Tag: করোনা

  • মায়ের দুধে করোনা সংক্রমণ হয় না

    যথাযথভাবে মায়েরা শিশুকে দুধ খাওয়ালে করোনা ভাইরাস সংক্রমণ হয় না। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ে নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘যে মায়েরা সন্তানকে দুগ্ধদান করে থাকেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, দুগ্ধদানের মাধ্যমে কোন ভাইরাস ট্রান্সমিট বা ভাইরাসের সংক্রমণ হয় না। কাজেই আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে মায়েরা মুখে মাস্ক পরে বুকের দুধ দিতে পারেন। দেয়ার আগে স্তন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। হাত ভালোভাবে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। হাত ও স্তন পরিষ্কারের পরই বাচ্চাকে দুগ্ধ দান করতে পারেন।’

    নাসিমা সুলতানা আরও বলেন, ‘আপনারা সবাই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অন্যান্য অসুখ আছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের, ফুসফুসের, কিডনির অসুখ বা অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখে যারা ভুগছেন, তারা অত্যন্ত সাবধানে থাকবেন। পরিবারের সদস্যরাও যাদের এই সমস্যাগুলো আছে, তাদের দিকে খেয়াল রাখবেন।’

    সবাইকে মানসিকভাবে উজ্জীবিত থাকার পরামর্শ দিয়ে নাসিমা সুলতানা বলেন, ‘শিশুরাও যেন এ নিয়মগুলো মেনে চলতে অভ্যস্ত হয়, সে ব্যাপারে খেয়াল রাখবেন। সবক্ষেত্রেই মানসিকভাবে উজ্জীবিত থাকলে, আক্রান্ত ব্যক্তি নিজের মনোবল দৃঢ় রাখলে, যিনি আক্রান্ত হননি, তিনিও মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিক মনোবল দৃঢ় রাখা ও মানসিকভাবে উজ্জীবিত থাকা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়ার একটি মাপকাঠি।’ সূত্র: ইত্তেফাক

  • এবি পার্টির সদস্য সচিব মঞ্জু করোনায় আক্রান্ত

    নতুন রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টির) সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দলের অফিসিয়াল ফেসবুক পেজে পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার এই তথ্য জানিয়েছেন।

    ওই ফেসবুক পোস্টে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে ঈদের দুই দিন আগে মঞ্জুর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। তার অল্প জ্বর, মাথা ও গায়ে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তিনি সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান। এরপর ধীরে ধীরে তার শরীর একটু খারাপ হয়। ফেসবুক পোস্টে আরও বলা হয়, মুজিবুর রহমান মঞ্জুর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল। ১০-১২ দিন আগে তার ব্যক্তিগত গাড়িচালক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

    তাকে হাসপাতালে ভর্তি করাসহ পারিবারিক সহযোগিতামূলক কাজে সাবধানতা ও সতর্কতার সঙ্গে তিনি নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (২৬ মে) আইসিডিডিআরবিতে মঞ্জুর করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে ‘করোনা পজিটিভ’ এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মঞ্জুর এখনও কঠিন কোনো পরিস্থিতি হয়নি উল্লেখ করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে ওই ফেসবুক পোস্টে। সূত্র:মানবজমিন

  • দেশে ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

    দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে ও ১২ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। এছাড়াও নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।

    পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জনে।

  • কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করায় চার মাসের জেল

    অনলাইন ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেয়া কোয়ারেন্টিন আইন লঙ্ঘন করার দায়ে ২৭ বছর বয়সী এক যুবককে চার মাসের জেল দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এ ধরনের শাস্তি এটাই প্রথম। ওই যুবকের নামের শেষ অংশ কিম। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ছাড় দেয়ার পর বলা হয়, দু’সপ্তাহ তাকে বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। কিন্তু ১৪ দিনের ওই কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার মাত্র দু’দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এ খবর জানাজানি হয়। তাকে নিয়ে যাওয়া হয় করোনা বিষয়ক আবাসিক সেন্টারে।

    সেখান থেকে তিনি আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফলে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন লঙ্ঘন করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিউলের নাইটক্লাবগুলোতে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়ার পর কোয়ারেন্টিন নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন শুরু করে দক্ষিণ কোরিয়া। সেখানে প্রতিদিন নতুন করে দিনে প্রায় ২০ জন আক্রান্ত হচ্ছেন। সারা দেশে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন কমপক্ষে ৩৩,০০০ মানুষ। এর বেশির ভাগই বিদেশ থেকে ফিরেছেন। যারা কোয়ারেন্টিন আইন লঙ্ঘন করবে তাদের চলাচলের ওপর নজরদারি করতে ইলেক্ট্রনিক ব্রেসলেট পরানোর নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনকে এই ডিভাইস পরানো হয়েছে। সূত্র: মানবজমিন

  • করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা স্থগিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    অনলাইন ডেস্ক: করোনার প্রাদুর্ভাবে হঠাৎ করে কদর বেড়ে গিয়েছিল হাইড্রোক্সিক্লোরোকুইনের। এমনকি, ভারতের কাছ থেকে সেটি চেয়ে পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে বিতর্কও হয়েছিল। সেই হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল পরীক্ষা আপাতত স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    গত সপ্তাহে ল্যানসেটের গবেষণায় জানা গিয়েছিল, করোনা আক্রান্তের উপরে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস জানান, সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর আপাতত হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করা হচ্ছে।

  • গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ করোনায় আক্রান্ত

    বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গত রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।

    দেশে করোনা বিপর্যয়ের শুরু থেকেই ব্যাপকহারে সক্রিয় দেখা গেছে ডা. জাফরুল্লাহকে। গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন। সেই কিট এখন সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে আটকে আছে।

  • সাতক্ষীরায় ২৯ জন করোনায় আক্রান্ত, জেলা প্রশাসকের নানান প্রস্তুতি

    নাজমুল হোসেন: সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ৬৮৯ জনের নমুনা পাঠানো হয়েছে। ৪০৮ জনের রিপোর্ট পাওয়া গেছে।২৮১ জনের রিপোর্ট শীঘ্রই পাওয়া যাবে। সাতক্ষীরা জেলায় ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এদের মধ্যে ২৭ জন আক্রান্ত জেলা থেকে আগত এবং বাকি ২ জন সাতক্ষীরা জেলায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন, ২৭ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ১ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। জেলায় মোট ২৮ জন আইসোলেসনে আছেন।
    সাতক্ষীরাতে সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ৮ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ২৪ টি । সরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৬৩১ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৪২০ টি । কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৫৪ টি । সাতক্ষীরাতে সরকারি ডাক্তারের সংখ্যা ১২৩ এবং বেসরকারি ডাক্তার ১৩০ জন  ও সরকারি নার্সের সংখ্যা ২৮৯ জন এবং বেসরকারি নার্সের সংখ্যা ২৪০ জন্ । ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মোট ৬২৩৬ টি হতে ৪৫৯৪ টি বিতরণ করা হয়েছে।
    কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ০৩ টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, চিকিৎসকদের  কোয়ারেন্টাইনের জন্য মোজাফফর গার্ডেন রিসোর্টকে প্রস্তুত রাখা হয়েছে।
    প্রথম পর্যায়ে, ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভারতসহ বিশ্বের নানা দেশ থেকে আগত ১১৩৫৩ জন মানুষকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবীদের সমন্বয়ে হোম কোয়ারিন্টাইন নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে, দেশের করোনা আক্রান্ত ৭ টি জেলা থেকে ২০ হাজারের অধিক শ্রমজীবী লোক সাতক্ষীরা জেলায় আসেন। তাদের মধ্যে ১৫০০০ জনকে হোম কোয়ারেন্টাইন এবং ৩৯৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
  • কুকুর চিহ্নিত করবে করোনা রোগী!

    অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগী কোনো ধরনের পরীক্ষা ছাড়াই কুকুর চিহ্নিত করতে পারবে কিনা, তা পরীক্ষা করে দেখছেন ব্রিটিশ গবেষকরা।

    আজ শনিবার ব্রিটিশ সরকার জানিয়েছে, এ গবেষণার জন্য পাঁচ লাখ পাউন্ড খরচ করা হচ্ছে। ডুরহাম ইউনিভার্সিটির লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এবং ব্রিটিশ সংস্থা মেডিকেল ডিটেকশন ডগ যৌথভাবে ওই গবেষণাটি করছে।

    ব্রিটিশ মন্ত্রী জেমস বেথেল বলেছেন, প্রশিক্ষিত কুকুররা ক্যান্সারে আক্রান্ত রোগী শনাক্ত করতে পারে। আমি মনে করি এই পদ্ধতি অবলম্বন করে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত করা সম্ভব হবে।

    লন্ডন হসপিটাল থেকে এজন্য করোনা রোগীর নমুনার গন্ধ সংগ্রহ করে ছয়টি কুকুরকে শুঁকতে দেওয়া হবে। আক্রান্তদের এবং আক্রান্ত নয়, এমন মানুষের গন্ধ তাদেরকে আলাদাভাবে চিনিয়ে দেওয়া হবে।

    এর আগে ক্যান্সার, ম্যালেরিয়া এবং পারকিনসন রোগ কুকুরকে চিনিয়ে সফলতা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরাও কুকুরের মাধ্যমে করোনা রোগী চিহ্নিতের দিকে হাঁটছেন। সূত্র : রয়টার্স (কালেরকন্ঠ)

  • কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর মাউথওয়াশ

    অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসকে ধ্বংস করে কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে মাউথওয়াশ কার্যকর হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। নতুন এই গবেষণায় কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন বিভাগের সঙ্গে নটিংহাম, কলোরাডো, অটোয়া, বার্সেলোনা ও ক্যামব্রিজের বাবরাহাম ইনস্টিটিউেটের ভাইরোলজি, লিপিড ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবরে এ কথা বলা হয়েছে।

     আন্তর্জাতিক গবেষক দল বলেছে, করোনা ভাইরাসের বাইরের অংশে থাকা আবরণ চর্বির তৈরি এবং এই বাইরের অংশই মানুষের শরীরের কোষের ওপর আক্রমণ করে। মাউথওয়াশে থাকা উপাদান করোনা ভাইরাসের বাইরের আবরণকে ধ্বংস করতে সক্ষম। আর বাইরের আবরণকে ভেঙে ফেলতে পারলেই ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব। মাউথওয়াশের উপাদান মুখ ও গলায় ভাইরাসটির প্রতিলিপি তৈরির প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করতে সক্ষম।

    গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাসগুলো এনভেলপড ১২ পৃষ্ঠার পর

    ভাইরাস শ্রেণির অন্তর্ভুক্ত; অর্থাত্ এরা চর্বিযুক্ত স্তর দ্বারা আচ্ছাদিত, যা নির্দিষ্ট কিছু রাসায়নিকের মাধ্যমে ধ্বংস করা যায়। বিজ্ঞানীরা বলছেন, মাউথওয়াশের কার্যকারিতা প্রমাণের জন্য জরুরি ভিত্তিতে পরীক্ষা চালানো দরকার। গবেষণায় বিজ্ঞানীরা মাউথওয়াশে করোনা ভাইরাস ধ্বংস করার দাবি করলেও এটি সফল হবে কি না, এখনো এমন কোনো ক্লিনিক্যাল পরীক্ষা হয়নি।

    কার্ডিফ ইউনিভার্সিটির অধীনে পরিচালিত গবেষণাটির বিজ্ঞানীরা বলেছেন, মাউথওয়াশ দিয়ে গারগল করার মাধ্যমে করোনা ভাইরাস ধ্বংসের বিষয়টি এখনো গবেষণা পর্যায়ে সীমাবদ্ধ। এর জন্য আরো অনেক বেশি ক্লিনিক্যাল পরীক্ষার দরকার রয়েছে। গবেষণাপত্রটির প্রধান ও কার্ডিফ ইউনিভার্সিটির সিস্টেম ইমিউনিটি রিসার্চ ইনস্টিটিউটের সহপরিচালক অধ্যাপক ও’ডোনেল বলেন, মাউথওয়াশের নিরাপদ ব্যবহার, অর্থাত্ গারগলের মাধ্যমে করোনা ভাইরাস ধ্বংসের বিষয়টি এখনো যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগে বিবেচিত হয়নি। এখন পর্যন্ত এসংক্রান্ত বিষয় কেবল পরীক্ষাগারে এবং খুবই সীমিত পরিসরে ক্লিনিক্যাল পরীক্ষা হয়েছে। সেখানে দেখা গেছে, কিছু মাউথওয়াশে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক উপাদান থাকে, যা কিনা মুখে থাকা ভাইরাসজাতীয় কোনো কিছুকে ধ্বংস করতে সক্ষম। তাই ধারণা করা হচ্ছে, মাউথওয়াশের এই উপাদান ইনভেলপড ভাইরাস-করোনা ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর হবে। তবে তারা এও বলছেন, যদিও আমরা এখনো জানি না যে বাজারে বিদ্যমান মাউথওয়াশগুলো কোভিড-১৯-এর ভাইরাস সার্চ-কোভ-২ ভাইরাসের লিপিড আস্তরণের বিরুদ্ধে কতটা কার্যকর হবে।

    গবেষকেরা বলছেন, ডেন্টাল মাউথওয়াশগুলোতে সাধারণত ক্লোরহেস্কিডিন, সেটিলপিরিডিনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন পার অক্সাইড ও পোভিডন-আয়োডিন রয়েছে; এই উপাদানগুলোর বেশির ভাগেরই যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধের সম্ভাবনা রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, ক্লিনিক্যাল পরীক্ষায়ও এর সফলতা আশা করা যায়।

    করোনা ভাইরাসের শরীরের বাইরের আবরণই মূলত মানবদেহের কোষের ওপর প্রথম আক্রমণ করে সেখানে প্রবেশের রাস্তা তৈরি করে। এরপর কোষের প্রতিরোধক্ষমতাকে নষ্ট করে দেয়। এ কারণে করোনা ভাইরাসের শরীরের বাইরের অংশকেই সবচেয়ে ভয়ানক অংশ হিসেবে চিহ্নিত করা হয়। আর মাউথওয়াশের সবচেয়ে বড়ো গুণ এরা এজাতীয় ভাইরাসের চর্বিতে গড়া বাইরের আবরণকে ধ্বংস করে দিতে পারে। মূলত করোনা ভাইরাসের বাইরের অংশ ধ্বংস করে দিতে পারলেই বাজিমাত। ভাইরাসের শরীরের ‘গ্লাইকোপ্রোটিন’ খ্যাত বাইরের স্পাইক প্রোটিনই মূলত মানবদেহের কোষের পর্দার সঙ্গে যুক্ত হয়ে সংক্রমিত করে। মাউথওয়াশের রাসায়নিক ভাইরাসের স্পাইককে মানবদেহের কোষে আক্রমণ রোধ করতে কার্যকর ভূমিকা পালন করে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনো অনেক গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

    আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মাউথওয়াশের ব্যবহার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত কোভিড-১৯-এর চিকিত্সায় কোনো ওষুধ প্রমাণিত হয়নি।—ডেইলি মেইল

  • করোনার চিকিৎসায় শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার

    আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় একটি সফল অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস। তারা বলছে, করোনা প্রতিরোধী এই অ্যান্টিবডি শতভাগ কার্যকর এবং রোগী মাত্র চারদিনেই করোনামুক্ত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবারই (যুক্তরাষ্ট্রের সময়) সান দিয়োগোর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এসটিআই-১৪১৯ এন্টিবডির বিস্তারিত তুলে ধরবে বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ভ্যাকসিন বা টিকা বাজারে আসার কয়েক মাস আগেই এই অ্যান্টিবডি বাজারে পাওয়া যাবে।

    সোরেন্টো থেরাপিউটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও ডা. হেনরি জি বলেন, এর মাধ্যমে আরোগ্য সম্ভব। আমরা এর ওপরই জোর দিচ্ছি। যদি আপনার শরীরে নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অ্যান্টিবডি থাকে তবে সামাজিক দূরত্ব বজায় রাখার আর প্রয়োজন হবে না।

    খবরে বলা হয়েছে, সংক্রমণজনিত রোগের চিকিত্সায় অ্যান্টিবডির ব্যবহার শত বছর ধরে চলে আসছে। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সেজন্য ক্লিনিক্যাল ট্রায়ালে সফল অ্যান্টিবডি বা করোনামুক্ত ব্যক্তির প্লাজমায় আক্রান্ত ব্যক্তির চিকিত্সা নতুন চ্যালেঞ্জে ফেলতে পারে বলে আশঙ্কা করে আসছেন বিশেষজ্ঞরা।

    হেনরি জি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই—এমন সমাধান এসেছে যা ১০০ ভাগ কার্যকর। এসটিআই-১৪৯৯ নামে এই অ্যান্টিবডি যদি আপনার শরীরে দেওয়া হয়, তাহলে সামাজিক দূরত্বও আপনাকে বজায় রাখতে হবে না। এই অ্যান্টিবডি মানবদেহে থাকা ভাইরাসটিকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং দেহ থেকে বের করে দেয়। সূত্র: ইত্তেফাক