Author: kobirubel.satnadee

  • তালার কানাইদিয়া রথখোলা বাজারে জাতীয় পার্টির পথসভা

    নজরুল ইসলাম তালা: তালায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা বাজার চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে জাতীয় পার্টির কানাইদিয়া এক নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।

    বক্তব্য রাখেন জাতীয় পার্র্টির উপজেলা যুগ্ম-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ, যুবসংহতির তালা সদর ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ বাবুল মোড়ল, মো. আব্দুল গফুর মোড়ল, মো. হযরত আলী মোড়ল, মো. পীর আলী সানা, ২নং ওয়ার্ড সভাপতি শ্রী সন্তোষ বিশ্বাস, সাধারন সম্পাদক মো. লিয়াকত আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন, জাপানেতা মো. ওয়াদুদ মোড়ল, মো. ইনতাজ আলী মোড়ল, যুবসংহতির ইউনিয়ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ ২নং ওয়ার্ড সভাপতি শ্রী সোহাগ দেবনাথ, সাধারন সম্পাদক মো. শিমুল গাজী, সাংগঠনিক সম্পাদক আলামিন মোড়ল, জাপানেতা মো. লিয়াকত গাজী, মো. বাবুল মোড়ল, সোহরাব হোসেন, তালা সদর ওয়ার্ড সভাপতি বাহারুল ইসলাম, যুবসংহতি নেতা মো. মতিয়ার রহমান, জাতীয় ছাত্র সমাজের ১নং ওয়ার্ড সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক মো. তামিম শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ছিন মোল্যা, ছাত্র সমাজনেতা মো. সৌরভ খাঁন, মো. রবিউল ইসলাম রবি, মো. ইসরাফিল গাজী, শ্রী অমিত পাল প্রমুখ।

  • পাটকেলঘাটা বাজারে সরকারী জমি দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

    নব কুমার দে, তালা: তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের কপোতাক্ষ নদের পাশে সরকারী পেরিফেরী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের জুয়েল বিশ্বাস ও তার বাবা রফিকুল বিশ্বাসের বিরুদ্ধে। তালা উপজেলা ভূমি অফিসের নাকের ডগায় অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ কার্যক্রম চললেও অদৃশ্য কারণে বিষয়টি দেখেও না দেখার ভান করছে প্রশাসন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিলান খালি জমিতে দোকান আছে এমন মিথ্যা তথ্য দিয়ে পাটকেলঘাটা বাজারের পেরিফেরীভুক্ত ৩৪১/১৬-১৭, ৩৪০/১৬-১৭, ২২৪/ ১৯-২০ ২২৩/ ১৯-২০, ২২৭/ ১৯-২০, ২২২/ ১৯-২০, ২২৮/ ১৯-২০, ২২৫/ ১৯-২০, ২২১/ ১৯-২০ দোকান ঘর সংস্কারের আবেদন করে জুয়েলগংরা। সাবেক উপজেলা ভূমি কর্মকর্তাকে ভূল বুঝিয়ে তালা উপজেলা ভূমি অফিসের নাজির ক্যাম ক্যাশিয়ার নুরুল আমিন বিশাল অংকের টাকা নিয়ে সংস্কারের ওই আবেদনটি অনুমোদন করিয়ে নেন। এর পরই খালি জমিতে দোকান ঘর নির্মাণ করতে শুরু করলে প্রতিবাদে স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ এ বছরের ২০ ফেব্রুয়ারী তৎকালীন ইউএনও প্রশান্ত কুমারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

    সেই অভিযোগের ভিত্তিতে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন তৎকালীন ইউএনও। গত শুক্রবার হতে ওই সরকারী জমিতে আবারও স্থাপনা নির্মাণ শুরু করেছে জুয়েল গংরা। বিষয়টি নিয়ে বর্তমান এসিল্যান্ডের কাছে বিভিন্ন ব্যক্তি মৌখিক অভিযোগ করলে নাজির নুরুল আমিন এসিল্যান্ডকে ভূল বুঝিয়ে স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন।

    এ ব্যাপারে জানতে চাইলে জুয়েল বিশ্বাস বলেন, আমরা ডিসিআরকৃত জমিতে দোকান সংস্কারের অনুমোদন নিয়ে কাজ করছি। বিষয়টি এস্যিল্যান্ডসহ সকলেই জানেন। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ কারণে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবোনা।’ তালা উপজেলা ভূমি অফিসের নাজির ক্যাম ক্যাশিয়ার নুরুল আমিন বলেন, নিয়মনীতি মেনেই তারা ওইখানে স্থাপনা নির্মাণ করছেন।

  • আশাশুনির রামদেবকাটিতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলে বাঁধা দেওয়ায় গৃবধুকে মারপিট

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনির রামদেবকাটিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পৈত্রিক সম্পত্তি জবর দখলে মরিয়া মহাদেব-স্বদেব গং। আশাশুনির চাপড়া মৌজার এস.এ ৭১৪ নং খতিয়ানের ২৯ শতক স্বত্ত্বদখলীয় সম্পত্তি জোর পূর্বক জবর দখলের পায়তারা করে তারা। জবর দখলের উদ্দেশ্যে কিছুদিন পূর্বে বাসুদেব দাসের দখলীয় পৈত্রিক অংশে ঘেরাবেড়া দেয় প্রতিপক্ষ মহাদেব ও স্বদেব। এ ঘটনায় প্রতিকার চেয়ে বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং পি-২৪১/২২ । উক্ত মামলায় বিজ্ঞ আদালত চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ১ম পক্ষের স্বত্ত্বদখলীয় জমিতে ২য় পক্ষদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার আদেশ দেন। এ বিষয়ে প্রথম পক্ষকে জমির দখল বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট আশাশুনি থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাদেব-সহাদেব গংদের উক্ত জমিতে না যেতে এবং জমির দখল ১ম পক্ষ তথা বাসুদেব দাসকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু মহাদেব-স্বদেব থানা কর্তৃপক্ষের কথায় কর্ণপাত না করায় থানা কর্তৃপক্ষ ১ম পক্ষ বাসুদেব দাস কে ঘেরাবেড়া উপড়ে দিয়ে জমির দখল নিতে বলেন। এমতাবস্থায় গত রবিবার (২৫ জুন) বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল উক্ত জমির ঘেরাবেড়া কেটে দখল নিতে গেলে প্রতিপক্ষ মহাদেব, তার স্ত্রী প্রমীলা ও পুত্র পুলক, স্বদেব ও তার স্ত্রী অর্চনা বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডলকে বেধড়ক মারপিট করে আহত করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় সবিতা মন্ডল বাদী হয়ে গত ২৬ জুন সাতক্ষীরা আমলী ৮ নং আদালতে মহাদেব-সহাদেব গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
    এ বিষয়ে ভুক্তভোগী বাসুদেব দাসের স্ত্রী সবিতা মন্ডল সাতনদীকে জানান, “আমার স্বামী চাকুরির সুবাদে আমরা বাইরে অবস্থান করি। আমি মাঝে মধ্যে বাড়িতে আসি। আমরা বাড়িতে অনিয়মিত থাকায় পরসম্পত্তিলোভী মহাদেব ও সহাদেব আমাদের পৈত্রিক ২৯ শতক সম্পত্তি থেকে ৩ শতক সম্পত্তি দাবী করে। আমাদের বলে তোমাদের বাকী ৩ শতক সম্পত্তি নদীগর্ভে চলে গেছে। তারা অন্যায় দাবী করে আমরা বাড়িতে না থাকার সুবাদে আমাদের জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল করে। এ বিষয়ে আমরা এডিএম কোর্টে মামলা করলে কোর্ট আমাদের পক্ষে রায় দেয় এবং ওদের (মহাদেব-সহাদেব) জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদের কে জমির দখল বুঝিয়ে দিতে বলে। ওরা জমির ঘেরাবেড়া না সরানোয় আমি আশাশুনি থানার ওসি সাহেবের অনুমতি নিয়ে জমির ঘেরাবেড়া কাটতে গেলে ওরা আমাকে মারপিট করে ও আমার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। আমি এর প্রতিকার চাই। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”

  • পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীদের স্বস্তির পারাপার

    জাতীয় ডেস্ক:

    পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি ছাড়াই ফেরি পারের সুযোগ মিলছে। যাত্রীরা স্বস্তি নিয়েই ফেরি ও লঞ্চ পার হতে পারছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

    ফেরি সেক্টরের ওই কর্মকর্তারা জানান, সোমবার রাত থেকেই পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকালের দিকে দূরপাল্লার বাসের তুলনায় ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ ছিল বেশি। যানবাহন ও যাত্রী চাপ থাকলেও দীর্ঘ সারি কিংবা যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে না ঘরমুখো মানুষকে। ফেরিঘাটে যানবাহনের চাপ একেবারেই স্বাভাবিক। ঘাটে আসার ১০/১৫ মিনিটের মধ্যেই গাড়িগুলো ফেরি পারের সুযোগ পাচ্ছে। এছাড়া বিভিন্ন যানবাহনে করে ঘাটে আসছেন যাত্রীরা। তাদের সংখ্যা চোখে পড়ার মতো।

    ফেরি সেক্টরের কর্মকর্তারা জানান, ঘাটে এসে সর্বোচ্চ ১৫-২০ মিনিট অপেক্ষায় থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তবে মাঝে মধ্যে বৃষ্টির কারণে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ছোট বড় ২০টি ফেরি রয়েছে। বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। রাত থেকে ঘাটে যাত্রী, যানবাহনের চাপ বাড়লেও অনায়াসেই পার হতে পারছে সবাই। তবে নদীতে পানি বাড়ায় পারাপারে আগের চেয়ে কিছুটা সময় বেশি লাগছে।

    তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি এবং আরিচা-কাজিরহাট নৌপথ পারাপারে ১০টি লঞ্চ প্রস্তুত আছে। যাত্রীর চাপ বাড়লেও নৌপথ পারাপারে তেমন কোনো সমস্যা হবে না। এবারের ঈদযাত্রায় পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে না।

  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    জাতীয় ডেস্ক:

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুন) পৃথক বাণীতে তারা এ শুভেচ্ছা জানান।

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কোরবানি আমাদের মাঝে সহিষ্ণুতার শিক্ষা দেয়। আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।

    রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্ন আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে দিনাতিপাত করছে। তিনি সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হোক।

    সরকার নির্ধারিত স্থানে কোরবানি করতে এবং কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ বন্ধে সবার প্রতি আহ্বান জানান তিনি।

    এদিকে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হজরত ইবরাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

    তিনি বলেন, প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

    পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।

    তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন। সূত্র: বাসস।

  • পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা দক্ষিণবঙ্গের মানুষের

    জাতীয় ডেস্ক:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) হয়ে পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ। মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনও যানজট। নির্বিঘ্নে সেতুর টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে দূরপাল্লার গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহন।

    এদিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হওয়ার এক বছরের মাথায় ৮০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে সেতু দিয়ে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

    এদিকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত সব মিলিয়ে টোল আদায় হয়েছে ৮০৬ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৯ টাকা।

    হাসাড়া হাইওয়ের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস এম রাশেদ জানান, সকালে গাড়ির চাপ কিছুটা বাড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। তবে এক্সপ্রেসওয়েতে কোনও যানজট নেই। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যানজট খুব একটা লক্ষ করা যায়নি। অল্প সময়ে টোল দিয়ে এক্সপ্রেসওয়ে টোল বুথ ও পদ্মা টোল বুথ অতিক্রম করতে হচ্ছে যানবাহনকে। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গাড়ির অতিরিক্ত গতি রোধে কাজ চলছে।

    পদ্মা সেতুর সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে ঈদে ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। ঈদে যানবাহনের চাপ বাড়ায় রাজস্বও বাড়ছে।

    তিনি আরও জানান, পদ্মা সেতুর দুই পাড়ে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে মাওয়া প্রান্তে সাতটি ও জাজিরা প্রান্তে আটটি বুথ রয়েছে। ঈদযাত্রায় মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পাড়েই দুটি করে চারটি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোনও বিঘ্ন সৃষ্টি হচ্ছে  না।

  • আজ পবিত্র হজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

    সাতনদী ডেস্ক: আজ মঙ্গলবার (২৭ জুন) পালিত হচ্ছে পবিত্র হজ। মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতির জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্ক, লা শারিকা লাকা’ ধ্বনিতে মুখরিত হচ্ছে পবিত্র আরাফাতের ময়দান।

    সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন হাজিরা। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন। আরাফাতের মসজিদ-এ নামিরাহ থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।

    সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গণ। কাবাঘর প্রদক্ষিণ করেছেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি।

    আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করবেন তারা। সেখান থেকে শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন হাজিরা।

    মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় শয়তানের উদ্দেশে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দেবেন হাজিরা। আগামীকাল কোরবানি দেবেন। অধিকাংশ হাজি নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে পশুর হাট ও জবাই করার স্থানে (মুস্তাহালাকা) গিয়ে কোরবানি দেন। কেউ কেউ ইসলামি উন্নয়ন ব্যাংকে (আইডিবি) নির্দিষ্ট পরিমাণ অর্থ (৭২০ রিয়াল) জমা দিয়েও কোরবানি দিয়ে থাকেন।

    কোরবানির পর হাজিরা মাথার চুল ছেঁটে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরো কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। মসজিদুল হারাম সম্প্রসারণের ফলে এখন প্রতি ঘণ্টায় ১ লাখ ৭ হাজার মানুষ তাওয়াফ করতে পারেন।

    কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন হাজিরা। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানকে ২১টি পাথর মারবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন।

    এদিকে পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও এ বছর হজ করছেন ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী। গতকাল পর্যন্ত হজ পালন করতে গিয়ে ২৭ বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন জানা গেছে।

    এদিকে এবার হজের মৌসুম পড়েছে তীব্র গরমের মধ্যে। জানা গেছে, হাজিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এই গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে যেন তাদের চিকিৎসাসেবা দেওয়া যায়, সেজন্য ৩২ হাজার স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।

  • এডুকেয়ার কোচিং সেন্টারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার স্বনামধন্য কোচিং সেন্টার “এডুকেয়ার” কোচিং সেন্টার এর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৫ জুন) সাতক্ষীরাস্থ রাজারবাগানে এডুকেয়ার কোচিং সেন্টারের উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এডুকেয়ার এর পরিচালক ফারুক হোসেন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী রহমান সান এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক জি,এম ফাত্তাহ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক আলী হোসেন টুটুল, এডুকেয়ার কোর্চিং সেন্টারের সহকারী শিক্ষক তৌফিক হাসান প্রমুখ।
    শুরুতেই জেলা ছাত্রলীগ সভাপতি এস.এম আশিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী শিক্ষার্থীরা। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জন করে ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে আতœনিয়োগ করার আহবান জানান।

  • ইদুল আযহা উপলক্ষে খুলনায় বিআরটিএর রোড শো

    আব্দুর রহমান: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ইদুল আযহা উপলক্ষে সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো আয়োজন করা হয়। সোমবার (২৬ জুন ২০২৩) বিকাল ০৪ টা থেকে ০৬টা পর্যন্ত কেএমপি, খুলনা ও বিআরটিএ, খুলনার যৌথ আয়োজনে খুলনাস্থ সোনাডাঙ্গা বাস টার্মিনাল, বাস কাউন্টার ও বাসস্টান্ড এলাকায় ঘরেফেরা/ ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো’র আয়োজন করা হয়।এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ খুলনার পরিচালক প্রকৌশলী মাসুদ আলম ও ডিসি ট্রাফিক, কেএমপি মুনিরা সুলতানা রোড শো’র উদ্বোধন করেন। এরপর যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বানী মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ খুলনা এর সহকারী পরিচালক (ইঞ্জি) প্রকৌশলী তানভীর আহমেদ ও মোটরযান পরিদর্শক প্রকৌ: সাইফুল ইসলাম। জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও রোড শো তে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

  • পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌর মেয়র মো. সেলিম জাহাঙ্গীর পৌর ভবনে আনুষ্ঠানিক ভাবে ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫ শত ১৮. ৯১ টাকার বাজেট ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টেঁকসই উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন। বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু।

    বিশেষ অতিথি ছিলেন অফিস ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্যানেল মেযর মাহাবুবুর রহমান রঞ্জু। প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, প্রকৌশলী নূর মোহাম্মদ, এসআই শ্যামপসাদ, মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর কবিতা রানী দাশ, আসমা আহম্মেদ, রাফিজা খানম, অহেদ আলী গাজী, আলাউদ্দিন গাজী, রবি শংকর মন্ডল, মো. গফফার মোড়ল, যুবলীগের এমএম আজিজুল হাকিম, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, পৌর কর্মচারী শেখ জিয়উর রহমান, মৃনাল কান্তি সানা, উত্তম ঘোষ প্রমুখ।

    উল্লেখ্য, বাজেটে ২৬ লাখ ৩ হাজার ১০৯ টাকা ৮৩ পয়সা রাজস্ব উদ্বৃত্ত রেখে সর্বমোট রাজস্ব আয় দেখানো হয়েছে ১৬ কোটি, ২লাখ ১৮ হাজার ২০৯ টাকা ৮৩ পয়সা। আর মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি, ৭৬ লাখ ১৫ হাজার ১শ টাকা, মোট প্রকল্প আয় ও ব্যয় উভয় (আইউআইডিপি) ১ কোটি ৪৮ লাখ ০৭ হাজার ১ শত ৬৩ টাকা করে, উভয় প্রকল্প আয় ও ব্যয় (জলবায়ু) ১ কোটি, মোট কোভিড-১৯ প্রকল্প আয় ও ব্যয় ৩ কোটি করে, ভবন নির্মাণ আয় ও ব্যয় ২ কোটি ২১ লাখ ৯০ হাজার ৯ শত ৮৬.৪১ টাকা, মোট প্রকল্প আয় ও ব্যয় (সিটিইআইপি-২) ৩০ কোটি, মোট আয় ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫ শত ১৮. ৯১ টাকা এবং ব্যয় ৫৯ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৪ শত ০৯. ০৮ টাকা।