
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের সকল শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম। শনিবার সন্ধ্যা থেকে রাত্র ১০ টা পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দির, দক্ষিণ বড়দল সার্বজনীন কালীমন্দির, বড়দল বাজার সার্বজনীন দুর্গামন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সার্বিক পরিবেশ সম্পর্কে খোজখবর নেন এবং মন্দির কমিটি, দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য, পুলিশ সদস্য ও মন্ডপে আগত ভক্তসাধারণের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রত্যেক পূজ মণ্ডপ দায়িত্বরত আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি মোবাইল ফোনে থানা পুলিশকে জানাতে হবে। দায়িত্বে অবহেলা করে কোনো আনসার সদস্য পূজামণ্ডপ ছেড়ে চলে গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোথাও নিরাপত্তার দায়িত্ব পালনে অবহেলার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আনসার সদস্যদের জবাবদিহি করতে হবে।”
পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, এসআই নাসির উদ্দিন, এএসআই অমিত হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

