Home Blog Page 9

সুন্দরবনকে দস্যুমুক্তের দাবিতে রমজাননগরে মানববন্ধন

0

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১শে অক্টোবর) সকাল ১১টায় ভেটখালী ও কৈখালী মাদার নদীর ব্রিজের উপর এ মানববন্ধনে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা। আয়োজক কমিটির পক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক এবং চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন।

 

বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন। জেলেদের পক্ষে বক্তব্য রাখেন বাঘের সঙ্গে লড়াই করা বা বাঘের মুখ থেকে জেলেদের উদ্ধার করা আব্দুল গণি ওরফে ‘টাইগার গণি’ এবং শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

 

তাঁদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক আক্তার হোসেন।

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপ্রস্তাব

0

# গর্ভবতী ছাগল পিটিয়ে হত্যার, থানায় লিখিত অভিযোগ

# নারীকে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা এলাকার খানপুর ও ইছাকুড় গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কুপ্রস্তাব, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে ওই নারীর পালিত গর্ভবতী ছাগল পিটিয়ে হত্যারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ইছাকুড় গ্রামের মোছা. ফাতিমা খাতুন (২৭) ছাগল ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত মনির হোসেনের জমিতে কৃষিকাজ করে পাওনা টাকা চাইতে গেলে তিনি টাকা পরিশোধ না করে ফাতিমাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় এবং পাওনা টাকা চাওয়ায় তাঁকে নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

অভিযোগে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফাতিমার পালিত একটি কালো রঙের গর্ভবতী ছাগল অভিযুক্তের বাড়ির আঙিনায় প্রবেশ করে। এ সময় মনির হোসেন ছাগলটিকে ধরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। ফাতিমার দাবি, ছাগলটির পেটে প্রায় পাঁচ মাস বয়সী দুটি বাচ্চা ছিল। ছাগল ও গর্ভস্থ দুটি বাচ্চা মারা যাওয়ায় তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

 

অভিযোগে উল্লেখ করা হয়, ছাগলের চিৎকার শুনে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ছাগলটি পেটাতে দেখেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর, প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি এছাড়া বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করলে তাঁকে ও তাঁর পরিবারকে এলাকায় শান্তিতে বসবাস করতে দেওয়া হবে না এবং পরিবারের নারী সদস্যদের সম্মানহানির ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে মোছা. জাহানারা বেগম (৪৯), স্বামী মো. মাহাবুব সরদারের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন বিষয়টি জানেন বলে দাবি করেছেন অভিযোগকারী।  এ ঘটনায় মোছা. ফাতিমা খাতুন শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়ে ছাগল ও গর্ভস্থ বাচ্চাগুলোর ক্ষতিপূরণ আদায়সহ অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এদিকে স্থানীয়দের দাবি, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মনির হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্যামনগরে মাহমুদ গাইনের ছেলে শাওনের ইন্তেকাল

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ভূরুলিয়া গ্রামের বাসিন্দা মাহমুদ গাইনের সেজো ছেলে মো. জুলিয়াস মেহেদী শাওন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। শনিবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, দুই ভাই, এক বোন, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

শনিবার দুপুর আড়াই টায় জোহরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় আলেম-ওলামা, সাবেক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

 

এ সময় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের মেজো ছেলে আবু সাদাত সান্তনু তাঁর সেজো ভাইয়ের অকাল মৃত্যুতে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে হতাশায় ভুগছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে নিজের পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং মা-বাবার প্রতি অনুশোচনার কথা লিখেছে হৃদয়। চিরকুটে সে লিখেছে, ‘আজকের রেজাল্টের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য কত কিছু করেছেন, নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। বুঝতে পারছি না, স্যারের ভুলে কেমন করে আজ এমন হলো। আব্বু-আম্মা আমাকে ক্ষমা করে দিও।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের জন্য সরকারি খাসজমিতে স্থায়ী আবাসন নিশ্চিত করার দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাতক্ষীরায় গঠিত হয়েছে ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’। একই সাথে বাস্তুচ্যুত পরিবারগুলোর খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন, শোভন আয়, কর্মসংস্থান ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছে নবগঠিত এই ফোরাম।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের ‘স্বর্ণলতা ক্যানটিন হলরুমে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দফা দাবিতে ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ঘোষণাপত্র’ উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্যসচিব সোনিয়া খাতুন। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফাতেমা বেগম এবং সঞ্চালনা করেন স্থানীয় উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব দত্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ বিশেষজ্ঞ ও জাতীয় দুর্যোগ ফোরামের প্রতিষ্ঠাতা গওহার নঈম ওয়ারা, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড নেটওয়ার্ক (প্রান)-এর প্রধান নির্বাহী নুরুল আলম মশাররফ এবং সিইপিআর-এর প্রধান নির্বাহী গোরাঙ্গ নন্দী সহ নাগরিক সমাজ, অধিকারকর্মী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

ঘোষণাপত্রে বলা হয়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও লবণাক্ততার কারণে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে বহু পরিবার সাতক্ষীরা শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বর্তমানে সাতক্ষীরা পৌরসভার ৪৭টি অনানুষ্ঠানিক বসতিতে আনুমানিক ৭ হাজার ৫৭৩টি বাস্তুচ্যুত পরিবার মানবেতর জীবনযাপন করছে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত উল্লেখযোগ্য ১১ দফা দাবি স্থায়ী আবাসন সরকারি খাসজমিতে স্থায়ী আবাসন ব্যবস্থা এবং আইনি নিরাপত্তা প্রদান করা। উচ্ছেদ বন্ধ বিকল্প পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা ছাড়া যেকোনো ধরনের উচ্ছেদ অভিযান বন্ধ রাখা। জীবিকা ও কর্মসংস্থান নারী, পুরুষ ও তরুণদের জন্য শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, সহজ শর্তে ঋণ এবং শোভন আয়ের সুযোগ সৃষ্টি। খাদ্য সুরক্ষা জরুরি খাদ্যসহায়তা প্রদান, ন্যায্যমূল্যের খাদ্য সরবরাহ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তি। স্বাস্থ্য ও স্যানিটেশন শিশু ও মাতৃত্বকালীন পুষ্টিসেবা, নিরাপদ খাবার পানি এবং উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা। নাগরিক অধিকার জাতীয় পরিচয়পত্র, ভোটার নিবন্ধন, শিশুদের মানসম্মত শিক্ষা এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিতকরণ। বাজেটে স্বীকৃতি নগর ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় বাস্তুচ্যুত মানুষের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং তথ্যভিত্তিক বাজেট প্রণয়ন।

সংবাদ সম্মেলনে ফরমের সভাপতি ফাতেমা বেগম বলেন “জলবায়ু পরিবর্তনের কারণে সর্বস্ব হারিয়ে আজ আমরা নিজের ভিটামাটি ছেড়ে শহরের বসতিতে মানবেতর দিন কাটাচ্ছি। আমরা কেবল কোনো ত্রাণ চাই না; নাগরিক হিসেবে নিরাপদ আবাসন, শোভন জীবিকা এবং খাদ্য-পুষ্টি আমাদের মৌলিক অধিকার। এই অধিকার আদায়ে ফোরাম সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করবে।”

ফরমের সদস্য সচিব সোনিয়া খাতুন বলেন “সাতক্ষীরা পৌরসভার ৪৭টি বসতিতে সাড়ে সাত হাজারের বেশি বাস্তুচ্যুত পরিবার সংকটে বাস করছে। আমাদের ১১ দফা দাবি কেবল আশ্বাস নয়—খাসজমিতে স্থায়ী আবাসন, উচ্ছেদ বন্ধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করতে এই দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বলেন “জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার ঘোষিত ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র ২০২১’ বাস্তবায়নে জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে আমরা কাজ করে যাব।”

সংবাদ সম্মেলনে আয়োজকরা পুনর্ব্যক্ত করেন, জলবায়ু-বাস্তুচ্যুত জনগোষ্ঠী কেবল করুণার পাত্র বা সহায়তার গ্রহীতা নন, তাঁরা এ দেশের পূর্ণ নাগরিক। তাঁদের অধিকার আদায় এবং জাতীয় কৌশলপত্র বাস্তবায়নে ফোরামটি জেলা ও জাতীয় পর্যায়ে ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাবে।

 

সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে আয়োজিত এই কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে বিভক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম চালানো হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার সকল ওয়ার্ডে এই ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড় ইটাগাছা বউবাজার রোড, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারী ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। এ ছাড়াও বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন “ডেঙ্গু রোধে জনসচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌরসভা ও প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংস করতে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান শুধু আজ নয়, বরং পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবেলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।”

একই স্টোরি সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়

0

=> অন্তসারশূণ্য রাষ্ট্রদ্রোহ মামলা, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী প্রধান মন্ত্রীর কাছে
=> রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে শম্পা গোস্বামীর জামিন লাভ

বিশেষ প্রতিবেদক: একই স্টোরী সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়। এদের প্রশিক্ষণ দরকার, কি ভাবে মামলা করতে হয়। রাষ্ট্রদ্রোহের মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। হাইকোর্টের দ্বৈত বেঞ্চের একজন বিচারক এসব মন্তব্য করে রাষ্ট্রদ্রোহ মামলায় দু’মাসের আগাম জামিন দিয়েছেন বলে জানিয়েছেন প্রেরণা এনজিওর নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী।
“প্রেরণা এনজিও শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা” শ্যামনগর থানার এস আই মোঃ রশিদুজ্জামান গত ২৯ সেপ্টেম্বর বাদী হয়ে শ্যামনগর থানায় শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। এজাহারের গর্ভে বলা হয় ১৮৬০ সালের পেনাল কোর্ড ১২৪-ক। অপরাধের ধরণ হলো: রাষ্ট্র বিরোধী উস্কানীমূলক বক্তব্যে রাষ্ট্রদ্র্রোহীতা করার অপরাধ।
মামলাটি শ্যামনগর থানার ইন্সপেক্টর মোঃ পিয়ারউদ্দীন (০১৭২০-৪০৭৩১৩) তদন্ত করেছেন। এজাহারে বর্ণনা করা হয়, শম্পা গোস্বামী ভারতে পলাতক পতিত, ফ্যাসিষ্ট সরকারের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের সাথে বিভিন্ন সময় সরকার বিরোধী ও সরকার উৎখাতমূলক ষড়যন্ত্র করে থাকে। তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নেতৃত্ববর্গকে বিভিন্ন মাধ্যমে অর্থ যোগান দিয়ে বর্তমান বৈধ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে ষড়যন্ত্রসহ আন্দোলন বেগবান করার অবৈধ প্রয়াসে লিপ্ত আছেন। তার পরিচালিত বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে তার মালিকানাধীন প্রেরণা এনজিও প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য সহ বর্তমান সরকারকে উৎখাতের নিমিত্তে বিভিন্ন রকম ঘৃণা, অবজ্ঞা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করে থাকেন। বিগত ২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যূত্থানের পর দেশের বড় বড় সাবেক পতিত আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা ভারতে গিয়ে তাহার ছত্রছায়ায় অবস্থান করছেন। উপরোক্ত তথ্য সমূহ যাচাই করে প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়। শম্পা গোস্বামীর উপরোক্ত রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট দুপুর ১২.০৫ ঘটিকায় শ্যামনগর উপজেলার ধানখালির প্রেরণা অফিসে অবস্থান করে সেখানে উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথাবার্তা সহ বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞা, বিদ্বেষ সৃষ্টি করিয়া ১৮৬০ সালের পেনাল কোডের ১২৪ এর ক ধারার অপরাধ করিয়াছেন। এজাহারের গর্ভে বলা অপরাধ সমূহ অনেকটা কাগুজে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের কথা উল্লেখ নেই প্রযুক্তির এই যুগে। সরকার উৎখাতের ষড়যন্ত্রের কথা বলা হলেও এ ধরণের কোন রেকর্ড বা বক্তব্য গোয়েন্দাদের হাতে আছে কি? ফ্যাসিষ্ট সরকারের ভারতে পালিয়ে যাওয়া নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার কথা বলা হলেও তার কোন ডকুমেন্টস্ কি গোয়েন্দাদের হাতে আছে? শ্যামনগরের ধানখালির প্রেরণা অফিসে শম্পা গোস্বামীর উস্বানিমূলক সরকার উৎখাতের বক্তব্য কি অডিও কিম্বা ভিডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে আছে? আওয়ামীলীগের স্থানীয় এবং পলাতক নেতাদের সাথে সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রযুক্তিগত কি ডকুমেন্টস্ আছে গোয়েন্দাদের হাতে? এ সব প্রশ্ন ছুড়েছেন শম্পা গোস্বামী নিজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। শম্পা গোস্বামীর দাবী ২৩ লাইনের এজাহারে ৯টি বানান ভুল। এই বানান ভুলই প্রমাণ করে এটি দায়সারা গোছের অন্তঃসার শুণ্য। বিশেষ একটি মহলের চাপে এই মামলা সৃজন করা হয়েছে। তিনি সুষ্টু তদন্ত ও ন্যায় বিচার দাবী করেছেন।
প্রেরণা এনজিও’র প্রতিষ্ঠাতা শম্পা গোস্বামী অভিযোগ করে বলেছেন, একটি এনজিওর কর্তা ব্যক্তি অসুস্থ্য প্রতিযোগীতায় নেমে তার প্রতিষ্ঠান ও তার বিরুদ্ধে মানব বন্ধন, স্মারকলিপি প্রদান সহ ৫ আগষ্টের পর মব সন্ত্রাস করে তাকে জেল হাজতে পাঠাতে ভূমিকা রাখে। প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তি বর্তমান রাষ্ট্রদ্রোহ মামলার কারিগর। অনলাইন-অফলাইনের কিছু সাংবাদিকদের অনৈতিক দাবী অগ্রাহ্য করায় তারাও মনগড়া খবর বানিয়েছে প্রতিষ্ঠান প্রেরণা ও আমার বিরুদ্ধে। সরকারের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, এ ধরণের ছোট খাটো বিষয় দেখবার সুযোগ সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদের থাকে না। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর নিকট আমার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রাষ্ট্রদ্রোহ মামলায় ২ মাসের অন্তবর্তীকালীন জামিন পান শম্পা গোস্বামী। মামলা পরিচালনা করেন সংবিধান প্রণেতা দেশের শীর্ষ আইনজীবী ড. কামাল হোসেন তনয়া এ্যাডভোকেট সারা হোসেন সহ ৩জন আইনজীবী।
২০০৬ সালে প্রতিষ্ঠিত প্রেরণা এনজিও’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। এ জেলার কালিগঞ্জের মহতপুর গ্রামে প্রেরণা এনজিও’র পথচলা শুরু। তিনি স্থানীয় মোজাহার মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি কাজ করে চলেছেন।

সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নির্মাণকাজে নিয়োজিত সাব-কন্টাক্টরের নিকট ৫ লাখ টাকা চাঁদার দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাব-কন্টাক্টর মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি সাতক্ষীরা শহরের পলাশপোল ইসলামী হাসপাতালের সামনে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজের সময় ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মুক্তার আলী সরদারের পুত্র সাব-কন্টাক্টর মো. শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিভিন্ন নির্মাণকাজ পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি শহরের পলাশপোল ইসলামী হাসপাতালের সামনে একটি ১০ তলা ভবন নির্মাণের সাইটে সাব-কন্টাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার ছামছুদ্দীন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৪৬), মাছখোলা গ্রামের জমাত বাজুমদারের ছেলে শহিদুল ইসলাম (৩৮), মাছখোলা শিবতলা গ্রামের সবিল উদ্দীন মোল্যার ছেলে আছাদুল ইসলাম (৪৫), পলাশপোল এলাকার সাবেক জামায়াত নেতা, পরে যুবলীগ নেতা ও বর্তমান আবারও জামায়াত নেতা শামছুর রহমান (৪৪), পলাশপোল খুলনা রোড মোড় এলাকার মামুন (৩৫) ও উত্তর পলাশপোল এলাকার নুর আলী সরদারের ছেলে তফুর আলী (৪৮)সহ আরও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় হুমকি দিয়ে আসছিলেন এবং গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বেলা ৩টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র—লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে নির্মাণাধীন সাইটে প্রবেশ করে। সেখানে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাব-কন্টাক্টর শহিদুল ইসলাম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ও তার শ্রমিকদের ওপর চড়াও হন। এ সময় অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হয় যে, চাঁদার টাকা না দিলে পরবর্তী সময়ে কাজে আসলে হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া হবে এবং প্রাণনাশের ব্যবস্থা করা হবে।

এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারণে ওই নির্মাণাধীন সাইটের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে এবং শ্রমিকরা আতঙ্কে কাজে আসতে চাচ্ছেন না।

ঘটনাটি স্থানীয় রেজাউল ইসলাম, মিজানুর রহমান ও ওহাব আলীসহ অনেকেই ঘটনার সত্যতা সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা থানার এ এস আই নাছির উদ্দীন বলে এঘটনায় দুপক্ষের দুটো অভিযোগ পেয়েছি। উভয় পক্ষ কে নিয়ে বসাবসির জন্য প্রস্তাব দেওয়া হলেও শহিদুল ইসলামের পক্ষ হাজির হলেও অপর পক্ষ হাজির হয় না। যে কারনে সমাধান করা যাচ্ছে না।

নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন

0

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কুশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জাহিদ হোসাইন বলেছেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করবো। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।

 

তিনি বলেন, কুশখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এখনই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম মারাত্মক সামাজিক অবক্ষয়ের মুখে পড়বে। তাই মাদক নির্মূলে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন।

 

জাহিদ হোসাইন আরও বলেন, ইউনিয়নবাসী আমাকে সমর্থন দিয়ে মূল্যবান ভোটে নির্বাচিত করলে প্রতিটি ওয়ার্ডে সুধীজনদের নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটির মাধ্যমে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী এবং তাদের পৃষ্ঠপোষকদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে ওই কমিটি সকলের সঙ্গে সমন্বয় করে মাদক সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণীজন

0

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্বরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ছয় গুণীজন হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম, চিকিৎসক ডা. মো. এবাদুল্লাহ, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু এবং সংগীতশিল্পী চৈতালি মুখার্জী। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. মোসলেম মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পান ডা. মো. এবাদুল্লাহ। তিনি কর্মজীবনের শেষ পর্যায়ে সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামর্থ্যহীন রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেন।

 

অন্যদিকে, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু টেলিভিশন ও বেতারের উচ্চমানের শিল্পী তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতি পেয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালি মুখার্জী জাতীয় মানের শিল্পী হিসেবে মর্যাদা অর্জন করেছেন। সংগীতচর্চা ও পরিবেশনার মধ্য দিয়ে দুজনই সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি, সংবর্ধিত গুণীজন, উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। এরপর সংগঠনের সংগীতবিষয়ক সম্পাদক বিউটি চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী সাতক্ষীরা জেলা সংসদের উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, উদীচী সাতক্ষীরার সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, সাহিত্য সংস্কৃতি সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি এস এম আয়ুব আলী এবং কবি কিশোরী মোহন দাশসহ অন্যরা। আলোচনা শেষে সংগঠনের পক্ষে সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে সংবর্ধিত ছয় গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা গ্রহণের পর গুণীজনেরা পর্যায়ক্রমে তাঁদের অনুভূতি প্রকাশ করেন।

 

আয়োজকদের মতে, মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আলোচনা ও সংবর্ধনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। সংগীত পরিবেশন করেন আবু আফ্ফান রোজবাবু, চৈতালি মুখার্জী, বিউটি চক্রবর্তী, অদ্বিতীয়া মুখার্জী। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন ও কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মানবসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর পাশাপাশি সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে এক মিলনমেলার আবহ তৈরি হয়।