ফিংড়ী (সাতক্ষীরা সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) এস.এম মফিজুল ইসলাম। রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, লেখাপড়ার মান উন্নয়নসহ সার্বিক বিষয়ে সরজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম জাড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম, সহকারি শিক্ষক ফিরোজা বেগম, পম্পা রানী বিশ্বাস, সুজায়েত হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
Author: kobirubel.satnadee
-
শ্যামনগর থানার এএসআই সাইফুল ও মনিরের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ
আব্রাহাম লিংকন : শ্যামনগর থানার এএসআই সাইফুল ও এএসআই মনিরের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। এলাকা সূত্রে জানাগেছে, গত শনিবার রাত্র আনুমানিক ১০.৩০ সময়ে উপজেলার ধুমঘাট গ্রামের আলিম গাজীর মেয়ে বুশরা আক্তার পাখির সাথে দীর্ঘদিন প্রেমের সুবাদে শ্রীফলকাটি গ্রামের সেলিম গাজীর পুত্র তাওহিদ দেখা করতে আসে। পাখির মা মাকছুদা বেগম শ্যামনগর পেঙ্গুইনে মাছের কাজে সারা রাত ব্যাপি কাজ করার সুযোগে তাওহিদ বুশরা আক্তার পাখির ঘরে প্রবেশ করে। শ্যামনগর থানার এএসআই সাইফুল ও এএসআই মনির আসামী ধরার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে আলিমকে খুঁজতে থাকে। ঐ সময়ে বুশরা আক্তার পাখি ও তাওহিদ গাজীকে একই ঘরে দেখতে পায়। এএসআই মনির তাওহিদের পরিচয় জেনে তাওহিদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয় এবং বলে তুই এখানে কি করছিস? চল থানায় যেতে হবে। পাখি বাধা দিতে গেলে তাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বুশরা আক্তার পাখি জানায়, আমার চাচা ঘটনাস্থলে এসে এএসআই সাইফুল ও এএসআই মনিরের সাথে তাওহিদকে ছেড়ে দেওয়ার কথা বললে তারা ২০ হাজার টাকা দাবি করে। পরে ৫ হাজার টাকা দিয়ে তাওহিদকে ছাড়িয়ে নেয়। এ বিষয়ে রবিবার সকালে বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে বুশরা আক্তার পাখির মা মাকছুদা বেগম বলেন, আমার স্বামি বা আমি বাড়ীতে না থাকার সুযোগে এই দুই পুলিশ ভয় দেখিয়ে টাকা নিয়ে গেছে। কি বলবো পুলিশের উপর কথা বলতে গেলে তো জেলে ঢুকিয়ে দিবে। তাওহিদ ও আমার মেয়ে পাখির সাথে অনেক দিন আগে থেকে বিয়ে ঠিক করা আছে। এ বিষয়ে তাওহিদ মোবাইল ফোনে বলেন, বুশরা আক্তার পাখির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তার সাথে আমার বিয়ে ঠিক করা। এএসআই সাইফুল ও এএসআই মনির এর নিকট জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।
-
জাতীয় শোক দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের সমাবেশ ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের সমাবেশ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ আগস্ট) সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শোকের মাসের মাস ব্যাপি কর্মসুচির আওতায় এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সহকারি পুলিশ সুপার মীর্জা মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কনসালটেন্ট মো. হাবিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান। এসময় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -
ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ও উপজেলা প্রকৌশলী জাহানারা খাতুনের নামে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রেকর্ডীয় সম্পত্তির প্রাচীর ভেঙে কালভার্ট নির্মাণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১১ জুলাই ১৯ তারিখে ব্রহ্মরাজপুর গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ও সদর উপজেলা প্রকৌশলী জাহানারা খাতুনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত স্থানে ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য: ভুক্তভোগী হাবিবুর ব্রহ্মরাজপুর মৌজায় এস এ খতিয়ান নং ১৪৭৩ বি এস খতিয়ান নং- ১৩৩০, সাবেক দাস ৪৭৪০, হাল দাগ নং- ৬৯৭৬, জমির পরিমাণ ৪৫ শতক সম্পত্তি মালিক। ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম নিয়ম নীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে হাবিবুরের উক্ত সম্পত্তির প্রাচীর ভেঙে কালভার্ট নির্মানের নির্দেশ দেয়। অথচ তার পাশেই সরকারি খাস জমি রয়েছে। ওই খাস জমির উপর দিয়ে কালভার্টটি নির্মাণ করলে একদিকে সম্পত্তি নষ্ট হতো না অন্যদিকে অত্র এলাকার পানি নিস্কাশিত হতো। কিন্তু যেখান দিয়ে উক্ত কালভার্ট নির্মাণের চেষ্টা করা হচ্ছে সেখানে নির্মাণ করলে অত্র এলাকার পানি তো নিস্কাশিত হবে না শুধু পয়সা ব্যয় করা হবে মাত্র এবং হাবিবুরকে ক্ষতিগ্রস্থ করা হবে। চেয়ারম্যানের কথা অনুযায়ী প্রকৌশলী জাহানারা খাতুন নিজে (ফিল্ডে) সরেজমিনে না গিয়ে কাজটি পাশ করেছেন। যা নিয়ম বহির্র্ভূত। এধরনের প্রকল্প পাশ করার পূর্বে অবশ্যই প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করতে হয়। কিন্তু বর্তমান প্রকৌশলী জাহানারা চেয়ারম্যানের সাথে যোগসাজস করে অফিসে বসেই প্রকল্পটি পাশ করেন। কিন্তু এবিষয়ে তাদের অনুরোধ করেও কোন লাভ হয়নি। ফলে উপান্তর হয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবিতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
-
প্রতারক কামরুলের খপ্পরে পড়ে বসত ভিটা ছাড়া রশিদ
ফিরোজ হোসেন : আদম ব্যবসায়ী কামরুলের খপ্পরে পড়ে বসত ভিটা ছাড়া হয়েছে একড়ার আঃ রশিদ। নিজের সর্বস্থ হারানো টাকা আদায় করতে হত দরিদ্র রশিদ থানায় অভিযোগ করেছে আদম ব্যবসায়ী কামরুলের বিরুদ্ধে।থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, হত দরিদ্র আঃ রশিদ সাতক্ষীরার কলারোয়া থানার একড়া গ্রামের বাসিন্দা। দালাল কামরুলের বাড়ি সদর থানার রায়পুর গ্রামে তার বাড়ি। পেশায় আদম ব্যাপারি। সহজ সরল লোকদের ঠোকানো তার মুল ব্যবসা। এই দালাল নিজেকে একজন কাট ব্যবসায়ী হিসাবে পরিচয় দিলেও মানব পাচার তার আসল ব্যবসা। কেউ বিদেশ যেতে চাইলে বৈধ্য ভাবে সরকারি ভিসায় বিদেশ পাঠানোর কথা বলে ম্যানেজ করে চোরাই ভাবে সাগর পথে মালয়েশিয়া সহ সে বিভিন্ন দেশে তাদের পাচার করে। বিনিময় হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। একই ভাবে এই দালালের খপ্পরে পড়ে সহজ সরল হত দরিদ্র আঃ রশিদ। আঃ রশিদ এ প্রতিদেক জানায়, নিজেদের ভাগ্যের পরির্বতন ঘটাতে নিজের ছেলেকে বৈধ্য ভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য মনোস্থির করি। পাশের গ্রামের দালাল কামরুলের বাড়ী লোক মুখে সে এ খবর পেয়ে আমার বাড়ি চলে আসে। সরকারি ভিসাস বৈধ্য ভাবে ছেলেকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার কথা বলে আমার নিকট থেকে ২,৫০০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হাতিয়ে নেয়। কয়েক দিন পর ছেলে আমার কাছে ফোন করে বলে, মালয়েশিয়ায় একটা ঘরে আমাকে আটকিয়ে রেখেছে, খেতে দেয়না মার ধোর করে এবং তারা বলছে আরও ২,৫০০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা না দিলে তোকে মেরে ফেলাবো। আমি তখন কামরুলের কাছে গিয়ে জানতে চাই বৈধ পথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বল অবৈধ্য পথে আমার ছেলেকে পাঠালে কেন? আর আমার ছেলেকে তারা আটকিয়ে রেখে খেতে না দিয়ে মার ধোর করছে কেন? দালাল কামরুল বলে ছেলেকে বাঁচাতে চাইলে আরও ২,৫০০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে এস, না হয় আমি একটা এ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি ব্যাংকে গিয়ে এই নাম্বারে টাকা পাঠাও। যত তাড়াতাড়ি তুমি টাকা পাঠাবে তত তাড়াতাড়ি তোমার ছেলে মুক্তি পাবে। তার হাতে পায়ে ধরে কোন কাজ না হলে আমি আমার শেষ সম্বল মাথা গোজার জায়গা টুকু লোকের কাছে বন্ধক রেখে যা পাই বাকি টাকা ধার দেনা ও সুদ করে নিয়ে পাঁচ দিন পর তার দেওয়া এ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের কলারোয় শাখা থেকে ২,৫০০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পাঠিয়ে দেই। পরবর্তীতে আমার দেওয়া অতিরিক্ত ২,৫০০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরত চাইলে কালক্ষেপন করতে থাকে । এখন সে আমাকে একটি টাকাও ফেরত দেবেনা বলে হাকিয়ে দিচ্ছে। আর বলছে এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে দেব। এই দালালের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা এবং আমার টাকা গুলো ফেরত পাইবার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয় জানার জন্য মুটো ফোনে কামরুলের সাথে যোগাযোগ করলে সে বলে, আমি এ ব্যাপারে ফোনে কোন কথা বলব না, আমারও সাতক্ষীরার লোক জন আছে। -
কামারবায়সা স্কুলের ম্যানেজিং কমিটির সভায় সৃষ্ট গোলযোগে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা কামারবায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মারপিট করে উল্টো হয়রানি এবং আওয়ামী লীগ নেতা এড. লতিফকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সাংবাদিকসম্মেলনের আয়োজন করেন, কামারবায়সা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি বাঁশদহ ইউনিয়ের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি কামারবায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে একই এলাকার মৃত রুস্তম আলীর পুত্র ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক এবং নারী ও শিশু পাচার মামলার এজাহারভুক্ত আসামী আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, আরিজুল ইসলাম, আঃ আহাদের পুত্র জামায়াত কর্মী মজনু, তোফাজ্জেল হোসেন তোপা, মোজাম্মেল, মোস্তাফিজুর রহমান, মহিউদ্দীন, মৃত রমজান আলীর পুত্র আকবর আলী, রাশেদুল ইসলামের পুত্র মোস্তাফিজুর রহমান রাজীব গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩১ জুলাই ২০১৯ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় আমরা উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয়ের গেটের সামনে আসা মাত্রই চাইনিজ কুড়াল, দাসহ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উক্ত সন্ত্রাসীরা আমিসহ আমার ভাই মোখলেছুর রহমান, চাচা আঃ মোমেন, মঞ্জুরুল ইসলাম, চাচাতো ভাই সবুজের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে আমার চাচাতো রুবিনা ছুটে আসলে তাকেও মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তাদের হামলায় আমিসহ ৬ জন গুরুতর আহত হই। এ খবর শুনে বিদ্যালয়ের জমিদাতা এড. আঃ লতিফ এ্যাম্বুলেন্স নিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য সেখানে ছুটে যান। এছাড়া তিনি আর কোন ব্যাপারে সেখানে হস্তক্ষেপ করেননি। অথচ ওই মারপিটের ঘটনাটি ভিন্নখাকে প্রবাহিত করতে এবং আমার দাদু আঃ লতিফকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উল্লিখিত সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা গল্প সাজিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। সেখানে আমার চাচা আমিনুল হাসান রাসেলকে জড়িয়েও মিথ্যাচার করা হয়েছে। অথচ মারপিটের সময় তিনি ছিলেন মধ্যস্থতাকারীর ভুমিকায়। তিনি বলেন, আমার দাদু লতিফ ও চাচা রাসেল মারপিটের সময় আমাদেরকে শান্ত থাকতে বলেছিলেন। তাই সেখানে আমাদের লোক বেশী থাকার শর্তেও আমরা কোন মারপিট করেনি। বরং আমাদেরকে কুপিয়ে তারা গুরুতর আহত করেছে। আমার দাদুর প্রতিপক্ষের কিছু কুচক্রী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদ্বয় উক্ত ঘটনাকে রং মাখিয়ে মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে চরমভাবে তার সম্মানের হানি করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে তাদের বিরুদ্ধে মামলাও রেকর্ড করেছেন। ওই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তারা এই অশুভ পায়তারা চালাচ্ছেন। তিনি এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাসিনা, রুবিনা, সবুজ, মোমেনা ও মোমেন।
-
সদর উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই কর্তৃক জমি দখল ও গাছ কর্তন : প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই কর্তৃক পাওয়ার নামা বুনিয়াদে পক্ষপাত গ্রস্ত এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও গাছ কর্তনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার মৃত ছাকবত আলীর পুত্র ভুক্তভুগী মীর মোশাররফ হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সদর উপজেলার মাছখোলা মৌজায় আমার ২৪ শতক জমি রয়েছে। আমি উক্ত সম্পত্তিতে দীর্ঘ ১০/১২ বছর পূর্বে প্রায় ১৫০টি মেহগিনি গাছ লাগাইয়া শান্তিপূর্ণ ভোগদখল করিয়া আসিতে থাকাকালে নিঃস্বত্ববান ও দখল বিহীন আমার বোন তাছলিমার নিকট হইতে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর ছোট ভাই আকরামুজ্জামান এক তঞ্চকী পাওয়ার নামা হাসিল করিয়া গত ১ আগষ্ট ২০১৯ তারিখ বেলা ১১টা ২৫ মিনিটের সময় তপশীল জমিতে জোর পূর্বক প্রবেশ করে আমার লাগানো মেহগিনি গাছ কর্তন করিতে থাকে। এ সংবাদ পাওয়ার সাথে সাথে অমি আকরামুজ্জামানের ০১৭১৬-১৪৯৯৫৮ নাম্বারের মোবাইল ফোনে কথা বলে তাকে উক্ত অন্যায় কাজ হতে বিরত থাকতে অনুরোধ জানালে আকরামুজ্জামান আমাকে উল্টো গালিগালাজসহ খুন জখমের হুমকি দেয়। এরপর বিষয়টি আমি তার বড় ভাই উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে জানাইলে তিনিও আমার সাথে অন্যায় ব্যবহার করেন এবং অদ্যবধি তারা ঐ গাছ কর্তনের কাজে লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, আমি পক্ষপাত গ্রস্ত একজন রুগী। আমার একটি মাত্র পুত্র সন্তান রয়েছে। আমি তাদের শক্তির কাছে খুব দূর্বল। এমতাবস্থায় তিনি (মীর মোশাররফ) সঠিক তদন্তে তপশীল সম্পত্তিতে তার আইনগত অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। -
সুলতানপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ আগস্ট) সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, শাহাজান কবির সাজু, সুলতানপুর কাঁচাবাজার সমিতির সদস্য আব্দুর রহিম বাবু, শেখ নাছিমুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মুন্সীপাড়া স্যাটালাইট’র স্বত্বাধিকারী আবু জাহিদ ডাবলু, কাজী হেমায়েতুল ইসলাম রাজন, সাতক্ষীরা পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ। এডিপির অর্থায়ণে সুলতানপুর রোম টেইলাসের সামনে থেকে জুয়েলের বাড়ি পর্যন্ত ২৩৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন পর বেহালদশা রাস্তাটি আরসিসি ঢালাই হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের মাঝে প্রাণের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের প্রচেষ্টায় রাস্তাটি হওয়ায় তাকে দোয়া ও আর্শিবাদ করেছে এবং সেই সাথে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-
১৫ আগষ্ট উপলক্ষে শ্যামনগর আ’লীগের প্রস্তুতি সভা
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা ও ১৫ আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় সভায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, মনোরঞ্জন তরফদার, অধ্যক্ষ বিদুস্রবা মন্ডল, আতিয়ার রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, সহ-সভাপতি শেখ মাহবুব উল হক, আফজালুল হক, গোলাম মোস্তফা মুকুল, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার বাবু, স ম আব্দুস সাত্তার, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা, প্রভাষক মোশারফ হোসেন সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বৃন্দ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে, ১২টি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় ১০৮টি ওয়ার্ডে ওই দিন সকাল থেকে মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, দোয়া অনুষ্ঠান ও খিচুড়ী বিতরনের সিদ্ধান্ত গৃহিত হয়। সাথে সাথে আ’লীগের প্রত্যেক সদস্যকে ৩টি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। প্রস্তুতি সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মুফতী মাওঃ আব্দুল খালেক।
-
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা আজমীর গুলিবিদ্ধ : বিভিন্ন জনের বর্ণনা
সুভাষ চৌধুরী : শনিবার রাত ১১টায় শহরের শিবতলায় ছাত্রলীগ নেতা আজমীর হোসেন ফারাবি সন্ত্রাসীদের হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়েছে। একই সময় আহত হয় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রলীগ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য শহরের শিবতলা এলাকায় পৌছাতেই তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষন করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয় জেলা ছাত্রলীগের প্রস্তাবিত যুগ্ম সম্পাদক আজমীর হোসেন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের ছেলে। একই সময়ে সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলে গুরুতর আহত হয় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ আরও কয়েকজন। গুলিবিদ্ধ আজমীর হোসেনের বাবা শাহাদাত হোসেন জানান, নাশকতার লক্ষ্যে একদল সন্ত্রাসী শিবতলার ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমানের বাড়ির ছাত্রমেসে জড়ো হয়েছে এমন খবর যাচাই করতে ছাত্রলীগের সদস্যরা সেখানে যায়। এ সময় পুলিশকেও খবর দেয় তারা। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে আসতে না আসতেই সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি ও পরে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে গ্রামবাসী সেখানে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যাবার চেষ্টা করে। তাদের চারজনকে গনপিটুনি দেয় গ্রামবাসী। পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ শনিবার রাতে জানান কারা এই হামলা ও গুলি করেছে তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে খুলনার কয়রা উপজেলার মো. ইব্রাহিম, যশোরের মনিরামপুরের মহিবুল্লাহ রুবেল, সাতক্ষীরার ঘোনার এমদাদুল হক মিলন ও গাংনি গ্রামের মুস্তাকিমবিল্লাহ। তাদের কক্ষ থেকে জামায়াত ও শিবিরের বেশ কিছু লিফলেট চাঁদার রসিদ, মাসিক মিটিংয়ের রুটিন ও বইপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে।
গুলিবিদ্ধ আজমীর বলেন,
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত যুগ্ম সম্পাদক গুলিবিদ্ধ আজমীর হোসেন ফারাবি সদর হাসপাতাল শয্যা থেকে বলেন ‘রাতে আমরা শহরের কুখরালিতে এক স্থানে ছিলাম। খবর পাই শিবতলার ওই মেসে নাশকতার লক্ষ্যে কয়েক ব্যক্তি গোপন সভায় বসেছে। বিষয়টি আমরা সদর থানার ওসিকে জানাই। আমরা একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটর সাইকেল নিয়ে সেখানে যেতেই উপরতলার একটি কক্ষ থেকে বলা হয় পাশের রুমে তারা মিটিং করছে। তিনি বলেন আমরা দরজা ঠেলে ঢুকতেই ছাত্ররা আমাদের ওপর আঘাত করে । প্রথমে ইটপাটকেল ছুড়ে আমাদের প্রতিহত করার চেষ্টা করে। পরপরই তারা গুলি করে। এই গুলিতে আমি আহত হই। ইটের আঘাতে আহত হন সৈয়দ সাদিকুর রহমানও। তবে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান অসুস্থ অবস্থায় হাসপাতাল বেডে নিদ্রামগ্ন থাকায় তার সাথে কথা বলা যায়নি। ছাত্রলীগ নেতাদের হাতে লাঠিসোটা ছিল কিনা জানতে চাইলে আজমীর বলেন কয়েকজন সদস্য গাছের ডাল ভাংছিল। আমি নিষেধ করেছিলাম।
জেলা ছাত্রলীগের সভাপতি যা বলেন,
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। তবে যা জেনেছি তা হলো ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে নাশকতার লক্ষ্যে একদল সন্ত্রাসী শিবতলার ওই ছাত্র মেসে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল। তারা শোক দিবসের ওই দিনকে ‘ইসলামী শিক্ষা দিবস’ ঘোষনা করে কর্মসূচি প্রনয়ণ করেছে। তাদেরকে ধরিয়ে দিতেই সদর থানার ওসিকে জানিয়ে ছাত্রলীগের ১০/১২ জন সদস্য সেখানে যায়। এরপরই তাদের ওপর হামলা হয়। এতে গুলিবিদ্ধ হয় আজমীর। আহত হয় জেলা সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। রেজা বলেন, রাতের ঘটনায় ছাত্রলীগের যে সব নেতাকর্মী সাদিকুর ও আজমীরের সাথে ছিলেন তারা হলেন নাহিদ, জাহিদ, জাকির, নোমান,দ্বীপ, সাইফুল, নয়ন, জামাল ও রাজীব। তারাও কম বেশি আহত হন।
গ্রামবাসী যা বলেন,
শিবতলার দ্বিতল মেস বাড়িটির মালিক ইসলামী ব্যাংক অফিসার মো. খলিলুর রহমান। কিছুদিন আগে তিনি সেটি কিনেছিলেন হায়াত আলি নামের এক ব্যক্তির কাছ থেকে। খলিলুর রহমান বলেন আমার বাড়ির উপরতলায় দুটি কক্ষে শিমুল ও মেহেদির নেতৃত্বে ৪/৫ জন করে মোট ১০ জন ছাত্র থাকে। তারা কোনো রাজনীতি কিংবা তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত কিনা তা তিনি জানেন না। তবে তারা বিভিন্ন কলেজে লেখাপড়া করে থাকে। পাঁচ মাস আগে তারা বাড়ির উপরতলার মেসে ওঠেন। বাড়ির নিচতলায় একটি ফ্যামিলি থাকে। এলাকাবাসীও বলেন ছেলেগুলির গতিবিধি চালচলন আচরন মোটেও খারাপ নয়। গ্রামবাসী বলেন তারা দেখেছেন ছাত্রলীগের ছেলেরা লাঠিসোটা নিয়ে দ্রুত বেগে সামনের দিকে যাচ্ছে। এতে আমরা আতংকিত হয়ে পড়ি। পরে শুনতে পাই চিৎকার চেচামেচি।
জমি দখল চেষ্টার যে ঘটনা সামনে আসেনি।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন মো. আইউব আলি। ২০১৬ সালের ১৫ মার্চ তিনি কিডনী জটিলতায় মারা যান। তার নিঃসন্তান স্ত্রী হোসনে আরা খাতুন বলেন তার চারজন দেবর। স্বামীর মৃত্যুর দিনেই তার দেবর আমিনুর কিছু কাগজপত্রে তার স্বাক্ষর নিয়ে বলেননা হলে সরকারি চাল আটা উত্তোলনের ক্ষমতা অন্যরা নিয়ে নেবে। তিনি বলেন কিছুদিন পর জানতে পারি আমার স্বামীর সেই লাইসেন্স দেবর আমিনুর নিজ নামে করে নিয়েছেন। স্বামীর সাড়ে তিন বিঘা জমির আম কাঁঠাল ও অন্য ফল দেবর ইচ্ছা মতো নিয়ে নেয়। ইচ্ছা মতো গাছও কেটে নেয়। এ নিয়ে আমার সন্দেহ জাগে আস্তে আস্তে আমার স্বামীর সম্পদ দেবর দখল করে নিচ্ছেন কিনা । তিনি বলেন কিছুদিন আগে তার অনুপস্থিতিতে তার রান্না ঘরের খোলার চাল ভেঙ্গে চুরে দেয় দেবর আমিনুর। বসতঘরে তালা ঝুলিয়ে দিতে গিয়েছিলেন। কিন্তু অনেকের আপত্তির মুখে তা তিনি পারেন নি। এমনকি আমার বিরুদ্ধে অপপ্রচারও চালান তিনি। আমার স্বামীর নামের রাইস মিলটি সচল করতে দেননি দেবর। এসব ঘটনায় সম্পদ হারানোর আশংকা করছিলেন হোসনে আরা। তিনি বলেন আমার স্বামীর চিকিৎসা ব্যয়ের জন্য ১০ লাখ টাকা দেনা হয়েছিলাম আমি। দেবর আমিনুর তার ভাই হিসাবে দেনার টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেবেন বলেও জানিয়েছিলেন।
গ্রামের মানুষের কাছ থেকে জানতে পেরে হোসনেআরা বলেন শনিবার রাতে একদল ছাত্রলীগ নেতা আমার স্বামীর বাড়ি জমি দখল করতে এসেছিল। দেবর আমিনুর তাদের ব্যবহার করে তা দখলে আনতে চুক্তি করেছিল তাদের সাথে। তিনি বলেন রাতে ছাত্রলীগের সদস্যরা আমার বাড়ি চিনতে না পেরে নিকটস্থ ব্যাংকার খলিলের বাড়ির মেসে উঠে পড়ে। সেখানেই গুলি কিংবা ইটছোড়ার ঘটনা ঘটে। তিনি বলেন শুনেছি আমিনুর নিজে আমার স্বামীর জমি বাড়ি দখল করতে সাহস পাচ্ছিলেন না। কারণ আমার ভাই আবদুল মান্নান যুবলীগের জেলা আহবায়ক। তাই ছাত্রলীগের ছেলেদের কৌশলে ব্যবহার করে আমার দেবর আমিনুর স্বামীর বাড়ি জমি দখল করতে এসেছিল। রোববার সকালে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাও আমাকে এই খবরটি দিয়ে গেছেন। আমি এর পর থেকে আতংকিত হয়ে পড়েছি বলে জানালেন হোসনে আরা।
তবে আমিনুরের সাথে যোগাযোগ করা যায়নি। তিনি শনিবার রাত থেকেই বাড়ি থেকে উধাও বলে জানান পাড়ার লোকজন।