Home Blog Page 6

বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক

0

জি,এম নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সুন্দরবনের গভীর অরণ্য ও নদ-নদীতে জীবিকার তাগিদে ছুটে চলা অসহায় জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানা সাতক্ষীরায় আটক হয়েছেন। এক জেলে তাকে শনাক্ত করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা পুলিশের হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় জিম্মি থাকার পর দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি মুক্তি পান। এ ঘটনার পর থেকে সুন্দরবননির্ভর জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। জীবিকার তাগিদে বনের নদী-খালে যেতে হলেও অজানা আশঙ্কা তাঁদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছিল। এরই ধারাবাহিকতায় আজ সাতক্ষীরায় মিরাজুলের সামনে শাহিনুর সানা উপস্থিত হলে তিনি তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

 

আটক শাহিনুর সানা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার মাওলা বক্স সানার ছেলে। শাহিনুর সানার আটকের খবর সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদে ছড়িয়ে পড়লে সাধারণ জেলে-বাওয়ালিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়। দীর্ঘদিন ধরে বনদস্যুদের ভয়, জিম্মি হওয়ার আশঙ্কা এবং মুক্তিপণের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল। মাছ ও কাঁকড়া আহরণে বনে গিয়েও অনেককে কাটাতে হতো উৎকণ্ঠার প্রহর।

 

উপকূলের মানুষের প্রত্যাশা, শুধু একজনকে আটক করেই যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান থেমে না যায়। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুতার সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

কারণ, সুন্দরবন কেবল একটি বনাঞ্চল নয়; এটি উপকূলের হাজারো মানুষের জীবন-জীবিকা, বেঁচে থাকার অবলম্বন ও অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সুন্দরবনের প্রতিটি নদী-খালে নিরাপদে বিচরণের অধিকার নিশ্চিত হোক—এটাই উপকূলবাসীর প্রত্যাশা।

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা: পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

0

নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানা প্রজাতির বন্যপ্রাণীর সমাহারে সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এ জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত।

 

প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অনন্য আধার হলেও নানা পরিবেশগত সংকটে ক্রমেই বদলে যাচ্ছে সাতক্ষীরার প্রকৃতি। জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা, নদী-খাল দখল, অপরিকল্পিত চিংড়ি চাষ, বৃক্ষনিধন এবং জলাশয় ভরাটের কারণে জেলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, বন্যপ্রাণী এবং মানুষের জীবন-জীবিকার ওপর।

 

সাতক্ষীরার সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ সুন্দরবন। শ্যামনগরের মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুরসহ উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকা সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বন্য শূকর, বানর, কুমির, উদবিড়ালসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে। রয়েছে অসংখ্য প্রজাতির মাছ, কাঁকড়া, চিংড়ি, পাখি ও জলজ প্রাণী। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, পশুরসহ বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ এ বনের প্রাকৃতিক বৈশিষ্ট্য তৈরি করেছে। সুন্দরবন শুধু বন্যপ্রাণীর আবাসস্থল নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাবর্ম। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসের ক্ষয়ক্ষতি কমাতে বনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

পাশাপাশি বনজ সম্পদ, মাছ, মধু ও কাঁকড়া আহরণের মাধ্যমে বহু মানুষের জীবিকার উৎস হিসেবেও কাজ করছে। সাতক্ষীরার প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে ইছামতী, কপোতাক্ষ, বেতনা, মরিচ্চাপ ও খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদী ওতপ্রোতভাবে জড়িত। একসময় এসব নদীতে দেশীয় মাছের প্রাচুর্য ছিল। নদীর পানি ব্যবহার করে কৃষিকাজ, নৌযান চলাচল ও মৎস্য আহরণ ছিল স্থানীয় মানুষের জীবনের অংশ।

 

কিন্তু বর্তমানে অনেক নদী ও খাল পলি জমে ভরাট, অবৈধ দখল, অপরিকল্পিত বাঁধ, দূষণ এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার মতো সমস্যায় পড়েছে। ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে সাতক্ষীরার ইছামতী, কপোতাক্ষ ও বেতনা নদীর ৩০২ জন অবৈধ দখলদার শনাক্তের তথ্য উঠে এসেছে। নদীর জায়গা দখল করে ঘরবাড়ি, মাছের ঘের, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে। সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালও দীর্ঘদিন ধরে দখল ও দূষণের সমস্যায় আক্রান্ত। খালটি বেতনা ও মরিচ্চাপ নদীর সঙ্গে সংযুক্ত হওয়ায় শহরের পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অনেক। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এখন বড় পরিবেশগত চ্যালেঞ্জ।

 

শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় মাটি ও পানির লবণাক্ততা কৃষি উৎপাদন এবং সুপেয় পানির প্রাপ্যতাকে প্রভাবিত করছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে কৃষি বিভাগের তথ্যের বরাতে জানানো হয়, সাতক্ষীরার প্রায় ১ লাখ ৫৩ হাজার হেক্টর জমি বিভিন্ন মাত্রার লবণাক্ততায় আক্রান্ত। এর মধ্যে চিংড়ি চাষের জমিও রয়েছে। লবণাক্ততার কারণে অনেক এলাকায় ধান, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদন কঠিন হয়ে পড়ছে। মিঠাপানির পুকুর ও জলাশয়ের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দেশীয় মাছ ও জলজ প্রাণীর স্বাভাবিক প্রজনন ও বিচরণক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

 

সাতক্ষীরার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, নদীর নাব্যতা সংকট, খাল ভরাট, অপরিকল্পিত মাছের ঘের এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। ২০২৬ সালের জুলাই মাসে টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জুলাইয়ের ১ তারিখ থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত জেলায় ৪৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ওই সময় প্রায় ৬ হাজার হেক্টর আউশ ধান ও সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার তথ্য জানায় কৃষি বিভাগ।

 

অন্যদিকে আশাশুনি ও শ্যামনগরের বিভিন্ন এলাকায় নদীভাঙন এবং বেড়িবাঁধের ঝুঁকি উপকূলীয় জনপদের জন্য বড় হুমকি হয়ে রয়েছে। বাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করলে বসতবাড়ি, কৃষিজমি, পুকুর ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের বাইরেও সাতক্ষীরার গ্রামীণ পরিবেশে রয়েছে নানা প্রজাতির পাখি, সরীসৃপ, উভচর প্রাণী ও দেশীয় জলজ প্রাণী। পুকুর, বিল, খাল, ধানক্ষেত ও গাছপালা এসব প্রাণীর আবাসস্থল। কিন্তু জলাশয় ভরাট, নির্বিচারে গাছ কাটা, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, প্লাস্টিক বর্জ্য এবং প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হওয়ার কারণে এসব প্রাণীর অস্তিত্ব ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হতে পারে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখি, মাছ, ব্যাঙ, সরীসৃপ ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা প্রয়োজন।

 

উপকূলীয় জেলা হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সাতক্ষীরায় বিশেষভাবে অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, অনিয়মিত বৃষ্টিপাত ও লবণাক্ততা এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

 

২০২৬ সালের ২৭ অক্টোবর প্রকাশিত বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরার প্রায় ১৮ থেকে ২০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষ করে কৃষক, জেলে, দিনমজুর ও উপকূলীয় এলাকার নারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

 

এ পরিস্থিতিতে সুপেয় পানির উৎস সংরক্ষণ, লবণসহিষ্ণু কৃষি, টেকসই বেড়িবাঁধ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত জরুরি। সাতক্ষীরার প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ জন্য— সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে নজরদারি বাড়াতে হবে। ইছামতী, কপোতাক্ষ, বেতনা, মরিচ্চাপ ও খোলপেটুয়াসহ সব নদী-খাল দখলমুক্ত করতে হবে। প্রাণসায়ের খালসহ শহর ও গ্রামের জলাশয় দূষণমুক্ত ও সচল রাখতে হবে।

 

অপরিকল্পিত চিংড়ি ঘেরের কারণে কৃষিজমি ও মিঠাপানির উৎস ক্ষতিগ্রস্ত হওয়া বন্ধ করতে হবে। দেশীয় মাছের প্রজননক্ষেত্র, পাখির আবাসস্থল ও জলাভূমি সংরক্ষণ করতে হবে। উপকূলীয় এলাকায় পরিকল্পিত বনায়ন ও সামাজিক বনায়ন বাড়াতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

 

সাতক্ষীরার প্রকৃতি শুধু সৌন্দর্যের বিষয় নয়; এ জেলার মানুষের খাদ্য, অর্থনীতি, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। সুন্দরবন, নদ-নদী, খাল-বিল, কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষা করা না গেলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে পুরো জনপদের ওপর। পরিবেশ সংরক্ষণে প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, কৃষি ও মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। উন্নয়নের নামে প্রকৃতির ক্ষতি নয়, বরং প্রকৃতিকে রক্ষা করেই উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

 

কারণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করা গেলে নিরাপদ থাকবে সাতক্ষীরার পরিবেশ, সুরক্ষিত হবে মানুষের জীবন-জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে এই জনপদের প্রাকৃতিক ঐতিহ্য।

কলারোয়ায় পাটগুদামে আগুন: পুড়লো ৬৫লাখ টাকার পাট

0
কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গ্রামীণ ব্যাংক অফিসসংলগ্ন পাটগুদামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক বিএনপি নেতা গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে এসে গুদাম খুলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন পুরা গুদামঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কলারোয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  রাত ১১ টা ৫৫ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
 গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, আমার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই এটি নিশ্চিতভাবেই একটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ। আগুনে গুদামে থাকা প্রায় ১৩ শ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দ্রুত বিচার দাবি করেছেন।

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে সমাবেশ

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।  অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সদর থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,  তদন্ত ইন্সপেক্টর জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এডমিন- গৌরাঙ্গ পাল।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন,  সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিএম আলতাফ হোসেন সহ শিক্ষক, ছাত্র,ও অভিভাবকরা।
​অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

পায়ু পথে মিলল দেড় কোটি টাকার স্বর্ণের বার, ভারতীয় নাগরিক আটক

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ  ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জহির শাহ গোলাম হোসেন ভারতে মুম্বাই শহরের বাসিন্দা। আজ সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিজিবি।
সাতক্ষীরা -৩৩ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য  হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে তাঁর মলদ্বারের ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটে স্বর্ণের বার  উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৮১৩. ৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫

0

জি এম মুজিবুর রহমান, থেকে: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশসহ ৫ আসামীকে করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন এবং ওয়ারেন্ট ভূক্ত আসামী ৩ জন। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

থানাসুত্রে জানা গেছে, আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ ও শ্বেতপুর গ্রামের আঃ গফুর সরদারের ছেলে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম,মী ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে সাইফুল গাজী, বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে আবু রাশেদ গাজী ও উত্তর গোদাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ছবেদ আলী গাজীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দেবহাটায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: দেবহাটায় ৩০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুই নভেম্বর ভোরে চরশ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

দেবহাটা থানার এসআই মো. বেলায়েত হোসেন জানান,পল্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

.গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা হবে: রাশেদ প্রধান

0

নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান। আজ সোমবার (২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের জামতলা এলাকায় লংমার্চ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ,‘লংমার্চ শেষ করে খুলনা বিভাগের ১০টি জেলা সফর করছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে তৃণমূলের মানুষের মতামত নেয়া জরুরি। প্রথম লংমার্চের তুলনায় পরবর্তী লংমার্চগুলো আরও সফল হয়েছে। সর্বশেষ খুলনা-কুষ্টিয়া লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের কণ্ঠে বারবার একদফা আন্দোলনের দাবি শোনা গেছে।

রাশেদ প্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেও তারা গণভোট আগে আয়োজনের দাবি জানিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে কোনো নির্বাচন আয়োজনের আগে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকারের কার্যক্রমে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামীতে সিলেটে লংমার্চ এবং পরবর্তী সময়ে ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।’

সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে একদফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনের উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে গণভোটের রায় মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে । অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া উচিত নয়।

মতবিনিময় সভা শেষে তিনি সাতক্ষীরাবাসীকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

0

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।