Tag: করোনা

  • লকডাউনে নেই স্বজনরা, হিন্দু বৃদ্ধের সৎকারে মুসলিমরা

    অনলাইন ডেস্ক: করোনা ঠেকাতে ভারতে জারি করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশটির পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়া পৌরসভায় ব্রেন টিউমারে আক্রান্ত এক বৃদ্ধ মারা যান।

    করোনা আতঙ্কে সেই মৃতদেহ সৎকারের অনুমতি দিচ্ছিল না উলুবেড়িয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডের শ্মশান কর্তৃপক্ষ। বিভ্রান্ত হয়ে পড়েছিলেন মৃতের ছেলে। লকডাউনে আত্মীয়েরাও আসতে পারছিলেন না। কিন্তু তিনি পাশে পেয়ে যান মুসলমান সম্প্রদায়ের কয়েকজনকে। এক ব্যক্তি তো মাথায় টুপি পরেই নেমে পড়েন কাজে।

    জানা যায়, হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাঠ ব্যবসায়ী রবীন্দ্রনাথ পাল (৬২) আদতে বাগনানের বাসিন্দা। ব্যবসার সূত্রেই তিনি স্ত্রী-ছেলেকে নিয়ে উলুবেড়িয়ার সিজবেড়িয়ায় থাকতেন। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন রবীন্দ্রনাথ। শনিবার রাতে তার মৃত্যু হয়।

    এরপর রবীন্দ্রনাথের ছেলে তন্ময় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, এই পরিস্থিতিতে তাদের পক্ষে আসা সম্ভব নয়। তন্ময়রা যে এলাকায় থাকেন, সেখানে সংখ্যালঘু মানুষেরই বাস বেশি। বাবার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য তার পাশে দাঁড়ান সেই মানুষেরাই।

    কিন্তু উলুবেড়িয়ার দু’টি শ্মশানে দাহ করার জন্য দেহ নিয়ে যাওয়া হলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তন্ময়। যোগাযোগ করা হয় উলুবেড়িয়ার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাশ্বতী সাঁতরার সঙ্গে। তিনি জানান, প্রথমে শতমুখী শ্মশানও সৎকারে রাজি হচ্ছিল না। তবে অনুরোধের পর অনুমতি মেলে।

    তবে এই সময়ে মানবধর্মের এক নতুন দিক দেখেছেন তন্ময়। হিন্দু রীতি মেনে মুসলমান সঙ্গীদের পাশে নিয়ে রবিবার বাবার সৎকার করেছেন তিনি। তন্ময় বলেন, দুর্দিনে মানুষ চেনা যায়। ছোটবেলায় পড়েছিলাম, শেষ দিনে যে সঙ্গী হয়, সেই বন্ধু। তারা হয়তো আমার আত্মীয় নন। তবে নিজের আত্মীয়দের থেকে অনেক কাছের হয়ে গেলেন। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

    এতো প্রশংসার কোনো কারণ দেখছেন না তন্ময়ের শ্মশান-সঙ্গী সিজবেড়িয়ার শেখ ইলিয়াস, শেখ ইউনিস আলিরা। বলেন, তারা আমাদের পাড়ার লোক। এমন পরিস্থিতিতে নিজের লোকেরা আসতে পারেননি। আমরা ছাড়া আর কাকে পাশে পাবেন তারা। এখানে সম্প্রদায় কোনো বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা।

    সূত্র: বিডিপ্রতিদিন

  • উপহার নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে দেখতে গেলেন জেলা প্রশাসক

    প্রেস বিজ্ঞপ্তি:   উপহার সামগ্রী নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মী মাহমুদুল হক সুমনকে দেখতে গেলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

    রোববার (৩ মে) বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে আইসোলেশনে থাকা স্বাস্থ্য কর্মী সুমনকে দেখতে যান তিনি।

    এ সময় নিরাপদ দূরত্বে অবস্থান করে জেলা প্রশাসক সুমনের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থাসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

    জেলা প্রশাসক তাকে সাহস যুগিয়ে বলেন, গোটা সাতক্ষীরাবাসী তোমার সাথে আছে। মনোবল দৃঢ় রাখ। অবশ্যই আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাব। জেলা প্রশাসক তাকে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত পন্থা অবলম্বনের পরামর্শ দিয়ে দ্রæত আরোগ্য লাভের প্রার্থনা করেন।

    এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মী মাহমুদুল হক সুমনের ছেলেকে চকোলেট, বিস্কুট ও ফলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

    জেলা প্রশাসকের সাথে এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন।