Author: kobirubel.satnadee

  • ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: মধ্যরাত থেকে গুলশান-বনানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ

    জাতীয় ডেস্ক:

    ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সোমবার (১৭ জুলাই)। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দিনগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

    নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপের আদেশ জারি হয়েছে।

    এতে বলা হয়, শনিবার (১৫ জুলাই) দিনগত রাত ১২টা থেকে ১৮ জুলাই দিনগত রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ।

    অন্যদিকে রোববার (১৬ জুলাই) দিনগত মধ্যরাত ১২টা থেকে সোমবার (১৭ জুলাই) দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরীখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও একই ধরনের যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানচলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

    এ নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তিতে অনুরোধও করা হয়েছে।

  • নীলফামারীতে কমছে পানি, স্বস্তি ফিরছে তিস্তাপাড়ে

    জাতীয় ডেস্ক:

    পাহাড়ি ঢলে বেড়ে যাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তার তীরবর্তী পানিবন্দি মানুষদের মধ্যে।

    শনিবার (১৬ জুলাই) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড হয়েছে ৫২ দশমিক ২৭ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পানি কমে যাওয়ার পূর্বাভাস আছে।

    এর আগে ১২ জুলাই থেকে অব্যাহত পানি বৃদ্ধিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছিল। যা সাম্প্রতিক সময়ের সব থেকে বেশি পানি উচ্চতা। ফলে জেলার ডিমলা উপজেলার কালিগঞ্জ, ঝারসিংহেসর, খগারচর, জুয়ার চর, বাংলাপাড়া, উত্তর খড়িবাড়ী, বাইশপুকুর ও জলঢাকা উপজেলার ফরেস্টের চর, ভাবনচুর, ডাউয়াবাড়িসহ বেশ কয়েকটি চর প্লাবিত হয়। ফলে নদীগর্ভে থাকা শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

    গবাদি পশুসহ ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়ে এসব মানুষ। নির্ঘুম রাত কাটাচ্ছে পরিবারগুলো। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক করছে স্থানীয় প্রশাসন। তবে পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে তিস্তাপাড়ে।

    জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি চরের বাসিন্দা রুমি আক্তার বলেন, পানি কদিন থেকে হাঁটু সমান হয়েছিল। গরু-ছাগল নিয়ে যন্ত্রণার শেষ নাই। রাত থেকে পানি কমতে শুরু করেছে।

    ডিমলা টেপাখড়িবাড়ি নদী গর্ভের বাসিন্দা রুহুল আমিন বলেন, পানি বাড়লেই আমরা আশ্রয়হীন হয়ে যাই। কী করার দুঃখের কপাল। কদিন একেবারে নিশ্বাস বন্ধ হওয়া অবস্থা। আজ তো পানি কমছে। আল্লাহ যেন আর না বাড়ায়। দুদিন থেকে রান্না হয়নি।

    স্থানীয় ইউপি সদস্য সফিয়ার রহমান বলেন, পানি তো কমছে। কিন্তু কমলেই ভাঙন দেখা দেবে। এতে সব থেকে বড় ক্ষতিটা হবে অনেক জমি নদীতে চলে যাবে। উপজেলা থেকে তালিকা করতে বলছে সেই কাজই করছি। এখন কিছুটা স্বস্তি আছে।

    পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, বরাদ্দ এখনো হাতে পাইনি৷ আমাদের তালিকা করতে বলেছে, সে তালিকা আমরা পাঠিয়েছি। বরাদ্দ পেলে বিতরণ করা হবে।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ টন ত্রাণ বরাদ্দ হয়েছে৷ আমরা জেলায় আরও ত্রাণের জন্য আবেদন করেছি। হয়তো ৫০ টন চাল পেতে পারি। পেলে সেটিও বরাদ্দ দেওয়া হবে।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদীন বলেন, পানি কমতে শুরু করেছে। সারাদিন কমলেও রাতে একটু বাড়তে পারে। কিন্তু তা আবারও কমে যাবে।

  • ২১ জুলাই ফের জনসভার ঘোষণা সিলেট জামায়াতের

    জাতীয় ডেস্ক:

    পুলিশের অনুমতি না পাওয়ায় ২১ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে ফের জনসভার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। শনিবার (১৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে জনসভার নতুন তারিখ ঘোষণা করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

    সিলেটে শনিবার জনসভার ঘোষণা দিলেও অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে পিছু হটে মহানগর জামায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় নগরের আল হামরা শপিং সেন্টারের রিচমন্ড রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল দলটি। তবে শেষ পর্যন্ত ‘পুলিশের বাঁধার’ মুখে নির্ধারিত ওই ভেনুতে সংবাদ সম্মেলন করতে পারেনি। পরে দুপুর ১টায় নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে তাদের দলীয় কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।

    এতে লিখিত বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে জনসভা করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। আমাদের ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেওয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক ও হতাশ হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।

    ফখরুল ইসলাম আরও বলেন, কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারসহ জাতির বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ব্যবস্থা পুনর্বহাল, কারান্তরীণ আমীরে জামায়াতসহ শীর্ষ জামায়াত
    নেতৃবৃন্দ, আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বন্ধ করা, গুম হওয়া ব্যক্তিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বিদেশে পাচারকৃত অর্থসমূহে ফিরিয়ে আনা ও বন্ধ টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকা খুলে দেওয়ার দাবিতে রেজিস্টারি মাঠে ২১ জুলাই বাদ জুমা আমরা শান্তিপূর্ণ পরিবেশে জনসভা করবো।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

  • ইবিতে ছাত্রী নির্যাতন: অন্তরাসহ ৫ ছাত্রী এক বছরের জন্য বহিষ্কার

    জাতীয় ডেস্ক:

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে নির্যাতনের পাঁচ মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এতে শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ তার চার সহযোগীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    শনিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

    তিনি বলেন, ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট অনুযায়ী অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

    প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি এবং হাইকোর্টের যে প্রতিবেদন আমাদের কাছে এসেছিল তার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তরাসহ অভিযুক্ত পাঁচজনের প্রত্যেকের এক বছরের জন্য ছাত্রত্ব বাতিল করা হয়।

    অন্য অভিযুক্তরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

    দেশরত্ন শেখ হাসিনা হলে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে। এতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন জড়িত ছিলেন বলে কমিটির তদন্তে প্রমাণিত হয়।

  • সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে, ইইউ’র বৈঠক শেষে জাপা মহাসচিব

    জাতীয় ডেস্ক:

    জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা অনেক বেশি। রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই নিতে হবে।

    শনিবার (১৫ জুলাই) দুপুরে গুলশান-২ এর একটি বাড়িতে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে জাতীয় পার্টি শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংলাপ ছাড়া সমাধান হবে না। আওয়ামী লীগ ও বিএনপি এক দফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায়। আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়। জাতীয় পার্টির এক দফা হলো আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে।’

    জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘ইউরোপীয় ইউনয়নের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের আরও একটি প্রতিনিধি দল আগামী ২৩ জুলাই বাংলাদেশে আসবে। তারাও বিভিন্ন দলের সঙ্গে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আলোচনা করবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা করেছেন। তারা নির্বাচন বিষয়েই কথা বলেছেন।’

    এর আগে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ইউরোপীয় ইউনয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

  • ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির যেসব বিষয়ে আলোচনা হলো

    জাতীয় ডেস্ক:

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশের আগামী নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কিনা জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশে ও সারা বিশ্বের আগ্রহ কেন? কেন ইইউ’কে এখানে এসে বাংলাদেশের নির্বাচন নিয়ে মতামত দিতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য কোনও দেশে তো তাদের যেতে হচ্ছে না। স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, গ্রহণযোগ্য না, আর এটার ওপর ভিত্তি করে সারা বিশ্ব আজ বাংলাদেশের ওপর নজর দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছেন, এ জন্য এসেছেন।

    তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন এত বেশি প্রশ্নবিদ্ধ যে তারা জানতে চাচ্ছেন, নির্বাচন আগামীতে জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কি হবে না। আমাদের পক্ষ হতে সবসময় বলে আসছি, শুধু আমরা না, বাংলাদেশের জনগণ যেটা বলছে, সারা বিশ্ববিবেক বলছে, এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না, সম্ভব না।

    এই সরকার এখন থেকেই ভোট চুরি শুরু করেছে। তা ইইউকে অবগত করেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের ভোট চুরি এখনই চলছে। ডিসিদের পোস্টিং হচ্ছে, পুলিশের পোস্টিং হচ্ছে, টিএনওদের পোস্টিং হচ্ছে, বিএনপির নেতাদের গ্রেফতার চলছে। হাত কেটে ফেলা হচ্ছে। বিএনপির সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। এটা তো অব্যাহতভাবে চলছে। তারপর বিএনপির নেতাকর্মীদের বিচারকে ত্বরান্বিত করে সাজা দিয়ে তারা যেন নির্বাচন করতে না পারে এসব কাজগুলো এখনই চলছে। অর্থাৎ ভোট চুরি প্রত্যেক দিন চলছে বাংলাদেশে। শুধু ভোটের দিন নয়, এখন ভোট চুরি চলছে, এবং আগামীতেও নিজেদের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে নিয়ন্ত্রণ করে তারা জোর করে ক্ষমতায় যাবে, জনগণকে বাইরে রেখে। এই বিষয়গুলো পরিষ্কার। স্বাভাবিকভাবে এ বিষয়গুলো আলোচনায় এসেছে। এগুলো আলোচনা হয়েছে। আমরা বলেছি।

    ইইউ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে কিছু বলেছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন,  সেটা তাদের সিদ্ধান্ত। সেটার উত্তর তারা দেবেন। আর পর্যবেক্ষকের প্রশ্ন তখনই আসে যখন একটা নির্বাচন হবে। এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক বিশ্বে কেউ বিশ্বাস করে না বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে ভোট দিয়ে জনগণ আজকের সরকার গঠন করেছে। এই প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত তারা দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু তাদের এখানে আসার উদ্দেশ্যটি পরিষ্কার করছে, বাংলাদেশে কোনও নির্বাচন হয়নি।

    আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ইইউ কী ধরনের ভূমিকা রাখবে, এ বিষয়ে প্রতিনিধি দল কিছু বলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা তো এই টিমের দায়িত্ব না। এই টিম বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপট পর্যবেক্ষণ করতে এসেছে। এটার ওপর তারা রিপোর্ট করবে। এটা ইইউ সরকারের দায়িত্ব।

    মার্কিন প্রতিনিধি দলের সফরকে কীভাবে মূল্যায়ন করছেন জানতে চাইলে তিনি বলেন, আমি আগেই বলেছি কেন সবাই সফর করছেন। এবং তারা যখন বক্তব্য দিচ্ছে প্রথম কথাটাই বলছে, বাংলাদেশে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। মানবাধিকার চায়, শ্রমিকের আইন সঠিকভাবে হচ্ছে কিনা জানতে চায়। এখান থেকেই আপনারা ধরে নেন বাংলাদেশ সম্পর্কে তাদের কী ধারণা। এবং তারা কি চায় বাংলাদেশে। ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের থেকে বেশি কিছু বলার সুযোগ আছে?

    সংলাপের বিষয় তিনি বলেন, যেখানে কোনও ডেমোক্র্যাটিক অর্ডার নাই, মানবাধিকার প্রশ্নবিদ্ধ, গণমাধ্যমে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন প্রশ্নবিদ্ধ, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, যেখানে ডেমোক্র্যাটিক অর্ডার অনুপস্থিত, লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত, সেখানে সংলাপের জন্য তো ডেমোক্র্যাটিক অর্ডার লাগে। সেই এনভাইরনমেন্ট তৈরি হোক, তারপর না সংলাপের প্রশ্ন আসে।

  • ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

    জাতীয় ডেস্ক:

    বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্যানুসন্ধানী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বেলা ১২টায় এ বৈঠক শুরু হয়।

    জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।

    আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

    এর আগে সোমবার (১০ জুলাই) ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চার নেতা। প্রায় ঘণ্টাখানেক ধরে বৈঠকটি চললেও এ বিষয়ে ইইউ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

    এদিকে, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গেছে ঢাকা সফররত নির্বাচনি অগ্রগামী ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    প্রসঙ্গত, শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসে সফররত প্রতিনিধি দল বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন রবিবার (৯ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছায়। ইইউ প্রতিনিধি দলের দুই সপ্তাহের সফর আগামী ২৩ জুলাই শেষ হবে ।

  • গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫০ পিচ ইয়াবাসহ একজন আটক

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিচ ইয়াবাসহ সাজু আহম্মেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) কুশখালীর মাঝেনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজু আহম্মদ সদর উপজেলার কুশখালী মাঝেনপাড়া এলাকার জুম্মান আলীর ছেলে। এব্যাপারে সাতক্ষীরা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

  • আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ায় আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু বিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গুর প্রকোপ আশাশুনিতে হাতছানি দিতে না পারে সেজন্য বিভিণ্ন প্রতিষ্ঠানে লিখিত ভাবে সচেতনতামূলক প্রচার ও ডেঙ্গু বিরোধী কার্যক্রম শুরু করতে নির্দেশনা প্রদান করেছেন।
    আশাশুনি সরকারি কলেজঃ আশাশুনি সরকারি কলেজে ডেঙ্গুর প্রকোপের হাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচার করা হয়েছে। সাথে সাথে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গুর জন্ম রোধে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গুরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এরই অংশ হিসেবে একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কলেজ ক্যাম্পাসে ডেংগু বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
    আশাশুনি থানা (বাজার) জামে মসজিদ: আশাশুনি থানা সদর জামে মসজিদে ডেঙ্গুরোধে সচেতনতামূলক প্রচার করা হয়। পবিত্র জুমআর খুৎবা চলাকালে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ উপজেলা প্রশাসন কর্তৃক সরবহারকৃত লিফলেট পাঠ করে শুনান। সাথে সাথে সকল মুসল্লিকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় কবরনীয়তা নিয়ে কথা বলেন এবং সকলকে স্ব স্ব বাড়িতে ও প্রতিষ্ঠানে সচেনতাসৃষ্টি ও ডেঙ্গু বিরোধী কার্যক্রম পরিচালনার আহবান জানান।
    চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়: আশাশুনি উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেংগু বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করা হয়েছে। বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার এ সেশান পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাইফুল্লাহ কবীর এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় স্কুলের শিক্ষকমন্ডলীও সেশানে আলোচনা রাখেন।

  • আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ দুজন আটক

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ অপর এক আসামী গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই ইমরান হোসেন অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ সবদলপুর গ্রামের মৃত অমূল্য কুমার দাশের ছেলে প্রসাদ কুমার দাশকে কোদন্ডা এলাকা হতে মাদক বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানা ১২(০৭)২৩ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই মুহিতুর রহমান অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৬(০৭)২৩ এর আসামী হাজীপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে সাইফুল সরদারকে বদরতলা বাজার হতে গ্রেফতার করেন।