
পাইকগাছা প্রতিবেদক: “ওঠ, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না”- স্বামী বিবেকানন্দের এই কালজয়ী বাণীকে সামনে রেখে পাইকগাছায় শিকাগো বক্তৃতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পাঠচক্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পৌরসভার সরল ৪নং ওয়ার্ডস্থ (নবপল্লী) শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পাইকগাছা উপজেলা ‘বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং অব. প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের খুলনা বিভাগীয় সম্পাদক তুষার কান্তি মন্ডল। উপজেলা কমিটির সেক্রেটারি সহকারী শিক্ষক বিমল কুমার সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও শিক্ষক লিংকন ঢালী যৌথভাবে সঞ্চালনা করেন।
আলোচনা সভায় স্বামী বিবেকানন্দের জীবনের আদর্শ ও ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে তাঁর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি জগন্নাথ সানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, অব. প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র ঢালী, সহকারী অধ্যাপক বিমল কৃষ্ণ সরদার, চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, সমাজসেবক শ্যামাপদ সানা, বিপ্লব কুমার রায়, পার্থ প্রতিম বাছাড়, ব্যাংক এশিয়া কর্মকর্তা গোপাল চন্দ্র মন্ডল এবং শিক্ষার্থী ত্রিদিপ্তা সানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বামী বিবেকানন্দের জীবনী ও আদর্শের ওপর এক মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পাঠচক্র শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

