Author: kobirubel.satnadee

  • লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

    জাতীয় ডেস্ক:

    লক্ষ্মীপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ সময় পুলিশের ২০-২৫ সদস্য আহত হয়েছেন।

    নিহতের নাম নাম মো. সজিব হোসেন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন।

    মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে জেলা শহরের সামাদ মোড় সংলগ্ন কলেজ রোডের পুকুর পাড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর মদিন উল্লাহ হাউজিংয়ের একটি বাসার সিঁড়িরুম থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

    পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, পদযাত্রায় বাধা পেয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। আত্মরক্ষায় লাঠিচার্জ, টিয়ারশেল এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদসহ ৫০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‘হাসপাতালে আহত অবস্থায় অনেকে এসেছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধও রয়েছেন।’

    একই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘মৃত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা লাশের ময়নাতদন্তের পর বলা যাবে।’

    এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘বিএনপি গতকাল আমাদের কাছে এসেছিল আজকের পদযাত্রার অনুমতির জন্য। আমরা তাদের শহরের গোডাউন এলাকা থেকে দক্ষিণ তেমুহনি পর্যন্ত পদযাত্রা করার অনুমতি দিয়েছিলাম। আজ উত্তর তেমুহনিতে আওয়ামী লীগের শোভাযাত্রা ছিল। আমরা বিএনপি নেতাদের বলেছিলাম, দক্ষিণ তেমুহনিতে যে ব্রিজের কাজ চলছে, এর মাঝামাঝি থাকতে। তাদেরকে হাইওয়েতে উঠতে দেওয়া হবে না এমনটাই বলা ছিল। তারা মেনে নিয়েছিল। কিন্তু আজকে তারা হাইওয়েতে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে।’

    পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘বিএনপির প্রত্যেকের কাছে পতাকার সঙ্গে লাঠি ছিল। পুলিশ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে নিবৃত করার চেষ্টা করেছে। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, তাদেরকে লাইন ক্রস করতে না দেওয়া এবং হাইওয়ে উঠতে বাধা দিয়েছি। কিন্তু তারা এতটাই উচ্ছৃঙ্খল হয়ে যায়, পরে আমরা লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছি। একজন মারা গেছে। তবে কীভাবে মারা গেছে, সেটা এখনও জানি না। এ সময় পুলিশের ২০-২৫ সদস্য আহত হয়েছেন।’

    জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু দাবি করেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে প্রথমে কলেজ রোড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এরপর রামগতি-লক্ষ্মীপুর সড়কের আধুনিক হাসপাতালের সামনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীর ওপর গুলি ছুড়তে থাকে। এতে আমাদের এক নেতা নিহত ও গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।’

  • ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩৩ জন

    জাতীয় ডেস্ক:

    লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড হচ্ছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। মিনিটে মিনিটে রোগী আসছে হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় এবছর রেকর্ড সংখ্যক ১৩ জনের প্রাণহানি ঘটেছে। জুলাই মাসের ১৮ দিনে ৮০ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ২২ জনে।

    চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। এর মধ্যে নারী ৭৩ জন এবং পুরুষ ৫৪ জন মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৩১ জন।   গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৫৩৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৯ জনে।

    ঢাকার ৫৩টি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১২৬ জন।

    চলতি বছরের এ পর্যন্ত ২৪ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১৫ হাজার ১৪৪ জন এবং নারী ৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩০৪ জন।

    অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন।

    জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ১৬ হাজার ২২ জন এবং মারা গেছেন ৮০ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।

  • ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন: মির্জা আব্বাস

    জাতীয় ডেস্ক:

    পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়েছে বিএনপির পদযাত্রা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে গাবতলী থেকে বিএনপির এই পদযাত্রা শুরু হয়। মিছিলে মিছিলে এই পদযাত্রায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দীর্ঘ ১৬ কিলোমিটারের এই পদযাত্রা রাজধানীর টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা, বিজয় সরণি, কাওরান বাজার, এফডিসি গেট, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়।

    এ সময় সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমার এই রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জন্য আমি বহু মিছিল করেছি। কিন্তু আজকে যে মিছিল, সেই অভিজ্ঞতা আমার আগে ছিল না। আজকে এত বড় মিছিল হয়েছে যে তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আজকে আওয়ামী লীগ শোভাযাত্রা করছে। কার জন্য কী জন্য করেছে, এটা তারা ভালো জানে। তারা শোভাযাত্রা করেছে—আবার দেশটাকে লুটেপুটে খেতে। আজকে বাঙলা কলেজের সামনে যেভাবে দৌড়ানি খাইছে, তাদের শিক্ষা হয়েছে। যারা এটা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই।’

    মির্জা আব্বাস বলেন, ‘আমি শেখ হাসিনাকে বলতে চাই, কয়দিন পর আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। এখনও সময় আছে, ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।’

    তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার যে নির্বাচন (ঢাকা-১৭ আসনে উপনির্বাচন) হয়েছে, তাতে একজন মোটে ১০ থেকে ১২ পার্সেন্ট ভোট পেয়ে মহাখুশি। তার মানে বুঝা গেলো বাকি ৯০ পার্সেন্ট বিএনপির জনগণ।’ এ সময় তিনি ভোট প্রসঙ্গে বলেন, ‘ভোট নিয়ে কিছু বলার নেই। আওয়ামী লীগ সরকারই তো ভুয়া, ভোট তো ভুয়া হবেই।’ এছাড়া আগামীকালের বুধবার (১৯ জুলাই) পদযাত্রা যেন সফল হয়, সেজন্য নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি।

    এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, ‘খুনি হাসিনার পতনের এক দফা দাবিতে আজ বিএনপির উদ্যোগে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা হয়েছে। আজকে পুরান ঢাকা থেকেই খুনি হাসিনার পতনের আন্দোলন শুরু হবে।’

    ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘এ দেশ কারও বাপ-দাদার সম্পত্তি নয়। পুরান ঢাকার বিএনপির ভয়েই সরকার ভয়ে থাকে। সারা দেশে বিএনপি মাঠে নামছে। সরকারের পদত্যাগ নিশ্চিত।’

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন আইসিইউতে ভর্তি হয়েছে। হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনও নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে আমি বলবো, সংবিধান পরিবর্তন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।’

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনার সরকার ভোট চোর। তার অধীনে নির্বাচন নয়। এই পুরান ঢাকার মানুষ ডেঙ্গু মশার অত্যাচারে অতিষ্ঠ। আওয়ামী লীগের মেয়র কোথায়? পরিবার নিয়ে বিদেশে ঘুরছেন। স্বাস্থ্যমন্ত্রীও বিদেশে পালিয়েছেন। এই আন্দোলন খালেদা জিয়া-তারেক রহমানের আন্দোলন নয়। মানুষের বেঁচে থাকার আন্দোলন। আমি আজকে এই পুরান ঢাকাবাসীকে মনে করিয়ে দিতে চাই—এই পুরান ঢাকায় শেখ হাসিনা বিএনপির সঙ্গে হেরেছে। আজকে ব্যবসার অবস্থা অত্যন্ত শোচনীয়। অথচ ব্যাংক চোর, শেয়ার বাজার লুটকারী ৫০ জন, তারা বলছে—তারা নাকি হাসিনাকে আবার ক্ষমতায় চান। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারপর তারেক রহমান। আগামীকালও আমরা বিশাল পদযাত্রা করবো।’

    যুবদলের সভাপতি বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপি মরতে জানে। তা বহুবার প্রমাণ হয়েছে, আওয়ামী লীগকে ছাড় দেবে না। বিএনপি জেগেছে। আওয়ামী লীগের পদত্যাগ ছাড়া বিএনপি পিছু হটবে না।’

    বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘এক নিরীহ হিরো আলমকে সরকার ভয় পেয়েছে। তাকে মারধর করা হয়েছে। তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশজুড়ে কী অবস্থা হবে। এ জন্য ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় আওয়ামী লীগ। কিন্তু বিএনপি তা হতে দেবে না। আমাদের একদফা সফল হবেই, ইনশাআল্লাহ।’

  • বিএনপির পদযাত্রা বিজয় নয় পতনযাত্রা: ওবায়দুল কাদের

    জাতীয় ডেস্ক:

    বিএনপির পদযাত্রাকে তারা ‘বিজয়যাত্রা শুরু’ দাবি করলেও তাকে ‘পতনযাত্রা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি কী বলেছেন? পদযাত্রা, জনযাত্রা, বিজয়যাত্রা। আসলে পদযাত্রা পরাজয়যাত্রা। পদযাত্রা পতনযাত্রা শুরু হয়ে গেছে।’

    মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’পূর্ব সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কী দিয়েছে? তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সরকারের পদত্যাগ দিয়েছে? তাদের কাছে দাবি করে কে, বিএনপি। কী পেয়েছে? একটা হাসের ডিম, ঘোড়ার ডিম।’

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকানরা আসছে, মনে করছে তারা তত্ত্বাবধায়ক দেবে, সংগ্রাম করতে হবে। তারা এলো, চলে গেলো। বিএনপিকে দিয়ে গেলো ঘোড়ার ডিম।’

    তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না। পার্লামেন্টের বিলুপ্তি হবে না। শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।’

    শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কথায় প্রধানমন্ত্রী সরে যাবেন? যতই ষড়যন্ত্র করেন, বিষোদগার করেন, কোনও লাভ হবে না। আমরা প্রতিটা নির্বাচনে শান্তি চাই।’

    তিনি বলেন, ‘বিএনপি মনে করছে ২০০১ সাল আর ২০০৬ সাল—এই দুই সময়ের মতো তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে। ওই সরকার নিয়ে এসে তারা জিতে যাবে। তাদের এই আশায় গুড়ে বালি। তারা যা চেয়েছে কোনও দিনও হবে না। তত্ত্বাবধায়ক আদালত মেরে ফেলেছে। বাতিল করেছে উচ্চ আদালত। ওরা তো আদালত মানে না। আইন মানে না।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মাটি মানুষের পার্টি। বঙ্গবন্ধুর পার্টি, শেখ হাসিনার পার্টি। এই পার্টি কারও কাছে মাথা নত করে না। বাংলাদেশে যত শয়তানের দল আছে, বাংলাদেশের সব শয়তানের জায়গা হচ্ছে বিএনপি।’

    বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘কী মেরামত করেছেন, খাম্বা?’

    দ্রব্যমূল্য আস্তে আস্তে কমার আশ্বাস দিয়ে এবং সরকারের গত তিন মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। ফখরুল পাবলিকরে কী দিয়েছেন?’

    আগামী মাসে আরও কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল বুঝে গেছে, গতবারের মতো এবারও হারবে। এই দল ভুয়া। এদের সব কথা ভুয়া। ওদের আন্দোলন ভুয়া।’

    তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিএনপি নাকি ডিজিটাল করবে। তাদের সে স্বপ্ন ডিপ ফ্রিজে। এখন আর বলে না। তাদের ৩০ সালের স্বপ্ন ভুয়া।’

    নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি সবাইকে বলছি, আমাদের ধৈর্য ধরার সময়। আমরা বিজয়ী হবো। পরিবেশ যেন অশান্ত না হয়।’ কারও উসকানিতে কান না দিয়ে নিজেদের কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি।

    এ সময় বিএনপিকে ‘খালি কলসি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভরা কলসি নড়ে না। বিএনপি খালি কলসি। হারা পার্টি বিশৃঙ্খলা করতে চায়। আমরা জেতা পার্টি।’

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

  • নির্বাচিত যুব সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    সাতনদী ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার নির্বাচিত যুব সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের যুব সমাজকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করছেন জননেত্রী শেখ হাসিনা। যুবসমাজের উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, চাকুরীর পিছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে। তাহলে তাদের মাধ্যমে আরো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছেন তা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের মাঝে সঠিকভাবে তুলে ধরলে দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে কখনো ভুলবে না।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, যুব সংগঠক মো. মারুফ বিল্লাহ ও নিলীমা মন্ডল প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার যুব সংগঠন সমূহের মোট ১৫ জনকে ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।

  • নাশকতার দুটি মামলায় সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ

    সাতনদী ডেস্ক: নাশকতার দুটি মামলায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত। উচ্চ আদালতের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে জামিনের আবেদন জানালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার দুটি নাশকতা মামলায় পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র চিশতি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তিনি উচ্চ আদালতে নির্দেশে নিম্ন আদালতে মঙ্গলবার আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার দায়েরকৃত দুটি নাশকতা মামলার নং-জিআর ৩১৭/২৩ এবং ২০৪/২৩।

  • ফিংড়ী ইউনিয়নে জন্ম নিবন্ধন ফ্রি বিতরণ

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট ইউনিয়ন ফিংড়ী ইউনিয়নে ফ্রি জন্ম নিবন্ধন বিতরণ করলেন চেয়ারম্যান লুৎফর রহমান। মঙ্গলবার দুপুরে ফিংড়ী ইউনিয়নে ০ থেকে ৪৫ দিনের সকল শিশুর নতুন জন্মনিবন্ধন সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, আর ঐ ঘোষণা অনুযায়ী ফিংড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য শুরু করেছে ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধনের কাজ, নতুন জন্ম নিবন্ধন সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে।

  • এএসআই নাসির ক্লোজ হওয়ায় সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে মহাবিপাকে

    পাইকগাছা প্রতিবেদক: হাতকড়া পরানো অবস্থায় আসামি পালানোর ঘটনায় থানা পুলিশের এএসআই নাসির উদ্দীনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করায় বিপাকে পড়েছেন তিনি। এলাকাবাসী হয়েছেন হতবাক। মাদকের সিন্ডিকেটরা হয়েছে উচ্ছ্বাসিত। তিনি পাইকগাছা থানায় যোগদানের ১৪ মাসের মধ্যে তিনি ১ মণ এরও বেশি গাঁজা, একবারে ৩’শ বোতল ফেনসিডিল সহ ৫ শতাধিক বোতল ফেনসিডিল, এছাড়া ইয়াবাসহ মাদক সেবি ও বিক্রিতাদের গ্রেফতার করেছেন। বিদেশি দুটি রিভলবল, ১টি পিস্তল, ১৪ রাউন্ড কার্তুজসহ অনেকগুলো দেশি অস্ত্রসহ বনদস্যু রুস্তুমকে গ্রেফতার করেন। বিভিন্ন মামলার ২ শতাধিক আসামী গ্রেফতার করেছেন। সর্বশেষ রোববার ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামিকে আনা মনিরুল ইসলামকে কৌশলে আটক করেন তিনি। হাতকড়া অবস্থায় পুলিশভ্যানে থাকলেও তার হাতের কব্জি খুব সরু হওয়ায় কৌশলে তা খুলে ফেলে কোন এক সময়। বাজারের পোস্ট অফিস মোড়ে পুলিশ ভ্যান যানজটের পড়লে সে আকর্ষিক এএসআই নাসির কে আঘাত করে ভ্যান থেকে লাফ দিয়ে পালায়। তাৎক্ষণিক ওসি রফিকুল ইসলামের দিকনির্দেশনায় পৌরসভার চতুরদিক পুলিশ ঘিরে ফেলে। ৪ ঘন্টার মধ্যে পালাতক মনিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, এএসআই নাসির উদ্দীনের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক সোর্স। যাদেরকে মাঝে মাঝে টাকাও দিতে হয় বলে জানা যায়। এছাড়া তিনি কখনও কৃষক, কখনও মাদক ক্রেতা, কখনও দিনমজুর বা শ্রমিক সেঁজে আসামী আটক বা গ্রেফতার করেন। ফলে পাইকগাছায় সবখানে নাসির আতংক। এব্যাপারে এএসআই নাসির জানান, সার্কেল স্যার ও ওসি স্যারের দিকনির্দেশনা নিয়ে আমরা কয়েকজন অফিসার মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকি। কিন্তু আকর্ষিক ক্লোজ হওয়াতে আমার সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে মহাবিপদে পড়েছি। আর মাত্র দু’মাস পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বলে ডাক্তারের পরামর্শ রয়েছে। এ বিষয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘ডাকাতি মামলার আসামি মনিরুল হাতকড়াসহ পালিয়ে যান। পরে ওই আসামিকে অন্য এক স্থান থেকে গ্রেফতার করা হয়। তবে এ ঘটনায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমানের এক বার্তায় এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

  • পাইকগাছায় হতদরিদ্রের মাঝে নলকূপ ও পানির ট্যাংক বিতরণ

    পাইকগাছা প্রতিবেদক: বিআরডিবি অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর ২০২২-২৩ অর্থবছরে পাইকগাছায় ৪৯ জন হতদরিদ্রের মাঝে নলকূপ ও পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিআরডিবি অফিস চত্বরে উপজেলার কপিলমুনি ও লতা ইউনিয়নের সুবিধা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে নলকূপ ও পানির ট্যাংকি বিতরণ করেন উপ পরিচালক একেএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু ও ইউসিসিএ’র সভাপতি প্রাণকৃষ্ণ দাশ। এসময়ে ইউডিও’র সঞ্জয় কুমার মন্ডল, ইউপি সদস্য মো. আজিজুল বিশ্বাস, মেরী সরদার, কিংশুক রায় ও শংকর বিশ্বাসসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

  • মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ থাকার আহবান

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সচেতন নাগরিকসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম। সোমবার বিকেলে গাজীরহাট বাজারে দেবহাটা থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে রাজনৈতিক একটি গোষ্ঠী সাতক্ষীরাকে প্রায় অকার্যকর করে তুলেছিল। সে সময় জেলায় জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। সেই চরম মুহুর্তে জেলা পুলিশের তৎপরতায় সাতক্ষীরায় ফের শান্তি ফিরেছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী জেলা হওয়ায় এক সময় এখানে মাদকের ছড়াছড়ি ছিল। জেলা পুলিশের কঠোর অবস্থানের কারনে আজ এখানে মাদকের বিকিকিনি ও সেবন অনেকাংশেই কমেছে। এসব বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি না হলে কেবলমাত্র পুলিশের পক্ষে এধরনের অপরাধ নিয়ন্ত্রন সম্ভব হবেনা। তাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাতক্ষীরাকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগীতা এবং পুলিশ ও জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আজম ও এসআই অরুবা সুলতানা।