(পর্ব-২)
# সাতনদীতে খবর প্রকাশ, কপোতাক্ষ-খোলপেটুয়াতে প্রশাসনের অভিযানে দশ কোটি টাকা মূল্যের ৪ কার্গোসহ বালুর স্তূপ জব্দ
# অজ্ঞাত কারণে হাবিবুল্লাহ’র ৫০ লক্ষ টাকার বালুর পাহাড় জব্দ করেনি অভিযানে যাওয়া প্রশাসন
# শনিবার দিনভর ৮/১০টি ডাম্পার ট্রাক ভরে হাবিবুল্লাহ অবৈধ বালু বিক্রি করেছে
বিশেষ প্রতিবেদক: সাতনদী সহ কয়েকটি পত্রিকায় খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন। গত বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা অবধি শ্যামনগরের নওয়াবেকী বাজার সংলগ্ন জামানের ইটভাটা ও খোলপেটুয়া নদীতে আকস্মিক অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার মেশিনসহ চারটি ইঞ্জিনচালিত কার্গো এবং অবৈধভাবে মজুত করা সাতটি বালুর স্তূপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তবে অভিযানে দৃশ্যমান সাফল্য এলেও অবৈধ বালু উত্তোলন ও বাণিজ্যের অভিযোগে আলোচিত যুবদল নেতা জি. এম. হাবিবুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, তাঁর নিয়ন্ত্রণে থাকা নওয়াবেঁকী বাজারসংলগ্ন সুইসগেট ও রেডিয়েন্ট হ্যাচারির পাশে বিড়ালক্ষী নামক জায়গায় ৫০ লাখ টাকার পরিমাণ বালু এখনো মজুত রয়েছে। শনিবার দিনভর ৮/১০টি ডাম্পার ট্রাক ভরে হাবিবুল্লাহ অবৈধ বালু বিক্রি করেছে। অথচ সেখানে এখনো প্রশাসনের অভিযান হয়নি। বালু খেকো চক্রের অন্যতম হোতা হাবিবুল্লাহ (শ্যামনগর উপজেলা ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালাক্ষী গ্রামের জনাব আলী গাজীর ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক) ক্ষমতার প্রভাব খাটিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার প্রধান সহযোগীদের তালিকায় রয়েছেন জামান, সাম্পান, বিল্লাল, সোহেল, মুজিবর, মুছা, নুর ইসলাম, রনি, জনিসহ একাধিক ব্যক্তি। দীর্ঘদিন ধরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিন ও কার্গো ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় গত ৪ নভেম্বর থেকে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। চার পর্বের সংবাদ, প্রকাশের পর প্রশাসনের অভিযান শুরু হয়েছে। খোলপেটুয়া-কপোতাক্ষ নদীর তলদেশ থেকে বালু লুট অব্যাহত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান অভিযান চালিয়ে চারটি কার্গো ও সাতটি বালুর স্তুপ জব্দ করেন। যার আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা।

শ্যামনগরের ইউএনও শামসুজ্জামান কনক জানিয়েছেন, জব্দ করা বালু পরিমাপ ও মূল্য নির্ধারণের পর প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। স্থানীয়দের আশঙ্কা, রাতের আঁধারে অপরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় এবং উপকূলীয় বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। তাঁদের প্রশ্ন, চারটি কার্গো ও সাতটি বালুর স্তূপ জব্দের মধ্যেই কি প্রশাসনের অভিযান সীমাবদ্ধ থাকবে? নাকি কথিত প্রভাবশালী বালু উত্তোলনকারীদের অবশিষ্ট মজুত ও পুরো বাণিজ্যিক নেটওয়ার্কও তদন্তের আওতায় আসবে? সচেতন মহলের দাবি, হাবিবুল্লাহর মালিকানাধীন বলে অভিযোগ করা বালুর মজুতসহ নদী থেকে উত্তোলন, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এক দিনের অভিযানেও থামবে না খোলপেটুয়া-কপোতাক্ষের বালু লুট। স্থানীয়দের অভিযোগ আন্তরিক ভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত বালু উত্তোলনকারী, বিক্রি দাদা ও পরিবহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এদিকে, বালু লুট সিন্ডিকেটের প্রধান যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ এ প্রতিনিধিকে জানান, বালু উত্তোলনের সাথে আমি জড়িত না। মাসের পর মাস কপোতাক্ষ ও খোলপেটুয়া থেকে একটা সিন্ডিকেট বালু উত্তোলন করছে। কারা উত্তোলন করছে এ প্রশ্নের জবাবে জানান, এব্যাপারে আমি কালকে সংবাদ সম্মেলন করবো। তখন সব কিছু জানতে পারবেন।

