
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের বরাদ্দ থেকে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পাইকগাছা-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার ১৫১টি পূজা মণ্ডপ বা মন্দিরের বিপরীতে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখা কমিটির আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাও. এস এম আমিনুল ইসলাম, উপজেলা আমীর মাও. সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাও. জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পৌর মেয়র প্রার্থী মোর্তজা জামান আলমগীর রুলু, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, পূজা পরিষদ সদস্য সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও স্নেহেন্দু বিকাশ, গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলার সাবেক সভাপতি রুহুল আমিন, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আসন্ন দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের আহ্বান জানান।

