
পাইকগাছা প্রতিবেদক: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় ভাদ্র মাসের সংক্রান্তিতে এ পূজার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় মন্দির, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, পারিবারিক মন্দির ও বাসা-বাড়িতে আনন্দঘন পরিবেশে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পৌর বাজার, কপিলমুনি, বাঁকা বাজার ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে এ পূজার আয়োজন দেখা যায়। বিশেষভাবে পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি, স্বর্ণপট্টি, কামারপট্টি এবং নতুন বাজার মন্দিরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে।
পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ এবং কোষাধ্যক্ষ নিরঞ্জন বিশ্বাস। এছাড়া সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, পবিত্র বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, স্বপন বিশ্বাস, তরুণ চৌধুরী, উৎপল কর্মকারসহ স্থানীয় ভক্তবৃন্দ।
উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশ্বকর্মা পূজা একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিশ্বকর্মা হলেন স্থাপত্য, কারিগরি ও প্রকৌশলবিদ্যার দেবতা এবং বিশ্বের আদি রচয়িতা। পৌরাণিক কাহিনি মতে, তিনি ঐতিহাসিক দ্বারকা নগরী, লঙ্কা এবং দেবতাদের বিভিন্ন অলৌকিক অস্ত্র ও রথ নির্মাণ করেছিলেন।
কারিগর, শ্রমিক, কলকারখানা, গ্যারেজ ও নির্মাণকাজের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন যন্ত্রপাতি ও যানবাহন ধুয়ে-মুছে বিশ্বকর্মা পূজার দিনে শ্রদ্ধাভরে আরাধনা করেন।

