ফিরোজ হোসেন: সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ নানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বোমা হামলা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং তা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি এড. আবু তালেব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ পরিকল্পিতভাবে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাসসহ জনপদে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়লেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত এসব সংগঠনের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসসহ সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না প্রমুখ।
