Home Blog Page 10

শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ

0

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম এ তথ্য জানান।

 

তিনি বলেন, সাতক্ষীরার শ্যামনগর থানাধীন যাদবপুর বাজার সংলগ্ন এলাকায় আজ রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিল এবং ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, মাদকপাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি সদরে ভূ-গর্ভের বালি উঠিয়ে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বালি উত্তোলনের ঘটনার প্রতিবেশীরা অজানা আতঙ্কে রয়েছেন। জাহিদুর রহমানসহ স্থানীয় প্রতিবেশীরা অভিযোগ করেন, কয়েকদিন ধরে আশাশুনি দঃপাড়ার মোমরেজ মোল্যা তার নিজের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছেন।

 

এখানে ৫০ গজের মধ্যে জনবসতিপূর্ণ এলাকা অবস্থিত। বহু পাকা ও কাচা ঘরে মানুষ বসবাস করে থাকেন। ২০/৩০ গজের মধ্যে ইটের সরকারি রাস্তা রয়েছে। বালি উত্তোলনের ফলে ভূমি ধ্বসের মত অজানা আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা। এলাকাবাসী জানান, ভূ-গর্ভের বালি উত্তোলন করে মোমরেজ মোল্যা পুকুর ভরাট করছেন।

 

বালিতে দীর্ঘকালের পানি নিস্কাশন পথ বন্ধ হয়ে গেছে দাবী করে প্রতিবেশীরা জানান, ১০০ বছরেরও বেশী দিনের পানি নিস্কাশনের নালা/ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় চেয়ারম্যান হোসেনুজ্জামানের বাড়ির পূর্বপাশ থেকে ১০০/১৫০ পরিবারের পয়:নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহরের জোর দাবী জানান হয়েছে। বালি উত্তোলনকারী মোমরেজ মোল্যার বক্তব্য নিতে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, ভূ-গর্ভের বালি উত্তোলনের বিষয়ে জানা ছিলনা, আগামীকাল আমি ব্যবস্থা নেব।

 

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর (শুক্রবার) বিকাল চারটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়াম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ পাড়। সভায় বক্তা ও বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলী শাহীন, এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম হোসেন, সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান, সুধাংশু শেখর এবং জামাল হোসেন প্রমুখ।

“কথায় নয়, কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই” মৌমি কুইন সাথী মতবিনিময় সভায় বক্তব্যে মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথী তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ও অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন “বিগত সময়ে দায়িত্ব পালনকারীদের অনেকেই সাধারণ মানুষের সাথে অশোভন ও বাজে আচরণ করেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আপনাদের সাথে এমন আচরণ করার সুযোগ না দেন। আমি কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চাই। অনেকে বলেন ভোটের পরে মানুষের চরিত্র বদলে যায়; আমি আপনাদের অনুরোধ করব—ভোটের সময় এখনও বাকি আছে, আপনারা আমার সাথে মিশে দেখুন, যাচাই করে দেখুন আমি আপনাদের কল্যাণে কিছু করতে পারি কিনা।”

তিনি আরও বলেন, “আপনাদের যেকোনো সমস্যা বিনা দ্বিধায় আমাকে জানাবেন। নির্বাচনের আগে আমি যা বলছি, নির্বাচনের পরেও আমার কথার কোনো নড়চড় হবে না। আমার কাছে অন্যায় বা অসদুপায় নিয়ে কেউ আসবেন না, অন্যায়ের কোনো প্রশ্রয় আমার কাছে নেই। এলাকার উন্নয়ন ও জনসেবায় আমি জানপ্রাণ দিয়ে কাজ করব।”

জনগণের দুর্ভোগ লাঘবে ২৪ ঘণ্টা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, রাত-দিন যখনই প্রয়োজন হোক না কেন, নাগরিক সেবায় পৌরসভা, সরকারি হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক কিংবা থানা ও অন্যান্য সরকারি দপ্তরে যেকোনো প্রয়োজনে তাঁকে পাশে পাবেন। বিগত দুই বছর ধরে তিনি এলাকাবাসীর সাথে যেভাবে মিশেছেন এবং মুরুব্বিদের সম্মান রক্ষা করে চলেছেন, তা যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।

সবশেষে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই মতবিনিময় সভা সমাপ্ত হয়।

শ্যামনগরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, একই ব্যক্তির নাম খুচরা ও ডিলার তালিকায়!

0

# নীতিমালা নিয়ে প্রশ্ন; কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের দাবি

 

মশিউর রহমান বাপ্পি, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, আগে থেকেই খুচরা সার বিক্রেতা হিসেবে তালিকাভুক্ত একজন ব্যক্তির নাম সদ্য প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায়ও স্থান পেয়েছে। একই ব্যক্তির নাম দুই ধরনের তালিকায় থাকার বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

 

এ বিষয়ে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, যোগ্যতা যাচাই এবং প্রযোজ্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

একই ব্যক্তির নাম দুই তালিকায়, প্রশ্ন নিয়োগের যোগ্যতা নিয়ে

অভিযোগকারীর দাবি, মো. রহমত শেখ আগে থেকেই খুচরা সার বিক্রেতা হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এরপরও সদ্য প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রযোজ্য নীতিমালায় এ ধরনের দ্বৈত অন্তর্ভুক্তির ক্ষেত্রে কী শর্ত রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিয়োগের যোগ্য কি না, তা কর্তৃপক্ষের নথিপত্র যাচাই করে নিশ্চিত করা প্রয়োজন।

 

অভিযোগের সঙ্গে খুচরা সার বিক্রেতার তালিকা, নতুন ডিলার নিয়োগের তালিকা এবং সংশ্লিষ্ট নীতিমালার কপি সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন। এসব নথি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারের সুষ্ঠু বণ্টন ও কৃষকের স্বার্থে স্বচ্ছতা জরুরি

কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং ফসলের উৎপাদন স্বাভাবিক রাখতে সময়মতো ন্যায্যমূল্যে সার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতার যথাযথ যাচাই এবং নীতিমালার সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

 

নিয়োগের তালিকা নিয়ে এমন প্রশ্ন উঠলে তা কেবল একজন ব্যক্তির যোগ্যতার বিষয়েই সীমাবদ্ধ থাকে না; বরং পুরো নিয়োগপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন সামনে আসে। তাই অভিযোগটি উপেক্ষা না করে সংশ্লিষ্ট নথি, পূর্ববর্তী খুচরা বিক্রেতার তালিকা, নিয়োগসংক্রান্ত শর্ত এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারী।

কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

শ্যামনগরের সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগকারী চান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম বা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

 

পাশাপাশি সার ডিলার নিয়োগের যোগ্যতা, নির্বাচনের মানদণ্ড এবং সংশ্লিষ্ট তালিকা যাচাইয়ের প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনার দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি না ঘটে এবং কৃষকরা সুষ্ঠু সার বিতরণব্যবস্থার সুফল পান।

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষা

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে কাউকে দোষী সাব্যস্ত করার আগে যথাযথ তদন্ত ও নথিপত্র যাচাই অপরিহার্য। জেলা প্রশাসন ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির তদন্তে অভিযোগের সত্যতা ও প্রযোজ্য নীতিমালার কোনো লঙ্ঘন প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা অভিযোগকারীর।

 

স্থানীয় কৃষকদের স্বার্থ, সারের সুষ্ঠু সরবরাহ এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ নিষ্পত্তি এখন সময়ের দাবি।

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত

0
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: অধিক ফলন, কম খরচ এবং কর্মসংস্থানের দারুণ এক বিকল্প হিসেবে সাতক্ষীরার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পুষ্টিকর ও সুস্বাদু ‘পানিফল’ চাষ। জেলার দেবহাটা উপজেলাসহ বিভিন্ন মাঠজুড়ে এখন সবুজ পাতার সমারোহে দৃশ্যমান হচ্ছে পানিফলের ক্ষেত। সুস্বাদু এ ফলটি সম্পর্কে অনেকের পূর্ণ ধারণা না থাকলেও বর্তমানে স্থানীয় ও বাহ্যিক বাজারে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দুপাশে, স্থানীয় হাটবাজারের ফুটপাতে কিংবা সরাসরি ক্ষেত থেকে তুলে মহাসড়কের ধারে পসরা সাজিয়ে পানিফল বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। বর্তমানে প্রতি কেজি পানিফল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। ফলটির স্থানীয় উৎপাদন বেশি হওয়ায় এটি কৃষকদের কাছে একটি লাভজনক ও জনপ্রিয় মৌসুমি ফসলে পরিণত হয়েছে।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় মৌসুমভিত্তিক এই ফলের ব্যাপক চাষ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেবহাটা উপজেলার সখিপুর, গাজিরহাট, কামটা, কোঁড়া, দেবহাটা সদর, পারুলিয়া, কুলিয়া ও বহেরা এলাকায় বাণিজ্যিকভাবে পানিফলের চাষ করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব এলাকার উৎপাদিত ফল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে।
কৃষকদের মতে, পানিফল চাষের জন্য মূলত ডোবা, খানা কিংবা মৎস্য ঘেরের মতো স্থান অত্যন্ত উপযোগী। সামান্য লবণাক্ত ও মিষ্টি—উভয় প্রকার পানিতেই এটি ভালো জন্মে। পানিফল গাছ কচুরিপানার মতো পানির ওপর ভেসে থাকে এবং পাতার গোড়া থেকে শিকড়ের মতো ডগা বের হয়ে বংশ বিস্তার করে, যেখান থেকে পরবর্তীতে ফল ধরে। সবচেয়ে বড় সুবিধা হলো, পানিফল চাষে অতিরিক্ত কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না এবং এতে সার ও কীটনাশকের ব্যবহারও নামমাত্র লাগে।
মৌসুমি এই ব্যবসা বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। সখিপুর ও ডেল্টা মোড় এলাকার খুচরা পানিফল ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বর্তমানে প্রতি কেজি পানিফল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কেজি ফল বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে তিনি তার পরিবার-পরিজন নিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাচ্ছেন।
অন্যদিকে, পাইকারি ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে অর্ধশতাধিক চাষীর মাঝে অগ্রিম অর্থ বিনিয়োগ করেন। পরবর্তীতে ফলন আসার পর বাজারদর অনুযায়ী উৎপাদিত ফসল সংগ্রহ করেন। এভাবেই প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসার সাথে যুক্ত থেকে অনেকেই সচ্ছলতা অর্জন করছেন।
এ বিষয়ে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, পানিফল চাষকে প্রথাগতভাবে প্রধান কৃষি খাতের অন্তর্ভুক্ত হিসেবে ধরা না হলেও, এর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে এটি দ্রুত প্রধান চাষের খাতের আওতায় আনার সুযোগ রয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে এর আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি অধিদপ্তর থেকে সরাসরি কোনো আর্থিক বরাদ্দ না থাকলেও চাষিদের সার্বিক সফলতা ও উন্নয়নে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হচ্ছে।

দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি আটক

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি এবং নিয়মিত মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর ২০২৬ তারিখ গভীর রাতে দেবহাটা থানার এসআই (নিঃ) সাহিদুল আলম, এসআই (নিঃ) মো. জাকারিয়া শেখ, এসআই (নিঃ) মো. সোহাগ মিয়া, এসআই (নিঃ) মো. বেলায়েত হোসেন এবং পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দীন আলী মোল্লার ছেলে মো. গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গুরুগ্রাম এলাকার মৃত মালেক গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মো. সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ অক্টোবর বিকেলে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত তমা সাহা (৩৫) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার শ্রীপুর ওয়ালেচ অফিস মোড়ের তন্ময় সাহার স্ত্রী। তিনি বর্তমানে খুলনা সদর থানার শামছুর রহমান রোড সিটি কলেজ তালতলা এলাকার রুমনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

গ্রেপ্তারকৃত সকল আসামিকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

0

# অর্পিত সম্পত্তির আপিল তামাদিতে খারিজ, সরকারি স্বার্থ ক্ষুণ্নের আশঙ্কা

# তালার পুটিয়াখালী মৌজার সম্পত্তি নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া

# আপিল শুনানি ও তামাদি খণ্ডনের আবেদন না করার বিষয়টি উঠে এসেছে নথিতে

বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসংক্রান্ত একটি মামলায় সরকারের পক্ষে দায়ের করা আপিল তামাদি আইনে খারিজ হওয়াকে কেন্দ্র করে সরকারি স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনের প্রশ্ন সামনে এসেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো ২৯ অক্টোবর ২০২৬ তারিখের সরকারি পত্রে মামলার ধারাবাহিকতা, আপিল খারিজের কারণ এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

 

সরকারি নথিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের ৮০৯/২০২১ নম্বর মামলায় সম্পত্তি অবমুক্তির পক্ষে রায় ও ডিক্রি হওয়ার পর সরকারপক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে ৯৯/২০২৫ নম্বর আপিল মামলা দায়ের করা হয়। কিন্তু ২০২৬ সালের ২৬ জানুয়ারি আপিলটি তামাদি আইনে খারিজ হয়ে যায়। জেলা প্রশাসকের চিঠিতে এ পরিস্থিতিতে সরকারি স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তালার পুটিয়াখালী মৌজার সম্পত্তি নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া:

জেলা প্রশাসকের কার্যালয়ের পত্রে বলা হয়েছে, সাতক্ষীরার তালা উপজেলার পুটিয়াখালী মৌজার এসএ ২৩ নম্বর খতিয়ানভুক্ত এবং এসএ ৬৮৯ নম্বর দাগের সম্পত্তি অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকা থেকে অবমুক্ত করার দাবিতে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে তালা উপজেলার বড়কাশিপুর এলাকার মৃত হরেন্দ্র নাথের ছেলে দিগেন্দ্র নাথ মজুমদারকে।

 

নথিতে উল্লেখ রয়েছে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের ৮০৯/২০২১ নম্বর মামলায় ২০২৩ সালের ১৮ এপ্রিল রায় এবং ২৪ এপ্রিল ডিক্রি প্রদান করা হয়। ওই রায় ও ডিক্রির বিরুদ্ধে সরকারপক্ষ থেকে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে ৯৯/২০২৫ নম্বর আপিল মামলা দায়ের করা হয়।

 

তবে আপিল দায়েরের পর মামলাটির নিষ্পত্তি সরকারের অনুকূলে হয়নি। ২০২৬ সালের ২৬ জানুয়ারির আদেশে আপিলটি তামাদি আইনে খারিজ হয়ে যায়। ফলে সম্পত্তি-সংক্রান্ত মামলায় সরকারের স্বার্থ সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

শুনানি ও তামাদি খণ্ডনের আবেদন নিয়ে গুরুতর প্রশ্ন:

জেলা প্রশাসকের পত্রে আপিল মামলার কার্যক্রম পর্যালোচনার প্রসঙ্গে বলা হয়েছে, আপিলকারীপক্ষের আইনজীবী শুনানি করেননি এবং তামাদি খণ্ডনের জন্য কোনো আবেদনও করেননি। নথিতে আদালতের আদেশের বরাতে এসব বিষয় উল্লেখ করে আপিল খারিজ হওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে।

 

সাধারণভাবে, নির্ধারিত আইনগত সময়সীমা অতিক্রম করে মামলা বা আপিল দায়ের করা হলে তামাদি আইনের প্রশ্ন ওঠে। যথাযথ ক্ষেত্রে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তামাদি খণ্ডনের আবেদন করা যায়। কিন্তু সংশ্লিষ্ট মামলায় এমন আবেদন না করার বিষয়টি জেলা প্রশাসকের চিঠিতে বিশেষভাবে উঠে এসেছে।

 

সরকারি সম্পত্তি-সংশ্লিষ্ট মামলায় রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়োজিত আইনজীবীদের ওপর বর্তায়। সে ক্ষেত্রে আপিলের শুনানি এবং প্রয়োজনীয় আইনগত আবেদন যথাসময়ে করা হয়েছিল কি না, তা গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকের পত্রে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে মামলাটি পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালনের বিষয়টি পর্যালোচনার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ:

জেলা প্রশাসক স্বাক্ষরিত পত্রে সংশ্লিষ্ট বিষয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে। পত্রের সঙ্গে মামলার বিবরণ ও সংশ্লিষ্ট নথির উল্লেখ রয়েছে। এর মাধ্যমে আপিল খারিজের ঘটনায় দায়িত্ব নিরূপণ এবং সরকারি স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় আনা হয়েছে।

 

তবে জেলা প্রশাসকের চিঠিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে কোনো বিভাগীয় বা আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, সে বিষয়ে নথিতে তথ্য নেই। একইভাবে, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের তথ্যও এই পত্রে উল্লেখ করা হয়নি।

 

সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় সময়সীমা, শুনানি এবং প্রয়োজনীয় আবেদন যথাযথভাবে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দায়িত্ব নির্ধারণ এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হলে সরকারি স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

 

এদিকে অভিযুক্ত আইনজীবী উপরোক্ত অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে লিখিত মতামত দেন। মতামতে তিনি জানিয়েছেন, অর্পিত সম্পত্তির মামলা নম্বর ৮০৯/১২ মামলার রায় ১৮/৪/২৩ ও ডিগ্রী ২৪/৪/২৩ তারিখ সরকার পক্ষে আইনজীবী এডভোকেট প্রবীর কুমার কান্তি ভি পি মামলার আপীলের ক্ষেত্রে ভিপি আইনের ১৮ ধারা ৪ উপ ২ ধারায় বলা আছে রায় প্রকাশের ৪৫ দিনের মধ্যে আপিল করতে হবে। সেক্ষেত্রে তামাদি আইনে ৫ ধারা কোনভাবে প্রযোজ্য নয়। আমি যোগদান করিয়াছি ৪/৫/২৫ তারিখে। যোগদানের পর তৎকালীন এডিসি রাজস্ব মইনুল স্যার তার কথা অনুযায়ী আপীল ৯৯/২৫ মামলাটি করা হয়। এর জন্য দায়ী এডভোকেট প্রবীর কুমার কান্তি। তার বিরুদ্ধে কোন কিছু বলা হয়নি। আমাকে কোন কিছু জানানো হয়নি। নোটিশ করা হয়নি।

সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেফতার করেছে এসআরবি-৬। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরের  কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুজাইফা সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রানী সম্পদ অধিদপ্তরের মুল ফটকের সামনে  রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। আসামিরা দোকানদার রবিউলের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে তার প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান প্রতিবাদ জানান। এর জেরে আসামিরা বাপ্পীকে মারধর ও ইট দিয়ে মাথায় গুরুতর জখম করে। এ সময় বাপ্পীকে রক্ষা করতে তার ছোট ভাই  জাকারিয়া খাঁন এগিয়ে গেলে আসামিরা ধারালো চাকু দিয়ে তার বাম বুকে আঘাত করে মারাত্মক জখম করে।
পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাতক্ষীরা এসআরবি-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। পদ্মশাখরা বিওপির অভিযানে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। স্থানটি সীমান্তের মূল পিলার ১ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। স্থানটি সীমান্ত পিলার ১৩/৩-এসের ৩ নম্বর আরবি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
এ ছাড়া বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাপালিপাড়া থেকে মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৭/৪৩-এসের প্রায় ১০ গজ ভেতরে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সিম কার্ডগুলোর একটি ভারতীয় ও তিনটি বাংলাদেশি।
বিজিবির দাবি, জব্দ করা পণ্য শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

0

মো: মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার এবং এক্সপার্ট যুব সংঘের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আছমাতুল্লাহর সুযোগ্য সন্তান সেলিমুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে (সকাল ৪টার দিকে) স্ট্রোকজনিত কারণে শহরের মাগুরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক এই মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি কুশখালীতে নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সেলিমুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘অগ্রগতি সংস্থা’ এবং ‘এক্সপার্ট যুব সংঘ’ পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।