Author: kobirubel.satnadee

  • পদযাত্রার মাধ্যমেই এক দফার বাস্তবায়ন: ফখরুল

     

    জাতীয় ডেস্ক:

    আওয়ামী লীগ বুঝে গেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এলে তাদের ভাত নাই। তারা ৩০টি আসনও পাবে না। তাই তারা নিজেদের সরকারের অধীনে আবারো পাতানো নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, দেশের জনগণ এবার তা হতে দিবে না। পদযাত্রার মাধ্যমেই জনগণ তাদের পতন করে এক দফার বাস্তবায়ন ঘটাবে।

    শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল তাঁতি দল ও জাসাস আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পদযাত্রা পূর্ব সমাবেশে ফখরুল এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, সরকার বিদেশিদের কি বোঝাচ্ছে জানি না। আমরা বিদেশি বুঝি না। একটাই বুঝি এ সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা জেগে উঠেছে। কৃষক-শ্রমিক জোট বেঁধে আজ রাজপথে নেমেছে। তাই এক দফা ঘোষণা করা হয়েছে।

    ফখরুল বলেন, শুক্রবারের জুমার খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে সরকার। তারাই ঠিক করে দেয় মসজিদে কি খুতবা দেওয়া হবে। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষ মুখফুটে কথা বলতে পারে না। এ পদযাত্রার মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

    ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি বলেছে তাদেরও এক দফা শেখহাসিনার অধীনেই নির্বাচন হতে হবে। কী আবদার, কী আবদার! দেশের মানুষকে এতো বোকা ভাববেন না। তারা সজাগ হয়েছে। তারা এবার নিজের ভোট নিজে দিতে চায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ২০০৮ সালে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে সবাইকে বোকা বানিয়ে আপনি বিচার ব্যবস্থা ও খায়রুল হকের ওপর দোষ চাপিয়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন। কারণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের থাকলে আওয়ামী লীগের ভাত নাই।

    জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান, পদযাত্রার সমন্বয়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ফেনীর সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, বিএনপির আন্তজার্তিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, শিল্পপতি ফখরুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগ ও বিভিন্ন জেলার কৃষক, শ্রমিক, তাঁতি ও মৎস্যজীবী দলের নেতারা।

  • বিএনপির উসকানি-ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

    জাতীয় ডেস্ক:

    আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সকল প্রকার উসকানি উপেক্ষা’ করে শান্তিপূর্ণভাবে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নামক অপশক্তির উসকানি ও ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। বিএনপির ক্যাডার বাহিনী দেশের কোথাও যাতে কোনও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার এবং কোনও সহিংস ঘটনার সূত্রপাত হলে দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

    শুক্রবার (১৪ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির ‘সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা।

    তিনি বলেন, দেশে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ শাসন ব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে তার দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনির প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস পরিচালনা করছে; সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজবসন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব।

    তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানসম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনও প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। নির্বাচন ভণ্ডুলের কোনও অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

  • ১২ ক্যাটাগরিতে কর্ণফুলী টানেলের টোল নির্ধারণ

    জাতীয় ডেস্ক:

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর চলতে হলে কোন গাড়িকে কত টোল দিতে হবে, তা চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। এই গেজেট অনুযায়ী টানেল পার হতে হলে গাড়িভেদে সর্বনিম্ন দুই শ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা টোল দিতে হবে।

    টানেলের ভেতর দিয়ে ১২ ধরনের যানের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর টোলের হার প্রস্তাব করেছিল সেতু কর্তৃপক্ষ। প্রস্তাবিত টোলের হারে কোনো পরিবর্তন করা হয়নি। টানেলের ভেতর দিয়ে মোটরসাইকেল বা দুই চাকার কোনো যান চলাচল করতে পারবে না।

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দুটি টিউব বা সুড়ঙ্গের মধ্যে দক্ষিণ সুড়ঙ্গের (টিউব) পূর্তকাজ শেষ হয়েছে। এই সুড়ঙ্গ চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয়ে নগরের পতেঙ্গা প্রান্ত পর্যন্ত। টানেলের বর্তমান অগ্রগতি ৯৮ শতাংশ। এর মধ্যে পূর্তকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ চলছে। আগামী সেপ্টেম্বরে টানেল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলের নির্মাণকাজ শুরু হয়।

    সেতু কর্তৃপক্ষের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত গেজেট অনুযায়ী, টানেলের ভেতর দিয়ে চলতে হলে কার ও জিপকে দিতে হবে ২০০ টাকা। একই হারে টোল দিতে হবে পিকআপকে। আর মাইক্রোবাসকে পরিশোধ করতে হবে ২৫০ টাকা। বাসের ক্ষেত্রে ৩১ আসন বা এর কম আসনের গাড়িকে দিতে হবে ৩০০ টাকা, ৩২ আসন বা এর বেশি বাসগুলোকে পরিশোধ করতে হবে ৪০০ টাকা। বাসের (৩ এক্সেল) জন্য টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া ৫ টনের ট্রাকের জন্য  ৪০০ টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাকের জন্য ৫০০ এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের জন্য ৬০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। টানেলের ভেতর দিয়ে যেতে হলে ৩ এক্সেলের ট্রাক বা ট্রেইলরকে দিতে হবে ৮০০ টাকা। ৪ এক্সেলের ট্রাক বা ট্রেইলরের জন্য ১০০০ টাকা। ৪ এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য বাড়তি ২০০ টাকা করে দিতে হবে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সম্ভাব্যতা সমীক্ষার তথ্য অনুযায়ী, টানেল চালু হওয়ার পর ২০২৫ সালে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি যানবাহন চলাচল করবে। এ ছাড়া ২০৩০ সালে যানবাহন চলাচলের প্রাক্কলন করা হয়েছে ৩৭ হাজার ৯৪৬টি এবং ২০৬৭ সালে যানবাহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতিদিন গড়ে ১ লাখ ৬২ হাজার।

    টানেল প্রকল্পের নথিপত্র অনুযায়ী, টানেল নির্মাণের ফলে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। টানেল চালু হলে শিল্পায়ন, পর্যটনশিল্পের বিকাশ এবং সহজ যোগাযোগব্যবস্থার কারণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি বৃদ্ধি পাবে। ফলে দারিদ্র্য দূরীকরণসহ দেশের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। এ ছাড়া জিডিপিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

  • যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

    জাতীয় ডেস্ক:

    যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়, এর বাইরে কিছুই চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সব কিছু নিয়ে সন্তুষ্ট এবং তারা বলেছেন যে, আগামী নির্বাচন যাতে ভীতিমুক্ত ও সহিংসতামুক্ত হয় এটা তারা দেখতে চান। আমরা বলছি যে, আমাদের নির্বাচনের সময় সংবিধান অনুযায়ী আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। কমিশন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই তারা কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে এবং তারা যে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী কিছু বিশেষায়িত বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে সেটাও আমি তাদের মনে করিয়ে দিয়েছি।

    আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অংশগ্রহণমূলক (নির্বাচন) তারা বলেননি। তারা ফ্রি, ফেয়ার এবং পিসফুল ইলেকশন চেয়েছেন। ভায়োলেন্স ফ্রি ইলেকশন তারা চেয়েছেন। আমরা বলেছি, আমাদের সিকিউরিটি ফোর্স, আমাদের ল’ এনফোর্সমেন্ট ফোর্স সব সময় তৈরি আছে। তারা ওয়েল ট্রেইন্ড, তাদের তোমরা অনেক কিছু দিয়ে ট্রেইনিং করিয়েছো এবং সেই ট্রেইনিংয়ে তারা উজ্জীবিত আছে।

    ইতিমধ্যে অনেকগুলো ইলেকশন হয়ে গেছে, যেগুলো অত্যন্ত পিসফুল হয়েছে। সে রকম ন্যাশনাল ইলেকশনটাও পিসফুল হবে। আমরা সেটাই আশা করছি। তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসাদুজ্জামান খান বলেন, আমাদের সঙ্গে এ রকম কথা বলেনি। এখানে যে কথা হয়েছে, সেখানে এ রকম কথা হয়নি।

    বিএনপির একদফা দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এটুকু বলেছে তারা কোনো পার্টিকে এনকারেজ করার জন্য এখানে আসে নাই। তারা কোনো দলকে সাপোর্ট করেন না। তারা এসেছেন এখানে যেন একটি ভায়োলেন্স ফ্রি-পিসফুল-ফেয়ার ইলেকশন হয়। এর বাইরে তারা কিছুই চান না, কিছুই বলেননি। এটা বারবার বলে গেছেন, কোনো দলকে, কোনো ব্যক্তিকে সাপোর্ট করার জন্য তারা এখানে আসেননি।

    র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালকের যে সভা দুটি হয়েছে, তারা দেখেছেন, তারা সন্তুষ্ট। আমাদের নিরাপত্তা বাহিনী যে কাজটি কালকে করেছে এবং এখন পর্যন্ত করে আসছে এতে তারা সন্তুষ্ট।

  • ওয়াগনারপ্রধানকে কি হত্যা করা হয়েছে?

    আন্তর্জাতিক ডেস্ক: ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন হয় নিহত হয়েছেন, না হয় তাকে বন্দি করা হয়েছে। মার্কিন সাবেক এক জেনারেল এমনটাই দাবি করেছেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকটিও ভুয়া বলে দাবি করেছেন তিনি। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
    মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেলের নাম রবার্ট আব্রামস। এখন তিনি এবিসি নিউজের কন্ট্রিবিউটর। এবিসি নিউজকে তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো ওয়াগনারপ্রধানকে আর কখনো জনসমুক্ষে দেখা যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। রবার্ট আব্রামস বলেন, হয় তিনি আত্মগোপনে আছেন, না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে, অথবা তার সঙ্গে অন্য কিছু ঘটেছে। কিন্তু তাকে আর দেখতে পাব কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
    পুতিনের ক্ষমতাকে এত বড় চ্যালেঞ্জ জানানোর পর প্রকৃতই প্রিগোজিন বেঁচে আছে বলে মনে করেন কিনা এমন প্রশ্নে রবার্ট আব্রামস বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না তিনি বেঁচে আছেন। যদি বেঁচেও থাকেন তবে তাকে কোনো জেলে আটকে রাখা হয়েছে।
    এ ছাড়াও চার তারকার সাবেক এই জেনারেল পুতিনের সঙ্গে প্রিগোজিনের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ২৯ জুন প্রিগোজিনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে।
    প্রসঙ্গত, গত ২৪ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর ২৫ জুন রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন। যদিও প্রিগোজিন দাবি করেছিলেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    জাতীয় ডেস্ক: দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সবসময়ই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য লড়াই করেছি এবং ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেছি।’ সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
    আজরা জেয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে সহায়তা করতে তার দেশ নতুন ভিসানীতি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘কোনো দলের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’
    শেখ হাসিনা বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ছাত্রজীবন থেকে এবং এমনকি বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ জনগণের অধিকারের জন্য সবসময়ই লড়াই করেছে। সরকারপ্রধান বলেন, ‘আমরা সবসময়ই জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারের জন্য লড়াই করেছি।’
    তিনি আরও বলেন, ‘বিএনপিই দেশে ভোট কারচুপি শুরু করেছিল, যা বর্তমান আওয়ামী লীগ সরকার পরিবর্তন করেছে।’ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
    প্রধানমন্ত্রী ২০১৩-২০১৫ সালে বিএনপি এবং তাদের মিত্রদের নৃশংসতা, সন্ত্রাসী কর্মকা- এবং অগ্নিসংযোগের কথা স্মরণ করেন, যাতে ৫০০ লোক নিহত হয়েছিল। তিনি তার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলার কথাও উল্লেখ করেন, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেছিলেন।
    সফররত মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি বলেছেন, তিনি ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার ওপর জোর দেন।
    যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ক্যাম্পে অপারেশনাল খরচের জন্য প্রায় ৭৪ মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানান আজরা জেয়া। বাংলাদেশে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় তিনি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
    প্রধানমন্ত্রীকে আজরা জেয়া বলেন, বাংলাদেশের আর্থিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
    এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. ডোনাল্ড লু ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

  • যেভাবেই হোক মামলা জট কমাতেই হবে: প্রধান বিচারপতি

    জাতীয় ডেস্ক:

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদালতগুলোতে অনেক মামলা জমে গেছে। যেভাবেই হোক এই মামলা জট কমাতেই হবে। আমরা যদি মামলা দায়েরের চেয়ে মামলা নিষ্পত্তির পরিমাণ বাড়াতে পারি তাহলে আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে এই মামলা জট অনেকাংশেই থাকবে না।

    বৃহস্পতিবার ঢাকা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। সেই ইতিহাস সবাই জানেন। আমরা যদি এভাবে একটি ভূখণ্ড স্বাধীন করতে পারি, তাহলে মামলা জট কেন কমাতে পারব না।

    তিনি বলেন, আমরা সবাই জানি এই রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের তিনটি অর্গানের মধ্যে একটি হচ্ছে জুডিশিয়ারি। এটি একটি শক্তিশালী অর্গান। আমরা যারা এই বিভাগে আছি বিচারক, আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচারিক আদালতের কর্মকর্তা-কর্মচারী, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এ দেশের মানুষের বিচারিক সেবা নিশ্চিত করা।

    বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন যত সংখ্যক কেইস ফাইলিং হচ্ছে তার থেকে নিষ্পত্তি যাতে বেশি হয়। ১০০টি কেইস ফাইলিং হলে যদি ১২৫টি নিষ্পত্তি হয় তাহলে ৫/৬ বছরের মধ্যে মামলা জট কমে আসবে।

    প্রধান বিচারপতি বলেন, আমাদের আদালতগুলোতে  জমে থাকা মামলা জট যেভাবেই হোক ছাড়াতে হবে। মনে রাখতে হবে বিচারিক সেবা পেতে এই দেশের মানুষের হক রয়েছে। সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। আমরা পরিশ্রম করে রক্ত দিয়ে ১৯৭১ সালে এই দেশ স্বাধীন করেছি। আমরা যদি এভাবে এই ভূখণ্ডকে স্বাধীন করতে পারি তাহলে কেন এই মামলা জটের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হতে পারব না। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এই জয়টা আমরা পরিশ্রম করে করতে চাই। আদালতের বারান্দায় মাসের পর মাস বছরের পর বছর বিচার পাওয়ার জন্য মানুষকে আর ঘুরতে হবে না।

    প্রধান বিচারপতি বলেন, এই ন্যায়কুঞ্জ তাদের জন্য, যারা এখানে বিচার পেতে আসেন তাদের বিশ্রাম নেয়ার জন্য। বর্তমান প্রধানমন্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা সারা দেশের আদালতগুলোতে এই ধরনের ন্যায়কুঞ্জ স্থাপন করছি।

    এর আগে প্রধান বিচারপতি আদালতে এলে স্বাগত জানান ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলাম ও ঢাকার বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা।

    এসময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার (বিচার) এসকে এম তোফায়েল হাসান। এর আগে প্রধান বিচারপতি জেলা জজ আদালত ভবনের পাশে  তিনটি গাছ রোপন করেন।

  • বিএনপির ৩১ দফা

    জাতীয় ডেস্ক: রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং বর্তমান সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ রূপরেখা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    ফখরুল বলেন, গত এক দশকের অধিককালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করেছে। একটি ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ পর্যালোচনা করে এসব রহিত বা সংশোধন করা হবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
    বিএনপি ঘোষিত ৩১ দফা হলো:
    ১. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক প্রতিষ্ঠা করা হবে। এই জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাইতে হবে। এই জন্য একটি গঠন করা হবে।
    ২. বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে একটি “নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার” ব্যবস্থা প্রবর্তন করা হবে।
    ৩. সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচারবিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে।
    ৪. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না।
    ৫. বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে “উচ্চ-কক্ষ বিশিষ্ট আইনসভা” প্রবর্তন করা হবে।
    ৬. আস্থাভোট, অর্থবিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্যসব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করিবার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করিয়া (দেখা হবে) বিবেচনা করা হবে।
    ৭. রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান “প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২” সংশোধন করা হবে। ইভিএম নয়, সকল কেন্দ্রে পেপার-ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হইবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হবে।
    ৮. সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানআইনি সংস্কারের মাধ্যমেপুনঃগঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদসমূহে নিয়োগ প্রদান করা হবে।
    ৯. বাংলাদেশের সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য একটি “জুডিশিয়াল কমিশন” গঠন করা হবে। অধঃস্থন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের নিকট ন্যস্ত হবে (সংবিধানের ভাষা)। বিচারবিভাগের জন্য সুপ্রিমকোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। সুপ্রিমকোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতোপূর্বেকার “সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল” ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। এইজন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হবে। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠিয়া কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদ-ে যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের ৯৫(গ) অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদ- সম্বলিত “বিচারপতি নিয়োগ আইন” প্রণয়ন করা হবে।
    ১০. দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়িয়া তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি “প্রশাসনিক সংস্কার কমিশন” গঠন করে প্রশাসনসংস্কার ও পুনঃগঠন করা হবে। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে।
    ১১. গণমাধ্যমের পুর্নস্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবীএবং বিজ্ঞ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়েলক্ষ্যে একটি “মিডিয়া কমিশন” গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করিবার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে ২০০৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর প্রয়োজনীয় সংশোধনসহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালাকানুন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে।
    ১২. দুর্নীতির ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। গত দেড় দশকব্যাপী সংগঠিত অর্থ-পাচার ও দুর্নীতির অনুসন্ধান করিয়া একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বাহিরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে ‘দুদকের’ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী “ন্যায়পাল নিয়োগ করা হবে।
    ১৩. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকা- এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। মানবাধিকার বাস্তবায়ন করা হবে। সুনির্দিষ্ট মানদ-ের ভিত্তিতে মানবাধিকার কমিশনে নিয়োগ প্রদান করা হবে। গত দেড় দশক যাবত সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হবে।
    ১৪. অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি “অর্থনৈতিক সংস্কার কমিশন” গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে।
    উপরোক্ত সাংবিধানিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, জুডিশিয়াল কমিশন,মিডিয়া কমিশন এবং অর্থনৈতিক সংস্কার কমিশনগুলি সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্ব-স্ব প্রতিবেদন দাখিল করিবে যেন সংশ্লিষ্ট সুপারিসসমূহ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়।
    ১৫. “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন। দলমত ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র-বৃহৎ সকল জাতি-গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম-কর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।
    ১৬. মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে। শিশু-শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হইবে। পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দরসহ সকল ক্ষেত্রে হয়রানি মুক্ত সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হইবে। চা-বাগান, বস্তি, চরাঞ্চল, হাওড়-বাওর ও মঙ্গাপীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে।
    ১৭. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হইবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করিবার লক্ষ্যে জনস্বার্থবিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হইতে বিদ্যুৎ ক্রয়ে চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হইবে। আমদানিনির্ভরতা পরিহার করিয়া নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি-নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস ও খনিজ সম্পদ আবিষ্কার ও আহরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে। শিল্পখাতের বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা হইবে। প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রনোদনা দেওয়া হইবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হইবে।
    ১৮. বৈদেশিক সম্পর্কেরসর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হইবে। সমতা, ন্যায্যতা, পারপরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধি-বিধান অনুযায়ী দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক সমস্যাদির সমাধান করা হবে। বাংলাদেশ ভূ-খ-ের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হইবে না এবং কোন সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয়-প্রশ্রয় পাইবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করিয়া এবং সন্ত্রাসবাদের তকমা লাগাইয়া ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধীদল দমনের অপতৎপরতা বন্ধ করা হইলে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং আইনের আওতায় আনিয়া শাস্তি প্রদান করা সম্ভব হইবে।
    ১৯. দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করিয়া গড়িয়া তোলা হইবে। স্বকীয় মর্যাদা বহাল রাখিয়া প্রতিরক্ষা বাহিণীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হইবে।
    ২০. ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হইবে। এই সকল প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হইবে যেন তাহারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন পরিষেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখিতে পারে। স্থানীয় প্রশাসন ও অন্য কোনো জনপ্রতিনিধির খবরদারী মুক্ত স্বাধীন স্থানীয় সরকার নিশ্চিত করা হইবে।মৃত্যুজনিত কারণকিংবা আদালতের আদেশে পদশূন্য না হইলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হইবে না। আদালত কর্তৃক দ-প্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশবলে সাসপেন্ড/বরখাস্ত/অপসারণ করা হইবে না।
    ২১. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হইবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হইবে এবং তাঁহাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হইবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করিয়া একটি সঠিক তালিকা প্রস্তুত করা হইবে।
    ২২. যুবসমাজের ভিশন,চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করিয়া আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হইবে। এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হইবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হইবে।বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হইবে।
    ২৩. জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচী গ্রহণ করা হইবে।নারী ও শিশুদের জীবন মান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হইবে।স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হইবে।
    ২৪. বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হইবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হইবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যেজাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হইবে।অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্টখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে।
    ২৫. স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে “সবার জন্য স্বাস্থ্য” ও “বিনা চিকিৎসায় কোন মৃত্যু নয়” এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের ‘ঘঐঝ’ এর আদলে সর্বজনীন স্বাস্থ্য সেবা প্রবর্তন করা হইবে।
    ২৬. স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করাহইবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হইবে।দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠির জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হইবে।
    ২৭. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হইবে।
    ২৮. দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হইবে।
    ২৯. জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবিলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হইবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হইবে।
    ৩০. তথ্য যোগাযোগ প্রযুক্তিখাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হইবে। মহাকাশ গবেষণা এবং আনবিক শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সুযোগ সমৃদ্ধ করা হইবে।
    ৩১. এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠির আবাসন নিশ্চিত করা হইবে।

  • আইএমএফের পদ্ধতিতে বাংলাদেশের রিজার্ভ ২৩.৫৬ বিলিয়ন ডলার

    জাতীয় ডেস্ক:

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতিতে প্রথমবার দেশের রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে বুধবার (১২ জুলাই) রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

    বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গতকাল রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

    আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।

    গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস এবং বিপিএম-৬ সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজার্ভের হিসাবায়ন শুরু করেছে।

  • কৃষ্ণনগরে নির্বাচনের হাওয়া

    মহারাজ কৃষচন্দ্রের রাজদরবারে মহা উত্তেজনা! উজির নাজির পাত্র অমাত্য সাধারণ সভাসদসহ সকলের মধ্যেই বিপুল উৎকণ্ঠা। মন্ত্রী বিড়বিড় করিয়া মন্ত্র উচ্চারণের মতো কী যেন অস্ফুটকণ্ঠে বলিয়া চলিয়াছেন এবং অস্থিরভাবে পায়চারি করিতেছেন আর কখনো কখনো হাত মুষ্ঠিবদ্ধ করিয়া আকাশে ছুড়িয়ে দিতেছেন। গোপাল ভাঁড় লক্ষ করিতেছিল, মন্ত্রীমহাশয় কখনো কখনো লোলুপদৃষ্টিতে আবার কখনো আর্তচোখে শূন্য সিংহাসনের দিকে দৃষ্টিপাত করিতেছেন।
    ঠিক এই সময় মহারাজের আগমনবার্তা উচ্চারিত হইল‘জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।’ মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করিলেন এবং সিংহাসনে উপবেশন করিলেন। কিছুক্ষণ উপস্থিত সভাসদদের ওপর চোখ বুলাইয়া মেঘমন্দ্রিত কণ্ঠে কহিলেন, “সবাই এসেছ তো! তাহলে এবার রাজসভার কাজ শুরু হোক। হ্যাঁ, শোনো আজ খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে। এ কথা ঠিক যে, আমরা সবাই মিলে চেষ্টা করে চলেছি যাতে প্রজাদের মুখে সবসময় হাসি থাকে, যাতে প্রজাদের মনে কোনো কষ্ট না থাকে, কারও যেন কোনো অভিযোগ না থাকে”।
    মন্ত্রী এই সময় উসখুস করিতে থাকিলে উহা মহারাজের দৃষ্টিগোচর হইল। তিনি বলিলেন,“কী মন্ত্রী, হঠাৎ তুমি এত ছটফট করছ কেন, একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি আর তুমি মাঝখানে বাগড়া দিচ্ছ কেন?
    না, মহারাজ বাগড়া দিচ্ছি না তো, একটা ভালো কিছু শুনলে তো মনটা প্রফুল্ল হয়ে ওঠে, তাই আর কি!
    গোপাল মন্ত্রীমশাই বেশ খুশি হবেনই, মহারাজ। প্রজাদের কোনো উন্নতি হলে তো মন্ত্রীমশাইয়েরও ভাগ্য প্রসন্ন হয়।
    মন্ত্রী দেখলেন, দেখলেন মহারাজ, গোপাল আমাকে কেমন খোঁচা দিয়ে কথা বলছে।
    গোপাল আমি খোঁচা দিলাম কোথায়! মন্ত্রীমশাই তো বলেন, তার অবস্থান মহারাজের পরেই। কাজেই রাজ্যে যদি উন্নতি কিছু হয়, প্রজাদের যদি মঙ্গল হয়, তার কৃতিত্ব কি তারও নয়? আমি তো সে কথা বললাম এখন মন্ত্রীমশাইয়ের মনে কী হচ্ছে তা তো আমি জানব না, মহারাজ।
    কৃষ্ণচন্দ্র আহ্, থামবে তোমরা? একটু কিছু হলেই কী যে গোল বাধাও তোমরা! ইচ্ছে করে চুপ করো সবাই, আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি এখন, কেউ কোনো কথা বলবে না। শুধু শুনবে আর সেই অনুযায়ী কাজ করবে। তোমরা তো একটা কথা নিশ্চয়ই মানবে যে, এখন যুগটা পাল্টাচ্ছে। এক মন্ত্রীর ওপর তো আর সব দায়দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না, তারও তো বয়স হচ্ছে। তাই আমি সবাইকে কাজ ভাগ করে দেব প্রত্যেকের এক একটা বিভাগ থাকবে কারও থাকবে আইন বিভাগ, কারও অর্থ বিভাগ, কারও স্বরাষ্ট্র বিভাগ, মৎস্য বিভাগ, সংস্কৃতি বিভাগ এই রকম। হ্যাঁ, বলো মন্ত্রী, তুমি আবার কী বলতে চাইছ?
    মন্ত্রী মহারাজ, তাহলে আমার তো বেশ ক্ষতি হয়ে যাবে। আপনার পরেই তো আমার অবস্থান থাকার কথা। আমাকে যদি কোনো পরিকল্পনা করার জন্য সবার কাছে ধরনা দিতে হয়, তাহলে তো কোনো কাজই এগোবে না, মাঝখান থেকে রাজ্যটাই রসাতলে যাবে। তাই আমি বলছি কি মহারাজ, আগে যেভাবে চলছিল, সেভাবেই চলুক।
    গোপাল মহারাজ আপনার সিদ্ধান্তই যুক্তিসংগত। এর ফলে রাজ্যসভার সব সদস্যের মনে বল আসবে, দায়িত্ববোধ তৈরি হবে, সৎ চিন্তা আসবে, দুর্নীতি দূর হবে।
    মন্ত্রী থামো থামো গোপাল, তোমার আর লেকচার করতে হবে না। লেখাপড়ার মুরোদ নেই, শিক্ষাদীক্ষা নেই, আছে শুধু বড় বড় কথা। মহারাজকে অকর্মণ্য রাখার জন্য এটা বোধহয় তোমারই ফন্দি। মহারাজের ক্ষমতা কেড়ে নেওয়ার কৌশল।
    গোপাল তা যা বলেছেন মন্ত্রীমশাই, সবকিছুতেই আপনার বখরার ভাগ যদি আর না পান, এ জন্যই এত অধীর হয়ে পড়েছেন বুঝি। একটা কথা আছে না, ‘যার ধন তার ধন নয় নেপোয় মারে দই’ আপনি তো সেই নেপোর ভূমিকায় আছেন ষড়যন্ত্রী থুড়ি মন্ত্রীমশাই!
    মহারাজ আবার কী শুরু করলে তোমরা। থামো, থামো বলছি। হ্যাঁ, মন্ত্রী, তুমি বলো সেদিন নির্বাচন না নির্যাতন কী একটা বলছিলে তুমি, সেটার কথা বলো, কী বুঝাতে চেয়েছিলে তুমি?
    মন্ত্রী মহারাজ, আমি তো না, মুর্শিদাবাদের নবাব সাহেব বলছিলেন যে, কৃষ্ণচন্দ্রের তো অনেক বয়স হলো, এখন সিংহাসনটা অন্য কারও হাতে ছেড়ে দিলেই তো হয়। এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা একটা নিয়মের ভেতর দিয়ে করা যেতে পারে, সেই নিয়মটা বিলেতে ওই সাহেবদের দেশে আছে—
    কৃষ্ণচন্দ্র সেটা কী রকম?

    মন্ত্রী—খুবই সহজ নিয়ম মহারাজ, ধরে নিন, কৃষ্ণনগরে একটা নির্বাচন হলো—আপনি রাজা, আপনি একদিকে আর আমি মন্ত্রী—আমি অন্যপক্ষে। প্রজারা সবাই ভোটার—মানে ভোট দেবে— তারা সিংহাসনে কাকে রাজা হিসেবে দেখতে চায় আপনাকে না আমাকে! যার বাক্সে বেশিসংখ্যক ভোট পড়বে সেই-ই হবে রাজা।
    মহারাজ তার মানে? আমি আর কৃষ্ণনগরের রাজা থাকব না? আর তুমি-তুমি-তুমি-ব্যাটা মন্ত্রী হবে রাজা? এত বড় আস্পর্ধা।
    মন্ত্রী মহারাজ, এত উত্তেজিত হবেন না আমি শুধু বলেছি নির্বাচন কী জিনিস আর কীভাবে করতে হয়। আর তাছাড়া মুর্শিদাবাদের নবাবও সায় দিয়েছেন আর দিল্লির বিলিতি সাহেবরা পরিষ্কার বলেই দিয়েছেন, কৃষ্ণনগরের সিংহাসনে কৃষ্ণকান্তকে বদলাতেই হবে কৃষ্ণচন্দ্রকে হারানো হবেই হবে।
    কৃষ্ণচন্দ্র কী বলছ মন্ত্রী! তুমি এত খবর জানলে কী করে? সাহেবদের সঙ্গে কি দেখা হয়েছে তোমার?
    মহারাজের এ প্রশ্নে মন্ত্রী একটু ভ্যাবাচ্যাকা খাইয়া গেল। বারবার ঢোক গিলিয়া আমতা আমতা করিয়া বলিল
    মন্ত্রী না-না! মানে ইয়ে মানে আমার দেখা হবে কী করে?
    গোপাল এবার উঠিয়া দাঁড়াইল।
    গোপাল মহারাজ, মন্ত্রীমশাই তো কিছু ইংরেজি জানেন যেমন অন্তত ইয়েস, নো, ভেরিগুড কথাগুলো তো বলতেই পারেন। সে জন্য বিলিতি সাহেবদের সঙ্গে তার কিছু কিছু ব্যবসা-বাণিজ্যও আছে কি না, তাই সহজ হয়।
    মন্ত্রী সাবধান গোপাল, একদম মিথ্যে কথা বলবে না, তোমার বড্ড বেশি বাড় বেড়েছে, মহারাজের আশকারা পেয়ে পেয়ে তুমি ধরাকে সরা জ্ঞান করছ, তাই না? তোমার দিন ফুরিয়ে আসবে, এই বলে দিলাম।
    গোপাল সে কি মন্ত্রীমশাই, এত রেগে যাচ্ছেন কেন? মিথ্যে কথা আমি বললাম কোথায়?
    মন্ত্রী কেন? এইমাত্র তুমি বললে না যে আমার সঙ্গে বিলেতের সাহেবদের ব্যবসা-বাণিজ্য আছে? এই ডাহা মিথ্যে তুমি মহারাজের সামনে, সবার সামনে বললে কী করে?
    গোপাল আপনি তো অযথা চটে যাচ্ছেন মন্ত্রীমশাই, এ কথা তো আমি বলিনি বলেছে আপনার দুই চোখের মণি কটা আর ঘটা। কবে কবে দেখা হয়েছে ওদের সঙ্গে আপনার এসব কটা-ঘটা খুব যতেœ লিখে রেখেছে। পেয়াদা পাঠিয়ে ওদের এই দরবারে আনুন ওরা সব প্রমাণ দিয়ে দেবে। আর আমার নাতি-নাতনিদেরও আমি সাক্ষী হিসেবে এখানে আনব, ঠিক আছে মন্ত্রী মশাই?
    মন্ত্রীর প্রায় মূর্ছা যাওয়ার দশা! মহারাজ কৃষ্ণচন্দ্র অস্থির হইয়া বলিলেন, আজ সভার কাজ এখানেই শেষ। আগামী দিন এ নিয়ে আরও অনেক কথা হবে।
    লেখক : প্রধান সম্পাদক, দৈনিক কালবেলা