Author: kobirubel.satnadee

  • আয়নায় যে মুখ দেখি……..সোনালী দে

    অবচেতন মনে চেতনার রূপ জাগ্রত করার তুমি এক মস্ত কারিগর। অন্যায়, অসত্য আর অসুন্দরের নিরর্থক চিত্র চিরন্তন সার্থকতার সাক্ষী হয়ে তুমিই তো তুলে ধরেছ আমাদের সম্মুখে। হ্যাঁ বন্ধু আমি একটি দর্পণের কথা বলছি। যে দর্পণে আমরা দেখেছি আমাদের চরিত্রের কলঙ্কিত চিত্র। বিশাল রাজ্যের বিরামহীন গতিধারা সত্যি কি থমকে দাঁড়ালো? না, সে চলছে, তবে অতি ধীরে, অনাহারী এক দুর্বল ক্লান্ত পথিকের ন্যায়। সেদিন থেকে মানুষে মানুষে শুরু হয়েছিল সংগ্রাম আর সংঘর্ষ, বোমা- বারুদের বিকট আওয়াজ।

    যেদিন মানুষের চিন্তা শক্তিকে এলোমেলো করে দিল হয়তলবা সেদিন থেকেই মানুষ আলোচনার মিলন ক্ষেত্র ছেড়ে বেরিয়ে পড়েছিল অপরের সমালোচনায়। কিন্তু এ সমালোচনার মাঝে খুঁজে পাবো কি বিশ্ব উন্নয়ন কিম্বা আত্ম উন্নয়নের কোন পথ? সমালোচনার কাছে আজ আমরা দুর্বল। দুর্বলতায় আজ আমাদের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বিশ্ব শান্তি আজ বিধ্বস্ত। এসো বন্ধু আমরা সকলে মিলে দুর্বলতাকে প্রতিহত করি, সাহসী হই, আত্ম সমালোচক হই। বন্ধু, পরের সমালোচনা কুড়িয়ে নিজেকে কলঙ্কিত না করে এসো অপরের সুখ্যাতি প্রচার করি, সমালোচনা করি মিথ্যাকে। দেখবো আমাদের চরিত্রের সেই কলঙ্কিত চিত্র মুছে গেছে অজ্ঞাতসারে সবার অলক্ষে।

    অপরের সমালোচনার পূর্বে অন্তত একবার ভেবে দেখি আমি আমার আমিটাকে চিনি তো? আজ বিশ্ব উন্নয়নের মাঝপথে দাঁড়িয়ে আমরা যখন পরের সমালোচনা নিয়ে ব্যস্ত তখন কি একটি বারের জন্যেও ভাবি যাকে নিয়ে আজ আমরা সমালোচনায় রত তার চরিত্রের কতটুকু জানি আমরা। ফ্রেমে বাঁধানো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যতই ন্যায়পরায়ণ আর সত্যবাদী ভাবি, বাস্তবতার সামনে ভাষণ দিই, আমাদের হৃদয়ের আয়না যদি স্বচ্ছ না হয় তবে আমাদের চরিত্রে, মনে, ব্যবহারের সত্যের প্রতিচ্ছবি কিছুতেই ফুটবেনা। সফল ও হবে না কখনো নিজেকে বন্ধি রেখে অপরকে মুক্ত করার প্রয়াস। এসো বন্ধু সমালোচনা নয় সত্য আলোচনায় আলোকিত করি আমাদের মিলন তীর্থ।

  • স্বদেশ’র আয়োজনে ক্লায়েন্ট ওয়ার্কসপ

    প্রেস বিজ্ঞপ্তি: নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে স্বদেশ প্রধান কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বিভিন্ন নির্যাতনের শিকার আইন সহায়তা প্রাথিদের নিয়ে ক্লায়েন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বেলা ১২ টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আইন সহায়তা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, চলমান মামলা ও প্রয়োজনীয় বিষয়ে আলোচিত হয় এবং অভিযোগের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগীতা করেন আইন সহায়তা প্রদান প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো.আজাহারুল ইসলাম।

  • গৌরবের পদ্মা সেতুর এক বছর আজ

    জাতীয় ডেস্ক:

    ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু পার হন এবং এর মধ্য দিয়ে দক্ষিণের ২১টি জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ উন্মোচিত হয়। সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পরের দিন ২৬ জুন। সেই হিসাবে আজ রবিবার (২৫ জুন) পদ্মা সেতুর এক বছর পূর্ণ হলো।

    পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০ দশমিক ১২ মিটার বা ৪৯২ দশমিক ৫ ফুট এবং চওড়ায় ২২ দশমিক ৫ মিটার বা ৭৪ ফুট। সেতুটির মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার বা ৩ দশমিক ৮২ মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। ১২০ মিটার বা ৩৯০ ফুট গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, ১৯৭১ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জাপান থেকে আগত জরিপ বিশেষজ্ঞদের একটি দল পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) কাছে ঢাকা-ফরিদপুর সড়ক নির্মাণের জন্য একটি সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেয়। সড়কটি নির্মাণের অংশ হিসেবে তারা পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণের পরামর্শ দেয়। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তিনি আর প্রকল্পটি বাস্তবায়ন করার সুযোগ পাননি।

    জানা গেছে, কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থান করছে দেশের শীর্ষ অবকাঠামো পদ্মা সেতু। সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন থেকে দেশের সব গোয়েন্দা সংস্থার পাশাপাশি সেতু এলাকার নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যস্ত সময় পার করছেন র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো সেতু এলাকায় সেনা সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সেতুর ওপরে এবং নিচে উভয় স্থানেই এখন নিরাপত্তার চাদরে ঢাকা। সেতুর ওপরে ও নিচে, নদী এবং এর আশপাশের সড়ক, সড়কের বাইরেও বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি টিভি) ক্যামেরা। সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকারের একটি বড় সাফল্য।

    উল্লেখ্য, ফেরি সংকটে অথবা আবহাওয়াজনিত জটিলতা, অথবা যানজটে পড়ে পদ্মা নদী পার হতে না পেরে তরমুজ বোঝাই শতাধিক গাড়ি আটকে পড়ার কাহিনী কারও অজানা নয়। শুধু তরমুজই নয়, মাদারীপুর থেকে আনা কলাই শাক, শরীয়তপুর থেকে আনা নানা ধরনের সবজি, ফরিদপুর থেকে আনা খেজুরের রস, বরিশাল ও  পটুয়াখালী থেকে আনা তরমুজ, বাঙ্গি, আমড়া ও মুরগির ডিমবাহী ট্রাকও পদ্মার পাড়ে আটকে থাকতো, ঘণ্টা পর ঘণ্টা, দিনের পর দিন। ফলে এসব পচনশীল পণ্য গরমে নষ্ট হয়ে যেতো। যা ফেলে দিতে বাধ্য হতেন ব্যবসায়ীরা। আবার কেউ কেউ এসব পণ্য কম দামে বিক্রি করে দিয়ে লোকসানের পরিমাণ কিছুটা কমিয়ে বাড়ি ফিরতেন খালি হাতে। পদ্মা সেতু চালু হওয়ার পর এমন পরিস্থিতির অবসান হয়েছে বলে স্বস্তিতে আছেন পদ্মার ওপারের কৃষিজীবী মানুষের।

    তারা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর আগে সেই অবস্থা আর নেই। ওপারের ২১ জেলার কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বাড়ছে চাষাবাদ। বাড়ছে কৃষিনির্ভর খাদ্যসামগ্রীর উৎপাদন। জমির বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে সেসব কৃষিপণ্যের চাষাবাদ। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহজ হয়েছে। পরিবহন ব্যবস্থা সহজ হওয়ায় ক্রেতাও মিলছে আগের তুলনায় বেশি। চুক্তি ভঙ্গ হওয়ার সুযোগ নেই। ফলে কৃষিতে ব্যাপক পরিবর্তনে সাফল্য দেখছেন সংশ্লিষ্টরা।

    গত এক বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকার বেশি। সেতু বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানায়, ২০২২ সালের ২৬ জুন ভোর ৬টা থেকে শুরু হওয়া পদ্মা সেতুতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৯ মাসে ৬০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। এর পরের (এপ্রিল-মে ও জুনের প্রথম ২০ দিন) তিন মাসে টোল আদায়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। সব মিলিয়ে এ পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি টাকার কিছুটা বেশি।

    অপর দিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু কর্তৃপক্ষ এ পর্যন্ত চার কিস্তিতে মোট ঋণের ৬৩২ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা পরিশোধ করেছে। সূত্র আরও জানিয়েছে, সেতু কর্তৃপক্ষ আলাদাভাবে ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা এবং তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে। প্রথম দফায় দুই কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে চলতি বছরের ৫ এপ্রিল। তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থের চেক হস্তান্তর করা হয়েছে গত ১৯ জুন। এ পর্যন্ত পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ থেকে নেওয়া ঋণের মোট চার কিস্তির অর্থ পরিশোধ করেছে সেতু বিভাগ।

    উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয়েছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে— সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী— সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দেয় সরকার। ১ শতাংশ সুদ হারে ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। ২০০৫ সালে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক প্রাক্কলন ধরা হয়েছিল ১২ হাজার কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পৃথিবীর অন্যান্য তুলনীয় সেতুর নির্মাণ ব্যয়ের নিরিখে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সর্বমোট নির্মাণ ব্যয় ১০ হাজার কোটি টাকায় সীমিত রাখার পরামর্শ প্রদান করেন। ২০০৭ সালের আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একনেক-এর সভায় পদ্মা সেতুর চূড়ান্ত প্রাক্কলন ১০ হাজার ১৬১ কোটি অনুমোদন করা হয়। পরবর্তীকালে বিভিন্ন সময়ে প্রাক্কলন ব্যয় বাড়ানো হয়েছে। সর্বশেষ অনুমোদিত প্রাক্কলনের পরিমাণ ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা, যা মূল প্রাক্কলনের তুলনায় ২০ হাজার ৩২ কোটি টাকা বেশি। বলা হয়, বাস্তবায়ন বিলম্বিত হওয়াই প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ার মূল কারণ।

    তথ্য বলছে, মার্কিন ডলারের হিসাবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সড়ক-রেল সেতুর নির্মাণ ব্যয় ১১ বছরে ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। চীনের ৬ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ উফেনসাং ইয়াংজি সড়ক-রেল সেতু ২০২০ সালের ডিসেম্বরে চালু করা হয়। পদ্মা সেতুর সঙ্গে তুলনীয় এই সেতু নির্মাণে সময় লেগেছে ৪ বছর এবং ব্যয় হয়েছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা পদ্মা সেতুর এক-তৃতীয়াংশের তুলনায়ও কম।

    পদ্মা বহুমুখী সেতুর মূল সেতুর জন্য চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনকে নিযুক্ত করা হয়। চীনের সিনোহাইড্রো করপোরেশন নদী শাসনের কাজ করে। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করে বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড।

  • হজের আনুষ্ঠানিকতা শুরু, ভাঙতে পারে লোক সমাগমের রেকর্ড

    আন্তর্জাতিক ডেস্ক:

    মরুভূমির লু হাওয়া উপেক্ষা করে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি লোক সমাগমের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রবিবার (২৫ জুন) সৌদি আরবের মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবাঘর তাওয়াফ করার মধ্য দিয়ে শুরু হয় হজের কার্যক্রম। এদিন কাবা ঘরের কাছে লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। মক্কা ও এর আশেপাশে চার দিনের ধারাবাহিক ধর্মীয় আচার পালনের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।

    এবার হজ করতে ১৬০ দেশের ১৬ লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছে সৌদি আরবে। শুক্রবার (২৩ জুন) পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে ১৬ লাখ ২৬ হাজার ৫০০ জন যাত্রী সৌদি আরবে এসেছেন বলে জানায় দেশটির পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট। সাম্প্রতিক বছরগুলোর উপস্থিতির রেকর্ড এবার ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ৬৫ বছর বয়সী মিসরের নাগরিক আবদেল-আজিম তাওয়াফ ২০ বছর ধরে হজের জন্য ৬ হাজার ডলার জমিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো যাপন করছি। স্বপ্ন সত্য হয়েছে।’

    ধর্মপ্রাণ মুসলিমরা জীবনে একবার হজ পালনের আকাঙ্ক্ষা লালন করেন। তবে এটি পালনে কেবল সামর্থবানদের বাধ্যবাধকতা রয়েছে।

  • পদ্মাসেতুর টোলপ্লাজায় মাইক্রোবাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ২

    জাতীয় ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় মাইক্রোবাস চাপায় এক পুলিশ সদস্যসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রোববার সকাল ১০টায়  এ ঘটনা ঘটে। আহত ও নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল মোতালেব। তিনি টাঙ্গাইলের বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন। অপর নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

    মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (টি আই এডমিন) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে একটি মাইক্রোবাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিলো। গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার সামনে আসে। সে সময় মহাসড়কের পাশে থাকা অটোরিকশাগুলো আচমকাই এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছিলো।

    মাইক্রোটি যখন সেতুর টোলপ্লাজার দিকে অগ্রসর হবে, হঠাৎ একটি অটো সড়ক পার হওয়া শুরু করে। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাস চালক তার গাড়িটি এক নারী ও আমাদের পুলিশ সদস্য মোতালেবসহ একটি দোকানের ভিতর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব ও ওই নারী মারা যায়। এছাড়াও দোকানে থাকা আরো তিনজন গুরুতর আহত হয়। আহত ও নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।

  • শ্বাসরুদ্ধকর শনিবারে যা যা ঘটলো রাশিয়ায়

    আন্তর্জাতিক ডেস্ক: রুশদের মুখোমুখি রুশরা। শনিবার সকালে রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার যুদ্ধ ঘোষণা করলো রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধেই। আর ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিন রীতিমতো রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দিলেন। তার সঙ্গে ছিল কমবেশি ২৫ হাজার ভাড়াটে সেনা। রুশ সরকারই তাদেরকে অর্থের বিনিময়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠিয়েছিল। কিন্তু শনিবার যুদ্ধের ময়দান ছেড়ে হঠাৎ রাশিয়ারই একটি সামরিক হেডকোয়ার্টার দখলে নেন প্রিগোজিন। আর এর মধ্য দিয়েই রাশিয়ায় শুরু হয় এক শ্বাসরুদ্ধকর দিনের।

    বহুদিন ধরেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ছিল প্রিগোজিনের। তিনি রুশ সরকারের কাছ থেকে আরও ক্ষমতা ও স্বাধীনতা চেয়েছিলেন। ইউক্রেনে ধীর গতিতে যুদ্ধ পরিচালনার যে কৌশল রাশিয়া গ্রহণ করেছে তার সবথেকে বড় সমালোচক ছিলেন ওয়াগনার বস। এছাড়া যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীকে নিরাপদ রেখে ওয়াগনারকে ঝুঁকিপূর্ণ লড়াইয়ে ব্যবহারও তার মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

    আর সেই ক্ষোভের প্রকাশ ঘটে শনিবার। আচমকাই তিনি রাশিয়ার সামরিক বাহিনী এবং শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।

    শনিবার সকালে ওয়াগনারের সৈন্যরা ইউক্রেনে তাদের ফিল্ড ক্যাম্প ছেড়ে সীমান্ত অতিক্রম করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভে প্রবেশ করে। শ্বাসরুদ্ধকর গতিতে তারা আঞ্চলিক সামরিক কমান্ডের দায়িত্ব গ্রহণ করে এবং মস্কোর উত্তরে আরেকটি শহর ভোরোনেজের সামরিক স্থাপনা দখল করে নেয়। ওয়াগনার যোদ্ধারা রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করলে, মস্কোসহ রাশিয়ার অনেক অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। মস্কোর মেয়র শহরের বাসিন্দাদের বাইরে ঘোরাঘুরি এড়িয়ে চলতে বলেন।
    কেউ যে এভাবে রুশ নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারবে তা রাশিয়াতো বটেই, গোটা বিশ্বকেই অবাক করেছে। ওয়াগনারের বিদ্রোহ ঘোষণার পর গোটা বিশ্বের চোখ ছিল একই দিকে। ওই ঘটনা শুনে ক্ষোভে ফেটে পড়েন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে এসে তিনি কঠিন শাস্তির হুঁশিয়ারি দেন। তার বক্তব্যের সময় তার চোখে-মুখে প্রচণ্ড ক্ষোভ ছিল স্পষ্ট। তিনি ওয়াগনারের এই বিদ্রোহকে ‘পেছন থেকে ছুরি মারা’ বলে বর্ণনা করেন।

    পাঁচ মিনিটের ভাষণে পুতিন রাশিয়ানদের মধ্যে ঐক্যের ডাক দেন। জাতির উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমরা যার মুখোমুখি হয়েছি তা নিশ্চিত ভাবেই বড় বিশ্বাসঘাতকতা। যারা রাশিয়ার বিরুদ্ধে এই সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছে, তাদেরকে যথাযথ জবাব দেয়া হবে। পুতিন আরও বলেন, রাশিয়া এখন নব্য নাৎসি এবং তাদের পশ্চিমা প্রভুদের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে রয়েছে। এমন সময় প্রিগোজিনের এই বিদ্রোহের বিরুদ্ধে রুশদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট।

    তবে পুতিনের এই বক্তব্যের পরেও থামেননি ওয়াগনার। দুপুর গড়াতেই তারা মস্কোর দিকে অগ্রসর হতে থাকে। টেলিগ্রামে দেয়া পোস্টে প্রিগোজিন বলেন, আমাদের ২৫ হাজার সদস্য মৃত্যুর জন্য প্রস্তুত। সামরিক অভ্যুত্থানের কথা প্রত্যাখ্যান করেছেন প্রিগোজিন। প্রিগোজিন বলেছেন, সামরিক অভ্যুত্থানের খবরটি উদ্ভট। তিনি বলেন, এটা সামরিক অভ্যুত্থান নয়। তবে ন্যায়বিচারের জন্য মার্চ। প্রিগোজিন ঘোষণা করেন যে, রোস্তোভ-অন-ডন শহরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা তার গ্রুপ ওয়াগনার নিয়ন্ত্রণ করছে। এখন তারা মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবে।

    প্রিগোজিনের মস্কো অভিযানের আশঙ্কায় বেশ কিছু এলাকায় রাস্তায় গর্ত করে রুশ কর্মকর্তারা। কিছু স্থানে কৃত্রিম ট্রাফিক জ্যাম সৃষ্টি করেন পুলিশ কর্মকর্তারা। এছাড়া মস্কোর আসেপাশে রাশিয়ার ন্যাশনাল গার্ড বাহিনীকে প্রতিরক্ষামূলক অবস্থান নিতে দেখা যায়। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেমলিনের মধ্যে কি চলছে তা নিয়েও নানা গুজব ছড়িয়ে পড়তে থাকে। কোনো কোনো গণমাধ্যম দাবি করেন, বিদ্রোহের ভয়ে পুতিন ক্রেমলিন থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন। যদিও পরে জানা যায়, পুতিন ক্রেমলিনেই ছিলেন।
    এদিকে ওয়াগনারের এই বিদ্রোহের খবরের সঙ্গে সঙ্গেই রোস্তভের দিকে সেনা পাঠানোর ঘোষণা দেন চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ। ওয়াগনারকে সাবধান করে দিয়ে তিনি বলেন, আমরা মাতৃভূমি এবং তার অখণ্ডতা রক্ষা করার জন্য সবকিছু করব! এই বিদ্রোহকে অবশ্যই চূর্ণ করে দেয়া হবে। এ জন্য যদি কঠিন রাস্তায়ও হাটতে হয়, তাহলেও আমরা প্রস্তুত।

    তবে শেষ পর্যন্ত নিজের বিদ্রোহ শেষ করার ঘোষণা দিয়েছেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। শনিবার সন্ধ্যায় তিনি জানান, রক্তপাত এড়াতে তিনি পিছু হটবেন। এরপরই রুশ গণমাধ্যমগুলো ওয়াগনার সেনাদের রোস্তভ ছেড়ে ইউক্রেনে ফিরে যাওয়ার খবর প্রকাশ করে। রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে জানা যায়, প্রিগোজিনকে থামানোর আসল নায়ক আসলে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনিই ক্রেমলিনের সঙ্গে প্রিগোজিনের একটি চুক্তিতে মধ্যস্থতা করেন।

    রোববার ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করে ক্রেমলিন। এতে বলা হয়, প্রিগোজিনের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ আনা হয়েছিল তা সরিয়ে নেবে রাশিয়া। পাশাপাশি ওয়াগনারের কোনো সদস্যের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে না। কিন্তু যারা বিদ্রোহে প্রিগোজিনকে সমর্থন দিয়েছে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। আর যারা সমর্থন দেননি তাদের সঙ্গে নতুন চুক্তি করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    প্রাথমিকভাবে সব ওয়াগনার সেনাকে ইউক্রেনে তাদের ঘাটিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রিগোজিন। আর তিনি নিজে রাশিয়া থেকে বেলারুশে নির্বাসনে যাবেন। খুব সম্ভবত তিনি আর রাশিয়াতে ফিরবেন না বলেই চুক্তিতে উল্লেখ ছিল। রুশ গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে যে, ওই চুক্তির অংশ হিসেবে ওয়াগনারের স্বাধীনতা আরও কমে যেতে পারে। রাশিয়ার সরকার এখন থেকে সরাসরি ওয়াগনারের নিয়ন্ত্রণ নিয়ে নেবে বলেও শোনা যাচ্ছে।

    রোববার সকাল থেকে রাশিয়ায় সব স্বাভাবিক হতে শুরু করেছে। সড়কে চলাচলের যেসব বাধানিষেধ ছিল তা তুলে নেয়া হয়েছে। রোস্তভ শহরেও দেখা গেছে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। যদিও ইউক্রেন যুদ্ধে পিএমসি ওয়াগনারের ভূমিকা এখন থেকে কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। ২০১৪ সাল থেকে চলা ডনবাস যুদ্ধে প্রথম থেকেই ছিল ওয়াগনার। তবে গত বছর রাশিয়া ইউক্রেনে অভিযান চালালে ওয়াগনার আরও বৃহৎ পর্যায়ে যুদ্ধে অংশগ্রহণ করে।

    বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়াগনারে যোগ দেয় ভাড়াটে যোদ্ধারা। ডনবাস অঞ্চলের সোলেদার ও গুরুত্বপূর্ণ বাখমুত শহর দখল করে ওয়াগনার। রুশ বাহিনীর কোনো সহায়তা ছাড়াই তারা ইউক্রেনীয়দের হটিয়ে দেয় বহু গ্রাম ও ছোট শহর থেকে। ওয়াগনারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ব্যাপক অভিযোগ থাকলেও রাশিয়ার সাধারণ মানুষদের কাছে বীরের মর্যাদা পেয়েছিল এই বাহিনী। মস্কোসহ প্রধান শহরগুলোতে ওয়াগনার সদস্যদের বড় বড় ছবি ও বিলবোর্ডও চোখে পড়ে। কিন্তু শনিবারের এক বিদ্রোহে রুশদের কাছে ‘হিরো’ থেকে ভিলেনে পরিণত হলেন প্রিগোজিন।

  • এ বছর গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৮ টাকা, ছাগলের ২০

    জাতীয় ডেস্ক: কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর সারা দেশে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা। তবে ঢাকায় এই চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। এছড়াও সারা দেশে খাসি ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরি ছাগলের চামড়া দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা দরে। রবিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

    গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। আর ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা। এবার সার্বিক পরিস্থিতির কারণে গরুর চামড়ার দাম বাড়াতে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে খাসি এবং বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে বলেও জানান তিনি।

    চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রফতানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, ‘কারসাজির মাধ্যমে চামড়ার দাম কমানো হলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেবে।’ চামড়ার দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রশাসন মনিটরিং করবে বলেও জানান তিনি।

    এসময় চামড়ায় দেওয়ার জন্য লবণের চাহিদা অনেক বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, অনেক ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে দেন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করবে।

    তাছাড়া এবছর তাপমাত্রাও অনেক বেশি। একারণে লবণ ছাড়া চামড়া সহজেই নষ্ট হয়ে যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এবার অনেক গরম। তাই ব্যবসায়ীরা যেন সহজেই লবণ কিনতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। লবণের সংকট যেন না হয়, দামও যেন না বাড়ে; তা মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

  • ২০ দিন পর উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

    জাতীয় ডেস্ক: সংকট কাটিয়ে টানা ২০ দিন পর আবারও শুরু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। রবিবার (২৫ জুন) সকালে এ বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়। তাই সকাল থেকে চুল্লি থেকে বের হচ্ছে ধোঁয়া। বিকাল ৪টায় টারবাইনে কয়লা ভরা শেষে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

    এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ। নতুন করে কয়লা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে ১০০ মিলিয়ন ডলারের এলসি খোলা হলে ইন্দোনেশিয়া থেকে জাহাজে কয়লা উঠতে শুরু করে।

    এরপর গত বৃহস্পতিবার মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে নোঙ্গর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। জাহাজ থেকে কয়লা খালাস করে আজ রবিবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এমভি অ্যাথেনা জাহাজটি প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার অ্যাংকরেজে এসে পৌঁছায়। জাহাজটি শুক্রবার বিকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যার আগে থেকেই জাহাজ থেকে কয়লা আনলোড শুরু হয়।

    শনিবার সকাল নাগাদ প্রায় ২০ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়। কয়লা আনলোডের মধ্য দিয়েই কেন্দ্রটির প্রথম ইউনিট চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

    পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, কয়লা সংকটের কারণে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এবং কয়লা খালাস করা হচ্ছে। এছাড়া বয়লার চালু করা হয়েছে। আশা করা হচ্ছে বিকাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পর্যায়ক্রমে কয়লাবাহী জাহাজ আরও আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

    ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন অন্তত ১৩ হাজার টন কয়লা পোড়াতে হয়। এতদিন যা ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বাকিতে কয়লা এনে বিদ্যুৎকেন্দ্রটি সচল রাখা হয়েছিল। বকেয়া টাকা পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি নামের প্রতিষ্ঠানটি।

    বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান ৫০ শতাংশ করে অংশীদারত্ব রয়েছে।

  • মস্কো অভিমুখে অভিযান বাতিলের ঘোষণা প্রিগোজিনের

    আন্তর্জাতিক ডেস্ক:

    রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, রক্তপাত এড়াতে রাজধানী মস্কো অভিমুখে অভিযান থেকে যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

    এক অডিও বার্তায় প্রিগোজিন এই ঘোষণা দিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে  আলোচনার পর তিনি এই ঘোষণা দেন।

    লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের মস্কো যাওয়া বন্ধ করতে তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন।

    শনিবার ওয়াগনার প্রধান বিদ্রোহ ঘোষণা করে মস্কো অভিমুখে রওনা দিলে রাশিয়াজুড়ে অস্থিরতা তৈরি হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ শাসনামলে এটিই সবচেয়ে বড় হুমকি। মস্কো অভিমুখে রওনা দেওয়ার আগে ওয়াগনার সীমান্তের একটি শহরের সেনা সদর দফতরের নিয়ন্ত্রণ নিয়েছিল।

    বিবিসি জানিয়েছে, ওয়াগনার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর না হয়ে ফেরত আসার নির্দেশ দিয়েছেন প্রিগোজিন। তাদেরকে নিজেদের ঘাঁটিতে ফিরতে বলা হয়েছে। তিনি দাবি করেছেন, তার যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় মস্কোর দিকে ২০০ কিলোমিটার অগ্রসর হয়েছিল।

    রুশ সম্প্রচারমাধ্যম রসিয়া ২৪ জানিয়েছে, লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনায় প্রিগোজিন মস্কোর দিকে অগ্রসর না হতে এবং উত্তেজনা প্রশমনে রাজি হয়েছেন।

    লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, ওয়াগনার যোদ্ধাদের মস্কো অভিমুখে অগ্রসর হওয়া থামাতে বেলারুশের প্রেসিডেন্টের প্রস্তাবে রাজি হয়েছেন প্রিগোজিন। উত্তেজনা নিরসনে একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া সম্ভব।

    রসিয়া ২৪ জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এতে সম্মতি দিয়েছেন।

  • এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৭

    জাতীয় ডেস্ক:
    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চালককে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    হাইওয়ের ফরিদপুর অঞ্চলের এসপি মাহবুব আলম জানান, শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। নিহতদের তিন জন নারী, দুই জন শিশু এবং দুই জন পুরুষ।

    স্থানীয়দের বরাত দিয়ে এসপি মাহবুব বলেন, ‘একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের থাকা সাত যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’