
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার প্রার্খনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার নাকনা গ্রামের মাফুয়ার রহমান ও মাকসুদুর রহমান বাদী হয়ে অভিযোগপত্র সূত্রে প্রকাশ, নাকনা মৌজায় বাদীদেন ক্রয়সুত্রে ১৬.৮০ শতক জমি আছে। জমি তাদের নামে নামপত্তন হয়েছে। জমি নিয়ে বাদীদের সাথে বিবাদী খাদিজা খাতুন (নাকনা), আঃ সালাম মোড়ল (নওয়াবেকী), রাকিব ও সাকিব হোসেন (নাকনা) দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বাদীর দাবি, ১নং বিবাদী খাদিজা খাতুন তার প্রথম স্বামী ২নং বিবাদী আঃ সালাম তালাক দিলে ২য় বিবাহ করলেও স্বামীর ঘরে না যাওয়ায় ভগ্নি হিসাবে বাদীরা তাদের ০.০৩ শতক জমিতে বসবাসের সুযোগ দেয়। বাকী জমি ইজারা দিলে ইজারা গ্রহিতারা ৭-৮ বছর জমিতে চাষ কারবার ও ভোগদখলে আছেন। বিবাদীরা ইজারাদারদের ভোগদখলে বাধার সৃষ্টি করছে এবং গত ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে বিবাদীরা ২নং বাদী ও বাদীর স্ত্রী খায়রুন্নেছাকে শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে বলা হয়েছে। অন্যদের তাড়িয়ে হাকিয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

