Author: kobirubel.satnadee

  • সাতক্ষীরায় হত্যা মামলার আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনীতে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোশারফ হোসেন মজনু (৫১)। সে সাতক্ষীরা আশাশুনী উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টায় সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ সাংবাদিকদের জানায়, ২০২১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর রাতে উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলু (২৮) কে হত্যা করে। পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস্য ঘের থেকে পুলিশ ডাবলুর লাশ উদ্ধার করে। এঘটনায় মামলা হলে চলতি বছরের ১০জুলাই আদালত সিআইডি’র কাছে মামলার তদন্তের দায়িত্ব দেয়। তারই প্রেক্ষিতে সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ ও এস,আই, আনোয়ার বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গ্রেফতারকৃত ডাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শ্যামনগরে ভারতীয় ঔষধসহ দুজন আটক

    জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে ভারতীয় ঔষধ পাচারকালে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১২টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান উপজেলার ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে ঔষধ সহ ওই দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ জব্দ করে পুলিশ দল। আটককৃত দুই ব্যক্তি হলেন- পশ্চিম কৈখালী গ্রামের খলিল মল্লিকের ছেলে আলামিন মল্লিক ও মানিকপুর গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে হাফিজুর মোল্যা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই পাচারকারী কৌশলে পালিয়ে যায়। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তিকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

  • তালা সদর ও খলিলনগর ইউনিয়নে জাপার প্রস্তুতি সভা

    নজরুল ইসলাম, তালা: তালায় পল্লীবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী সফল ভাবে পালনের লক্ষে খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টি ও তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খলিলনগর বাজার চত্বরে খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইমসলাম। খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ৭নং প্রসাদপুর ওয়ার্ড জাপানেতা রজব আলী ফকির, বিল্লাল গোলদার, আমিরুল ইসলাম, মাসুম বিলাহ, ৩ নং ওয়ার্ড হরিশচন্দ্রকাটি রফিকুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মোড়ল, সোহারব হোসেন, ৪নং ওয়ার্ড জাপানেতা আমিনুর সরদার, ৫নং ওয়ার্ড খলিলনগর আকবর গাজী প্রমুখ। অপরদিকে, সন্ধ্যায় তালা সদর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা অফিসার গাজী আব্দুল জলিল সাহেব এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যু বার্ষিকী শুক্রবার বিকাল ৩টায় তালা সদর ডাকবাংলো চত্বরে অনুষ্টিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল নেতা কর্মিদের অংশ গ্রহনের জন্য আহব্বান জানানো হয়।

  • তালার আটারই শিল্পী হত্যার অভিযোগ

    নবকুমার দে, তালা: তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের শিল্পী আক্তার (২৩) নামে এক তালাকপ্রাপ্ত নারীকে হত্যার অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই শিল্পী আক্তার (২৩) গভীর রাতে মারা যায়। মৃত্যুকালে মারজিয়া ইসলাম (৫) নামে এক কন্যা সন্তান রেখে যান। সরেজমিনে গিয়ে শিল্পী আক্তারের মা ফরিদা বেগম (৪৫) ও চাচা হায়দার আলী (৪৮) এর সাথে কথা বলে জানা যায়, মেয়ে রাতে ঘুমিয়ে ছিল স্টোক করে মারা যায়। চাচা হায়দার আলী (৪৮) বলেন, সকালে দেখি শিল্পী ঘরে মৃত অবস্থায় শুয়ে আছে, সে সময় দেখি গলায় একটি দাগ ও পেছনের দিকে ঘাড়ের উপরে জখমের দাগ। এলাকাবাসী জানান, শিল্পীর পিতা ১২ বছর বিদেশ থাকে। মেয়েকে সাত বছর আগে ঝিকরগাছায় বিয়ে দিয়ে দেয়। বিবাহের দুই বছর পর জামাতাকেও বিদেশ পাঠিয়ে দেয়। গত বছর মেয়েকে ওই জামাইয়ের কাছ থেকে ডিভোর্স করিয়ে নেয় শিল্পীর চাচা ও মা। ওই পরিবারে শিল্পী আক্তারের মা ফরিদা বেগম, চাচা হায়দার আলী ও পাঁচ বছরের মেয়ে তাশা বসবাস করে। এলাকাবাসীর ধারণা মায়ের সাথে চাচার অবৈধ সম্পর্ক সেহেতু মেয়ে জানাজানীর পর ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসী এই হত্যার বিচার চাই। তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিমের কাছে এলাকাবাসী একটি লাশ ময়না তদন্তের আবেদন করলে তিনি বলেন, যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে সেহেতু আমাদের কিছু করার নেই। যদি পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করে তখন আইনি প্রক্রিয়ায় চেষ্টা করা যেতে পারে।

  • ঐক্যবদ্ধতাই পারে মুক্ত সাংবাদিকতা চর্চার বাধাহীন পথচলা

    • কবির নেওয়াজ রাজ

    একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা।সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য হলো- মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা।সাধারণ মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরা। রাজধানী ঢাকার মতো মফস্বলেও এ পেশায় আত্মনিয়োগ করে সাংবাদিকরা জনসেবা ও সমাজকল্যাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিছু পাওয়ার জন্য নয়, নিতান্ত ভালোবাসা ও জনসেবার মহৎ উদ্দেশ্য থেকে ঝুঁকিপূর্ণ এ পেশায় আসেন একজন প্রকৃত সাংবাদিক। একজন ভালো সাংবাদিককে যেমন সাহসী হতে হয়- তেমনি সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকতে হয়। ঝুঁকি থাকলেও অনেকেই ভালোবাসার কারণে এ পেশাকে বেছে নেন এবং আজীবন সাংবাদিকতায় স্বতশ্চল থাকেন। যারা অকপট সততার সঙ্গে এ পেশায় সক্রিয় থাকেন তাদের এক ধরনের আত্মতৃপ্তি থাকে। ভালো কাজের জন্য আনন্দ থাকে। তাদের কাজ মানুষের জন্য কল্যাণ বয়ে আনা।আমি কবির নেওয়াজ রাজ মনে করি, আমাদের প্রাত্যহিক জীবনে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। সংবাদ মাধ্যম এখন ডিজিটাল যুগে পৌঁছে গেছে। প্রযুক্তির ব্যবহার সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার বাঁক পরিবর্তন করেছে। সাংবাদিকতা গণমুখী হয়েছে। জনপ্রিয় হচ্ছে অনলাইন সাংবাদিকতা। দেশে এখন অনলাইন সংবাদ মাধ্যমের সংখ্যা অনেক। প্রায়ই নতুন নতুন সংবাদ মাধ্যম আত্মপ্রকাশ করছে। পাঠক এখন খুব সহজে অল্প সময়ের ভেতর জানতে পারে ঘটে যাওয়া যে কোনো ঘটনার খবর। অপেক্ষা করতে হয় না। আগে অপেক্ষা করতে হতো। আগের দিনের ঘটনা জানা যেত পরের দিনের পত্রিকায়। এখন সময় বদলে গেছে। পাল্টে গেছে সংবাদপত্রের দীর্ঘদিনের প্রচলিত ধারা। বৈচিত্র্য এসেছে সাংবাদিকতার ক্ষেত্রে। আধুনিক সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। একটি পত্রিকা কিংবা সংবাদ মাধ্যম এখন পাঠকদের চাহিদা মেটাতে পারে। কিন্তু আমরা যে সমাজে বাস করি এখানে সাংবাদিকতার ঝুঁকি অনেক। কারন এই সমাজে কর্মীর চেয়ে নেতা বেশি। অনেক সময় মামলা ও শারীরিক আক্রমণের শিকার হতে হয়। নিরাপত্তাহীনতার মধ্যে সাংবাদিকতা করতে হয়। আমি কবির নেওয়াজ রাজ মনে করি সাংবাদিকদের মুখ্য উদ্দেশ্য হলো সাংবাদিকতাকে অবলম্বন করে জন-মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখা। সে কারণে গণমাধ্যমকে জনগণ ভরসার শেষ ঠিকানা মনে করেন। বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় চালানো হয় জেল-জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন। সাংবাদিক হত্যার ঘটনাও নতুন নয়। আইনি জটিলতাও মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এসব বন্ধ করতে হলে একত্রিত হতে হবে। সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে। নিজেদের মধ্যে বিভাজন দূর করতে হবে। তা না হলে সমস্যা থেকেই যাবে। কেবল সংঘবদ্ধভাবে এসব সমস্যার উত্তরণ ঘটানো সম্ভব। মুক্ত সাংবাদিকতার চর্চাকে বাধাহীন করতে হলে এবং সাংবাদিকদের সুরক্ষা ও সব ধরনের সংকট নিরসনের জন্য সব সাংবাদিকের এক সারিতে দাঁড়াতে হবে। তাহলেই পরিশুদ্ধ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা সম্ভব।

  • পাটকেলঘাটায় নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    কিশোর কুমার: পাটকেলঘাটার পল্লীতে এক নৃত্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল বলে জানা গেছে। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে। থানা পুলিশ জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী। সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠানে আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপরে কয়েকদিন ধরে আকাশ ওই নারীকে ব্লাকমেইল করে আসছিল। অবশেষে এই অপমান সইতে না পেরে বুধাবার রাতে ধর্ষন ও পর্ণগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা করে। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এই ঘটনায় নির্যাতিত নারী ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে একটি মামলা দ্বায়ের করেছেন। মামলা নং ৮। বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

  • শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতিকে হত্যার হুমকি

    সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানসহ চার জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (more…)

  • ন্যাটোর সম্প্রসারণ নিয়ে চীনের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক:

    এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, পশ্চিমারা যদি এ অঞ্চলে কোনো সামরিক অবস্থান তৈরির চেষ্টা করে তাহলে তার সমুচিত জবাব দেবে বেইজিং। লিথুনিয়ায় সম্প্রতি ন্যাটোর যে সম্মেলন আয়োজিত হয় তাতে দেশগুলো চীনের নানা সমালোচনা করে। এরপরই পাল্টা হুঁশিয়ারি বার্তা দিলো চীন।

    আরটি জানিয়েছে, গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন থেকে একটি বিবৃতি দেয়া হয়। ন্যাটোর সম্মিলিত বার্তার জবাব হিসেবে তারা ওই বিবৃতিটি প্রকাশ করে। ন্যাটো দেশগুলো অভিযোগ করে, চীন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জবরদস্তিমূলক নীতি গ্রহণ করেছে এবং পশ্চিমা স্বার্থকে হুমকিতে ফেলেছে। এর জবাবে চীনা কূটনীতিকরা বলেন, ন্যাটো তার বিবৃতিতে মৌলিক ফ্যাক্টগুলোই উপেক্ষা করে গেছে। তারা চীনের সুনামহানি করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ তুলেছে। আমরা ন্যাটোর ওই বিবৃতির গভীর নিন্দা জানাই।

    চীনের বিবৃতিতে আরও বলা হয় যে, তারা নিজেদের স্বার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে যা যা করা প্রয়োজন তাই করবে। ন্যাটোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সম্প্রসারণ প্রচেষ্টার বিষয়েও হুঁশিয়ারি বার্তা দেয়া হয় ওই বিবৃতিতে।

    যদি কোনোভাবে চীনের বৈধ স্বার্থে আঘাত আসে তাহলে এর সমুচিত জবাব দেয়ার হুমকি দিয়েছে চীন।

  • সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা নির্ধারণ

    জাতীয় ডেস্ক:

    আগামী ১ মাস দেশের সব সরকারি হাসপাতালে ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
    দেশে চলমান ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
    ডেঙ্গু বিষয়ক এই বিশেষ বার্তায় জানানো হয়, ডেঙ্গু নিয়ে যেন মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই এই জ্বর সেরে যায়। তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে।

  • পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবার প্রতি ২ লাখ টাকা ও চাকরির ঘোষণা মমতার

    আন্তর্জাতিক ডেস্ক:

    বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করলেন- পঞ্চায়েত নির্বাচনের বলি ১৯ জনের পরিবার প্রতি দুই লাখ টাকা এবং একটি করে হোমগার্ড-এর চাকরি দেওয়া হবে।

    মুখ্যমন্ত্রী বলেন, সাহায্যের ক্ষেত্রে তৃণমূল, বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেস বিবেচনা করা হবে না। তিনি অবশ্য জানান যে, যারা মারা গেছে তাদের মধ্যে তৃণমূল কর্মী সংখ্যায় বেশি। তিনি বলেন, প্রচারের গরু গাছে ওঠে। মিডিয়া ব্যাপক গণ্ডগোলের কথা বলেছে অথচ ঝামেলা হয়েছে দুটি জেলা মুর্শিদাবাদ ও মালদহে। এই জেলায় কারা গণ্ডগোল পাকিয়েছে তা সবার জানা। মমতা সিপিএম আমলের গণ্ডগোলের নানা উদাহরণ তুলে ধরে বলেন, এই তো এদের চরিত্র! মমতা কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এখানে বিরোধিতা আর দিল্লিতে সক্ষ্যতা, এটা চলতে পারে না।