যমে পানি দিচ্ছিলেন। ঘটনার সময় বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃতকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে যান। রবিবার সকাল ৯ টায় মরহুমের জানাযার সালাত অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানান হয়েছে।

জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে: থানায় জিডি

0
এস কে সিরাজ, শ্যামনগর,থেকে: সাতক্ষীরার শ্যামনগরে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি, টাকা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ ইউনুচ গাজী (৬৯) নামে এক বৃদ্ধ।
সোমবার (১২ অক্টোবর) শ্যামনগর থানায় হাজির হয়ে তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করেন। ইউনুচ গাজী উপজেলার গাবুরা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
জিডির আবেদনে ইউনুচ গাজী অভিযোগ করেন, তার ছেলে মোঃ বিল্লাল গাজী (৩৮) ও স্ত্রী মোছাঃ নূরনেছা বেগম (৫৭) দীর্ঘদিন ধরে তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। তাদের কথিত অনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর দুপুর ১টার দিকে তিনি বাড়িতে গেলে ছেলে ও স্ত্রী তার কাছে টাকা-পয়সা দাবি করেন এবং তাদের নামে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
ইউনুচ গাজীর অভিযোগ, তাদের ইচ্ছামতো চলতে দিতে হবে, কোনো কাজে বাধা দেওয়া যাবে না এবং তাদের নামে জমি-জায়গা লিখে দিতে হবে—অন্যথায় তাকে যেকোনো সময় মারধর করে গুরুতর জখম কিংবা হত্যা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার বিষয়ে হযরত আলী গাজী (৫৫), সাইফুল গাজী (৩৪)সহ স্থানীয় কয়েকজন অবগত রয়েছেন বলে জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ইউনুচ গাজী।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।