Author: kobirubel.satnadee

  • পদযাত্রা কর্মসূচি ঘোষণায় ‘হতাশ’ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

    জাতীয় ডেস্ক:

    সরকার পতনের এক দফায় এসে বিএনপি যে দেশব্যাপী দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে তাতে হতাশ দলটির তৃণমূল নেতাকর্মীরা। তারা বলছেন, চূড়ান্ত পর্যায়ের সরকার পতনের আন্দোলনে কঠোর কর্মসূচি প্রত্যাশা ছিল। প্রত্যাশিত কর্মসূচি দল ঘোষণা করতে পারেনি।

    দলীয় সূত্রমতে, অনেকটা তড়িঘড়ি করে পশ্চিমা কূটনীতিকদের নির্দলীয় সরকারের দাবির পক্ষে জোরালো জনসমর্থন দেখাতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। যে কারণে সরকার পতন আন্দোলনের সিরিজ কর্মসূচি চূড়ান্ত করা সম্ভব হয়নি। এজন্য প্রাথমিকভাবে পদযাত্রা কর্মসূচি দেওয়া হয়।

    দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে তার প্রতিফলন দেখা যায়।

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘোষিত কর্মসূচিকে প্রাথমিক কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেছেন, মাত্র দুই দিনের নোটিশে আমরা এ সমাবেশ করছি। সামনে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে।

    সমাবেশের সভাপতির বক্তব্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, ‘আগামী দু-এক মাসের মধ্যে সরকারের পতন হবে।’

    এ দিকে নেতাকর্মীদের প্রত্যাশা ছিল কঠোর কর্মসূচির। কিন্তু দলের ঘোষিত কর্মসূচিতে তাদের কন্ঠে হতাশার সুর। এ হতাশার কারণে আগামী পদযাত্রা কর্মসূচি সুপার ফ্লপ হতে পারে বলে ধারণা একাংশের।

    রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘প্রত্যাশা ছিল সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি হিসেবে হরতাল অবরোধ ঘেরাওর মতো কর্মসূচি। কিন্তু দল মনে করছে হয়তো এখনই এসব কর্মসূচির জন্য ঠিক সময় নয়। সামনে নিশ্চয়ই কঠোর কর্মসূচি ঘোষণা হবে।’

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম বলেন, যদি মাঠের চিত্র অনুযায়ী বলি, তাহলে বলবো-নেতাকর্মীরা এখন কঠোর কঠিন কর্মসূচি খুঁজছে। আগে কর্মীদের মোবাইলে কল করে পাওয়া যেত না এখন কর্মীরা নেতাদের খোঁজে কর্মসূচির জন্য।’

    বৃষ্টি উপেক্ষা করে শরীরের ঘাম শুকিয়ে দলের নেতা কর্মী সাধারণ মানুষ সমাবেশে অংশ নিয়ে, অবস্থান করে সমাবেশ সফল করেছে। এ সমাবেশের মধ্যে একটা বার্তা স্পষ্ট ঢাকার মানুষ আগের চেয়ে অনেক সাহসী এবং শক্তিশালী হয়েছে।

  • শান্তি সমাবেশে বিশৃঙ্খলা, যা বললেন ওবায়দুল কাদের

    জাতীয় ডেস্ক:

    আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের বিশৃঙ্খলা নিয়ে হুঁশিয়ার করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি এরকম মঞ্চ দেখতে চাই না, যে মঞ্চে শৃঙ্খলা নেই। মঞ্চে এত নেতা আমার দরকার নেই। একটা মিটিংয়ে এতে বক্তারও দরকার নেই।’

    বুধবার (১২ জুলাই) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শীর্ষক এ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

    শান্তি সমাবেশ শুরুর আগে দুপুর দেড়টার দিকে ওই মঞ্চের সামনে আওয়ামী লীগের দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তখন মঞ্চ থেকে নেমে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন।

    ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘একটা নিয়ম করে নেবেন, এ মিটিংয়ে এরা বক্তব্য দেবেন এবং এ মিটিংয়ে ওরা কথা বলবেন। সব নেতাকে সমাবেশে বক্তব্য দিতে হবে, আর সামনের লোক বিরক্ত হয়ে চলে যাবে, এটা হতে পারে না।’

    শোকের মাস আগস্টে পোস্টারে ছবি প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আমি সব নেতাকর্মীকে বলবো, সামনে আগস্ট মাস। শোকের মাসে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহেনা ছাড়া অন্য কারও ছবি দিয়ে নিজের ছবি প্রচার করবেন না। অনেকেই দেখা যায় ১০-১২টা ছবি দিয়ে নিজের ছবির প্রচারণা চালান। সবাইকে শৃঙ্খলার সঙ্গে চলতে হবে।’

  • আওয়ামী লীগেরও একদফা ঘোষণা

    জাতীয় ডেস্ক:

    সরকার পতনের এক দফা দাবির পাল্টা ক্ষমতাসীন আওয়ামী লীগও একদফা ঘোষণা করেছে। দলটির একদফা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন নয়। নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির খবর জানেন? তাদের একদফা জানেন? তাদের একদফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা। শেখ হাসিনা ছাড়া কোনও নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।

    বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় শান্তি সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

    সমাবেশে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন, বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যেই নেত্রীর সততাকে পছন্দ করে, যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, পরিশ্রম ও সততাকে পছন্দ করে। যিনি সারা রাত জেগে জেগে মানুষের কথা ভাবেন। রাত দুইটায় ফোন করেও যাকে পাওয়া যাবে। আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না। তাদের একদফা! আমাদেরও একদফা সংবিধান সম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি।

    তিনি বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। এজন্যই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে।

    বিএনপির ১০ ডিসেম্বরের আল্টিমেটামের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজও কাঁথা-বালিশ নিয়ে অনেক লোক আনার চেষ্টা করেছে। স্বপ্ন একটা। আগেও একটা স্বপ্ন ছিল। ডিসেম্বরের ওই স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। ওই স্বপ্ন মরে গেছে। আরেক স্বপ্ন দেখছে, কী স্বপ্ন? শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনের কাদা পানিয়ে আটকে গেছে। নয়াপল্টনে বর্ষার বৃষ্টির কাদা পানিতে বিএনপির একদফা আটকে গেছে।

    দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে। মাঠে আছেন, মাঠে থাকবেন। খেলা হবে নির্বাচন পর্যন্ত। মাঠ ছাড়বেন না। যখনই ডাক দেবো, শেখ হাসিনার নির্দেশে তখনই আপনারা মাঠে চলে আসবেন। কোনও অপশক্তির সঙ্গে আপস করবেন না।

    ঢাকায় সফররত মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, কোনও বাধা দেবো না। কাউকে আক্রমণ করতে যাবো না। ঢাকায় আজ বিদেশি বন্ধুরা এসেছেন। তাদের উদ্দেশে বলতে চাই। আপনারা চান ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের লক্ষ্যও ফ্রি ফেয়ার ইলেকশন। কিন্তু এই ফ্রি ফেয়ার ইলেকশনকে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করবো।

  • সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির ১ দফা ঘোষণা বিএনপির

     জাতীয় ডেস্ক:

    সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ‘এক দফা’ ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই এক দফার ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণকারী ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, জনগণের অর্থনৈতিক মুক্তির এক দফা ঘোষণা করছি।’

    তিনি বলেন, ‘এ দাবি আদায়ে আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একইভাবে এদিন সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি করা হবে। এর পরদিন ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করা হবে।’

    ফখরুল বলেন, ‘এ কর্মসূচি ঘোষণা দিলাম। ওইদিন কর্মসূচি করার আগেই দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেবেন, পদত্যাগ করে বিদায় নেবেন। যদি বিদায় না নেন, তারপর তো আরও কর্মসূচি আসছেই। কঠোর কর্মসূচি দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবে জনগণ।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এই এক দফা আন্দোলনের ঘোষণা ব্যক্তি মির্জা ফখরুলের নয়, তরুণ প্রজন্মের তরুণ্যের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এ ঘোষণা। দেশের ১৮ কোটি মানুষ, যারা গণতন্ত্রের জন্য তাকিয়ে আছেন, তাদের জন্য ঘোষণা।’

    বর্তমান সরকারের আমলে নেতাকর্মীদের খুন-গুম, মামলা-হামলার শিকার হতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। এ স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শত শত মায়ের বুক খালি করেছে। সন্তানদের এতিম করেছে। সরকারের পেটোয়া বাহিনীর নির্যাতনে অনেকে পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছেন। এমন অবস্থা থেকে আমাদের তরুণ-যুবকরা রুখে দাঁড়াচ্ছেন। তারা তারুণ্যের নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছে।’

     ‘দেখুন, আজকের সমাবেশে চারদিকে তরুণ-যুবকের মুখ। তাদের প্রত্যাশা- একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। এ প্রত্যাশা নিয়ে সবাই এখানে এসেছেন। তারা পরিবর্তন চান। তারা গুম হওয়া মানুষগুলো ফেরত চান। সরকারকে বলবো- দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। বহু ঋণ হয়ে গেছে, সব শোধ করতে হবে’ যোগ করেন মির্জা ফখরুল।

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ‘চালের দাম এখন ৮০-৯০ টাকা। অথচ তারা (আওয়ামী লীগ) কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। ঘরে ঘরে চাকরি দেবেন। চাকরি ঠিকই দিয়েছে, সেটা তাদের নিজেদের লোকদের। যদিও তাদের কাছ থেকেও ১০ লাখ, ১৫ লাখ টাকা ঘুস নিয়েছেন।’

    ফখরুল বলেন, ‘কৃষকদের কথা দিয়েছিল- বিনামূল্যে সার দেবে। সেই সারের দাম এখন তিন-চারগুণ বেড়েছে। মধ্যবিত্তদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অথচ মন্ত্রীরা বলেন, উন্নয়নশীল দেশে দাম তো বাড়বেই। সবাই ভালো আছে, খেয়ে-দেয়ে শুয়ে বসে ভালোই চলছে।’

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজার মুক্তি চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘তার (খাদিজা) অপরাধ, সে একটি ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করেছিল। যেখানে বক্তারা কিছু কথা বলেছিলেন। সেই কারণে তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে। তার জামিনের জন্য হাইকোর্ট-সুপ্রিম কোর্টে গিয়েও মুক্তি মেলেনি। জামিন দিয়েও তা বাতিল করা হয়েছে। একটা নাবালক মেয়েকে দিনের পর দিন, মাসের পর মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হচ্ছে। তার মা বলছেন, আমার মেয়ের কী অপরাধ, তা তারা জানেন না।’

    সরকার শুধু দেশের নির্বাচনব্যবস্থা নয়, অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা সব ধ্বংস করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ব্যাংকগুলো সব ফাঁকা হয়ে গেছে। দেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় রাখছিলেন, আমেরিকা যেই স্যাংশনস দিয়েছে, সেখান থেকে অন্য দেশে সরাচ্ছেন। সেই টাকা দেশে ফেরাতে আবার প্রণোদনাও দেওয়া হচ্ছে। কালো টাকা দেশে আনতেও প্রণোদনা দিতে হচ্ছে।’

  • কলারোয়ার লাঙ্গলঝাড়ায় বিট পুলিশিং সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক: ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য নিন সেবা দিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে” প্রতিপাদ্য সাতক্ষীরার কলারোয়া থানার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ জুলাই সকালে কলারোয়া থানার লাঙ্গলদারা ইউনিয়নে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান। এসময় তিনি বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব রকম অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট পুলিশিং কার্যক্রম এক অনবদ্য অধ্যায়। বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত জানা সম্ভব হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হচ্ছে। বিট পুলিশিং এর মাধ্যমে জনসাধারণের মাঝে আধুনিক সেবা পৌঁছে দিতে পুলিশ রাত-দিন কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ এলাকায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

  • কুখরালিতে চাঁদা চেয়ে না পাওয়াই বায়নাকৃত জমির পাঁচিল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

    নিজস্ব প্রতিবেদক: চাঁদা চেয়ে না পাওয়াই সাতক্ষীরা সদর উপজেলার কুখরালি গ্রামের আমতলা এলাকায় বায়নাকৃত জমিতে থাকা পাঁচিল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় এ পাঁচি ভাংচুরের ঘটনা ঘটে। সাতক্ষীরা পলাশপোল এলাকার মৃত ফজর আলীর ছেলে ও উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু অভিযোগ করে বলেন, নিউমার্কেট মোড় এলাকার রানা ও পাঁকাপোল মোড়ে অবস্থিত হান্নান ইলেকট্রনিক এর মালিক মোঃ হান্নানের নেতৃত্বে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে আমার বায়না করা জমিতে প্রবেশ করে পাঁচিল গুড়িয়ে দিয়েছে। মৃত রাহাতুল্লার মেয়ে শাহানাজ পারভীন এর কাছ থেকে কুখরালি আমতলায় রামদেবপুর মৌজায় ২৩২৯ দাগে মোট জমি ২ একর ৫৫ শতকের মধ্যে ৫৭ শতক জমি ৫১ লক্ষ টাকা দামে ১৩ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে বায়না পত্র করে নেই। বায়না করার পর রানা ও হন্নান আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে আমি ১৩ হাজার টাকা দেয়। তারপেরও তারা আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলো। তাদের টাকা না দেওয়ায় তারা এ পাঁচিল ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে মো. হান্নানের মোবাইলে বার বার ফোন দিলেও তিনি ফোন ধরেনি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • নার্সারি করে কৃষক আব্দুল গফুরের ভাগ্য বদল: বছরে আয় ১১ লাখ টাকা

    আব্দুর রহিম: শুরুটা করেছিল মাত্র চার হাজার টাকা দিয়ে। ১৬ শতক পতিত জমি ইজারা নিয়ে প্রথমে কিছু বনজ ও ফলজ চারা দিয়ে নার্সারীর যাত্রা শুরু করেন কৃষক আব্দুল গফুর। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির চারা ও বীজ সংগ্রহ করেন। তাঁর নার্সারিতে এখন দেড় শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি চারা আছে। এই নার্সারিতে তাঁর কয়েক লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। প্রথম পর্যায়ে আর্থিক সংকটের কারণ কালিগঞ্জ এনজিও সংস্থা সাস থেকে দশ হাজার টাকা ফ্রি কৃষি ভর্তুকি পায়। এরপর তার নার্সারির ব্যবসা নতুনভাবে মোড় নেয়। ওই টাকা দিয়ে তিনি আরও বেশ কয়েক পদের কৃষি গাছ যুক্ত করেন তার নার্সারি বাগানে। এভাবে তার ব্যবসার প্রসার দিন দিন বাড়তে থাকে। বর্তমানে কৃষক আব্দুল গফুরের কৃষি নার্সারি খামারের জমির পরিমাণ ৯ বিঘা। তিনি এই কৃষি নার্সারি খামার থেকে বাৎসরিক আয় করেন ১১ লাখ টাকা। উপজেলা ব্যাপী কৃষক আব্দুল গফুর এখন ‘কৃষি মানব’ নামে পরিচিত। জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া বুড়ির মোড় সংলগ্ন (কালীগঞ্জ- আশাশুনি) সড়কের পাশেই কৃষক আব্দুল গফুরের কৃষি নার্সারি খামারটি অবস্থিত। দেশে করনাকালীন সময়ের আগে কালিগঞ্জ উপজেলা বৃক্ষমেলার শ্রেষ্ঠ কৃষি নার্সারি খামার পুরস্কারপ্রাপ্ত হন পরপর ২ বার এবং আশাশুনি উপজেলা বৃক্ষমেলায় শ্রেষ্ঠ কৃষি নার্সারি খামারির পুরস্কার প্রাপ্ত হন ১ বার। তার কৃষি নার্সারি খামারে বর্তমানে দেশি-বিদেশী জাতের বিভিন্ন পদের কৃষিজ, ফলজ, বনজ এবং ঔষধি জাতের সব মিলিয়ে লক্ষাধিক নার্সারি চারা রয়েছে। নিজের মেধা এবং কঠোর পরিশ্রম দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন ‘বিসমিল্লাহ নার্সারি’ নামে তার এই কৃষি নার্সারি খামারটি। জেলা ব্যাপী এ নার্সারির সুনাম রয়েছে বলে জানা গেছে।
    উক্ত নার্সারি থেকে গাছ কিনতে আসা পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি, শ্যামনগর, দেবহাটা, খুলনার তেরখাদা উপজেলা থেকে থেকে আসা একাধিক ব্যক্তি জানান, অন্যান্য নার্সারির তুলনায় এই নার্সারিতে দাম কম ও ভালো মানের চারা পাওয়া যায়। এজন্য আমরা এখান থেকে সব সময় চারা কিনে থাকি। পাশাপাশি সবাইকে এখান থেকে নেওয়ার পরামর্শ দেই। তাঁর নার্সারি থেকে ভারতের বারাসাত, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা নার্সারি চারা ক্রয় করে থাকেন। কৃষি মানব কৃষক আব্দুল গফুর জানান, কৃষি মন্ত্রণালয় অথবা জেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে যদি সরকারি ভাবে সহজ শর্তে ভূক্তর্তি পাওয়া যেত তাহলে আরো ব্যাপক পরিসরে আমার এই কৃষি নার্সারি খামারটির পরিধি বাড়ানো যেত। তিনি আরো বলেন, প্রতি বছর সরকারি বিভিন্ন দিবসে শিক্ষার্থীদের মাঝে কয়েক শত কৃষি কাজ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে আসছি। সামনে আরো করবো। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা কৃষি অফিস এবং সংশ্লিষ্ট এলাকাবাসী। প্রতি মাসে বিভিন্ন এনজিও সংস্থা এবং কৃষি অফিস এর নিকট কয়েক শত নার্সারি চারা বিক্রি করে থাকেন কৃষক আব্দুল গফুর। কালিগঞ্জ উপজেলা সিনিয়র কৃষি অফিসার অসীম বিশ্বাস জানান, আব্দুল গফুর এক সময় ভীষন গরীব ছিল। একবেলা খাওয়া হলে অন্য বেলা খাওয়া হত না তার। তবে কৃষক আব্দুল গফুর কঠোর পরিশ্রমী ছিলেন। যার ফলশ্রুতিতে তিনি এক সময় কৃষি নার্সারি বাগান গড়ে তোলে। নার্সারি খামার করে আব্দুল গফুর এখন অনেক সচ্ছল। আমার পক্ষ থেকে নিয়মিত কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছি।
    কৃষক আব্দুল গফুরের কৃষি নার্সারীর সুখ্যাতি শুনে পরিদর্শনে আসেন, ২০০১ সালে দেশে সর্বপ্রথম বাউকুলের উদ্ভাবক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী বিশিষ্ট কৃষিবিদ ডক্টর আব্দুর রহিম। নার্সারি পরিদর্শন করে তিনি এ সময় সন্তোষ প্রকাশ করেন।
    শামীম হোসেন সোহাগ এবং শোয়েব কৃষক আব্দুল গফুরের দুই সন্তান বাবার নার্সারি খামার দেখভাল করেন। নার্সারির অর্থনৈতিক গুরুত্ব অনেক। ছোট ছোট নার্সারি থেকে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। কারণ ছোট এক বর্গমিটার জায়গায় কয়েক হাজার চারা উৎপাদন করা যায়। এজন্য ‘কৃষি মানব’ আব্দুল গফুর সকলের অনুকরণ হতে পারে বলে সংশ্লিষ্ট কৃষিবিদরা মনে করেন।

  • তালা উপজেলা সভাপতির পিতার মৃত্যুতে জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শোক

    প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি তালা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মিজানুর রহমানের পিতা আবুল কাশেম মুহুরী মঙ্গলবার দুপুর ১টার দিকে  মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি.…রাজিউন)। তাঁর মত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক অনির্বাণ সরকার, নান্টু পদ পাল, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মজুমদার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, আব্দুল খালেক, রফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক  আকতার হোসেন, পৌর কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, জেলা সদস্য ও আলিপুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম,  মফিজুল ইসলাম, রিপন ঢালী, ফারুক হোসেন, শামিমা সুলতানা, লাবসা ইউনিয়ন সভাপতি আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা, সদর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ।

  • শ্যামনগরে প্রবাসী মিজানুর রহমানের বাড়ি ডাকাতি

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী দক্ষিণ পাড়া গ্রামের মোঃ নৈজুদ্দীন সরদার ছেলে হাফেজ মিজানুর রহমানের বাড়িতে রাতের আঁধারে গলায় অস্ত্র ধরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এঘটনায় হাফেজ মিজানুর রহমান বাদী হয়ে বুধবার ১২ জুলাই শ্যামনগর থানার আভিযোগ করে। অভিযোগ সূত্রে জানাজায়, বাদী একজন মালদ্বীপ প্রবাসি। সরকারীভাবে ২০০৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালদ্বীপে কর্মরত ছিলো। বাদী করোনার সময়ে ছুটিতে বাড়ীতে ফিরে আসি। কোভিড-১৯ লক ডাউন হওয়ার কারনে আর যাওয়া সম্ভব হয় হয়নি। এমতাবস্থায় জীবন জীবিকা করার জন্য বাদী প্রবাসি কল্যাণ ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা লোন উত্তোলন করে। গত ৬ জুলাই বাদী তার স্ত্রীকে সুচিকিৎসার জন্য বাদী খুলনাতে অবস্থান করে। বাদীর বাড়ীতে তার বৃদ্ধ মাতা সহ প্রতিবন্ধি ভাইপো মোঃ মাসুদ রানা (৭) বাদীর বসত ঘরে ও বাড়ীতে রেখে যায়। সেই সুযোগে গত ১২ জুলাই আনুমানিক ২.৩০ মিনিটে অজ্ঞাত নামা কে বা কাহারা ১২/১৪ জন একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্রপাতি নিয়ে ডাকাত ছদ্দবেছে লোহার সাবল ও রড দ্বারাসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া তালা ও দরজা ভাঙ্গিয়া বাদীর ঘরের মধ্যে প্রবেশ করে। বাদীর মাতা হাসিনা বেগমকে অস্ত্রে মুখে জিম্মি করে বাদীর মাতা মেরে ফেলার হুমকি দেয়। তখন বাদীর মাতা কোন ডাক চিৎকার করিতে সাহস পায় নাই। বাদীর মাতা প্রাণ বাঁচানোর ত্যাগিদে পার্শ্ববর্তী ঘরে নিশ্চুপ ছিল। সেই সুযোগে বাদীর ঘরের মধ্যে রক্ষিত নগদ ২ লক্ষ ৭৪ হাজার টাকা ৪ ভরি স্বর্ণালংকার, ২ ইঞ্চি মোটর, পাসপোর্টসহ জমির প্রয়োজনীয় দলিলপত্র ইত্যাদি প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র, মালামাল নিয়ে যায়। বাদীর মাতাসহ পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ জানিতে বাদী খুলনা থেকে বাড়ীতে আসে।এসে ঘটনা বিস্তারিত শোনা বোঝা করে অভিযোগ দায়ের করে। এবিষয়ে শ্যামনগর অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা শুনেছি আমার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বড়দল ইউনিয়নে চেউটিয়া নদীতে অবৈধ বাঁধ অপসারণ, এলাকাবাসীর স্বস্তি

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেউটিয়া নদীতে আড়াআড়ি ভাবে মাটির বাঁধ দিয়ে মাছ চাষ করায় পয়: নিস্কাশন ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। অবৈধ দখল মুক্ত ও পয়: নিস্কাশন ব্যবস্থা সচল রাখতে বাঁধ ও নেটপাটা অপসারন কাজ শুরু করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর সরেজমিন উপস্থিত থেকে অপসারন কার্যক্রম পরিচালনা করেন। চেউটিয়া নদী/ খাল বড়দল ও খাজরা ইউনিয়নের বিশাল এলাকার পানি নিস্কাশন কাজে দীর্ঘকাল ব্যবহৃত হয়ে আসছে। এই খালের মাধ্যমে সারা বছর পানি নিস্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, প্রয়োজনীয় পানি ব্যবহার করে ধান ও অন্য ফসল উৎপাদন করে এলাকার মানুষ জীবন নির্বাহ করে আসছে। কিন্তু গত কয়েক বছর পূর্ব থেকে এলাকার প্রভাবশালী ও স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ নদী/ খালের ৩ শতাধিক বিঘা জমি নিজেদের দখলে নিয়ে কিম্বা উচ্চ মূল্যে চুক্তি ভিত্তিক বিক্রয় করে খাল কুক্ষিগত করে রেখেছেন। জবর দখলকারীরা নদীতে অনুমান ৫০/৬০ স্থানে আড়াআাড়ি মাটির বাঁধ দিয়ে ও নেটপাটা দিয়ে আটকে নদীতে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ফলে বড়দল ইউনিয়নের গাতিরমহল, পাঁচপোতা, লক্ষ্মীখোলাসহ আশপাশের গ্রামগুলোর পানি অপসারণ বন্ধ থাকায় এলাকার কৃষকরা যেমনি ধান চাষ করতে পারছেনা, তেমনি মানুষ ঘরবাড়ি রক্ষা স্বাভাবিক জীবন যাপনে চরম ভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা নির্বাচনের সময় ওয়াদা দিয়েছিলেন, অবৈধ খাল দখলমুক্ত করে এলাকাবাসীর দীর্ঘদিন চাহিদা পুরন করবেন। তার আবেদনের প্রেক্ষিতে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এলাকায় সরেজমিন গমন করে নদীতে আড়াআড়ি মাটির বাঁধ দেখে অবাক হয়ে যান। তিনি স্থানীয় মানুষ ও বাধ দিয়ে মাছচাষকারী ব্যক্তিদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা জানতে পারেন। বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমার খাল/ নদীর চিত্র ও অবৈধ দখলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এরপর একে একে বেশ কিছু অবৈধ মাটির বাঁধ অপসারনের নির্দেশ প্রদান করলে মানুষ কোদাল দিয়ে মাটি কেটে পয়: নিস্কাশন ব্যবস্থা চালু করেন। আগামী দু’দিনের মধ্যে সকল বাঁধ ও নেটপাটা অপসারণ করতে তিনি নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জড়দীশ চন্দ্র সানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমার, থানার এসআই নূর নবী, কৃষি অফিস ও ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অবৈধ বাঁধ কেটে নদী/ খাল অবমুক্ত করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।