Home Blog Page 14

শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা না নিয়ে মুচলেকায় মুক্তি

0

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরার দেবহাটায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এবং ভুয়া ডিগ্রি বানিয়ে চিকিৎসার নামে প্রতারণা চালানো শেখ এবাদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশেষে সত্য বলে প্রমাণিত হয়েছে। তবে নজিরবিহীন জালিয়াতি ও অপচিকিৎসার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার পরও তাকে গ্রেপ্তার বা চেম্বার সিলগালা না করে কেবল এক টুকরো শর্তসাপেক্ষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাধারণ রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খাওয়া ও সাংবাদিকদের হেনস্তা করার পরও এমন লঘু পদক্ষেপে পুরো জেলা জুড়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ।​ নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে প্রাতিষ্ঠানিক বিচারে নিম্নমাধ্যমিকের গণ্ডি না পেরোনো শেখ এবাদুল ইসলাম নিজেকে ঢাকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি (icddr,b)-এর ডিগ্রিধারী দাবি করে আসছিলেন। বিএমডিসি (BMDC) সনদের কোনো তোয়াক্কা না করে বছরের পর বছর নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে শারীরিক ক্ষতির মুখে ফেলার নজির সামনে আসে অনুসন্ধানী প্রতিবেদনে।​

প্রতিবেদন প্রকাশের পর দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে শেখ এবাদুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করে ১১ অক্টোবরের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি রেজিস্ট্রেশন ও আইসিডিডিআর,বি-এর মূল সনদ জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্দিষ্ট দিনে (১১ অক্টোবর ২০২৬) কথিত এই ডাক্তার তার দাবিকৃত ডাক্তারি সনদ কিংবা ন্যূনতম প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। এর মাধ্যমে সরকারি নথিতেই চূড়ান্তভাবে প্রমাণিত হলো শেখ এবাদুল ইসলাম একজন ভুয়া ডাক্তার ও প্রতারক!​জালিয়াতি ও বেআইনি চিকিৎসা ব্যবসার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়া সত্ত্বেও এবং পূর্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেম্বার সিলগালা ও কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ভুয়া ডাক্তার এবাদুলের বিরুদ্ধে কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে তাকে স্রেফ একটি মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।​

মুচলেকায় শেখ এবাদুল স্বীকার করেন যে, তিনি একজন গ্রাম্য ডাক্তার এবং সরকারি বিধি-বিধান মেনে চলবেন ও কোনো উচ্চ অ্যান্টিবায়োটিক ঔষধ দেবেন না। অথচ সচেতন মহলের প্রশ্ন যে লোক নিম্নমাধ্যমিক পাস না করে বিএমডিসি ও আইসিডিডিআর,বি-এর মতো নামীদামি প্রতিষ্ঠানের ভুয়া ডিগ্রি বানিয়ে দীর্ঘদিন হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলল, তার বিরুদ্ধে ভুয়া সনদের জালিয়াতি মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে তাত্ক্ষণিক চেম্বার সিলগালা হলো না কেন?​ শুরু থেকেই এই ভুয়া ডাক্তারের পক্ষাবলম্বন এবং গণমাধ্যমকর্মীদের ওপর এবাদুলের সন্ত্রাসী বাহিনীর চড়াও হওয়ার পর জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের ঢিলেঢালা মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল।

অনুসন্ধানী তথ্যে সত্যতা মেলার পরও অপরাধীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা না নিয়ে কেবল কাগজে-কলমে মুচলেকা নিয়ে দায় এড়ানোর এই চেষ্টা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।​ স্থানীয় সচেতন মহলের দাবি, ভুয়া ডাক্তারের কাছে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সোপর্দ করে স্রেফ মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া অপরাধকে এক প্রকার প্রশ্রয় দেওয়ার শামিল। সামান্য একটি অঙ্গীকারনামা দিয়ে পার পেয়ে যাওয়ায় এই প্রতারক চক্র আবারও আড়ালে অপচিকিৎসা চালিয়ে যাবে বলে শঙ্কা করছেন ভুক্তভোগীরা।​ প্রেসক্রিপশনে বিএমডিসি ব্যতিরেকে ডাক্তার পদবি ব্যবহার ও ভুয়া ডিগ্রির প্রচার চালানো দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য ও অসংজ্ঞানীয় অপরাধ।

আস্কারপুর ও আশপাশের প্রতারিত জনগণের একদাবি, প্রশাসনের এই ঢিলেঢালা ও লোকদেখানো লোকভুলানো ব্যবস্থা তারা মেনে নেবেন না। ভুয়া সনদ জালিয়াতির মূল হোতা শেখ এবাদুলকে দ্রুত গ্রেপ্তার, তার চেম্বার স্থায়ীভাবে সিলগালা এবং এর পেছনে থাকা মদদদাতাদের খুঁজে বের করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে।

​এ বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক শুনানিতে তিনি তার দাবিকৃত আইসিডিডিআর,বি বা বিএমডিসি রেজিস্ট্রেশনের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে এবং গ্রামীণ চিকিৎসকদের সীমানা নির্দিষ্ট করে দেওয়ার জন্যই তার থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। তিনি সরকারি আদেশ ও বিধিনিষেধ মেনে গ্রাম্য ডাক্তার হিসেবে চিকিৎসাসেবা প্রদান করবেন এবং কোনোভাবেই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার বা বিএমডিসি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

এই শর্ত অমান্য করলে কিংবা আবারও কোনো জালিয়াতি বা অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা ও চেম্বার সিলগালা করা হবে।

পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড় পরীক্ষা: আইজিপি

0
মেহেদী হাসান, খুলনা প্রতিবেদক: অপরাধ দমনে কঠোরতা, আবার সাধারণ মানুষের কাছে জনবান্ধব হয়ে ওঠা এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাকে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তাঁর মতে, আইন প্রয়োগ করতে গেলে পুলিশকে বলপ্রয়োগের কারণে সমালোচনার মুখে পড়তে হয়, আবার কঠোরতা না দেখালে দুর্বলতার অভিযোগও ওঠে। এমন পরিস্থিতির অবসান ঘটিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং কার্যকর পুলিশিং প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপির বক্তব্যে উঠে আসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনের কৌশল এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক পুনর্গঠনের বিষয়গুলো।

আইজিপি বলেন, গত ১৭ বছরে বিভিন্ন কার্যক্রমের কারণে পুলিশ ও জনগণের মধ্যে একধরনের দূরত্ব তৈরি হয়েছিল। সেই হারানো আস্থা ফিরিয়ে আনা এবং শান্তি প্রতিষ্ঠায় পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই তাঁর খুলনা সফর।

আইন প্রয়োগে পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়টি তুলে ধরে আইজিপি বলেন, বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট আখ্যা দেয়, আর বলপ্রয়োগ না করলে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, তাঁরা এ ধরনের দ্বিমুখী পরিস্থিতি দেখতে চান না।

এই বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ দমনে পুলিশের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি দায়িত্বশীলতা ও জনআস্থার বিষয়টিও সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের সঙ্গে নিরপেক্ষ আইন প্রয়োগ নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ, আইজিপির বক্তব্যে সেই প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের প্রস্তাবের কথা জানিয়ে আইজিপি বলেন, অনেক সময় প্রভাবশালী ব্যক্তি কিংবা তাঁদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা চাঁদাবাজিতে জড়িত থাকেন। ভয়ে সাধারণ মানুষ অভিযোগ করতে বা সাক্ষ্য দিতে চান না।

তিনি জানান, চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশ যাতে নিজ উদ্যোগে মামলা করে আইনি ব্যবস্থা নিতে পারে, সেই সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। অকাট্য প্রমাণ পাওয়া গেলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে নতুন আইন প্রণয়নের প্রস্তাব বাস্তবায়িত হওয়ার আগে এর চূড়ান্ত বিধান, প্রয়োগের সীমা এবং কার্যকর হওয়ার সময়সীমা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

অপরাধীদের আইনের আওতায় আনার পরও কেউ কেউ জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেন আইজিপি। এ ধরনের অপরাধ স্থায়ীভাবে নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি বিশেষ শাখা হিসেবে কার্যক্রম পরিচালনার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থায় ছিল, তা সবার জানা। সে সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছিল বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে দেশের সব জায়গায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন আইজিপি। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বেকারত্বসহ বিভিন্ন সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে সার্বিক অবস্থার দৃশ্যমান উন্নতি হয়েছে।

আইজিপির বক্তব্যে পুলিশের সামনে থাকা একটি মৌলিক প্রশ্ন স্পষ্ট হয়েছে কেবল অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে কি অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, নাকি সাধারণ মানুষকে নির্ভয়ে অভিযোগ জানানোর পরিবেশও তৈরি করতে হবে?

চাঁদাবাজির শিকার ব্যক্তি ভয় পেলে পুলিশের নিজস্ব উদ্যোগে মামলা করার পরিকল্পনা অপরাধ দমনে নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এ ক্ষেত্রে অভিযোগের বিশ্বাসযোগ্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত, সাক্ষীর নিরাপত্তা এবং আইনের যথাযথ প্রয়োগও গুরুত্বপূর্ণ।

একইভাবে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার অর্থ অপরাধের ক্ষেত্রে শিথিলতা নয়; বরং আইন মেনে, বৈষম্যহীনভাবে এবং জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করা।

খুলনায় আইজিপির বক্তব্য তাই শুধু একটি সফর বা সুধী সমাবেশের বিবরণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দেশজুড়ে পুলিশের প্রতি জনগণের আস্থা, অপরাধ দমনে আইনি ব্যবস্থার কার্যকারিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন। এসব উদ্যোগ বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারে, তার উত্তর মিলবে আইন ও নীতিমালার বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে।

নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলাযর নলতায় টিসিবির পণ্য বিতরণে ডিলার নেওয়ার জন্য আবেদন করেছে ৩ জন। কিন্তু আবেদনকারীর মধ্যে যাদের কোন দোকানই নেই, তারাই ক্ষমতার দাপট দেখিয়ে এবং ভুয়া দোকান দেখিয়ে ডিলার নেওয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ও তথ্যসূত্রে জানা গেছে, নলতায় আবেদনকারীদের মধ্যে প্রকৃত মুদি দোকান আছে মুনজুর আলম নামের ব্যক্তির। যার মুদি দোকানের নাম মঞ্জুর স্টোর। যে স্টোরটি নলতা হাটখোলায় সড়কের সাথেই অবস্থিত। এবং হাটখোলার মধ্যে এই বড় দোকানটি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা আইটি অফিসার ইতিপূর্বে তদন্ত করেছেন। অপর দুই আবেদনকারী আবু বক্কর সিদ্দিক ও রমজান আলী।

অভিযোগ আছে, আবু বক্কর সিদ্দিক মূলত একজন ভ্রাম্যমান পাসপোর্ট ও ভিসার কাজে পরিচিত। সমগ্র নলতার মধ্যে তার কোন মুদি দোকানই নেই। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে ডিলার নেওয়ার জন্য অন্যের দোকানকে নিজের দোকান দেখিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নলতায় হেমন্ত পালের দোকানের পাশে ইয়াকুব আলীর মধুবন এন্টারপ্রাইজ নামক দোকানটি নিজের মুদিখানার দোকান হিসেবে দেখিয়ে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় গ্রহণ করেছেন।

অপর আবেদনকারী রমজান আলী বর্তমান টিসিবির ডিলার হিসেবে কাজ করে। নলতা হাইস্কুলের উত্তর পাশে একটি গুদাম ঘরে টিসিবির পণ্য রেখে সেখান থেকে বিতরণ করে। রাশেদ ট্রেডার্স নামক সেই গুদাম ঘরকেই রমজান আলী আবেদনে মুদির দোকান দেখিয়েছে, যেটা বাস্তবে ভিন্ন চিত্র।

এভাবে নলতায় প্রকৃত মুদি ব্যবসায়ী বা মুদি দোকানকে আড়াল বা বঞ্চিত করে ক্ষমতার দাপট দেখিয়ে, যাদের কোন মুদি দোকানই নেই এবং প্রকৃতপক্ষে ব্যবসায়ী নন, তারা এখন টিসিবির ডিলার নেওয়ার জন্য দৌড়ঝাপে ব্যস্ত বলে জানা গেছে ।

জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নলতার আবেদনকারীদের অনিয়মের বিষয়গুলো তদারকি করে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রকৃত মুদি ব্যবসায়ীকেই টিসিবির ডিলার দিলে, গ্রাহকদের মধ্যে সুষ্ঠু বন্টন ব্যবস্থা সুনিশ্চিত হবে বলে দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, ভোটের মাঠে কার লাভ?

0

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির রাজনৈতিক শক্তি কি প্রতিপক্ষের চাপে ক্ষয় হচ্ছে, নাকি নিজেদের সিদ্ধান্তেই দুর্বল হয়ে পড়ছে দলটি? জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া নেতাদের বহিষ্কার, তাঁদের অনুসারীদের ক্ষোভ এবং তৃণমূলের নেতৃত্ব নিয়ে বিরোধ এখন এই প্রশ্নকে সামনে এনেছে।

 

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে জামায়াতের এই তৎপরতা কতটা ভোটে রূপ নিচ্ছে, আর বিএনপির বহিষ্কৃত নেতাদের সমর্থকেরা শেষ পর্যন্ত কোন দিকে যাবেন, তার উত্তর এখনো স্পষ্ট নয়। রাজনীতির মাঠে শূন্যতা তৈরি হলে অন্য দল সেখানে জায়গা করে নেওয়ার সুযোগ পায়।

 

কালিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ সেই সুযোগ তৈরি করছে কি না, তা এখন স্থানীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে শুধু দলীয় কোন্দলের হিসাব নয়, সামনে রয়েছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা, ত্যাগী নেতাদের মূল্যায়ন এবং ভোটারদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ।

বহিষ্কারের রাজনীতি: বিএনপির শক্তি কমছে, নাকি শৃঙ্খলা ফিরছে?

দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার পর বিএনপির সামনে যখন সাংগঠনিক শক্তি পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে, তখন কালিগঞ্জে দলটির অভ্যন্তরীণ বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ও বিজয়ী হওয়া তিন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত এবং তাঁদের অনুসারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনা তৃণমূলের রাজনীতিতে প্রভাব ফেলেছে। স্থানীয়ভাবে প্রায় সাড়ে চারশ নেতাকর্মী বহিষ্কারের সঙ্গে যুক্ত বলে আলোচনা রয়েছে।

 

তবে এই সংখ্যা, বহিষ্কারের আনুষ্ঠানিক তালিকা এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের বর্তমান সাংগঠনিক অবস্থান যাচাই করা জরুরি। কারণ বহিষ্কারের সংখ্যা যত বড়ই হোক, রাজনৈতিক প্রভাব নির্ধারিত হয় তাঁদের ভোটার যোগাযোগ, স্থানীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে সক্রিয় থাকার সক্ষমতা দিয়ে। বিএনপির দৃষ্টিতে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শৃঙ্খলা রক্ষার অংশ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, শৃঙ্খলা রক্ষার এই প্রক্রিয়ায় দল কি এমন নেতাদেরও হারাচ্ছে, যাঁদের স্থানীয় পর্যায়ে নিজস্ব ভোট ও কর্মীভিত্তি রয়েছে?

 

বহিষ্কৃত নেতাদের একজন নাম প্রকাশ করেননি তার বক্তব্য, তাঁদের অনুসারীদের অবস্থান এবং উপজেলা বিএনপির ব্যাখ্যা পাশাপাশি না রাখলে এই বিরোধের প্রকৃত চিত্র পাওয়া যাবে না। কারণ এক পক্ষের কাছে এটি দলীয় শৃঙ্খলার প্রশ্ন, অন্য পক্ষের কাছে রাজনৈতিক অবমূল্যায়ন ও নেতৃত্বের সংকট।

জামায়াতের অগ্রগতি: মাঠের উপস্থিতি কি ভোটে রূপ নিচ্ছে?

বিএনপির অভ্যন্তরীণ বিরোধের বিপরীতে জামায়াতে ইসলামীকে কালিগঞ্জে সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেখা যাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি। সামাজিক কার্যক্রম, কর্মী যোগাযোগ এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ দলটির রাজনৈতিক উপস্থিতি বাড়াতে পারে। তবে সংগঠনের দৃশ্যমানতা আর নির্বাচনী সমর্থন এক বিষয় নয়। জামায়াতের জনসংযোগ কতটা বিস্তৃত হয়েছে, নতুন ভোটার বা নিরপেক্ষ ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে, কিংবা বিএনপির বিরোধে ক্ষুব্ধ ভোটারদের কতজন তাদের দিকে ঝুঁকছেন, তা নির্ধারণে মাঠপর্যায়ের তথ্য প্রয়োজন।

 

কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে জামায়াতের কর্মসূচি, জনসম্পৃক্ততা, স্থানীয় নেতৃত্বের বক্তব্য এবং ভোটারদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে এই অগ্রগতির প্রকৃত মাত্রা বোঝা সম্ভব হবে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষের দুর্বলতা দেখে জামায়াতের জয় নিশ্চিত ধরে নেওয়া যেমন ভুল, তেমনি দলটির সাংগঠনিক তৎপরতাকে উপেক্ষা করাও বাস্তবতাকে খাটো করে দেখা।

৩. আওয়ামী লীগের ভোট: নীরবতা কি রাজনৈতিক নিষ্ক্রিয়তা?

কালিগঞ্জের ভোটের হিসাব করতে গিয়ে আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের অবস্থানও বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে দলটির প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম সীমিত বা অনুপস্থিত থাকলেও, অতীতের নির্বাচনে তাদের সমর্থন পাওয়া ভোটারদের রাজনৈতিক পছন্দ একেবারে বিলুপ্ত হয়ে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

 

স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে, আওয়ামী লীগের কিছু ভোটার ও নেতাকর্মী বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিতে পারেন, আবার রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী অন্য দল বা প্রার্থীর প্রতিও ঝুঁকতে পারেন। কিন্তু এই সম্ভাবনাকে নিশ্চিত ভোট স্থানান্তর হিসেবে দেখার সুযোগ নেই। এখানে অনুসন্ধানের প্রশ্ন হলো, গত নির্বাচনে কোন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা কত ভোট পেয়েছিলেন, তাঁদের সমর্থনের উৎস কী ছিল এবং সেই ভোটারদের বর্তমান রাজনৈতিক অবস্থান কী?

 

নির্বাচনী ফলাফল, স্থানীয় ভোটারদের বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রার্থীদের প্রচার-প্রচারণার তথ্য মিলিয়ে দেখলে ভোটের মেরুকরণ সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা পাওয়া যাবে। জামায়াত আওয়ামী লীগ-সমর্থিত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কি না, সেটিও দলীয় কর্মসূচি ও নেতাদের বক্তব্যের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন। সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন ভোটার গোষ্ঠীর রাজনৈতিক অবস্থানকে এককভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। তাঁদের নিরাপত্তা, সামাজিক অধিকার ও রাজনৈতিক পছন্দের প্রশ্নে সংশ্লিষ্ট মানুষের নিজস্ব বক্তব্যই গুরুত্বপূর্ণ।

অতীতের ত্যাগ, বর্তমানের নেতৃত্ব: বিএনপির সংকট কোথায়?

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক ইতিহাস দীর্ঘ। ১৯৮০ সালে জালালতলা খাল খনন কর্মসূচির উদ্বোধনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফর থেকে শুরু করে এরশাদবিরোধী আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক প্রতিকূলতায় স্থানীয় নেতাকর্মীদের ভূমিকা দলটির ইতিহাসের অংশ। বিভিন্ন সময়ে সরদার ইসাক আলী, মাস্টার আব্দুর রহমান, অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমেদ, সরদার আমজাদ হোসেন, শাহাদাৎ হোসেন, শেখ আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতারা সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন বলে দলীয় ইতিহাস ও স্থানীয় সূত্রে উল্লেখ রয়েছে।

 

পরবর্তী সময়ে শেখ এবাদুল ইসলাম ও ড. শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃত্ব দলটির কার্যক্রম পরিচালনা করেছেন। তবে অতীতের নেতৃত্বের ইতিহাস বর্তমান সাংগঠনিক সংকটের উত্তর নয়। বরং সেই ইতিহাসের আলোকে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে থাকা নেতাকর্মীদের বর্তমান দলে কতটা মূল্যায়ন করা হচ্ছে? ২০০৯ সালের পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির অভিযোগ রয়েছে। বিশেষ করে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন, হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানোর অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।

 

এসব অভিযোগের সত্যতা নির্ধারণে মামলা, আদালতের নথি, ভুক্তভোগীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতিক্রিয়া প্রয়োজন। একই সঙ্গে বিএনপিতে অতীতে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বর্তমান ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে কারও অতীত রাজনৈতিক পরিচয়কে একমাত্র ভিত্তি করে তাঁকে সুযোগসন্ধানী বলা যায় না। দলীয় পদ, দায়িত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করেই এই বিতর্কের মূল্যায়ন করা উচিত। বিএনপির জন্য মূল চ্যালেঞ্জ হলো, অতীতের ত্যাগের স্বীকৃতি এবং বর্তমান নেতৃত্বের গ্রহণযোগ্যতার মধ্যে ভারসাম্য তৈরি করা। এই ভারসাম্য না থাকলে দলীয় বিভাজন আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

বৃক্ষমেলার মঞ্চে বিএনপির বিরোধের দৃশ্যমানতা

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষমেলাকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের একটি দৃশ্য সামনে আসে। ১ অক্টোবর বিকেল ৫টায় চাঁচাই ফুটবল মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করার কথা ছিল সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশারের। তবে সময়ের স্বল্পতার কারণে তিনি উদ্বোধন করেননি। পরে ৩ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন উদ্বোধন করতে গেলে তাঁর সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের উপস্থিতি দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, কাজী আলাউদ্দীন কি দলীয় নেতৃত্বের সমর্থন হারাচ্ছেন? অন্যদিকে, ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল ও কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম এবং শেখ নুরুজ্জামানদের বিরোধের ঘটনাও স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

 

ওই বিরোধের সময় লাঠি হাতে মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে। রাজনৈতিক মহলে আরও আলোচনা রয়েছে, বিরোধের আগে বিভিন্ন সভা-সমাবেশে এসব নেতাকে একসঙ্গে দেখা গেছে। এখন তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা দলীয় সিদ্ধান্ত, নেতৃত্বের বিরোধ এবং ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এবার পুজোয় কালিগঞ্জে বিএনপি নেতাদের বিরোধ কি আরও প্রকাশ পেলো?

দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধ আরও স্পষ্ট ও দৃশ্যমান হয়ে উঠেছে। শারদীয় দুর্গোৎসবে সাধারণত রাজনৈতিক দলগুলোর নেতারা ঐক্যবদ্ধভাবে মণ্ডপ পরিদর্শন বা শুভেচ্ছা বিনিময় করে থাকলেও, কালিগঞ্জে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র-

 

আলাদা ও বিচ্ছিন্ন মণ্ডপ পরিদর্শন:

উপজেলা বিএনপির শীর্ষ ও প্রভাবশালী নেতারা একমঞ্চে না গিয়ে আলাদা আলাদা দল ও বলয় নিয়ে পূজামণ্ডপগুলোতে যান। বহিষ্কৃত ও কোন্দলে জড়িয়ে পড়া নেতাদের আলাদা বলয় এবং বর্তমান উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ্যে ধরা পড়ে।

 

প্রভাব বিস্তারের প্রতিযোগিতা:

স্থানীয় পূজা মণ্ডপগুলোতে গিয়ে অনুদান প্রদান এবং নিজেদের সমর্থক পরিবেষ্টিত হয়ে নিজস্ব অবস্থান জাহির করার প্রতিযোগিতা চলেছে, যা দলীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে কোন্দলকে আরও বেশি খোলামেলা করেছে।

 

তৃণমূলের স্পষ্ট বিভক্তি:

মণ্ডপ পরিদর্শনের সময় এক গ্রুপের নেতাদের উপস্থিতি থাকলে বিরোধী গ্রুপের অনুসারীদের অনুপস্থিত থাকতে দেখা গেছে, যা সাধারণ সনাতন ধর্মাবলম্বী ভোটার ও স্থানীয়দের চোখে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েনকেই নতুন করে ফুটিয়ে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, উৎসবের আমেজকে কাজে লাগিয়ে যেখানে কোন্দল মেটানোর সুযোগ ছিল, সেখানে পৃথক শো-ডাউন ও বিরোধের কারণে কালিগঞ্জ বিএনপির এই গৃহদাহ সাধারণ মানুষের সামনে আরও বেশি স্পষ্ট হয়েছে।

সার ডিলারশিপ ও বাশতলা বাজারে লুটপাট ঘিরে নতুন কোন রাজনৈতিক বিরোধের ক্ষেত্র?

কালিগঞ্জের রাজনীতিতে সার ডিলারশিপ নিয়ে আলোচনা এবং বাশতলা বাজারে লুটপাটের অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে, সার ডিলারশিপ না পাওয়া নিয়ে অসন্তোষ এবং বাশতলা বাজারের ঘটনার পর বিএনপি নেতাদের বিরুদ্ধে দোকান মালিকের মামলা রাজনৈতিক বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

 

ভোটের আগে বিএনপির সামনে তিনটি কঠিন প্রশ্ন

কালিগঞ্জে বিএনপির রাজনৈতিক অবস্থান মূল্যায়নের ক্ষেত্রে তিনটি প্রশ্ন সামনে রাখা প্রয়োজন। প্রথমত, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিরোধের সমাধানে দল কি আলোচনার পথ খোলা রাখছে, নাকি সাংগঠনিক শাস্তিই শেষ সিদ্ধান্ত হয়ে থাকছে?

 

দ্বিতীয়ত, তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ ও অসন্তোষ নিরসনে উপজেলা নেতৃত্ব কী পদক্ষেপ নিয়েছে? বহিষ্কার, পুনর্বহাল কিংবা নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত কতটা স্বচ্ছ?

 

তৃতীয়ত, জামায়াতের সাংগঠনিক তৎপরতা এবং অন্যান্য রাজনৈতিক শক্তির সম্ভাব্য ভোট মেরুকরণের মোকাবিলায় বিএনপির নিজস্ব কর্মসূচি কী? শুধু প্রতিপক্ষের দুর্বলতার ওপর নির্ভর করে নির্বাচনী শক্তি ধরে রাখা সম্ভব নয়। এই প্রশ্নগুলোর উত্তর দলীয় বক্তব্যের পাশাপাশি মাঠপর্যায়ের তথ্য ও নির্বাচনী বাস্তবতার মধ্যেই খুঁজতে হবে।

কালিগঞ্জের রাজনীতি কি ব্যক্তি-দ্বন্দ্বে আটকে থাকবে?

কালিগঞ্জের রাজনৈতিক ভবিষ্যৎ শুধু বিএনপি ও জামায়াতের সাংগঠনিক শক্তির তুলনায় নির্ধারিত হবে না। ভোটারদের আস্থা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা, রাজনৈতিক সহনশীলতা এবং স্থানীয় সমস্যার সমাধানে দলগুলোর ভূমিকা বড় হয়ে উঠবে। বিএনপি যদি অভ্যন্তরীণ বিরোধের সমাধান করতে না পারে, তবে দলটির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

অন্যদিকে জামায়াতের সাংগঠনিক তৎপরতা ভোটে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে ভোটারদের বাস্তব সমর্থন এবং নির্বাচনী পরিস্থিতির ওপর। রাজনীতির মাঠে শেষ কথা বলে ভোটার। দলীয় পদ, অতীতের ত্যাগ কিংবা বর্তমান সাংগঠনিক উপস্থিতি, কোনোটিই ভোটারের আস্থার বিকল্প নয়। কালিগঞ্জে সেই আস্থা অর্জনের লড়াই এখন দলগুলোর সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন

0
পাইকগাছা প্রতিবেদক: “আসছে বছর আবার হবে” – ভক্তের চোখে জল, মুখে হাসি আর ঢাকের বিদায়ী সুরে খুলনার পাইকগাছায় সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন। শুক্রবার (২৩ অক্টোবর) বিজয়া দশমীর দুই দিন পর পৌরসভার ঐতিহ্যবাহী শিববাটী আড়ংয়ে হাজারো ভক্তের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নিরঞ্জন অনুষ্ঠিত হয়।
পাইকগাছা পৌরসভার উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি, বাতিখালী হরিতলা পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, পাইকগাছা বাজার সার্বজনীন মন্দির, সরল দাশপাড়া পূজা মন্দির ও শিববাটি পূর্বপাড়া মন্দির মোট ৬টি মন্দিরের যৌথ আয়োজনে এবারের দুর্গাপূজা ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। শুক্রবার দুপুর থেকেই ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ। স্ব স্ব মন্দিরে সনাতনী নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা ও দেবী বরণ শেষে বিকেল ৩টা থেকে প্রতিমা নিয়ে আসা হয় শিববাটী আড়ং বিসর্জন ঘাটে। বিকেল গড়িয়ে সন্ধ্যায় প্রশাসনের কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে আনন্দঘন পরিবেশে আড়ং মেলা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, জেলা পূজা বিষয়ক সম্পাদক অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, অব. উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সাবেক পৌর ওয়ার্ড সদস্য বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, মনোহর চন্দ্র সানা, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, পৌর বিএনপির সেক্রেটারী কামাল আহমেদ সেলিম রেজা, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সাবেক কাউন্সিলর এসএম তৈয়বুর রহমান, আসমা আহমেদ, রবিশঙ্কর মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, গৌতম মন্ডল, হিরেন্দ্রনাথ সানা, বিরাজ মন্ডল, মঙ্গল মন্ডল, মৃণাল সানা, দিপংকর মন্ডলসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সন্ধ্যায় মায়ের বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের উৎসব। ভক্তদের প্রার্থনা ছিল- দেবী দুর্গা যেন সকল অশুভ শক্তি বিনাশ করে দেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনেন।

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) অভিযুক্ত প্রধান শিক্ষককে আদালতে প্রেরন করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অভিযুক্ত মোখলেছুর রহমান (৪০)। ভিকটিম শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে থাকে। অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হতো।
গত কয়েক দিন ধরে রাতের বেলায়ও শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়।
এ সময় শিশু চিৎকার করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন। বাড়িতে ফিরে সে বাবা-মাকে ঘটনা জানালে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় থানায় মামলা (নং ২০, তারিখ ২২/১০/২৬) দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছেন।

সবুজে সাজবে কলারোয়া: ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের উদ্যোগ তরুণ প্রকৌশলীর

0
কামরুল হাসান, কলারোয়া থেকে: বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামীর প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য সাতক্ষীরার কলারোয়ায় গড়ে তোলার লক্ষ্যে ১০০ কিলোমিটার সড়কে তালবীজ রোপণের পর এবার ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন তরুণ সিভিল প্রকৌশলী আসিফ ইকবাল চয়ন। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তিনি এ পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন।
বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ৫০টি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে নিজ হাতে কাঠবাদাম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
পরিকল্পনা অনুযায়ী, কলারোয়া উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার ১ নম্বর জয়নগর, ২ নম্বর জালালাবাদ, ৩ নম্বর কয়লা, ১০ নম্বর কুশোডাঙ্গা, ১১ নম্বর দেয়াড়া ও ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের বিভিন্ন প্রধান বাজারে পর্যায়ক্রমে এসব কাঠবাদাম গাছের চারা রোপণ করা হবে। আগামী চার দিন এ কর্মসূচি চলার কথা রয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, বৃক্ষপ্রেমী ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল চয়ন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মাওলানা আব্দুর রশিদ, ডা. রাকিব হুসাইন সজীব, এইচ এম আরিফ, আশিক বিল্লাহ শাহী, নাইম হাসান শাওন, ব্যাংকার মো.মুজিবুর রহমান, সামিউল আজম চঞ্চল, বিল্লাল হোসেন, আলি হাসান প্রমুখ।
বৃক্ষরোপণের বিষয়ে ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল চয়ন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।” গাছগুলো বেড়ে উঠলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন অতিথিবৃন্দ।
উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে কলারোয়ার সবুজায়ন আরও সমৃদ্ধ হবে এবং পরিবেশ রক্ষায় মানুষ উৎসাহিত হবে।
রোপণ করা চারাগুলো যাতে গরু-ছাগলসহ গবাদিপশুর কারণে নষ্ট না হয়, সে জন্য প্রতিটি চারার চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে চারাগুলোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোকে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেন আসিফ ইকবাল চয়ন। তাঁর রোপণ করা তালবীজের প্রায় ৭০ শতাংশ থেকে চারা গজিয়েছে। ওই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী ছয় বছরের মধ্যে উপজেলার বিভিন্ন প্রধান ও আঞ্চলিক সড়কের প্রায় ১০০ কিলোমিটারজুড়ে তালবীজ রোপণের পরিকল্পনাও রয়েছে তাঁর। ইতোমধ্যে ৩৬কিলোমিটার রাস্তার ধারে তিনি তালবীজ রোপন সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।
পরিবেশবান্ধব এসব উদ্যোগের মাধ্যমে সড়কের পাশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল উপজেলা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা অভিযান

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের সরকারি কলেজ মাঠ সংলগ্ন ঐতিহ্যবাহী ‘সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদ’ ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ২৩ শে অক্টোবর (শুক্রবার) সকালে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি স্বেচ্ছাসেবী বৃন্দ’।

পবিত্র মসজিদের মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং মসজিদের আশপাশে যেন কোনো আবর্জনা না জমে—সেই ভাবনা থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তারা এই কর্মসূচির আয়োজন করেন।

শুক্রবার সকালে নিবেদিতপ্রাণ সামাজিক সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান-এর সরাসরি নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা দীর্ঘ সময় ধরে মসজিদের চারপাশ, চলাচলের পথ এবং বসার স্থানসমূহে জমে থাকা সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ‘সাতক্ষীরা কমিউনিটি’র সভাপতি উম্মে ফুয়ারা রানি বলেন, “পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অঙ্গ এবং একজন সুনাগরিক হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে আমরা যদি নিজেরা একটু সচেতন হই, তবেই আমাদের প্রিয় শহরকে সুন্দর রাখা সম্ভব। সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষায় আমি সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান আজকের এই উদ্যোগ সম্পর্কে বলেন,“আল্লাহর ঘর ও এর চারপাশের পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র সচেতনতা ও পরিচ্ছন্নতা উদ্যোগের মাধ্যমেই আমাদের সাতক্ষীরা জেলা একদিন সবুজে ঘেরা, সুন্দর ও দৃষ্টিনন্দন এক মডেলে পরিণত হবে। দেশকে পরিষ্কার রাখতে হলে আগে নিজ শহরকে পরিষ্কার রাখতে হবে।”

“পরিচ্ছন্ন সাতক্ষীরা, সবুজ সাতক্ষীরা” স্লোগান তুলে ধরে সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।

আজকের এই প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজের এমন সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রিয় সাতক্ষীরা শহরকে আরও বাসযোগ্য ও সুন্দর করে তুলতে।

অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন যারা, সড়ক দুর্ঘটনায় নিভল তাদেরই প্রাণ

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন: সড়ক দুর্ঘটনা রোধ ও মানুষের বিপদে যারা সব সময় ঝাঁপিয়ে পড়তেন, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন সেই তিন তরুণ স্বেচ্ছাসেবী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভলান্টিয়ার অব বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাগুরা বুজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাব্বি মোল্যা (১৯), সদস্য ও মাগুরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ আরিক (২২) এবং আরেক সদস্য একই কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ঐশী (২৫)। তাঁরা সকলেই মাগুরা পৌর সদর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন স্বেচ্ছাসেবী—সাগর, রিয়া ও জয় এবং অ্যাম্বুলেন্সের চালক। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক।

সংগঠনটির ফরিদপুর শাখা সূত্রে জানা যায়, ‘জাগো ফাউন্ডেশন’ পরিচালিত ‘সমতা তারুণ্যের’ প্রকল্পের উদ্যোগে শুক্রবার সকালে ফরিদপুরে ‘ডিজিটাল লিটারেসি ও সাইবার বুলিং’ বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওই প্রশিক্ষণ শেষে দুপুরে জুমার নামাজ পড়ে মাগুরায় ফেরার জন্য একটি ফাঁকা অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলেন তাঁরা। আড়কান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘কিং ফিশার’ পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে তরুণ স্বেচ্ছাসেবীদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাদের সহকর্মীরা। নিহত রাব্বি মোল্যার নিরাপদ সড়ক আন্দোলনের একটি ছবি শেয়ার করে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সুমাইয়া সাফাত ফেসবুকে লেখেন, ‘যারা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যুদ্ধ করল, আজ তাদেরই জীবন দিতে হচ্ছে!’

প্রশিক্ষণে অংশ নেওয়া ফরিদপুর শাখার সদস্য তুষার মোহাম্মদ আব্দুল্লাহ আক্ষেপ করে বলেন, ‘সকাল থেকে একসঙ্গে প্রশিক্ষণ নিলাম, দুপুরে নামাজ শেষে ওদের বিদায় দিলাম। কে জানত—এ বিদায়ই হবে শেষ বিদায়।’

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের মেলায় জনস্রোত: সময় বর্ধিত করণের দাবী ব্যবসায়ীদের

0

নিজস্ব প্রতিবেদক: কয়েক বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার স্বাদ পেল সর্বশ্রেণী পেশার মানুষ। অন্যান্য বার মাসাধিককাল ধরে মেলা চললেও এবার তা ২০ দিনের মাথায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে মেলায় স্টল দেওয়া দোকানীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, দুই বছর বন্ধ থাকার পর গুড়পুকুরের মেলার আয়োজনের উদ্যোগ নেন জেলা প্রশাসন।

এব্যাপারে একটি মিটিংও হয়। মিটিং-এ সর্বসম্মতিক্রমে মেলার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে খুলনার জনৈক্য ব্যবসায়ীর অনুকুলে ২০ দিন মেলা করার অনুমতিপত্র দেওয়া হয়।

মেলায় দুইশটির অধিক স্টল দেয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীদের স্টল নির্মাণ, বিদ্যুৎ লাইনসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেন খুলনার জনৈক ব্যবসায়ী। স্টলসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার বিনিময়ে ব্যসায়ীরা নির্দিষ্ট অংকের টাকা প্রদান করেছে মেলার অনুমতি পাওয়া খুলনার জনৈক ব্যবসায়ীকে।

মেলায় আগত ব্যবসায়ীদের অভিযোগ অন্যান্যবার একমাসেরও অধিককাল ধরে মেলায় তারা ব্যবসা করার সুযোগ পেয়েছে। কিন্তু চলতি বছর ২০ দিন মেলা চলার পর তা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্নখাতে অর্থকড়ি ব্যায়ের পর ব্যবসায়ীরা লোকসানের মধ্যে পড়েছে। মেলাটি আরো অন্তত দশদিন বর্ধিত করা হলে তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে লাভের মূখ দেখতে পারতো।

এদিকে, জেলা প্রশাসকের তরফ থেকে ২০ দিন পর মেলা বন্ধ ঘোষণা করে মালপত্র সরিয়ে নেওয়ার জন্যে তিনদিন সময় বেঁধে দিয়েছে। প্রতিদিন মেলায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হচ্ছে। সাতক্ষীরার মানুষের জন্য গুড়পুকুর মেলা একটি বার্ষিক বিনোদন। বন্ধ ঘোষণার পরও মেলায় হাজার হাজার মানুষের উপস্থিতি অব্যহত আছে। এবারের মেলায় নেই লটারি। ফলে আয়োজকদের আয়ের সুযোগ নেই এক অর্থে।

এব্যাপারে ব্যবসায়ী ও আয়োজকদের পক্ষে মেলাটি আরো অন্তত দশদিন বাড়ানোর জন্য দাবী করা হয়েছে। মেলার একেবারে শেষের দিকে বিভিন্ন গণমাধ্যমে মেলা কেন্দ্রিক অর্থ লুটপাটের গুরুত্বর অভিযোগ তোলা হয়েছে। এব্যাপারে জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এই প্রতিবেদককে জানান, বন্ধ থাকা মেলাটি চালু করা হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে মেলাটি চালু করা প্রয়োজন ছিল।

এবারের মেলায় লটারি কিংবা কোন প্রকার জুয়ার ব্যবস্থা নেই। ফলে অবৈধ অর্থের কোন সোর্স না থাকায় অর্থ লোপাটের খবর ভিত্তিহীন। পৌরসভার আয়োজনে মেলাটি হয়েছে। এখানে আমার কিম্বা আমার দলের কোন নেতাকর্মীর দায় নেই। মেলাটি চালু হওয়ায় সাতক্ষীরার হাজার হাজার মানুষ বিনোদনের সুযোগ পেয়েছে।