Blog

  • অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ১৪ দেশের রাষ্ট্রদূতের

    জাতীয় ডেস্ক: নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা ইসির কাছে তুলে ধরেছেন দেশের উন্নয়ন সহযোগী ১৪ দেশের কুটনীতিক। রবিবার (৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালসহ ইসি সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিনিধি দলের পক্ষে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথাল চুয়ারড।
    বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৪টি দেশের রাষ্ট্রদূত এ বৈঠকে অংশ নেন।
    বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে বৈঠক শেষে লিখিত বক্তব্যে নাথাল চুয়ারড বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত, দেশের গণতন্ত্র আরও কার্যকর ও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি, গণমাধ্যম ও সুশীল সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরি এবং সকল অংশীজনের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নির্বাচন কমিশনকে যেকোনো প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত। গণতান্ত্রিক ধারাকে আরও শাণিত করার মধ্য দিয়ে নাগরিকদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সহায়তা করতে চায় ওইসিডি সদস্য দেশগুলো।
    বৈঠকের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘উনারা এসেছেন, এটা একটা ট্রাডিশন। আগেও এসেছেন তারই ধাবাবাহিকতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আইন-কানুন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের কার্যক্রমগুলো জানিয়েছি। উনারা সাধারণত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে থাকেন। সেজন্যই উনারা ইলেকশনটা যদি ইনক্লুসিভ, একসেপ্টবল, ফ্রি এবং ফেয়ার হয়, তাহলে উনারাও খুশি হবেন, পুরো দেশবাসী খুশি হবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দিক থেকে ইলেকশন কমিশন হিসেবে আমাদের যা যা করণীয় আমরা করবো। উনারা প্লিজড। বলেছি ভবিষ্যতেও যখন প্রয়োজন হয়, আসবেন।’
    বৈঠকে ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব, রাশিদা সুলতানা ও মো. আলমগীর। বিশ্বের ৩৮টি দেশ ওইএসডি’র সদস্য হলেও আজ ১৫টি দেশের প্রতিনিধিদের আসার কথা ছিল। তবে অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর আসেননি। যার ফলে বৈঠকে ১৪টি দেশের প্রতিনিধি ছিলেন।
    বৈঠকে ছিলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস, কানাডার হাইকমিশনার লিলিও নিকোলস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ফ্রান্সের সহকারী রাষ্ট্রদূত গুইলাম অড্রেন ডি কেরড্রেল, জার্মানির রাষ্ট্রদূত আছিম ট্রস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকোনুনজিয়াটা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এনি গিয়ার্ড ভ্যান লিউয়েন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান ও জাপানের হেড অব মিশন ইয়ামায়া হিরোয়ুকি।

  • জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় : মাউশি চেয়ারম্যান

    জাতীয় ডেস্ক: সারা দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে। আজ রবিবার (৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
    অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমরা আজ পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি পরীক্ষাকেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।
    এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ‘ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে বলে জানান তিনি।
    পরীক্ষার তারিখের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসব। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব। আর যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাই এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। ‘

  • কওমি শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার

    জাতীয় ডেস্ক: দেশের কওমি মাদ্রাসা শিক্ষা আপাতত নিয়ন্ত্রণে নিচ্ছে না সরকার। তবে মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে নজরদারি অব্যাহত থাকবে।
    এর আগে সিদ্ধান্ত ছিল কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম উন্নয়নে শিক্ষা আইনে সুনির্দিষ্ট প্রস্তবনা থাকবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কর্মমুখী শিক্ষাও সংযুক্ত করা হবে। পরিমার্জন আনা হবে চূড়ান্ত খসড়ায়। কিন্তু সম্প্রতি চূড়ান্ত হওয়া শিক্ষা আইনের খসড়ায় নিয়ম-কানুন আগের মতোই রাখা হয়েছে। বাড়তি কোনও নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি।
    এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত। নতুন করে কিছু সংযুক্ত করা হয়নি।’
    নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নিয়ন্ত্রণে রেখে উন্নয়নের কথা ভাবা হলেও মাদ্রাসা পরিচালনাকারীরা তা চান না। এ কারণে শিক্ষার্থীদের কল্যাণে কওমি মাদ্রাসাগুলোকে একটি কাঠামোয় ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও তা আর হয়নি। এখন ‘সরকার কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে’ অংশটুকু রেখে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
    গত বছর ১৬ ফেব্রুয়ারি শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত সংক্রান্ত বৈঠকে কওমি মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, ‘সরকারের নিয়ন্ত্রণে কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম উন্নয়ন করার বিধান যুক্ত করা হয়েছে। কারণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোনও শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।’ ওই সিদ্ধান্তের আলোকে কওমি শিক্ষার বিষয়টি আইনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়।
    শিক্ষাবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিবন্ধন ছাড়া নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবীর কোনও দেশে কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় না। ভারতেও দেওবন্দ নিবন্ধন নিতে হয়। আইনে সেভাবে রাখা না হলেও অন্তত নিবন্ধন থাকা প্রয়োজন। তাছাড়া তাদের তথ্য পাওয়া যাবে কীভাবে?’
    তিনি আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে আমাদের সন্তান কোথায় কী লেখাপড়া করছে তা জানা দরকার। কওমিসহ দেশের সব শিক্ষা ধারাকে একটি ছাতার নিচে এনে যার যার স্বাতন্ত্র বজায় রেখে চালাতে হবে। এই শিক্ষা ধারাকে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে চলছে, আয়ের উৎস কী, পাঠ্যক্রম কী, কী শেখাচ্ছেন তা তো জানতে হবে।’
    ২০১৩ সালের ৫ এপ্রিল হেফাজত কা-, মোদি-বিরোধী আন্দোলন ও গত বছর মামনুলকে গ্রেফতারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় কওমি মাদ্রাসার ছাত্রদের দিয়ে সহিংসতা চালানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
    এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে কওমি শিক্ষাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
    মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় রাজনীতিতে যুক্ত করা ও সহিংসতায় ব্যবহারের অভিযোগের পর গত বছর ২১ জুন দেশের সব মাদ্রাসা নিবন্ধনের আওতায় আনার একটি কমিটি গঠন করে সরকার। এরপর কওমি মাদ্রসাসহ সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়।
    কওমি, নুরানি, দিনিয়া, ফোরকানিয়া ও ইবতেদায়িসহ সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীর ডাটাবেজ প্রস্তুত করা হয়।
    ডাটাবেজ অনুযায়ী দেশে বর্তমানে কওমি মাদ্রাসা আছে ১৯ হাজার ১৯৯টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ।
    ২০১৫ সালে এ মাদ্রাসার সংখ্যা ছিল ১৩ হাজার ৯০২টি। গত পাঁচ বছরে মাদ্রাসার সংখ্যার বাড়ার পাশপাশি শিক্ষার্থীও বেড়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
    গত ২৩ জানুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘কওমি মাদ্রাসাগুলোকে একটি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা প্রয়োজন। কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকরণ এবং সরকারি নিবন্ধনের আওতায় আনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে সমন্বিত একটি নীতিমালা প্রণয়ন এবং কওমি মাদ্রাসা সংক্রান্ত বর্তমানে আলাদাভাবে পরিচালিত ছয়টি বোর্ডকে সমন্বিত করে একটি কমিটি গঠনের বিষয়টি সরকারের পর্যালোচনাধীন রয়েছে।’

  • দেশের প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে আরও ব্যান্ডউইথ

    জাতীয় ডেস্ক: দেশের প্রথম সাবমেরিন ক্যাবলে (সি-মি-উই-৪) যুক্ত হচ্ছে আরও ৩৮০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ। আগামী মার্চ মাস নাগাদ সি-মি-উই-৪-এ যুক্ত হচ্ছে এই ব্যান্ডউইথ। এজন্য সরকারের ব্যয় হবে ৩২ লাখ ডলার।
    বিষয়টি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদের ২০০তম সভায় কনসোর্টিয়াম ও সরবরাহকারীদের মধ্যে চুক্তি সইয়ের জন্য অনুমোদিত হয়েছে বলে ৩০ জুনের বিএসসিসিএল’র মূল্য সংবেদনশীল তথ্যে এ খবর জানা গেছে।
    সংশ্লিষ্ট সূত্র বলছে, আপগ্রেডেশন-৬ প্রক্রিয়ার অংশগ্রহণের মাধ্যমে সি-মি-উই-৪ ক্যাবলে কোম্পানির ব্যান্ডউইথ ক্যাপাসিটি কক্সবাজার- টুয়াজ ভায়া সাতুন ও মালাক্কা রুটে ৩৫০০ জিবিপিএস এবং কক্সবাজার-চেন্নাই রুটে ৩০০ জিবিপিএস সক্ষমতা (ক্যাপাসিটি) বাড়ানো হবে।
    প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে ব্যবহার হচ্ছে ৩৪৪০ জিবিপিএস ব্যান্ডউইথ। করোনা মহামারি শুরু হওয়ার আগে যার পরিমাণ ছিল ১০৫০ জিবিপিএস। অপরদিকে ২০০৬ সালে সংযুক্ত হওয়া সি-মি-উই-৪-এর ক্যাপাসিটি ছিল ৮০০ জিবিপিএস, তথা এই পরিমাণ ব্যান্ডউইথ ক্যাবল থেকে দেশে ব্যবহার হচ্ছে। সক্ষমতা বাড়ানো হলে সি-মি-উই-৪ এর সক্ষমতা বেড়ে হবে ৪৬০০ জিবিপিএস।
    নতুন সক্ষমতার বিষয়ে জানতে চাইলে বিএসসিসিএল’র একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সক্ষমতা বাড়ানোর প্রথম দিন থেকেই চাইলে পুরো ব্যান্ডউইথ (৩৮০০ জিবিপিএস) ব্যবহার করা যাবে। ২০২৬ সালে ২০ বছরের আয়ুবিশিষ্ট সি-মি-উই-৪ ক্যাবলে কীভাবে আরও ৩৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত করা সম্ভব হবে, জানতে চাইলে ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ বছরের মেয়াদের কথা বলা হলেও আসলে ৩০ বছরেও কিছু হবে না। এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
    তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, সি-মি-উই-৪-এর ক্যাপাসিটি বাড়ানো হলে দেশকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) নির্ভরতা কমিয়ে আনতে হবে। তারা বলছেন, বর্তমানে আইটিসির (৬টি প্রতিষ্ঠান) মাধ্যমে দেশে আসছে প্রায় ১২০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এটা মূলত আমদানি করা ব্যান্ডইউথ। এই পরিমাণ ব্যান্ডইউথ আনতে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। সি-মি-উই-৪-এর সক্ষমতা বাড়ানো হলে আমাদের আর ব্যান্ডউইথ আমদানির প্রয়োজন হবে না। আমরা নিজেরাই সক্ষম হবো। দেশ তৃতীয় সাবমেরিন ক্যাবলেও দ্রুততম সময়ের মধ্যে সংযুক্ত হবে। ফলে ব্যান্ডউইথ আমদানি নির্ভরতা কমাতে হবে।

  • ২৮ জুলাই রূপরেখা জানাবে গণতন্ত্র মঞ্চ

    জাতীয় ডেস্ক: আগামী ২৮ জুলাই রূপরেখা প্রকাশ করবে সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। শনিবার (২ জুলাই) রাতে মঞ্চের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রবিবার (৩ জুলাই) বিকালে মঞ্চের দুই অন্যতম উদ্যোক্তা সাইফুল হক ও জোনায়েদ সাকি এ কথা জানান। জানা গেছে, শনিবার রাতে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা হয়। ওই সভায় সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্র্বতীকালীন সরকার গঠন ও দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান নেতারা।
    বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জিন্নুর চৌধুরী দীপু, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ।

  • অনলাইনে সংবাদ বুলেটিন বা টকশো করা যাবে না

    জাতীয় ডেস্ক: পত্রিকার অনলাইন বা অনলাইন পত্রিকায় সংবাদ বুলেটিন কিংবা টকশোর আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অনলাইনে সংবাদের সাথে ছোট্ট ভিডিও ক্লিপ যেতে পারে, কিন্তু আইন অনুযায়ী সংবাদ বুলেটিন কিংবা টকশো আয়োজন করা যায় না।
    রবিবার (৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
    ফোরামের সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার এবং উপদেষ্টাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, আজিজুল ইসলাম ভূঁইয়া, শরিফ সাহাবুদ্দিন, বেলায়েত হোসেন ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, মীর মনিরুজ্জামান, মফিজুর রহমান খান বাবু, রিমন মাহফুজ, নাজমুল আলম তৌফিক, জগদীশ চন্দ্র সরকার প্রমুখ আলোচনায় অংশ নেন।
    তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
    তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে কর্মরত সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে তালিকায় সাংবাদিক হিসেবে কার নাম আছে, আর কার নাম নেই সেটি বোঝা যাবে। সবাই সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া তখন কঠিন হয়ে যাবে।
    ড. হাছান এসময় পত্রিকায় বিজ্ঞাপনের বকেয়া বিল দ্রুত পরিশোধের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন উে ল্লখ করে বলেন, ‘সব সমস্যার সমাধান দিতে পারবো সেটি আমি বলবো না, কিন্তু আমার আন্তরিকতার কোনও অভাব নেই। আপনাদের সহযোগিতায় ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে, বাকিগুলোও সমাধান হবে।
    ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের কাজ করে যেতে হবে। ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন বলেন, প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট অনুযায়ী সংবাদপত্রের অনলাইন বা অনলাইন সংবাদপোর্টালে টকশো বা সংবাদ বুলেটিন সম্প্রচারের কোনও সুযোগ নেই।
    ফোরামের নেতৃবৃন্দ এ সময় নামসর্বস্ব ও অনিয়মিত পত্রিকায় সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র প্রদান বন্ধ ও মিডিয়া তালিকাভুক্তি বাতিল, বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধ, সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যা নির্ধারণ ব্যবস্থা ঢেলে সাজানো, অপেশাদার সাংবাদিককে পত্রিকার সম্পাদকের দায়িত্ব না দেওয়া, সম্পাদক ফোরামের সদস্যদের ভিআইপি মর্যাদা প্রদান ও বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তি ও পত্রিকার ডিক্লারেশন দেওয়ার ক্ষমতা তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করাসহ ১০ দফা দাবি সংবলিত একটি পত্র মন্ত্রীকে হস্তান্তর করেন।

  • সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না

    জাতীয় ডেস্ক: সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না। এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।
    ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে। এ ছাড়াও এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে। তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।
    ওবায়দুল কাদের বলেন, ঈদে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে। তাই ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকতে হবে।

  • বিএনপিই আগামীতে সরকার গঠন করবে: আমান

    জাতীয় ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এই বাংলাদেশে, এই ঢাকার মাটিতে শিগগিরি আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এবং সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অবৈধ নিশিরাতের আওয়ামী সরকারের পতন হবে। এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তারপর হবে নির্বাচন। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিলে বিএনপিই আগামীতে সরকার গঠন করবে।’
    শনিবার (২ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদপুর থানা বিএনপি নেতা এম এস আহমাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর বছিলা রোডের নীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে আমান উল্লাহ বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে খাবার নেই। হাহাকার চলছে। অথচ আওয়ামী সরকার দেশের বানভাসি মানুষের দিকে নজর দিচ্ছে না। সরকার থেকে আশানুরূপ কোনও ত্রাণ যাচ্ছে না।
    সম্মেলনে ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে ৩৪ নম্বর ওয়ার্ডে মাসুম খান রাজেশ সভাপতি ও ওসমান রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

  • সাদকে চেয়ারম্যান করার প্রস্তাব, অব্যাহতিপ্রাপ্তদের ফেরানোর আহ্বান রওশনের

    জাতীয় ডেস্ক: জাতীয় পার্টির চিফ প্যাট্টন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দল থেকে যাদের অব্যাহিত দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে। সবাইকে নিয়েই পার্টি শক্তিশালী করতে হবে। তিনি এও অভিযোগ করেছেন, হাসপাতালে শুয়ে আমি সব খবর নিয়েছি, কিন্তু কেউ আমার খোঁজ নেয়নি।
    শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রওশন এরশাদ।
    সভায় অবশ্য দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ সিনিয়র নেতারা কেউ অংশ নেননি। সভায় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ দাবি করেছেন, রওশন এরশাদ বেঁচে থাকতেই যেন তার সন্তান সাদকে দলের চেয়ারম্যান করা হয়। কাজী মামুন কিছুদিন জাতীয় পার্টি পুনর্গঠনের উদ্যোগে বিদিশার নেতৃত্বে ছিলেন।
    সভায় রওশন আক্ষেপ করেন, ‘সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ যেভাবে পার্টিকে উজ্জীবিত করে রেখেছিলেন, এখন তা নেই। দল এখন অনেকটাই এলোমেলো। তাই যাদের অব্যাহিত দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে।’
    রওশন আরও বলেন, ‘অনেক ভালো নেতাকর্মী দলের বাইরে আছেন। তাদের আনতে হবে। নতুন প্রজন্মকে দলে আনতে হবে।’
    ক্ষোভ প্রকাশ করে রওশন বলেন, ‘দলের কে কী করেছেন, থাইল্যান্ডে হাসপাতালের বেডে শুয়ে সব খবর নিয়েছি। আমার খবর কেউ নেয়নি। যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই আমার নিয়মিত খোঁজ রেখেছেন, প্রার্থনা করেছেন।’