জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া (১৪মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশাসন গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মো. আজিজুর রহমানের শিশু কন্যা। পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানে অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল আছিয়া। সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রীর কাজে চলে যায়। আছিয়ার মা আছিয়াকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিল। হঠাৎ করে বিলে ধানের চাতরে হাঁস পড়েছে এমন খবর পেয়ে মা বিলে ধানের চাতর দেখতে যায়। এসময় আছিয়া পুকুরের ঘাটে খেলার সময় সবার অজান্তে অসাবধানবসত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খোজা খুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Author: kobirubel.satnadee
-
দেবহাটায় কোকাকোলা’র কর্মী’কে পিটিয়ে টাকা ছিনতাই
ওমর ফারুক মুকুল, দেবহাটা: জনপ্রিয় কোমলপানীয় ব্রান্ড কোকাকোলা কোম্পানীর দেবহাটায় কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভ (এস.আর) হাবিবুল্যাহ সরদার সাগর (২৪) কে পিটিয়ে জখমের পর ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুলিয়া নতুন বাজার সংলগ্ন এলাকায় এ মারপিট ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত সেলস রিপ্রেজেন্টেটিভ হাবিবুল্যাহ সরদার সাগর সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মারপিটে তার মাথা ফেটে যাওয়ায় ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন। এঘটনায় আহত হাবিবুল্যাহ সরদার সাগর বাদি হয়ে মারপিট ও ছিনতাইয়ের নেপথ্যে থাকা কুলিয়া পশ্চিমপাড়ার মহিউদ্দীন আহমেদ লাল্টুর ছেলে সিফাত হোসেন (২৫)’র বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোম্পনীর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় কোমলপানীয় কোকাকোলা ও স্প্রাইট সরবরাহ দিয়ে আসছিলেন হাবিবুল্যাহ সরদার সাগর। কুলিয়া নতুন বাজার সংলগ্ন লাল্টু পরিবহন কাউন্টার ভ্যারাইটি স্টোরে বিক্রির জন্য কয়েক মাস আগে সেলস রিপ্রেজেন্টেটিভ হাবিবুল্যাহ সরদার সাগরের কাছ থেকে কিছু কোমলপনীয় কেনেন দোকান মালিক সিফাত হোসেন। কিন্তু কোমলপানীয় গুলোর বেশিরভাগ বিক্রি করতে ব্যর্থ হওয়ায় তা সম্প্রতি মেয়াদোত্তীর্ন হয়। কোকাকোলা কোম্পানীর নিয়মানুযায়ী সরবরাহকৃত কোন কোমলপানীয় মেয়াদোত্তীর্ন হলে তা পরিবর্তন করে নতুন কোমলপানীয় দেয়া হয় দোকানীকে। অথচ গত কয়েকদিন ধরে দোকানী সিফাত হোসেন কোকাকোলা’র এস.আর হাবিবুল্যাহ সরদার সাগরের কাছে কোমলপানীয়ের টাকা ফেরত চেয়ে আসছিল। কিন্তু কোম্পানীর নিয়ম ভেঙে টাকা ফেরত দেয়া যাবেনা বরং মেয়াদোত্তীর্ন হওয়া কোমলপানীয়ের পরিবর্তে নতুন কোমলপানীয় সরবরাহ করা বলে বলে এস.আর হাবিবুল্যাহ দোকানী সিফাতকে জানালে তিনি তার ওপর ক্ষিপ্ত হন এবং তাকে আটকে মান অপমান করাসহ টাকা আদায় করে নেয়ার হুমকি দিতে থাকেন। শনিবার দুপুরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়গুলো পরিবর্তন করতে সিফাতের দোকানে যান এস.আর হাবিবুল্যাহ। এসময় ক্ষুদ্ধ দোকানী সিফাত এস.আর হাবিবুল্যাহকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়াসহ তার কাছে থাকা কোমলপানীয় বিক্রির প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা এস.আর হাবিবুল্যাহ সরদার সাগরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের স্বজনরা জানায়, পিটিয়ে মাথা ফাটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্ত দোকানী সিফাত হোসেন ও তার বাবা মহিউদ্দীন আহমেদ লাল্টু নাটকীয়ভাবে তাদের দোকান ভাংচুরের মিথ্যা অভিযোগ এনে এস.আর হাবিবুল্যাহর বিরুদ্ধে দেবহাটা থানায় উল্টো অভিযোগ দায়ের করেছেন। কোন ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটানোর পর সে কি দোকান ভাংচুর করতে পারে? প্রশাসনের কাছে এমন প্রশ্নও তোলেন আহতের স্বজনরা। সুষ্ঠু তদন্ত পরবর্তী অভিযুক্তের শাস্তি দাবি করেছেন তারা। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বস্থ করেন তিনি।
-
শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ
আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১ টায় পদ্মপুকুর ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর মাঝখানে চরে নেমে বিক্ষোভ করেন এসমস্ত যুবরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বিক্ষোভে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে।জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোন কাজ নেই। বিশ্বায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরন দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা লক্ষ্য করা যায়। ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি তুললেও তা ধনী দেশগুলোর কাছে পৌছাচ্ছে বলে মনে হয়না। বিশ্বায়নের ফলে প্রতিনিয়ত উপকূলের নদীগুলো ভরাট হলেও এটার প্রতিকারে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা, আমরা চাই টেকসই সমাধান। আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন। এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বারসিকের পরিচালক পাভেল পার্থ, ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, রুবিনা পারভীন, বরসা গাইন, প্রতিমা চক্রবর্তী সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, আটুলিয়া ইউনিটের সভাপতি শাকিল হোসেন সহ সিডিও ইয়ুথ টিমে শতাধিক সদস্যবৃন্দ।
-
উত্তরণের পক্ষ থেকে মোরগ-মুরগি, খাদ্য ও ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরাসভার ৯নং ওয়ার্ডের উপকারভোগীদের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ২০টি পরিবারের মাঝে ১৪ টি করে দেশি মুরগি ও ২ টি করে মোরগ, মুরগির খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে রসুলপুর ও মধুমল্লারডাঙ্গী এলাকায় বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও জিআইজেড বাংলাদেশ এর সহযোগিতায় ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় এসকল সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উত্তরণের প্রোগ্রাম অফিসার রিয়াজ আহমেদ রাজ, প্রকল্প সমন্বয়কারী কৃষিবীদ মো. ইকবাল হোসেন, সিডিসি সদস্য মরিয়ম, নিথর চন্দ্র মন্ডল, শিরিনা আফরিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
-
কালিগঞ্জ ইউএনও’র নাম ভাঙিয়ে শফিকুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
হাফিজুর রহমান, কালিগঞ্জ: বাড়ির পাশে নিজ উপজেলায় বছরের পর বছর চাকরি করার সুবাদে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের দোহাই ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে সাবেক অফিস সুপারভাইজার (ও এস) শফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলা জুড়ে বছরে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি সহ নানা বিধ ঘুষ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত ৬ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতিবাজ শফিকুল ইসলাম তদন্ত ঢাকতে দৌড়ঝাপ শুরু করেছে। বর্তমান শফিকুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত থাকায় দুর্নীতি চাঁদাবাজির ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এ খবর জানতে পেরে সাবেক সুপারভাইজার শফিকুল ইসলাম প্রতিনিয়ত অভিযোগকারী উপজেলার মুকুন্দ মধুসূদন পুর গ্রামের আবু তালেব সরদারের বাড়িতে প্রতিনিয়ত ধরনা দিতে দেখা গেছে। তারপরও দুর্নীতি চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে এ প্রতিনিধিকে জানান আমি যাহা করেছি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে করেছি। বিষয়টি পত্রিকায় না দেওয়ার জন্য অনুরোধ করেন। অফিস সুপারভাইজার শফিকুল ইসলামের বাবা উপজেলার কাক শিয়ালি গ্রামের হতদরিদ্র আবুল কাশেম গাজীর পুত্র এই সুবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে দীর্ঘদিনএকই জায়গায় চাকরি করার সুযোগে সরকারি অনুষ্ঠান যেমন ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, পহেলা বৈশাখ, ১৫ আগস্টসহ বিভিন্ন কর্মসূচি পালনের দোহাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙ্গাইয়া উপজেলার বিভিন্ন হাটবাজার, ব্যবসায়ী, ইটভাটা, ক্লিনিক, মৎসসেট, মদেরদোকান, সমিল, পেট্রোল পাম, ব্যাংক, এনজিওসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাহী কর্মকর্তার ভয় দেখিয়ে লক্ষ, লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় আঙুল ফুলে কোটিপতি গাড়ি, বাড়ি প্লট এর মালিক। সেই সুবাদ নামে বেনামে একাধিক বাড়ি গাড়ি সরকারি জমিতে দোকান, বাসা বাড়ি প্রাইভেট, মাইক্রোসহ উপজেলার নলতার মত জায়গায় রুপা এনজিওর মালিক মামা মনিরুলের যোগসাজোকে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার প্লট কিনে রুপা এনজিও সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে একেবারে নাকের ডগায় সরকারি জায়গা দখল করে দ্বিতল ভবন নির্মাণ করে ভাড়া দিয়েছে। তারালি বাজারে পেরিপেরিভুক্ত জায়গায় বেনামে জায়গা বরাদ্দ নিয়ে পাকা ঘর নির্মাণ করেভাড়া দিয়েছে। ২০২৩ সালে ১৬ ডিসেম্বর পালনেঅফিস সুপারভাইজার শফিকুল ইসলামের নিজ হাতের লেখা চাঁদার তালিকা হতে দেখা যায় ইটভাটা সমিতি ১ লক্ষ, সাগর সাহেব ৫ হাজার, দলিল লেখক সমিতি ৫ হাজার, রেজিস্ট্রি অফিস ৫ হাজার, কৃষি অফিস ২৫ হাজার, উন্নয়ন এনজিও ১ হাজার, কৃষ্ণনগর বাজার ৫ হাজার, মৌতলা বাজার ৫ হাজার, জাগরণী চক্র ১ হাজার, ফুলতলা সেট ৩ হাজার, ঠিকাদার সমিতি ১৬ হাজার, টিসিবি ডিলার ১০ হাজার, জনতা ব্যাংকসহ সকল ব্যাংক ১৩ হাজার, করাত কল ৯ হাজার, খেজুরতলা সেট ২৫ হাজার, হেলথ কেয়ার ১ হাজার, আনারুল ৫ হাজার, বরুণ ঘোষ ১ হাজার, বাঁশতলা বাজার ৫ হাজার, মদ ইয়াসিন ১ হাজার, উজিরপুর সেট ৪ হাজার, দাদপুর ভাটা ১০ হাজারসহ এইভাবে আরো একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ধনাঢ্য ব্যক্তিদের হতে প্রতি অনুষ্ঠানের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করলেও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এইভাবে বছরের পর বছর একই জায়গায়চাকুরী করার সুবাদে চাঁদাবাজি করে গেলেও প্রশাসনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট জোর দাবি জানিয়েছে উপজেলাবাসী।
-
যশোরে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুলাই শনিবার সকাল ১১টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর আঞ্চলিক পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় উপ কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) মো. আবু হান্নান, যুগ্ম সম্পাদক এস এম ফারুক হোসেন। সভায় ২০২১ সালে বাংলাদেশ স্কাউটস এর সর্বো”” অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস, যশোর জেলার কমিশনার মো. আব্দুর রহমান খান এএলটি কে এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস, নড়াইল জেলার সহ-সভাপতি মো. আশিকুর রহমান মিকু কে সংবর্ধনা প্রদান করা হয়। ২০২০ সালে প্রেসিডেন্ট‘স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহায়তাদানকারী ইউনিট লিডারগণ, ২০২১ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহায়দানকারী ইউনিট লিডারগণের সংবর্ধনা প্রদান করা হয়। ২০২২ সালে এবং ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় মেধাবী কাব ও স্কাউটদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের আগামী ১ বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ নীরিক্ষা কমিটি গঠিত হয়। এতে ৯২ জন কাউন্সিলরের মধ্যে ৬২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়।
-
সাতক্ষীরা পৌর যুবলীগের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আবদুল্লাহ আল মাহফুজ: বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মাট বাংলাদেশে উন্নতিকরণে আগামী ২০ জুলাই ২০২৩ খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভায় সাতক্ষীরা পৌর যুবলীগ’র আহ্বায়ক মো. মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির পেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, তালা উপজেলা যুবলীগ’র সাধারণ সম্পাদক কাজী হিল্লোল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা অভি প্রমুখ। সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইউসুফ সুলতান মিলন, ইলিয়াস কবির, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, জাকির হোসেনসহ যুকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন।
-
নিউ ইয়র্কে একসঙ্গে শাকিব-অপু
বিনোদন ডেস্ক:
শাকিব খান ও অপু বিশ্বাস ফের এক হচ্ছেন– এই গুঞ্জন বেশ কিছু দিন ধরেই উঁকি দিচ্ছিল। তাদের একে–অপরের প্রতি নমনীয় মন্তব্য, ইতিবাচক মনোভাব সেদিকেই ইঙ্গিত দিচ্ছিল। এমনকি ঈদে একে অপরের সিনেমার প্রচারণাও করেছেন প্রকাশ্যে!
এবার আর গুঞ্জন নয়, স্পষ্ট প্রমাণ পাওয়া গেলো চোখে। ঢাকা থেকে দূর নিউ ইয়র্কে গিয়ে এক হয়েছেন এই সাবেক দম্পতি। গুছিয়ে তুলছেন নতুন ‘সংসার’।
ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরই গোপনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর মার্কিন মুলুকের ফ্লাইট ধরেন ‘লাল শাড়ি’র অপু বিশ্বাস; সঙ্গে নেন ছেলে আব্রাহাম খান জয়কে। তখনই আঁচ করা গিয়েছিল, শাকিবের কাছেই যাচ্ছেন তারা।
এবার সেই অনুমানের সত্যতা মিলছে ক্রমশ। জানা গেছে, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশে চলে যান।
তাই নয়, ভিডিও সূত্র বলছে নিউ ইয়র্ক শহরে অপু বিশ্বাসকে পাশে বসিয়ে ঢালিউড কিং নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত!
শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও জয়কে নিয়ে গেছেন স্বপ্নের এই দেশে। হয়তো সেখানেই সংসার জীবনের অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে।
২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। ২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন।
২০১৮ সালেই নতুন সংসার পাতেন শাকিব খান। এবার চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। এই খবরও দুজন গোপন রাখেন। ২০২০ সালে তাদের ঘরে জন্ম নেয় শেহজাদ খান বীর। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় সন্তানসহ ছবি পোস্ট করে শাকিবের সঙ্গে বিয়ের খবর প্রকাশ করেন বুবলী। এরপর স্বীকারোক্তি দেন শাকিবও।
কিন্তু এবারও ক্ষিপ্ত হলেন শাকিব। দফায় দফায় জানালেন, বুবলী তার জীবনে অতীত। কিন্তু আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই বলেননি। এই ধোঁয়াশার মধ্যেই শাকিব-অপুর কাছাকাছি আসার গুঞ্জন গাঢ় হয়। অপু বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের গুণগান গাইতে শুরু করেন। শাকিবও তার ফেসবুক পেজ থেকে অপুর সিনেমার প্রচারণা করেন। যা স্পষ্ট ইঙ্গিত দেয়, তারা ফের এক হচ্ছেন। সেই ইঙ্গিত এবার বাস্তব হয়ে ধরা দিলো, আমেরিকায়।
যদিও এসব বিষয়ে শাকিব খান বা অপু বিশ্বাসের কোনও মন্তব্য পাওয়া যায়নি; এমনকি প্রতিক্রিয়া মেলেনি বীরের মা শবনম বুবলীর পক্ষ থেকেও। তবে নিউ ইয়র্কে সাজানো শাকিব-অপু-জয়ের নতুন সংসারের নানা চিত্র ভিডিও হয়ে এখন ভাইরাল ফেসবুকে।
বলে রাখা ভালো, এই সময়ে একই শহরে দারুণ আনন্দময় সময় পার করছেন পূজা চেরীও। যা তার সোশ্যাল হ্যান্ডেল থেকে অনুমেয়। যদিও শবনম বুবলীর বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আপাতত ঢাকাতেই আছেন। ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’র টানা প্রমোশনে ক্লান্ত হয়ে আছেন এই নায়িকা। যার সঙ্গে এবার যুক্ত হলো নিউ ইয়র্ক বিষণ্নতা!
-
ইইউ প্রতিনিধিদলকে জামায়াত: সরকারের অধীনে নির্বাচন হলে পর্যবেক্ষক আসা সমীচীন হবে না
জাতীয় ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সফররত ইইউ প্রতিনিধিদল আগামী জাতীয় নির্বাচনে ডেলিগেট পাঠানোর বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছে। আমরা উত্তরে বলেছি, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে পর্যবেক্ষকদের স্বাগতম, আর এ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের আসা সমীচীন হবে না।
শনিবার (১৫ জুলাই) দুপুরে গুলশান ২-এর ৮৪ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলকে এ কথা জানানো হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অংশগ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ. রব।
বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, নির্বাচন কীভাবে স্বচ্ছ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সফররত প্রতিনিধিদল আগামী জাতীয় নির্বাচনে ডেলিগেট পাঠানোর বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছে। আমরা এর উত্তরে বলেছি, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে স্বাগতম, আর এ সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে ডেলিগেট আসা সমীচীন হবে না। এর আগে একতরফা নির্বাচনেও বিদেশি ডেলিগেট এসেছিল, কোনো রেজাল্ট হয়নি।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ২০১৪ এবং ১৮ সালের নির্বাচনের নামে প্রহসন হয়েছিল তা বিশ্ববাসীর কাছে পরিষ্কার। ২০১৪ সালে নির্বাচনের আগেই ১৫৪ জন নির্বাচিত হয়ে গেছেন, সে সরকারকে নির্বাচিত সরকার বলা যায় না। ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি বঙ্গবন্ধুকন্যা যে কথা বলি, সে কাজ করি। বললেন, ২০১৮ সালের নির্বাচন হবে সুষ্ঠু ও স্বচ্ছ। অথচ আগের রাতেই ভোট সম্পন্ন করা হয়েছে। এতে প্রতিয়মান হয় আওয়ামী লীগের মুখের কথা এক, বাস্তব ভিন্ন। এদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ দেশের মানুষ দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না।
১০ জুনের রাজধানীতে জামায়াতের সমাবেশ প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, বিগত ১০ বছর আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। তখন কেউ প্রশ্ন করেনি কেন আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে রাজপথে ছিলাম, সরকারের সঙ্গেও ছিলাম। দশ দফা দাবিতে আমরা মিছিল করলাম। আমাদের মিছিলে হামলা হলো, আমাদের আমিরকে গ্রেফতার করা হলো। বিএনপি প্রতিবাদও জানালো না। চলমান আন্দোলন নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করলেও আমাদের সঙ্গে করলো না!
সংলাপের প্রশ্নে তিনি বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠিত হবে এবং সেখানে নির্বাচন নিয়ে যদি সংলাপ হয়, শুধু সে সংলাপই গ্রহণযোগ্য হবে।
তিনি অভিযোগ করে বলেন, সবকিছু প্রস্তুতি নেওয়ার পর সিলেটে আমাদের সমাবেশ করতে দেয়নি। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হলে এখানেও সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। আমরা আগামী শুক্রবার একই স্থানে সমাবেশ করতে চাই। আমরা আশা করি, সরকার সমাবেশের অনুমতি দেবে। ১০ জুন আমাদের একটি সমাবেশের অনুমতি দেওয়ায় মনে হয়েছিল আওয়ামী লীগ কিছুটা গণতান্ত্রিক হয়েছে। কিন্তু তাদের সেই পুরোনো চেহারা আবারও ফুটে উঠেছে। সবকিছুতেই প্রমাণ হয় সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকের এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলও একমত পোষণ করেছে।
জামায়াতের রাজনৈতিক নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নিবন্ধিত দল। আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এক লাখ ১০ হাজার নেতাকর্মী জেলে। একতরফাভাবে আদালতকে ব্যবহার করে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। যদি সুষ্ঠু বিচার পাই তাহলে নিবন্ধন ফিরে পাবো। বড় কথা হচ্ছে দলের সঙ্গে সভা-সমাবেশে কোনো শর্ত নেই। জামায়াত কখনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। জামায়াত গণতান্ত্রিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। আমাদের এ কথায় একমত পোষণ করেছেন বিধায় ইউরোপীয় ইউনিয়ন আমাদের দাওয়াত করেছে।
-
সৌদিতে অগ্নিকাণ্ড: সংসারের অভাব আর ঘোচাতে পারলেন না ওবাইদুল
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলায় ওবাইদুল ইসলামের (৩৩) বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের অভাব ঘোচাতে ধারদেনা করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় ওই কারখানায় আগুন লেগে ওবাইদুলসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত ওবাইদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিন প্রামাণিকের ছেলে। শনিবার (১৫ জুলাই) সকালে ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা রাহেলা বিবি।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, অভাবী পরিবারে সাত ভাইবোনের মধ্যে ওবাইদুল ছিলেন সবার ছোট। সংসারের অভাব ঘোচাতে ধারদেনা করে ২০১৯ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের একটি সোফা তৈরির কারখানায় কাজ শুরু করেন তিনি। সেই রোজগারের টাকা দেশে পাঠিয়ে ধারদেনা পরিশোধ করেছিলেন।
কয়েকদিন আগে তিনি মোবাইল ফোনে মা রাহেলা বিবির সঙ্গে শেষ কথা বলেন। তখন ওবাইদুল ভালো আছেন বলে জানিয়েছিল। কিন্তু শনিবার (১৫ জুলাই) সকালে সৌদিতে ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে একটি কল আসে। সেখান থেকেই ওবাইদুলের মৃত্যুর খবর পান স্বজনরা।
নিহতের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ২০১৯ সালে ওবাইদুল সৌদি আরবে যান। সবশেষ তিনদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। ওবাইদুলের মরদেহ দেশের আনার বিষয়ে আমরা কাজ করছি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি সোফা তৈরি কারখানায় লাগা আগুনে নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজন কোন দেশের তা জানা যায়নি।
নিহত বাংলাদেশিদের মরদেহ হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে বলেও জানানো হয়।