Author: kobirubel.satnadee

  • নাবিকের সহায়তায় ৩শ দুস্থ্য পরিবারে খাদ্য ও পুষ্টির টাকা প্রদান

    প্রেস বিজ্ঞপ্তি: শ্যামনগর উপজেলার গাবুরার ছিন্নমুল ৩০০ শিশুর পরিবারে খাদ্য ও পুষ্টি বাবদ নগদ টাকা বিতরণ করা হয়েছে। দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহযোগিতায় ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প এ টাকা বিতরণ করেছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১০ টা থেকে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ব্রতীর প্রকল্প অফিসে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রতীর কর্ম এলাকা গাবুরা থেকে আগত ৩০০ অনাথ, দুস্থ, পিতা মাতাহারা, প্রতিবন্ধি শিশু পরিবারের অভিভাবকের হাতে নগদে ২ মাসের জন্য ৮০০ টাকা হারে মোট ১৬০০ টাকা প্রদান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা করেন ব্রতীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, সিনিয়র এনিমেটর আবু তালেব সাগর, প্রকল্পের স্টাফগণ, উপকারভোগী পরিবার ও মিডিয়া কর্মীগন। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরের শিশু সুরক্ষা প্রকল্প থেকে শিশুরা প্রতি মাসের জন্য ৮শ নগদ টাকা ছাড়াও প্রয়োজনীয় পোশাক ও শিক্ষা উপকরণ পাচ্ছে। উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। নাবিকের সহায়তায় ব্রতী গাবুরায় শিশু সুরক্ষা ও ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র নামে পৃথক প্রকল্প বাস্তবায়ন চলমান রেখেছে।

  • শ্যামনগরে নৌ পুলিশের সমাবেশ ও সচেতনামুলক নৌ র‌্যালি

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরে নৌ-পুলিশের সমাবেশ ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বেলা ১২ টায় বুড়িগোয়ালিনী নৌ-থানার আয়োজনে সুন্দরবন এলাকায় ১ জুন হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা উপলক্ষে সচেতনতামূলক নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের নৌ-পুলিশের পুলিশ সুপার শরিফুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম), শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম,কে,এম ইকবাল হোসেন চৌধুরী, বিজিবি ১৭ ব্যাটলিয়নের সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, বুড়িগোয়ালিনীর অফিসার ইনচার্জ আহসান হাবিব খান, আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোমেনুর রহমান (বিপিএম), মুন্সীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ নরুল ইসলাম, রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোফাজ্জল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দরবন এলাকায় ১ জুন হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার। কোন জেলে বা পর্যটক অবৈধভাবে প্রবেশ করবেন না। অনুষ্ঠান শেষে খোলপেটুয়া নদীতে স্প্রিট বোর্ডসহ ট্রলার নিয়ে সচেতনতামূলক নৌ-র‌্যালি দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম)।

  • বিআরটিসি’র যাত্রীবাহী বাস খাদে

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা আব্বাস গার্ডেন (ঋশিল্পীর সন্নিকটে) এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়েছে। সোমবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রংপুর থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগর যাচ্ছিলো বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। কারোর কোনো ক্ষতি হয়নি। এক মহিলা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। যিনি পাশ্ববর্তী বাড়িতে বিশ্রাম নিচ্ছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসে অবস্থানকারী যাত্রীদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পরিদর্শনকারী পুলিশ টিম।

  • রসুলপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা বলাৎকারের অভিযোগে মামলা

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় কাশফুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রধানের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ছাত্র বলৎকারের অভিযোগ উঠেছে। রবিবার সকালে ভুক্তভোগীর ছাত্ররা মামলা দ্বায়ের করেন। অভিযুক্ত শিক্ষক হলেন ওই প্রতিষ্ঠানের প্রধান হাফেজ বদরুজ্জামান। অভিযুক্ত ওই শিক্ষক জানান, গত চার বছর আগে রসুলপুর এলাকায় প্রবাসী রফিকুর রহমান এর নিকট থেকে একটি বাড়ি ভাড়া নিয়ে মাদ্রাসা ও এতিমখানাটির পথচলা শুরু করি। প্রতিষ্ঠালগ্ন থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসাটি দাঁড় করিয়েছে। উক্ত মাদ্রাসা ও এতিমখানাটিতে এখন ০৬ জন এতিম সহ প্রায় ৪০ জন মেধাবী শিক্ষার্থী লেখাপড়া করছে। আমি নিজ উদ্যোগে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে আর্থিক অনুদান এনে প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে চতুরমুখী ষড়যন্ত্র করে আসছে। গতবছরের একদিন মাদ্রাসা ছুটির পর দুটি ছাত্র রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় একে অপরের পাঞ্জাবি ধরে টানাটানির একপর্যায়ে একজনের পাঞ্জাবি ছিড়ে গেলে আমি গিয়ে তাদের বকাবকি করি। সে সময়ে বিষয়টি কয়েকজন অতি উৎসায়ী অভিভাবক বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকার কয়েকজন গন্যমান্য ব্যক্তির হস্তক্ষেপে বিষয়টি বেশিদূর নিয়ে যেতে পারেনি। তারই অংশ হিসাবে বিগত কয়েকদিন আগে অত্র মাদ্রাসার দুই শিক্ষার্থী লেপের ভিতরে অনৈতিক কর্মকান্ড করছিল পরেরদিন আমি বিষয়টি সিসিটিভির ফুটেজের মাধ্যমে জানতে পেরে তাদেরকে সতর্ক করি ও দুই একটি চড় থাপ্পড় মারি যেন তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকে। এর পরে ঐ দুই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তাদের বকাবকির বিষয়টি অভিভাবকদের অবগত করলে অভিভাবকরা বিষয়টি ভিন্ন খাতে নিয়ে আমাকে প্রতিহিংসামূলক সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং অত্র মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। স্থানীয়রা জানান, ওই শিক্ষক দীর্ঘদিন যাবৎ ছাত্রদের যৌন নিপিড়ন করত বলে শুনেছি। তবে চোখে দেখিনি । আজ যেটা ঘটে গেল তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে মাদ্রাসার সভাপতি একই এলাকার বজলুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, হাফেজ মোঃ বদরুজ্জামান একজন ভালো ছেলে। তার বিরুদ্ধে এযাবৎ এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। সে দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি মসজিদে সুনামের সাথে খতিবের দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে জোর দাবী জানান তিনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মতা (ওসি) মহিদুল ইসলাম জানান,এই ঘটনায় থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলা নং—২১। মামলার আসামীকে গ্রেপ্তারের চোষ্টা চলছে।

  • সংলাপ নিয়ে বিদেশিরা কিছু বলেনি, বিএনপিও চায় না: তথ্যমন্ত্রী

    জাতীয় ডেস্ক:

    সংলাপ নিয়ে বিদেশিরা কিছু বলেনি এবং বিএনপিও সংলাপের কথা বলছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।

    কয়েকদিনে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সংলাপের প্রশ্নটি এসেছে। এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘দেখুন, সংলাপ নিয়ে বিদেশিরা আমাদের কাউকে কোনো তাগাদা দেয়নি। সংলাপের কথা এক-এগারোর কুশীলবরা ও অন্য কিছু ব্যক্তিবিশেষ বলছেন। বিএনপিও তো সংলাপের কথা বলছে না। তারা তো বলছে না যে আমাদের সঙ্গে সংলাপ করতে চান। এটা কারা বলছে, সেটা আপনারা কিছুটা জানেন, আমরাও জানি।’

    ড. হাছান মাহমুদ বলেন, ‘গতকাল (শনিবার) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা দেশের আইন ও সংবিধানের আলোকে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চেয়েছেন। সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করতে এসেছেন তারা।’

    মন্ত্রী বলেন, ‘২০০৭ সালের এ দিনে আওয়ামী লীগের সভাপতি, তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছিল। তার বাসভবন সুধাসদন তছনছ করা হয়েছিল। তার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল।’

    তথ্যমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে এক-এগারোর পরিবর্তনের পর যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, তারা দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতাগ্রহণ করেন। কিন্তু নিজেরাই দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িয়ে পড়েন। ধারণা করা হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে তারা ক্ষমতাগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবেন। কিন্তু যে বিএনপি-জামায়াত জোট সরকারের সীমাহীন দুর্নীতি-দুঃশাসনের কারণে তারা ক্ষমতাগ্রহণ করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কোনো ব্যবস্থাগ্রহণ না করে বরং তত্ত্বাবধায়ক সরকার যখন দুর্নীতি-দুঃশাসনে জড়িয়ে পড়ে, তাদের বিরুদ্ধে যখন শেখ হাসিনা সোচ্চার হোন, তখন তার কণ্ঠ স্তব্ধ করার জন্য গণতন্ত্রের পথচলা থামিয়ে দিতে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্য দিয়ে সেদিন গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল।’

    তিনি আরও বলেন, ‘তারা বুঝতে পারেননি, মুক্ত শেখ হাসিনার চেয়ে কারাবন্দি শেখ হাসিনা কম শক্তিশালী নয়। শেখ হাসিনাকে গ্রেফতার করার পর হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেখ হাসিনার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ জনগণও। সে কারণে এগারো মাস পরে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল তারা।’

    হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াও মুক্তি লাভ করেছিলেন। আজকে সেইদিন। বাংলাদেশের মানুষ আর কখনো সেই ধরনের তত্ত্বাবধায়ক সরকার চায় না। বাংলাদেশের মানুষ এক-এগারো পরিবর্তনের পর যে ধরনের সরকার এসেছিল, সেই ধরনের সরকার আর কখনো চায় না। কিন্তু আমরা দেখছি, ইদানীং এক-এগারোর কুশীলবরা আবার সক্রিয় হয়েছে। তারা নানা জায়াগায় প্রকাশ্যে-গোপনে বৈঠক করছে। বিভিন্ন দূতাবাসে গিয়ে ধরনাও দিচ্ছে। এক-এগারোর কুশীলবরা সক্রিয় হয়ে নানা ধরনের প্রেসক্রিপশনও দেওয়া শুরু করেছে।

     ‘বাংলাদেশের মানুষ আর কখনো কাউকে সেই ধরনের সরকার গঠনের সুযোগ করে দেবে না। এটি সার্বভৌম বাংলাদেশ, আমাদের দেশ চলবে আমাদের সংবিধান ও জনগণের প্রত্যাশা অনুযায়ী। অন্য কারও প্রত্যাশা কিংবা প্রেসকিপশনে আমাদের দেশ চলবে না’ যোগ করেন মন্ত্রী।

  • সাইবার নিরাপত্তা: তথ্য ফাঁসরোধে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিসহ বিএনপির ১০ দাবি

    জাতীয় ডেস্ক:

    জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত করে অবিলম্বে জনগণের সামনে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি উপাত্ত সুরক্ষায় ব্যর্থ কর্মকর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট নীতি-নির্ধারকদের পদত্যাগ দাবি করেছে। এছাড়াও জনগণের গোপনীয়তার অধিকার সুরক্ষায় এবং রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা নিশ্চিতে ১০ দফা দাবি জানিয়েছে দলটি।

    রোববার (১৬ জুলাই) বিএনপির পক্ষে দলটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব দাবি জানান।

    দশ দফা দাবির মধ্যে রয়েছে–
    ১. ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার অপরাধ আইন’, ‘উপাত্ত সুরক্ষা আইন’ এবং ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে তিনটি ভিন্ন রকম আইন প্রণয়ন করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত আইন, বিধিমালা, নীতিমালা প্রণয়নের সময় তা মানবাধিকার কর্মী, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, ব্যবসায়ী গোষ্ঠীসহ সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা।

    ২. কনভেনশন অন সাইবার ক্রাইম সই ও অনুমোদন করাসহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক উপাত্ত সুরক্ষার মূলনীতি স্বীকৃতি দেওয়া। যেমন জাতিসংঘের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা ও গোপনীয়তার মূলনীতি, ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর), এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) ক্রস বর্ডার প্রাইভেসি রেগুলেশন (সিবিপিআর) ইত্যাদি স্বীকৃতি ও দেশের আইনি কাঠামোতে বাস্তবায়ন করা।

    ৩. সাইবার অপরাধ সংক্রান্ত তথ্যাবলি আদান-প্রদানে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করা।

    ৪. বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাসহ অন্যান্য সাইবার অপরাধের সব তদন্ত রিপোর্ট তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে জনগণের কাছের অবিলম্বে উন্মুক্ত করা। এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এবং তদারকির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপমন্ত্রী ও সরকারি আমলাদের অবিলম্বে পদ থেকে অপসারণ করা।

    ৫. জাতীয় সাইবার নিরাপত্তা নিশ্চিতে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত, ২৪ ঘণ্টা চলমান জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সারট) গঠন করা। দেশীয় সরকারি, বেসরকারি ও সামরিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দলকে এর পরিচালনার ভার দেওয়া।

    ৬. ব্যক্তিগত উপাত্ত সংরক্ষণকারী সব সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কোনো সাইবার হামলার তথ্য জনগণের কাছে সঠিক সময়ে প্রকাশ করে এবং নিয়মিত যেন তারা স্বচ্ছ রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করে তা নিশ্চিত করা।

    ৭. সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা নিশ্চিতে জাতীয়ভাবে প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলতে বাধ্য করা।

    ৮. ব্যক্তিগত উপাত্তে নজরদারির একটি নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া এবং ব্যক্তিগত উপাত্তে নজরদারির কার্যক্রমগুলোর জবাবদিহি নিশ্চিত করা।

    ৯. জনগণের মধ্যে ডিজিটাল সাক্ষরতা গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কার্যকরী শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।

    ১০. জনগণের মানবাধিকার সুরক্ষায় এবং সাইবার নিরাপত্তায় কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তায় নিয়োজিত সব সরকারি প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যাবলি জুডিসিয়াল মনিটরিংয়ের আওতায় আনা।

    বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস গত ২৭ জুন সর্বপ্রথম দেখতে পান- বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে দেশের অনেক নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অরক্ষিত ছিল। অভিযোগ উঠেছে, গুগলে সার্চ করলেই যে কেউ ওয়েবসাইটটিতে প্রবেশ করে নাগরিকের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও এনআইডি নম্বর দেখতে পারছেন। বলা হচ্ছে, এভাবে প্রায় ৫ কোটি নাগরিকের সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে। ভিক্টর দাবি করেছেন যে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তা ঝুঁকি বিষয়ক টিম কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি কোনো সাড়া পাননি। তথ্য ফাঁসের বিষয়ে জানতে সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তির অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চও কোনো সাড়া পায়নি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ফাঁস হওয়ার কথা স্বীকার করে বলেছেন যে সরকারি একটি সংস্থার ওয়েবসাইট থেকে মানুষের তথ্য ফাঁসের ঘটনাটি ঘটেছে কারিগরি দুর্বলতায়, কেউ ওয়েবসাইটটি হ্যাক করেনি। তিনি ওয়েবসাইটের নাম উল্লেখ না করলেও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর তালিকার ২৭ নম্বর প্রতিষ্ঠান থেকে মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানান তিনি। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭ নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

    তথ্য ফাঁস হলে নাগরিকরা নানা ধরনের অনলাইন ও অফলাইন ঝুঁকির সম্মুখীন হতে পারেন। এসব ঝুঁকির মধ্যে রয়েছে- অনলাইন ব্ল্যাকমেইল, ভুয়া সোশ্যাল মিডিয়া একাউন্ট তৈরি, ভুয়া এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনদ তৈরি, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড থেকে অর্থ সরিয়ে নেওয়া, ব্যক্তিগত ডিভাইসে সাইবার হামলা ইত্যাদি। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বিরোধীদলের নেতাকর্মীরা গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক অপহরণ, হয়রানিমূলক গ্রেফতার ইত্যাদির শিকার হয়েছে। সেখানে প্রায় ৫ কোটি নাগরিকের বসবাসের ঠিকানা সহ অন্যান্য ব্যক্তিগত সংবেদনশীল তথ্যাবলি ফাঁস হয়ে গেলে তা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যাপকমাত্রায় অনলাইন নজরদারির হুমকি সৃষ্টি করে। বিশেষত, ক্যামব্রিজ এনালাইটিকার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কর্তৃক বিশ্বের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচনকালীন গণতান্ত্রিক পরিবেশ নষ্টের ঘটনাবলী এবং পেগাস্যাস নামক স্পাইওয়ার দিয়ে বিশ্বের বিভিন্ন মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীদের ফোনে আড়িপাতার দৃষ্টান্ত থেকে আমাদের এই আশংকা যে আগামী সাধারণ নির্বাচনের আগে এ ধরনের ব্যাপক মাত্রায় ব্যক্তিগত উপাত্ত ফাঁস বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলবে। এটা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে অন্তরায় হবে।

    বিএনপির তথ্য প্রযুক্তি সম্পাদক বলেন, আমাদের সংবিধানের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী যোগাযোগের গোপনীয়তা রক্ষা করাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করার মাধ্যমে পক্ষান্তরে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ এর ১২ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ১৯৬৬ এর ১৭ অনুচ্ছেদ অনুসারে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে সব রাষ্ট্র সুরক্ষা প্রদান করার বাধ্যবাধকতা আছে। বাংলাদেশ তার সংবিধানের ২৫ অনুচ্ছেদে জাতিসংঘ কর্তৃক প্রণীত মানবাধিকারের সব মূলনীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।

    তিনি বলেন, দুঃখজনকভাবে বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষা প্রদান করার বদলে আরও বেশি মাত্রায় নাগরিকদের ব্যক্তিগত উপাত্তের নিয়ন্ত্রণ নেওয়ার আইন ও নীতিমালা প্রণয়ন করছে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষায় ব্যর্থ কর্মকর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে অক্ষম। ডিজিটাল নিরাপত্তা এজেন্সি শুধুমাত্র মহাপরিচালকের প্রশাসনিক নির্দেশেই অনলাইনে যে কোনো ধরনের কনটেন্ট অপসারণ করার নির্দেশ দিতে পারে যা মত প্রকাশের স্বাধীনতার অধিকারের পরিপন্থি। প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইনের খসড়াতে রাষ্ট্র কর্তৃক নাগরিকদের উপাত্ত স্থানীয় করার বিধানের মাধ্যমে ব্যক্তিগত উপাত্তে আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ রেখেছে। প্রস্তাবিত ওটিটি কনটেন্ট সংক্রান্ত নীতিমালাসমূহে ইউটিউবসহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট (আধেয়) সমূহ নিয়ন্ত্রণ, ইনফরমেশন সোসাইটি সেবা প্রদানকারী ইন্টারমিডিয়ারিদের ওপর শাস্তির বিধান আরোপ, ওটিটি প্ল্যাটফর্মে সেবা প্রদান করার জন্য মাত্রারিতিক্ত লাইসেন্স ফি আরোপ করে ব্যবসা অবান্ধব পরিস্থিতি সৃষ্টি করবে।

  • ব্যবসায়ীরা নয়, ঋণ খেলাপিরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায়: আবদুস সালাম

    জাতীয় ডেস্ক:

    ব্যবসায়ীরা নয়, ঋণ খেলাপি এবং হত্যাকারীরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

    তিনি বলেন, যারা অবাধে লুট করেছেন তারা তাদের সেই অর্থ রক্ষার্থে এই অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছেন। কোনো দেশপ্রেমিক ব্যক্তি ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।

    রোববার (১৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন মার্কেট এবং যানবাহনের যাত্রীদের লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে এ লিফলেট বিতরণ করছে বিএনপি।

    আবদুস সালাম বলেন, কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট লুণ্ঠনের অপকর্মের সঙ্গে জড়িতরাই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। যারা এ অবৈধ সরকারকে সমর্থন দেবে তারা জাতির শত্রু। কোনো দেশপ্রেমিক এই ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।

    তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তা পাগলও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসতে পারেনি। এরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে অবাধ লুটপাটে মেতে ওঠে। এ সরকার যত দ্রুত বিদায় নেবে, দেশ ও জাতির ততই মঙ্গল।

    এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, সদস্য এম এ হান্নান, আরিফুর রহমান নাদিম প্রমুখ।

  • ভিসানীতি নিয়ে মাঠ গরম করে নিজেদের জালেই আটকে গেছে বিএনপি: কাদের

     

    জাতীয় ডেস্ক:

    মার্কিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করে বিএনপি এখন নিজেদের জালেই আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি বলেন, বিএনপি নেতারা এতদিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন। আর এখন বলছেন কোন দেশের ভিসানীতিতে কী আছে না আছে, দেখতে চাই না। আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে।

    রোববার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ওয়ান-ইলেভেনের অসাংবিধানিক ও অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের এই দিনে বেআইনি ও অযৌক্তিকভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাবন্দি করে। সেদিন শুধু শেখ হাসিনাকে অবরুদ্ধ করা হয়নি, অবরুদ্ধ করা হয়েছিল দেশের গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা।

    তিনি বলেন, ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গণদাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আস্থা ও নির্ভরতার ঠিকানা শেখ হাসিনাকে মুক্ত করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী শান্তিপূর্ণ-কল্যাণকর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।

    বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন ভিসানীতি প্রকাশের পর বিএনপি নেতারা অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। সরকার এবং দেশের জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপির সন্ত্রাস ও সহিংস রাজনীতির অপতৎপরতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে।

    তিনি বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন হলো যেনতেনভাবে ক্ষমতা দখলের আন্দোলন। এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট করা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না।

    সেতুমন্ত্রী বলেন, বিদেশি প্রভুদের ওপর ভর করে তারা যে আন্দোলন করছে তাতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে দুর্বল করবে। বিদেশিদের আপন করতে গিয়ে দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি।

    দেশের আইন-আদালতের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, এমনকী দলের গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে। অনেকেই গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন। সরকারের হস্তক্ষেপ থাকলে এমন হয় না।

    বিএনপি ভাড়াটিয়া সাইবার সন্ত্রাসীদের মাধ্যমে অপপ্রচারের অপকৌশল আরও তীব্রতর করেছে দাবি করে তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই মিথ্যাচার ও অপপ্রচার চর্চা করে আসছে। তারা সত্যকে যেমন ভয় পায়, তেমন দেশের জনগণ এবং সংবিধান ও আইন-আদালতকে ভয় পায়।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন দেশ নাকি ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে! আসলে বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষ প্রান্তে। তাদের মিথ্যাচারের ফাঁপা বেলুন এরই মধ্যে চুপসে যেতে শুরু করেছে। তারা সরকার বিরোধিতার নামে দেশবিরোধিতায় লিপ্ত। তারা চায় শুধু ক্ষমতা! তারা ক্ষমতা চায়, কিন্তু নির্বাচনে ভয় পায়। তাই তারা অনির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।

  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪২৪ জন

    জাতীয় ডেস্ক:

    লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড হচ্ছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসের ১৬ দিনে ৫৯ জনের প্রাণহানি এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১২ হাজার ৯০০ জনে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ২৪ জন।
    আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪২৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪১ জন এবং ঢাকার বাইরে ৬৮৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন  ১ হাজার ৪২৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৫ জনে। ঢাকার ৫৩টি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ১৫৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮০১ জন। চলতি বছরের এ পর্যন্ত ২০ হাজার ৮৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮১৭ জন।
    অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ১২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ৫৯ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।

  • সরকার ও ইসির পতন ঘটিয়ে নিবন্ধন নেবো: নুর

    জাতীয় ডেস্ক:

    ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে না চাওয়ায় গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক (নুর)। নির্বাচন কমিশন আজ রোববার নতুন দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ অভিযোগ করেছেন তিনি।

    নুরুল হক দাবি করেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সময় একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের সমঝোতার জন্য ডেকেছিলেন। আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করাতে চেয়েছিলেন। তাঁদের বলা হয়েছিল, গণ অধিকার পরিষদ যদি তাঁদের সঙ্গে একমত হয় এবং নির্বাচনে অংশ নেয়, তাহলে নিবন্ধন দেওয়া হবে। কয়েকটি আসনও দেওয়া হবে। কিন্তু তাঁরা বলেছিলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না।

    গণ অধিকার পরিষদের নেতারা দলের নিবন্ধন–সংক্রান্ত কিছু নথি নিয়ে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছিলেন। এর মধ্যে ইসি প্রাথমিকভাবে বিএনএম ও বিএসপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। গণ অধিকার পরিষদসহ অন্যান্য দল নিবন্ধন পাচ্ছে না বলে তখনই নিশ্চিত হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

    সিইসির সঙ্গে সাক্ষাতের পর নুরুল হক সাংবাদিকদের বলেন, নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের শর্ত ছিল ২২টি জেলায় কমিটি থাকতে হবে। তাঁদের ৫৩টি জেলায় কমিটি আছে। ইসির শর্ত ছিল ১০০ উপজেলা কমিটি থাকতে হবে, কিন্তু তাঁদের ২০০–এর বেশি উপজেলা কমিটি আছে। তারপরও তাঁদের নিবন্ধন দেওয়া হয়নি। তিনি প্রশ্ন রাখেন, যে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাদের কেন্দ্রীয় কার্যালয় কোথায় কেউ কি জানেন?

    নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া কোনো দলের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সে কারণে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল গণ অধিকার পরিষদ। মোট ৯৩টি দল এই আবেদন করলেও গণ অধিকারসহ তাদের সমমনা কয়েকটি দলের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি রয়েছে।

    নুরুল হক দাবি করেন, সাক্ষাতে সিইসির কথাবার্তায় একটু অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে। তিনি ব্যক্তিগতভাবে ভালো কিছু করার চিন্তাভাবনা করলেও পরিস্থিতির কারণে করতে পারছেন না। তাঁর হাত-পা বাধা। সিইসির কথাবার্তা ও কার্যক্রমে সেটা তাঁরা বুঝতে পেরেছেন। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তিনি (সিইসি) এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি যেটি বলেছেন সেটি হলো, সব কিছু আসলে রাজনৈতিক সিদ্ধান্ত। তাঁর কিছু করার নেই। তবে গণ অধিকার পরিষদের নেতাদের এ মন্তব্যের বিষয়ে সিইসির বক্তব্য জানা যায়নি।

    ক্ষমতাসীনদের সঙ্গে যেতে না চাওয়ায় তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন রাশেদও। তিনি দাবি করেন, তাঁদের বলা হয়েছিল, যদি গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যায়, তাহলে নিবন্ধন দেওয়া হবে। কারা এমনটি বলেছিল— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘বিভিন্ন এজেন্সির মাধ্যমে আওয়ামী লীগের লোকজন আমাদের সঙ্গে সাক্ষাৎ করে এমন পরামর্শ দিয়েছিল।’

    নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ক্ষেত্রে গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ কোন্দলের কোনো ভূমিকা আছে বলে মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে নুরুল হক বলেন, ‘দলগুলোর নিবন্ধনে যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক একজন উপসচিব ও অতিরিক্ত জেলা জজ, যিনি আইনকানুন সম্পর্কে ভালো বোঝেন। তাঁর সঙ্গে কথা বলে দেখেন, তিনি তদন্ত প্রতিবেদনে কী দিয়েছেন। তদন্ত প্রতিবেদনের কপি আমাদের হাতে আছে। তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখে দিয়েছেন, গণ অধিকার কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

    এ সিদ্ধান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে সরকারের ‘আজ্ঞাবহ’ তা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন নুরুল হক। নিবন্ধনের জন্য যোগ্য বিবেচিত দল দুটি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এরা কোথা থেকে নিবন্ধন পেল, কারা এদের বানাল? শেখ হাসিনা সরকার বানিয়েছে, এই ১৪ দল থেকে যেন আগামীতে ২০ দল হতে এবং বিএনপিকে টেক্কা দিতে পারে। তাই এজেন্সির পরামর্শে নির্বাচন কমিশন এই দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে।’

    এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন না। কারণ, এই সরকারের নিয়ন্ত্রিত ‘ক্যাঙ্গারু কোর্টে’ মানুষ ন্যায়বিচার পায় না। তাঁরা রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করে এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি আদায় করবেন।

    বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে রয়েছে গণ অধিকার পরিষদ। সরকারবিরোধী আন্দোলনের মোর্চা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এলেও বিএনপির সঙ্গে মিল রেখে সরকার পতনের দাবিতে আন্দোলনের মাঠে রয়েছে তারা।