তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি!

#জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হাসানাত কাজলের দূর্নীতি পাহাড়সম

 

#ফাতেমা এন্টারপ্রাইজের লাইসেন্সে কাজ করছেন আব্দুর রাজ্জাক, প্রশ্ন তুললেই মিলছে হুমকি

 

বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরার তালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিইইচই) অধীনে বাস্তবায়নাধীন প্রায় আড়াই কোটি টাকার একটি নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দরপত্রে কাজ পাওয়া মূল প্রতিষ্ঠানকে বাদ দিয়ে গোপন সিন্ডিকেটের মাধ্যমে প্রক্সি ঠিকাদারের হাতে কাজ হস্তান্তর, কমিশন বাণিজ্য এবং পানির অনুপযোগী নন-ফুড গ্রেড পাইপ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মেল্লেকবাড়ি গ্রামসহ প্রায় ৫ কিলোমিটার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৪৮৯ টাকা ব্যয়ের এই কাজটি পায় মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১১ মার্চ ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটি কার্যাদেশ লাভ করে। নিয়ম অনুযায়ী মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি সরাসরি বাস্তবায়ন করার কথা থাকলেও, বাস্তবে তা হচ্ছে না।

 

অভিযোগ রয়েছে, মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ কাজটি নামমাত্র নিয়ে তা আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করেছে, যিনি প্রক্সি ঠিকাদার হিসেবে পুরো প্রকল্পটি নিয়ন্ত্রণ করছেন। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এই অনিয়ম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে চাইলে তাঁদের বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মুখে পড়তে হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানিয়েছেন। প্রকল্পের বর্তমান বাস্তবায়নকারী হিসেবে আলোচিত আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর ম্যানেজার পরিচয়দানকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে সাতক্ষীরা শহরের বাসিন্দা দাবি করেন এবং কাজের মান নিয়ে প্রশ্ন তুলতেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।

 

সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে ভূগর্ভস্থ পাইপ, সাবমার্সিবল পাম্প, থ্রেড পাইপ ও অন্যান্য ফিটিংসের মান নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজে পানির উপযোগী নয় এমন নিম্নমানের ও নন-ফুড গ্রেড প্লাস্টিক পাইপ ব্যবহার করা হচ্ছে।

 

বিশেষজ্ঞদের মতে, পানীয় জল সরবরাহের ক্ষেত্রে খাদ্যোপযোগী (ঋড়ড়ফ এৎধফব) ও মানসম্মত পাইপ ব্যবহার করা বাধ্যতামূলক। নিম্নমানের বা অনুপযুক্ত পাইপ থেকে ক্ষতিকর রাসায়নিক উপাদান ধীরে ধীরে পানিতে মিশে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই দূষিত পানি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

 

সাতক্ষীরার সিভিল সার্জন জানান, অনিরাপদ বা দূষিত পানি কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। পানি সরবরাহ ব্যবস্থায় ক্ষতিকর উপাদান থাকলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে তাই সরবরাহকৃত পানির গুণগত মান পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

 

কর্তৃপক্ষের দায়সারা বক্তব্য এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তালা উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত কাজলের সঙ্গে কথা বললে তিনি দায় এড়ানোর চেষ্টা করেন। তিনি জানান, আমি তালা উপজেলায় নতুন যোগদান করেছি। আমার যোগদানের আগেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। যোগদানের পর প্রায় ৩০ শতাংশ কাজ পেয়েছি, এর আগে প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ কারণে আগের কাজের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।

 

তবে তিনি আশ্বাস দেন যে, প্রকল্পে নিম্নমানের কোনো মালামাল ব্যবহার করা হয়ে থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে বাস্তবায়নাধীন এই জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পে প্রক্সি ঠিকাদারি, কমিশন বাণিজ্য এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগের নিরপেক্ষ বিচার দাবি করেছেন এলাকাবাসী। অবিলম্বে প্রকল্পের ব্যবহৃত পাইপ, পাম্প ও অন্যান্য উপকরণের মান পরীক্ষা করে কার্যাদেশ অনুযায়ী সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

Recomended