Author: kobirubel.satnadee

  • ওয়াগনারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুতিনের

    আন্তর্জাতিক ডেস্ক:

    রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ভাড়াটে গোষ্ঠী ওয়াগানার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। দেশটির রোস্তভ শহরে ঢুকেছে যোদ্ধারা। এ পরিস্থিতিতে শনিবার (২৪ জুন) মস্কোয় জাতির উদ্দেশে ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি দেওয়া হবে। সমাজে বিভক্তকারীদের শাস্তি অনিবার্য।’

    এক রাতের মধ্যে দৃশ্যপট বদলে দিলো ওয়ানগার। পুরো আন্তর্জাতিক সংবামাধ্যম ও বিশ্লেষকদের চোখ এখন রাশিয়ার দিকে। এই পরিস্থিতি নিয়ে শনিবার টেলিভিশনে ভাষণে পুতিন বলেছেন, রাশিয়ার ভবিষ্যৎ ঝুঁকির মুখে। বিদ্রোহীদের কর্মকাণ্ড রুশ জনগণের ‘পিঠে ছুরিকাঘাত’।

    সংক্ষিপ্ত ভাষণে রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘রাশিয়াকে রক্ষায় এই সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি।’ পরিস্থিতি যেকোনও উপায়ে নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ভাষণে ওয়াগনার প্রধান প্রগোজিনের নাম উল্লেখ না করে পুতিন বলেছেন, কারও উচ্চাকাঙ্ক্ষা রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের দিকে যাচ্ছে।

    তার আগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন প্রিগোজিন। তার বাহিনীর যোদ্ধাদের ওপর বড় ধরনের হামলা হয়েছে দাবি করে, এর সঙ্গে জড়িত রুশ সামরিক নেতাদের উৎখাত করবেন বলে জানান। বিশাল ভাড়াটে বাহিনী নিয়ে ইউক্রেনে থেকে রাশিয়ায় প্রবেশের ঘোষণা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে ‘বিদ্রোহী’ আখ্যা দিয়েছে মস্কো। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং ফৌজদারি অপরাধের অভিযোগ প্রমাণিত হলে ১২ থেকে ২০ বছরের সাজা হতে পারে। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পুতিন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন শহরের সামরিক সদর দফতর ও বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ওয়াগনার। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে শনিবার ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেছেন, ‘আমরা সকাল ৭টা ৩০ মিনিটে রোস্তভের সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছি। এতে বিমানঘাঁটিও রয়েছে।’

    সূত্র: বিবিসি, আল জাজিরা

     

  • নৌকায় সেলফি তুলতে গিয়ে যমুনায় নিখোঁজ শিক্ষার্থী

    জাতীয় ডেস্ক:

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনায় নৌকায় সেলফি তুলতে গিয়ে মো. আপন (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে। শনিবার বিকেলে উপজেলার বাহাদুরাবাদ নৌকাঘাটের ফুটানিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    আপন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। সে জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল। রাত সাড়ে নয়টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আপন জামালপুর জিলা স্কুলে পড়াশোনা করে। সে জামালপুর শহরেই থাকে। ঈদের ছুটিতে গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসে। শনিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে সে যমুনা নদীর পানি দেখতে বাহাদুরাবাদ নৌকাঘাটে যায়। এ সময় সেখানে থাকা একটি নৌকায় ওঠে তারা তিনজন। নৌকার এক কিনারায় দাঁড়িয়ে আপন সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চলছিল।

    আপনের বাবা মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে ঈদের ছুটিতে বাড়িতে আসছে। বিকেলে তার দুই বন্ধুর সঙ্গে নদীর পানি দেখতে গিয়েছিল। সেখানে সেলফি তুলতে গিয়ে নাকি নদীতে পড়ে ডুবে যায়। এখনো আমার সন্তানের খোঁজ পাওয়া যায়নি।’

    দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে।

  • খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার

    জাতীয় ডেস্ক:

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস।  শুক্রবার বিকেলে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চীনা দূতাবাসের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

    বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছেন, এসএফ কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে চীনা দূতাবাস কয়েকটি প্যাকেটে উপহারসামগ্রী পাঠিয়েছে গতকাল বিকেলে। সে সময় তাঁরা কেউ ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

    আব্দুস সাত্তার জানিয়েছেন, উপহারসামগ্রীর প্যাকেটের ওপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল এবং স্ন্যাক্স ও বিস্কুট–জাতীয় কিছু রয়েছে বলে তিনি জেনেছেন। চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও আব্দুস সাত্তার জানিয়েছেন।

    এর আগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকার চীনা দূতাবাস শুভেচ্ছা জানিয়ে উপহারসামগ্রী পাঠিয়েছিল।

  • বিএনপিই মানুষের ভোটাধিকার হরণে রেকর্ড সৃষ্টি করেছে: ওবায়দুল কাদের

    জাতীয় ডেস্ক:

    বিএনপির বিরুদ্ধে ভোটাধিকার হরণের অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার হরণে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

    নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য দিচ্ছেন, সেসব বক্তব্যকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিবৃতিতে তিনি বিএনপির নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে সরকার আটক করে রাখেনি। তিনি আদালতের রায়ে শাস্তি ভোগ করছেন। বরং শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়ে নির্বাহী আদেশে তাঁর শাস্তি স্থগিত রেখেছেন এবং তাঁকে বাসায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনার এ বদান্যতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল। অথচ তারা কৃতঘ্নতার পরিচয় দিচ্ছে।

    বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ দেশে জিয়া পরিবারের গল্প মানুষ জানে। ভাঙা স্যুটকেসের গালভরা গল্প মানুষ ভুলে যায়নি। ভাঙা স্যুটকেস থেকে বিলাসবহুল জাহাজ বেরিয়ে আসতেও দেখেছে জনগণ। বিএনপির শাসনামলে তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। বিদেশে পাচারকৃত জিয়া পরিবারের অর্থের কিছু অংশ দেশে ফেরতও আনা হয়েছে।’

    শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, যারা দেশকে ভঙ্গুর ও পরনির্ভরশীল করে রেখে গিয়েছিল, তারা আজ দেশের অর্থনৈতিক অর্জন নিয়ে সমালোচনা করছে। বিএনপি প্রতিনিয়ত ‘মিথ্যাচারের ফানুস ওড়াচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, এ দেশের অর্থনীতিকে আজ শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিকভাবে এক উদীয়মান শক্তি। দেশের এই অর্জন-সমৃদ্ধি তারা কখনো মেনে নিতে পারে না। বিএনপির রাজনীতি পরশ্রীকাতরতা ও দ্বিচারিতায় পূর্ণ।

    ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি আত্মদহনে দক্ষ। ভুল রাজনীতির খেসারত দিচ্ছে তারা। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও মনোজগতে তারা এখনো পরাধীনতায় বিশ্বাসী। পাকিস্তানি ভূত তাদের মাথা থেকে যায়নি। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্র করছে। যাদের জন্ম ও বিকাশ ষড়যন্ত্রের মাধ্যমে, তারা সে বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে না, এটাই সত্য। কিন্তু আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। জনগণের পাশে আছে, জনগণের পাশেই থাকবে।

  • দলীয় সরকারের অধীন কোনো নির্বাচনেই অংশ নেবে না ইসলামী আন্দোলন

     

    জাতীয় ডেস্ক:

    দলীয় সরকারের অধীন আর কোনো নির্বাচনেই ইসলামী আন্দোলন অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। শনিবার দলের অন্যতম শীর্ষ নেতা ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশ, জাতি সবার জন্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আসুন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাঁর যা কিছু আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়ি।’

    দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষে করণীয় ঠিক করতে দলের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ ১৫টি দলের প্রতিনিধিরা অংশ নেন।

    মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম জাতীয় সরকারের একটি প্রস্তাব তুলে ধরেন। তাতে বলা হয়, আপিল বিভাগের একজন গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। বর্তমান সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে, এই সরকারে যাঁরা থাকবেন, তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বর্তমান মন্ত্রিসভার কেউ জাতীয় সরকারে থাকবেন না। এ ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন করে জাতীয় সরকারকে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও প্রস্তাব করা হয়।

    পরে সমাপনী বক্তব্যে সৈয়দ রেজাউল করিম বলেন, ‘এই সরকার তাদের অধীন নির্বাচন করার পাঁয়তারা করছে, এটা আমরা কেউ চাই না। এ ব্যাপারে সবাই একমত হয়েছেন।’

    সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বরিশাল সিটি নির্বাচনে আক্রমণের শিকার হয়ে শান্তিপূর্ণ অবস্থানের জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ইসলামী আন্দোলন ঘোষণা যেন পূরণ হয় সেই প্রত্যাশা করেন। একই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, স্বীকার করি, অতীতে দেশ পরিচালনায় বিএনপির ভুল-ত্রুটি ছিল। কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক কাতারে মেলানো অবিচার হবে।

    সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের জন্য যেমন প্রয়োজন, আওয়ামী লীগের জন্যও প্রয়োজন। কারণ, অন্যের ওপর ভর করে ক্ষমতায় এলে দাম থাকে না। ১৯৯৬ সালের আওয়ামী লীগ, আর ২০০৮ থেকে ২০১৮ সালের আওয়ামী লীগ এক না। ’৯৬–তে আওয়ামী লীগের একজন ইউনিয়নের সভাপতিকেও থানার ওসি সম্মান করত, এখন এমপিরাই বলেন, তাঁদের কথা ওসিরা শোনেন না। শুনবেন কেন, তারাই তো তাকে বিনা ভোটে এমপি বানিয়েছেন।’

    এদিকে  কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আঞ্চলিক ভূ-রাজনীতি, দেশের স্বার্থ ও নিরাপত্তার কথা চিন্তায় রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আর এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন ২০২৩–এ আরেকটি গণ-অভ্যুত্থান।

    খেলাফত আন্দোলনের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, দলীয় সরকার নয়, নির্বাচনকালীন একটি সরকার হতে হবে, বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। কারণ, পৃথিবীর কোথাও সংসদ বহাল রেখে নির্বাচন হয় না।

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম বলেন, নানামুখী চাপে সরকার এখন প্রান্তিক অবস্থানে আছে। ইসলামী আন্দোলন সরকার হটানোর যে ডাক দিয়েছে, এটা হচ্ছে শেষ পেরেক।

    মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, আশরাফ আলী আকন, মহাসচিব ইউনুছ আহমাদ, ইনসাফ কায়েম কমিটির শওকত মাহমুদ, জামায়াতে ইসলামের প্রতিনিধি খলিলুর রহমান মাদানী, জাতীয় পার্টির রওশনপন্থী নেতা গোলাম মসীহ, ফরায়েজি আন্দোলনের আবুল হাসান প্রমুখ।

  • ভোমরা বন্দরে চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুশিয়ারী ভারতীয় ব্যবসায়ীদের

    রুবেল হোসেন: গত ২১ জুন থেকে ভোমরা স্থলবন্দরে চলছে ট্রাকপ্রতি ২০০ রূপি হারে চাঁদাবাজির মহোৎসব। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক আমদানি রপ্তানী। ঐ দিন সকাল ১০ টা থেকে চাঁদাবাজির কারণে ৪ ঘন্টা আমদানি-রপ্তানী বন্ধ থাকার পর পচনশীল পন্য পরিবহনের জন্য সিএন্ডএফ এসাসিয়েশনকে ২০০ রুপি চাঁদা দিয়েই বন্দরে পন্যবাহী ট্রাক প্রবেশ করে। পরদিন ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতির জরুরী বৈঠকে সিএন্ডএফ এসোসিয়েশনের চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানানো হয়। কিন্তু কোন পক্ষের দাবী ও অনুরোধকে তোয়াক্কা না করে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন চাঁদাবাজি অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র ঈদ ইল-আযহা উপলক্ষে জনভোগান্তি এড়াতে সিএন্ডএফকে ২০০ রুপি করে চাঁদা দিয়ে বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশ করছে। এদিকে ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে বন্দরে চাঁদাবাজি বন্ধ না হলে ঈদের পর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। শুক্রবার (২৩ জুন) ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে অবিলম্বে চাঁদা আদায় বন্ধ করতে অনুরোধ করা হয়। অন্যথায় ঈদের পর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। উক্ত পত্রের অনুলিপি ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতি ও সাতক্ষীরা জেলা প্রশাসককে প্রদান করা হয়। ফলে ঈদের মধ্যে চাঁবাবাজি বন্ধ না হলে ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীলতা ও বন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
    উল্লেখ্য, গত গত ৩০ মে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এ.এস এম মাকছুদ খান স্বাক্ষরিত এক পত্রে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্ট এন্ড ইমপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি / সাধারণ সম্পাদককে ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের বিষয়টি জানানো হয়। যা গত ৮ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। চিঠি পাওয়ার পর গত ২ জুন ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম জিয়াউল হক চৌধুরি ও সাধারণ সম্পাদক রাজু সাহাজী স্বাক্ষরিত এক পত্রে ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বাড়তি চাঁদা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এবং সামগ্রিক এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভোমরা আমদানি রপ্তারী কারক সমিতির সাথে আলোচনার অনুরোধ জানানো হয়। কিন্তু এমন অবস্থার মধ্যে গত ২১ জুন থেকে ভারতীয় ট্রাক থেকে ২০০ রূপি হারে চাঁদা আদায় শুরু করে ভোমরা সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশন।

     

  • আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারী প্রথিমিক বিদ্যালয় হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার মাধ্যমিক স্কুলের পঞ্চাশ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিজ্ঞান ভিত্তিক লিখিত কুইজ প্রতিযোগিতা ও চার দলীয় বিজ্ঞানভিত্তিক তিনটি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী লিখিত কুইজ প্রতিযোগিতা ও চার দলীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ সমগ্র বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন এবং বিচারক হিসাবে পর্যায়েক্রমে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের সভাপতি আব্দুর রহিম, পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু, রাজনীতিক রুহুল আমিন, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জিএম ফিরোজ আহমেদ ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন বিচারকের দায়িত্ব পালন করেন। বিতর্কে প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে শ্রেষ্ট বিতর্কিত নির্বাচিত হয়েছেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া সুলতনা এবং প্রথম রাউন্ডে যথাক্রমে যৌথভাবে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশস শ্রেনীর ছাত্রী সাকিবুন নাহার, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মুজাহিদ ইবনে রফিক, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতনা ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোবাশ্বেরা খাতুন শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ধুলিয়া পুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সিনতিয়া ছোয়া, দ্বিতীয় স্থান আধিকার করেন মোহনা সরকার, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া সুলতনা তৃতীয় স্থান লাভ করেন।

  • তালায় বিবিআর নিউজ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    নজরুল ইসলাম, তালা: তালায় “গণ মানুষের কন্ঠে কথা বলে ২৪ ঘন্টা” স্লোগানকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টল বিবিআর নিউজ ২৪.কম (বাংলাদেশ সম্প্রচার প্রতিবেদন) এর ১ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। বুধবার (২১জুন) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে পাঠক ফোরামের আয়োজনে আলোচনা সভায় তালা প্রেসক্লাব সভাপতি ও বিবিআর নিউজ ২৪.কমের প্রধান উপদেষ্টা সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণে সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিবিআর নিউজ ২৪ .কমের সম্পাদক ও প্রকাশক বিএম বাবলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, তালা প্রেসক্লাবের সদস্য ও বিবিআর নিউজ ২৪.কমের সহ-সম্পাদক কাজী জীবন বারী, বার্তা সম্পাদক লিটন হুসাইন, তালা প্রসক্লাবের সদস্য শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সহযোগী সদস্য মো. সাগর মোড়ল, জিএম শফিউর রহমান ডানলাপ, ছাত্রনেতা আমিনুর রহমান, সজিব খান প্রমুখ। আলোচনা সভা শেষে বিবিআর নিউজ ২৪ .কমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন করা হয়। সভায় অতিথিরা বিবিআর নিউজ ২৪ .কমের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

  • মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়: জাপার সাবেক মন্ত্রী দিদার বখত্

    নজরুল ইসলাম, তালা: তালায় কবি সিকান্দার আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। শনিবার (২৪ জুন) বেলা ১২টার দিকে তেঁতুলিয়া এলাকায় স্কুলটিতে এ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে এ অঞ্চলে ভূমিকা রাখছে। তবে বিদ্যালয়টি এখনো সরকারিকরণ হয়নি। বিদ্যালয়টি সরকারিকরণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। তিনি বলেন, আসছে সংসদ নির্বাচন। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে দল। তবে প্রথম শর্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করে কোন লাভ নেই। সাধারণ মানুষ এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে আমি জাতীয় পার্টি থেকে অংশ নিবো। সেই লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়। সুষ্ঠ নির্বাচন হলে জাতীয় পার্টি এই আসন থেকে জয়লাভ করবে। স্কুলের উন্নয়ন কাজ উদ্বোধনকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জুলফিকার আকবার, প্রধান শিক্ষক কামরুজ্জামান, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • আশাশুনির সুপেয় পানি পেয়ে খুশী ৩৩২ পরিবার

    সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনির কাদাকাটি ইউনিয়নে সুপেয় পানির অভাবে চরম বিপর্যস্ত পরিবারের মধ্যে ৩৩২টি পরিবার সুপেয় পানিন ব্যবস্থা পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। জিওবি-ইউনিসেফ পাইপ ওয়াটার সিস্টেম পরিবারগুলোকে সুপেয় পানির ব্যবস্থা করেছে। ইউনিসেফ বাংলাদেশ প্রধান শেলডন ইয়েট প্লান্টটির শুভ উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে কাদাকাটি ইউনিয়নের দীর্ঘ প্রায় ৬ কিলোমিটার পাইপলাইন ব্যবহার করে ৩টি ভিন্ন ভিন্ন পুকুর থেকে পানি সংগ্রহ করে প্রকল্পের নির্মিত প্লান্টের বিভিন্ন প্রক্রিয়ায় পরিশোধন করা হচ্ছে। এখান থেকে ২৭ টি ট্যাপ পয়েন্টের মাধ্যমে ৩৩২ পরিবারকে সারা বছর নিরাপদ পানি সরবরাহ করা হবে। গত ১৯ জুন থেকে পানি সরবরাহ শুরু হয়েছে। সুপেয় পানি সরবরাহ কাজ দেখতে এলাকা পরিদর্শন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, জিওবি-ইউনিসেফ, ঢাকা প্রকল্প পরিচালক এহতেশামুল রাসেল খান, ডিপিএইচই খুলনা, তত্বাবধায়ক প্রকৌশলী মো: বাদশাহ মিয়া, নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা, মো: শহিদুল ইসলাম, ইউনিসেফ খুলনা চীফ ফিল্ড অফিসার মো: কাউসার হোসেন, ইউনিসেফ ঢাকা ওয়াশ অফিসার নার্গিস আক্তার, ইউনিসেফ খুলনা ওয়াশ অফিসার মোহাম্মদ নাহিদ মাহমুদ, ইপিআরসি ঢাকা সহকারী নির্বাহী প্রেসিডেন্ট ড. সুফিয়া খানম ও ইপিআরসি’র উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং পানি সংক্রান্ত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাদাকাটিসহ আশাশুনি উপজেলার পানযোগ্য নিরাপদ পানির সংকট মোকাবেলায় সুপারিশসমূহ বিশদভাবে আলোচনা করা হয়। পানি ব্যবহারকারী রমেচা খাতুন বলেন, এলাকার মানুষের সুপেয় পানির দুর্ভোগের কথা বলে শেষ করা যাবেনা। ইউনিসেফ পাই লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানি পৌছে দিয়ে আমাদেরকে মহা সংকট থেকে রক্ষা করেছে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার জানান, এলাকার মানুষ দীর্ঘকাল সুপেয় পানির অভাব চরম ভাবে ভোগ করে আসছিল। সুপেয় পানির সন্ধানে মহিলারা ২/৩ কিঃমিঃ পথ পায়ে হেটে গিয়ে দুরবর্তী এলাকা থেকে কলসে পানি এনে কোন রকমে কাজ মিটাতে কষ্টসাধ্য চেষ্টা করতো। প্লান্টটি চালু হওয়ায় এলাকার মানুষ এখন বাড়ি বসে সুপেয় পানি পাচ্ছে। এমন প্রকল্প এলাকার আরও কিছু গ্রামে স্থাপন করা প্রয়োজন বলে তিনি জানান।