মাসুদ রানা:সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের আয়োজনে ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আলামিন ট্রাস্টের ছাত্রশিবির অফিসে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নববর্ষের প্রকাশনাগুলোর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশনা সামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে—বড় এক পাতা ক্যালেন্ডার, ছোট এক পাতা ক্যালেন্ডার, বড় ইংরেজি ডায়েরি, বড় বাংলা ডায়েরি, মাঝারি ডায়েরি এবং পকেট ডায়েরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ,ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন বছরকে স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক ও মানসম্মত প্রকাশনা ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট রয়েছে। উক্ত প্রকাশনাগুলো সাধারণ শিক্ষার্থী ও জনমানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন
কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সাগর আলী (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর কাহারপাড়ার সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের সওকাত গাইনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী হাজী আফসার উদ্দিন গাইন জানান, সোমবার সকালে সাগর আলী ইজিবাইক নিয়ে সোনার মোড় মৎস্য আড়ত থেকে আসার পথে বংশীপুর কাহারপাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।
সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মো. মোকাররাম বিল্লাহ ইমন: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় সাতক্ষীরা পাকাপোলের ওপর এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুর আলম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি আজও তাদের ক্ষুধার্ত হায়নার রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, “একজন মুসলমান কীভাবে আরেকজন মুসলমানের দাফন ও জানাজায় বাঁধা দিতে পারে? তারা নিজেদের মুসলিম দাবি করলেও তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। ৭১-এর এই পরাজিত শক্তি শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তারা ইতিপূর্বে দেশের শতাধিক মাজার ভেঙে চুরমার করেছে। এমনকি দাফন সম্পন্ন হওয়ার পর কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে।” তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, এ দেশ রাজাকারের নয়, এ দেশ বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তাদের।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ডেইলি স্টার নিজস্ব প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ, রফিকুল ইসলাম, গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, জাসদ নেতা হেলালু রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আশিকি এলাহি, সিপিপি নেতা আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীল, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির এ ধরনের অপতৎপরতা বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী নজরুল
ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার এ তথ্য নিশ্চিত করেন। আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান, মিজানুর রহমানসহ অনেকেই তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর এমপি নজরুলের প্রথম স্ত্রী মাকসুদার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার একটি আদালত। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা: নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট
কিশোর কুমার: সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বছরজুড়েই অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালিত হলেও শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। বাজারের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়ক ও ফুটপাত পর্যন্ত মহেন্দ্র, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান এবং ব্যবসায়ীদের পণ্য সামগ্রীতে দখল হয়ে আছে। নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল, যত্রতত্র পার্কিং ও সড়ক দখলের কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতা, পথচারী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, ডে-নাইট কলেজ এলাকা থেকে বড় বাজারের কাঁচাবাজারে প্রবেশের মুখেই সড়কের ওপর কয়েকটি ভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যানে মালামাল ওঠানো-নামানোর কাজ চলছে। বাজারের ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, ফুটপাতের বড় একটি অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন অনেকে। কারও কারও নিজস্ব দোকান থাকলেও অতিরিক্ত মুনাফার আশায় দোকানের সামনের সড়ক ও ফুটপাত জুড়ে পণ্যসামগ্রী সাজিয়ে ব্যবসা করছেন। ফলে পথচারীদের চলাচলের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে।
আরও সামনে মুদিদোকান এলাকায় দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান। এতে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। মাছবাজার এলাকায় গিয়ে দেখা যায়, একাধিক ইঞ্জিনচালিত ভ্যান সড়কের ওপর দাঁড় করিয়ে মাছ বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বাজারের ভেতরে স্বাভাবিক চলাচলের পরিবেশ ব্যাহত হচ্ছে। এদিকে বড় বাজারের প্রবেশপথে রাস্তার প্রায় অর্ধেক দখল করে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মহেন্দ্র ও ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।
বেসিক ব্যাংকের সামনের অংশ থেকে বড় বাজারের প্রবেশমুখ পর্যন্ত এসব যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় বাজারে প্রবেশের মুখেই ভ্যান ইজি বাইক থামিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ, প্রতিদিন বাইরে থেকে অনেক অপরিচিত ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত যানবাহন বাজারে প্রবেশ করে। বাজারের অভ্যন্তরীণ চলাচলের নিয়ম সম্পর্কে তাদের ধারণা না থাকায় এবং যেখানে-সেখানে যানবাহন দাঁড় করানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তবে বাজারের ভেতরে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
বাজারে আসা ভুক্তভোগী ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, আমি নিয়মিত এ বাজার থেকে কেনাকাটা করি কিন্তু সকাল ১০টার পর বাজারে প্রবেশ করাই কঠিন হয়ে পড়ে। ইজিবাইক, ভ্যান, ইঞ্জিনভ্যান ও ভটভটিতে বাজারের রাস্তা এমনভাবে দখল হয়ে থাকে যে প্রবেশ করা এবং বের হওয়া রীতিমতো যুদ্ধের মতো। অথচ এ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় আব্দুর রহিম, আমিনুল ইসলাম ও মমিনুল ইসলামসহ কয়েকজন ক্রেতা যানজট ও ফুটপাত দখলের কারণে ভোগান্তির কথা জানান। তাঁদের মতে, পাইকারি ও খুচরা পণ্য কিনতে এসে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় তাদের । অনেক সময় স্বল্প দূরত্ব অতিক্রম করতেও অতিরিক্ত সময় লেগে যাচ্ছে যার ফলে বাজারে স্বাভাবিক কেনাকাটার পরিবেশ ব্যাহত হচ্ছে।
এছাড়া, সাতক্ষীরা বড় বাজারে বর্তমানে মুদিব্যবসায়ী সমিতি, মাছ ব্যবসায়ী সমিতি ও কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি নামে তিনটি সংগঠন রয়েছে। কিন্তু এতগুলো সংগঠন থাকার পরও বাজারের অভ্যন্তরীণ শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত রাখা ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থার অভাব রয়েছে বলে অভিযোগ তাঁদের।
সূত্র জানায়, সাতক্ষীরা বড় বাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে পাইকারি ও খুচরা দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। ফলে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করতে আসেন। কিন্তু দীর্ঘদিনের যানজট, অবৈধ পার্কিং এবং ব্যবসায়ীদের ফুটপাত ও সড়ক দখলের কারণে তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একই সঙ্গে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী বলেন, বাজারে প্রচণ্ড যানজট হয়। আমরা সব সময় এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের অনেক সদস্য রয়েছেন। তাঁদের নিয়ে বাজারের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বলেন, ইতোমধ্যে যারা ফুটপাত দখল করে রেখেছেন, তাদের ৫ থেকে ৭ বার ফুটপাত থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা পুনরায় আবারো ফুটপাত দখল করে বসছেন। বিষয়টি নিয়ে বড় বাজারের সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুতই অবৈধভাবে ফুটপাত দখল করে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শহরের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চললেও সাতক্ষীরা বড় বাজারের প্রবেশপথ ও অভ্যন্তরীণ সড়কের দীর্ঘদিনের এই সমস্যা কেন সমাধান হচ্ছে না? এর পেছনে কোনো প্রভাবশালী মহলের প্রভাব রয়েছে কি না, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা জেলা প্রশাসন, পৌরসভা, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট বাজার সমিতির প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাঁদের দাবি, বাজারের প্রবেশপথ ও অভ্যন্তরীণ সড়ক দখলমুক্ত করা, ব্যবসায়ীদের ফুটপাত ও সড়কে পণ্যসামগ্রী রাখা বন্ধ করা, নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা, মালামাল ওঠানো-নামানোর সময় ও স্থান নির্ধারণ এবং ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানান তারা।
পারুলিয়ায় ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত’র অভিযোগ
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া বাজারে রাফি খেলাঘরের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী মো. মিনহাজুল আবেদীনকে দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রতিপক্ষ বন্ধু খেলাঘরের মালিক মাসুম বিল্লাহসহ কয়েকজন ব্যক্তি তার দোকানে প্রবেশ করেন। এ সময় কোনো নিয়মনীতি বা তোয়াক্কা না করে তাকে জোরপূর্বক মারপিট করা হয় এবং টেনে হিঁচড়ে দোকান থেকে বাইরে বের করে নেওয়া হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে তাকে আবারও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা বাজার পরিচালনা কমিটির কোনো পদধারী বা সদস্য নন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আবেদনে ভুক্তভোগী মিনহাজুল আবেদীন বলেন, ‘আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ভুলত্রুটি থাকত, তবে তা নিয়মমাফিক বাজার কমিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানানো যেত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে গায়ে হাত তোলা, অপমান ও শারীরিক লাঞ্ছনা করার কোনো অধিকার কারও নেই।’ একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে তিনি বাজারে নিরাপদ ও সম্মানজনক পরিবেশের সঙ্গে ব্যবসা করার অধিকার রাখেন বলে জানান।
এ বিষয়ে পারুলিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। একই সঙ্গে ভবিষ্যতে যেন বাজারের কোনো ব্যবসায়ী এ ধরনের হয়রানি ও অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাস মালিক-শ্রমিক সংগঠনের সদস্য ও স্থানীয় জনসাধারণ। রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক শ্রমিক অংশ নেন বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়ালম্যান, নাইট গার্ড, কুলি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ও অংশগ্রহণকারীরা কালিগঞ্জ বাস টার্মিনাল পুনর্বহালের দাবি জানান। তাঁদের মতে, বাস টার্মিনালকে কেন্দ্র করে পরিবহন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। তাই সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে বাস টার্মিনাল পুনর্বহালের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা-শ্যামনগর ও মুন্সিগঞ্জ রুটের নতুন প্রায় ৩৫ টি বাস চালু হওয়ার ফলে সাধারণ জনসাধারণ উপকৃত হয়েছে। কিন্তু কালিগঞ্জ বাস টার্মিনাল কেন্দ্রীক দালালরা এখন আর সুবিধা করতে না পারায় তার বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেশবপুরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার: হত্যার রহস্য ঘিরে চাঞ্চল্য
শেখ মোস্তফা কামাল: যশোরের কেশবপুরে নির্জন মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে তাঁদের হত্যার শিকার হওয়ার বিষয়টি সামনে এলেও কারা, কী কারণে এবং কীভাবে তাঁদের হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন, কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী কপির চারা রোপণ করতে মাঠে যান। এ সময় কুদ্দুসের সেচ বোরিং ও ধানক্ষেতের পাশের এলাকায় এক নারী ও এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এমন দৃশ্য দেখে তিনি তাঁর ভাতিজা শহীদকে বিষয়টি জানান।
পরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদ আলী ও গ্রাম পুলিশ সিরাজুল ইসলামকে অবহিত করা হয়। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর পুলিশ তাঁদের পরিচয় শনাক্ত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কেশবপুর থানা পুলিশ, যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তাঁরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, পিবিআই কর্মকর্তা দেবব্রত হরিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্তে অংশ নেন। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
একই গ্রামের স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ মাঠ থেকে উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা কীভাবে সেখানে পৌঁছালেন, কখন তাঁদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না—এসব বিষয় এখনো স্পষ্ট নয়।
তবে এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ভারতীয় শাড়ি, বোরকা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজারমূল্য ২ লাখ ৪২ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৪/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিনদাড়ি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে। একই সীমান্ত পিলারের ৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে মাদরা বিওপির টহল দল।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আয়সার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে। জব্দ করা ইয়াবার সিজারমূল্য ৩ হাজার টাকা। সব মিলিয়ে চারটি অভিযানে ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।









