
নিজস্ব প্রতিবেদক: মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর থানার উদ্যোগে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার জন্য তসবার প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
