Home Blog Page 5

স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

0

আজাদুর রহমান খান চৌধুরী পলাশ: স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর স্কটল্যান্ডের এডিনবরার একটি স্থানীয় হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ পার্থ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান মীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জি এম মাজেদুর রহমান, সহসভাপতি রাজন চৌধুরী ও মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জালাল মোড়ল, মমিনুর রহমান, জালাল আহমেদ, পার্থ, বনিক ও অমিসহ সংগঠনের নেতারা।

বক্তারা জাতীয় চার নেতার রাজনৈতিক অবদান ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

আলোচনা শেষে জাতীয় চার নেতা ও সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী, পুরুষ, শিশু ও কিশোরের উপস্থিতি ছিল। প্রবাসে থেকেও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি স্মরণে এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

0

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড। মাথা গোঁজার ঠাঁই বলতে খড়, গোলপাতা ও মরিচা ধরা পুরোনো টিনের তৈরি একটি জরাজীর্ণ ঘর। বৃষ্টি হলেই ছাউনি চুঁইয়ে পানি পড়ে। সেই ঘরেই স্বামীকে নিয়ে মানবেতর জীবন কাটছে ছকিনা খাতুন ও শামছুর রহমানের। তাঁর স্বামী শামছুর রহমান গাজীও পাননি বয়স্ক ভাতার কার্ড। স্বামীর ভিক্ষার টাকায় কোনো রকমে চলে তাঁদের সংসার। এমন অসহায় অবস্থায় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য ৩ হাজার টাকা দাবির অভিযোগ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম সরদারের বিরুদ্ধে।

ছকিনা খাতুন ও শামছুর রহমানের বাড়ি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে। তাঁর অভিযোগ, বয়স্ক ভাতার কার্ডের জন্য তিনি একাধিকবার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সরদারের কাছে গিয়েছেন। অনলাইনে আবেদন করার কথা বলে ওই সদস্য তাঁর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ২০০ টাকা নেন। পরে কার্ড করে দেওয়ার জন্য আরও ৩ হাজার টাকা দাবি করেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরদার।

ছকিনা খাতুন বলেন, টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে ইউপি সদস্য তাঁকে বলেন, “আমি কি জমি বিক্রি করে তোমার কার্ড করে দেব? তিন হাজার টাকা লাগবে, না হলে কাগজপত্র নিয়ে যাও।” তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম সরদার বলেন, “কার্ড করে দেওয়ার জন্য আমি তাঁর কাছে টাকা চাইনি। অনলাইনে করার খরচের জন্য টাকা নিয়েছিলাম।”

এ বিষয়ে প্রতিবেদককে কিছু জানাতে তিনি বাধ্য নন বলেও মন্তব্য করেন। ছকিনা খাতুন বলেন তাঁর স্বামী মো. শামছুর রহমান গাজী এলাকায় ভিক্ষা করে যা পান, তা দিয়েই দুজনের সংসার চলে। নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করতেও তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি ভাতার কার্ডের জন্য টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি আরো বলেন, “আমার বয়স ৬৯ বছর। আমি গরিব মানুষ, থাকার মতো একটি ভাল ঘরও নেই। স্বামী ভিক্ষা করে যা পান, তা দিয়ে সংসার চলে না। কার্ড করার জন্য টাকা কোথায় পাব?” স্থানীয় বাসিন্দা মো. হযরত আলী বলেন, ছকিনা খাতুন ও শামছুর রহমান অত্যন্ত অসহায় ও দরিদ্র। ভাঙা ঘরে বসবাস করেন। বর্ষা এলেই ঘরের ভেতরে পানি পড়ে। স্বামীর ভিক্ষার টাকায় কোনো রকমে তাঁদের দিন কাটে। এই বয়সে তাঁর একটি বয়স্ক ভাতার কার্ড ও নিরাপদ বাসস্থান প্রয়োজন।

স্থানীয় আরেক বাসিন্দা মো. নুরুজ্জামান গাজী বলেন, ৬৯ বছর বয়সেও ছকিনা খাতুন ও শামছুর রহমান সরকারি বয়স্ক ভাতার কার্ড পাননি। তাঁর বসবাসের ঘরটিও অত্যন্ত নাজুক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আর্থিক অবস্থা যাচাই করে সরকারি ভাতা ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন।

এলাকাবাসীরা বলেন, ছকিনা খাতুন ও শামছুর রহমানের বসবাসের ঘরটির জরাজীর্ণ অবস্থা। খড় ও গোলপাতার ছাউনির ওপর বসানো কয়েকটি পুরোনো টিনও নষ্ট হয়ে গেছে। ঘরের বেড়া গোলপাতার তৈরি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে। ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার মতো পর্যাপ্ত ব্যবস্থাও নেই। এমন ঝুঁকিপূর্ণ ঘরেই স্বামীকে নিয়ে দিন কাটছে তাঁর। স্বামীর ভিক্ষার টাকায় অত্যন্ত কষ্টে সংসার চলে তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাদের একটি ঘর ও বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন।

ছকিনা খাতুনের দাবি, জীবনের শেষ সময়টুকু অন্তত নিরাপদ ঘরে কাটাতে চান তিনি। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রাপ্য সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তাঁর আর্থিক অবস্থা যাচাই করে বয়স্ক ভাতার যোগ্যতা নির্ধারণ এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার জন্য শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা বিভাগ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ চান তিনি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উনার প্রয়োজনীয় কাগজপত্র আমার কার্যালয়ে জমা দিলে বয়স্ক ভাতার কার্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ওনাকে আমার কার্যালয় বরাবর একটি লিখিত আবেদন করতে বলুন। সরকারি নীতিমালার আওতায় ওনাকে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করার ব্যবস্থা করব।

শিবপুর ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বাড়ছে আলোচনা

0

মোঃ ইকবাল হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম সামনে এসেছে।

তাঁদের মধ্যে রয়েছেন পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারবারের নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন এবং তাজমুজ্জামান।

সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও এলাকার উন্নয়নে ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা। তবে এখনো নির্বাচনের চূড়ান্ত প্রেক্ষাপট তৈরি না হওয়ায় কে শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ই বলে দেবে।

পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস: শিবপুর ইউনিয়নের সাবেক পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাসকে ঘিরে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। গত নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। এবার তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় তাঁকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ: বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়টি আলোচনায় উঠে আসছে। এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

২৩ বছরের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতায় মোঃ শফিকুল ইসলাম: সম্ভাব্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শিবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৩ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি চারবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিন বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ এই সময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতার কারণে তাঁকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রাখছেন স্থানীয়রা।

দলীয় মনোনয়নে আলোচনায় মাওলানা শাহাদাত হোসাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইনও সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী আলোচনায় রয়েছেন। দলীয় মনোনয়ন ও তাঁর রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তাঁকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় তাজমুজ্জামান তাজু: এছাড়া তাজমুজ্জামানকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন স্থানীয় অনেকে। তাঁর নির্বাচনী অবস্থান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা চলছে।

শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখবেন ভোটাররা?: সব মিলিয়ে শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আগাম নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।

একদিকে রয়েছে দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, অন্যদিকে রয়েছে বর্তমান দায়িত্ব পালন ও উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন এবং দলীয় রাজনৈতিক অবস্থান। তবে নির্বাচনে কে এগিয়ে থাকবেন, তা এখনই নির্ধারণ করার সুযোগ নেই। প্রার্থীদের যোগ্যতা, অতীতের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবার প্রতিশ্রুতি বিবেচনা করেই ভোটাররা তাঁদের সিদ্ধান্ত নেবেন—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

নির্বাচনকে ঘিরে শিবপুর ইউনিয়নের মানুষের প্রত্যাশা—ব্যক্তি বা দল নয়, এলাকার উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা এবং জনকল্যাণই হোক আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়।

কেশবপুরে খাদ্যসংকটে কালোমুখো হনুমান: সঠিক গণনা ও পর্যাপ্ত বরাদ্দের দাবি

0

শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: যশোরের কেশবপুরের ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমানের সংখ্যা সম্প্রতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সেই তুলনায় সরকারি খাদ্য সরবরাহ না বাড়ায় তীব্র খাদ্যসংকটে পড়েছে প্রাণীগুলো। ক্ষুধা মেটাতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে হনুমান, আর খাদ্যের খোঁজে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মানুষের কাছে চিকিৎসার আকুতি জানাচ্ছে।

এ অবস্থায় অবিলম্বে বৈজ্ঞানিক উপায়ে হনুমান গণনা করে পর্যাপ্ত খাদ্য সরবরাহের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা। কেশবপুরের এই ঐতিহ্যবাহী কালোমুখো হনুমান দেখতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমান। তবে খাদ্যের তীব্র অভাবে এই আকর্ষণীয় প্রজাতিটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বন বিভাগ ও স্থানীয়দের ধারণা, বর্তমানে কেশবপুর ও পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় চার শতাধিক হনুমান বিচরণ করছে, যা গত বছর ছিল ২৫০ থেকে ৩০০টি। আনুষ্ঠানিকভাবে কোনো গণনা না হওয়ায় সঠিক সংখ্যা এখনও অজানা। কেশবপুর ও মণিরামপুর উপজেলার অন্তত ১২টি স্থানে এদের বিচরণ বেশি দেখা যাচ্ছে।

বর্তমানে সরকারিভাবে প্রতিদিন হনুমানগুলোর জন্য ৪৭ কেজি ২০০ গ্রাম কলা, ৬ কেজি ৭০০ গ্রাম পাউরুটি, ৭ কেজি ৩৫০ গ্রাম বাদাম এবং ৭ কেজি সবজি বরাদ্দ রয়েছে। কিন্তু চাহিদার তুলনায় এই খাদ্য অতি সামান্য। তার ওপর পরিবহন ও দূরত্বের কারণে প্রতিদিন মাত্র ৫-৬টি স্পটে খাবার পৌঁছানো সম্ভব হয় বলে জানান খাদ্য সরবরাহকারী ভ্যানচালক আতিয়ার রহমান।

তিনি জানান, উপজেলা সদর, হাসপাতাল এলাকা, বালিয়াডাঙ্গা, ক্ষতিয়াখালী, মাগুরাডাঙ্গা ও বাঁকাবর্শী-নতুনহাট ছাড়া অন্য এলাকাগুলোতে নিয়মিত খাবার পৌঁছায় না। অতীত থেকে কেশবপুরের ভোগতী, বালিয়াডাঙ্গা, মধ্যকুল, ক্ষতিয়াখালী, সুজাপুর, ব্রহ্মকাটি, আলতাপোল, বায়সা, রামচন্দ্রপুর, মাগুরাডাঙ্গা এবং মণিরামপুর উপজেলার মুজগুন্নী ও দুর্গাপুর এলাকায় হনুমান বিচরণ করে আসছে। কিন্তু সম্প্রতি বনজ সম্পদ ও ফলদ গাছ কমে যাওয়ায় বাধ্য হয়ে এরা ছড়িয়ে পড়ছে লোকালয়ে ও আশেপাশের এলাকায়। খাদ্যের খোঁজে ঘুরতে গিয়ে প্রায়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে কিংবা সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছে হনুমান।

কেশবপুর শহরের সাহাপাড়ার দোকানদার বিশ্বজিৎ বলেন, “ইদানীং হনুমানের সংখ্যা অনেক বেড়েছে। পর্যাপ্ত খাবার না পেয়ে ওরা দোকানে ঢুকে বিস্কুট, চিপস বা বাজারের প্যাকেট নিয়ে যাচ্ছে। খাদ্যের অভাবে আহত হনুমানের মানুষের কাছে শরণাপন্ন হওয়ার মানবিক দৃশ্যও দেখা গেছে সম্প্রতি। খাদ্যের সন্ধানে বেরিয়ে আহত হওয়া একটি হনুমান শহরের ত্রিমোহিনী মোড়ে এসে চিকিৎসার আকুতি জানায়। স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে গেলে সেটি তাঁর কাঁধে উঠে বসে। পরে তাঁকে দ্রুত একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, “সম্প্রতি কেশবপুরে হনুমানের সংখ্যা বেড়ে চার শতাধিক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি আনুষ্ঠানিক গণনা সম্পন্ন হলে এদের সঠিক সংখ্যা নির্ধারণ ও সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানান, উপজেলার বিভিন্ন জায়গায় হনুমান ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে এসেছে। গবেষণা দল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এদের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল মনে করেন, যশোরের এই অনন্য ঐতিহ্য টিকিয়ে রাখতে দ্রুত সঠিক হনুমান গণনা এবং পর্যাপ্ত সরকারি খাদ্য বরাদ্দ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধনে ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান পত্রিকাটির নির্বাহী সম্পাদক ডা. মহীদার রহমান এবং প্রকাশক ও সম্পাদক মীর আবু বকরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় মেহেদী হাসান বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ এলাকার অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে পত্রিকাটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন।

এ সময় তিনি আরও বলেন,গণমাধ্যম সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এ সংবাদপত্র বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী, মিডিয়া সম্পাদক মো: মাসুদ রানা, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় শুভেচ্ছা বিনিময়কালে ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর নির্বাহী সম্পাদক ডা. মহীদার রহমান ও প্রকাশক-সম্পাদক মীর আবু বকর উপস্থিত ছাত্রশিবির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাতক্ষীরার মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

নতুন এ পত্রিকার পথচলা সত্য, ন্যায় ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা

0

# স্বর্ণপাচারে আটক হয় পাচিংম্যান, মালিকরা থাকে অধরা

 

#এপারে-ওপারে সম্পদ গড়েছে বলাই দে

 

# শহরের নাজমুল স্বরনীতে বলাইদে’র ৫ তলা আলিশান মার্কেট, পুরাতন সাতক্ষীরায় মার্কেট, মুন্সিপাড়ায় ৪ তলা আলীশান বাড়ী।

 

বিশেষ প্রতিবেদক: স্বর্ণ ব্যবসার আড়ালে স্বর্ণপাচার সহ হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলাই সিন্ডিকেট। ঘাটে-ঘাটে অর্থকড়ি খরচ করে বছরের পর বছর অবৈধ এ ব্যবসা চালিয়ে প্রাসাদোপম মার্কেট ও বাড়ী সহ ওপারে গড়েছে অট্টালিকা। কারিগর থেকে নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর মালিক বনে যাওয়া বলাই সিন্ডিকেট্রে অবৈধ ব্যবসার অন্তরালে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

অনুসন্ধ্যানে জানা যায়, ফরিদপুর থেকে ৯৫ সালে শহরের পাকাপুল সড়কের ঐতিহ্যবাহী দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর কারিগর হিসেবে যোগ দেন বলাই। দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর মালিক দুলাল চন্দ্র দে’র নিকট থেকে দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স কিনে নেয় ফরিদপুরের বলাই। নাম পাল্টে রাখা হয় নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স। এরপর বলাইকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

শহরের প্রাণকেন্দ্রে নাজমুল স্বরণীতে অত্যাধুনিক ৫তলা মার্কেট। মুন্সিপাড়ায় প্রাসাদোসম ৪তলা বাড়ী, পুরাতন সাতক্ষীরায় জমি সহ মার্কেট এর মালিক বনে গেছে এককালের স্বর্ণের কারিগর বলাই দে। এছাড়াও ভারতের পারে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাড়ী-গাড়ী বানিয়েছে বলাই দে। প্রায়ই সময় তাকে ভারতে যেতে দেখা যায়। তার এ অবৈধ স্বর্ণের ও হুন্ডির ব্যবসা টিকিয়ে রাখতে ভারত-বাংলাদেশ করা লাগে।

স্বর্ণপাচার ও হুন্ডির ব্যবসার বলাই দে সিন্ডিকেটের অপর ২ সদস্য হলো সোনারগাঁ জুয়েলার্স’র মত্যুঞ্জয় ও বৈশাখী জুয়েলার্স এর নিত্যানন্দ আমিন।

প্রতিদিনই নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্সের বলাই দে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা ওপারে পাঠায়। মৃত্যুঞ্জয় আঢ্য ও নিত্যানন্দ আমিন জেলা জুড়ে জাল পেতেছে ভারতে টাকা পাচার করার জন্য। এতে তারা কমিশন পায়, বলাই দে’র নিকট থেকে। যারা জমি জমা বিক্রি করে ভারতে পাড়ি জমায় তারা অধিকাংশই বলাই সিন্ডিকেটের স্মরণাপন্ন হয়। সব পর্যায় থেকে টাকা কালেকশন করে মৃত্যুঞ্জন আঢ্য ও নিত্যানন্দ আমিন। পরে তারা বলাই দের কাছে যায় টাকার বস্তা নিয়ে। বলাই দে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পৌছে দেয়। বিনিময়ে মৃত্যুঞ্জয় আঢ্য ও নিত্যানন্দ আমিন নির্দিষ্ট অংশের কমিশন পায়। ভারতে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের ক্ষেত্রে বলাই দে শহরের একাধিক ব্যাংক ব্যবহার করে।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য্য বলাইদের মোবাইলে যোগাযোগ করা হলে তার কর্মচারী ফোন রিসিভ করে জানান, তিনি বাইরে আছেন। তবে বিশ্বস্ত সূত্রের দাবী তিনি দূর্গাপুজার পরপরই ভারত গমণ করেছেন। দ্বিতীয় দফায় নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স -এ গিয়ে কর্মচারীদের সাথে যোগাযোগ করে বলা হয় খবর সংক্রান্ত বিষয়ে বলাই দে’র সাথে জরুরী কথা বলা প্রয়োজন। চাওয়া হয় তাদের সহযোগিতা। কিন্তু এক সপ্তাহ ধরে চেষ্টা করেও তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি।

বৈশাখী জুয়েলার্সের মালিক নিত্যানন্দ আমিন এই প্রতিবেদককে জানান, হুন্ডিসহ কোন অবৈধ ব্যবসায় তিনি জড়িত নন। তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন।

সোনারগাঁ জুয়েলার্স এর স্বত্ত্বাধীকারী মৃত্যুঞ্জয় আঢ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় দাবী করে বলেন, কোন অবৈধ ব্যবসার সাথে তিনি জড়িত নন। তিনি যোগ করে বলেন, কারা হুন্ডির ব্যবসা-স্বর্ণ চোরাচালানের ব্যবসা করে সবই আপনারা জানেন। নতুন দোকান করার ফলে তার ব্যবসা ভালো যাচ্ছে। এতে করে কিছু মানুষ শত্রুতা বশত এসব ছড়াতে পারে। তারা অপপ্রচার চালাচ্ছে।

হুন্ডি ও স্বর্ণপাচারের ক্ষেত্রে বলাই সিন্ডিকেটের যত সব নেটওয়ার্ক: প্রাইভেট, পরিবহন, ট্রাক সহ একাধিক কুরিয়ারের মাধ্যমে বলাই সিন্ডিকেটের স্বর্ণের বার ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে আসে। সেখান থেকে বলাই সিন্ডিকেটের পাচিং ম্যানরা স্বর্ণের বার বহন করে সীমান্ত নদী/খাল পার হয়ে ওপারে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌছে দেয়। প্রায়শই স্বর্ণের বার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও আটক হয় পাচিং ম্যানরা। মালিকরা থেকে যায় অধরা।

স্বর্ণ পাচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু কর্তা ব্যক্তিরা মাসোয়ারা নিয়ে থাকে। ফলে বলাই সিন্ডিকেটেরা থেকে যায় অধরা। পরবর্তী প্রতিবেদন থাকবে বলাই সিন্ডিকেটের স্বর্ণ পাচার-সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। (চলবে…)।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:‘সত্য প্রচারে এগিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং জনমানুষের অধিকার ও প্রত্যাশার কথা জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার নিয়ে পত্রিকাটির এই পথচলা শুরু হলো।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টার পদ্মা হলরুমে এক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকাটির সম্পাদক আবু বক্কর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব। তিনি পত্রিকার লোগো ও সার্বিক উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্পাদক আবু বক্করের নেতৃত্বে এবং বস্তুনিষ্ঠ সম্পাদনায় পত্রিকাটি অচিরেই সাতক্ষীরার এক নম্বর দৈনিকে পরিণত হবে। এরপর তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,“পত্রিকাটি যেন প্রকৃত অর্থে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠে।” তিনি সাতক্ষীরার অপার সম্ভাবনা, মানুষের নিত্যদিনের সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নির্ভয়ে ও সাহসিকতার সাথে তুলে ধরার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষের স্বপ্ন, সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো এই পত্রিকার পাতায় নিখুঁতভাবে ফুটে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্যে বলেন, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক উন্নয়ন তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। দক্ষ ও প্রজ্ঞাবান সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাতক্ষীরার উন্নয়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আলহাজ্ব আব্দুর রউফ বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সাতক্ষীরায় সংবাদকর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সম্পূর্ণ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে জায়গা করে নেবে—এটাই সকলের প্রত্যাশা।

বক্তারা আশা প্রকাশ করেন যে, ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জন করবে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

 

খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট

0

#শ্যামনগরে প্রশাসনের অলিখিত অনুমতিতে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন, আছে কিছু দলীয় লোকের সম্পৃক্ততা- ড. মনিরুজ্জামান

# নওয়াবেঁকীতে বালুর পাহাড়, ভাগ-বাটোয়ারার অভিযোগ শাসক দলের ৪নেতার বিরুদ্ধে।

#নদীভাঙন ও বেড়িবাঁধ বিপর্যয়ের শঙ্কা বিশিষ্টজনদের, বালু উত্তোলন বন্ধের ঘোষণা বিভাগীয় কমিশনারের।

হাবিবুর রহমান, শ্যামনগর থেকে ফিরে: সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের সুরক্ষাকবচ খোলপেটুয়া ও কপোতাক্ষ নদ যেন পরিণত হয়েছে অবৈধ বালু উত্তোলনের অভয়ারণ্যে। রাতের আঁধারে ড্রেজার মেশিন ও বলগেট ব্যবহার করে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে শাসকদলের চক্রের বিরুদ্ধে। উপজেলার শীর্ষ ৪ নেতার সম্পৃক্ততা থাকায় ব্যবস্থা নিতে পারছে না স্থানীয় প্রশাসন।

 

অনুসন্ধানে জানা যায়, উপজেলা যুবদল নেতা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বালু লুট চলছে। উত্তোলিত বালু কার্গোযোগে এনে নওয়াবেঁকী বাজারসংলগ্ন এলাকায় স্তূপ করে রাখা হচ্ছে। সেখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বালু বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনেই দীর্ঘদিন ধরে চলছে এই কর্মকাণ্ড। মাঝেমধ্যে নামমাত্র অভিযান পরিচালিত হলেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। বরং রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রশাসনের কিছু ব্যক্তি ও প্রভাবশালী মহলের মধ্যে অর্থ ভাগ-বাটোয়ারার অভিযোগও করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।

 

স্থানীয়দের আশঙ্কা, এভাবে নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় ভয়াবহ নদীভাঙন দেখা দিতে পারে। বিলীন হতে পারে বসতভিটা, ফসলি জমি ও জনপদ। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে উপকূলীয় বেড়িবাঁধ, যার ওপর নির্ভর করছে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা।

 

যেসব পয়েন্টে চলছে বালু উত্তোলনের অভিযোগ: সরেজমিন অনুসন্ধানে শ্যামনগর উপজেলার একাধিক নদী ও চরাঞ্চলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের চিত্র পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কাশিমাড়ি ইউনিয়নের ঝাপালির চর, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি চর, পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি ও পাতাখালি, গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি চর এবং জেলেখালী এলাকায় খোলপেটুয়া ও কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব স্থান থেকে উত্তোলিত বালু কার্গোযোগে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারসংলগ্ন জামান ইটভাটা এলাকার কাছে নিয়ে আসা হচ্ছে। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ঘেঁষে একাধিক স্থানে বালুর বিশাল স্তূপ তৈরি করা হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখানে প্রায় ৮ থেকে ১০টি স্থানে বালু মজুত করে রাখা হয়েছে। প্রতিদিন এসব স্তূপ থেকে বিভিন্ন স্থানে বালু বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতি ঘনফুট বালু প্রায় ৭ টাকা দরে বিক্রি হয়। প্রভাবশালী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, হাবিবুল্লাহ, জামান, বিল্লাল, সোহেল, মুজিবর, মুছা, রনি ও জনিসহ কয়েকজনের নাম বালু উত্তোলন ও বিপণন কার্যক্রমের সঙ্গে জড়িত হিসেবে উঠে এসেছে। আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা হাবিবুল্লাহ নওয়াবেঁকী বাজারসংলগ্ন এলাকায় বালু বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।

 

অভিযোগকারীদের দাবি, এই কর্মকাণ্ডের নেপথ্যে আরও প্রভাবশালী কয়েকজন ব্যক্তি রয়েছেন। প্রতিদিন বালু বিক্রির বিপুল অর্থ নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন মহলে ভাগ-বাটোয়ারা করা হয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে সংশ্লিষ্ট একটি চক্র রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়েছে। জমি, বাড়ি, বিলাসবহুল গাড়ি ও ব্যাংক ব্যালেন্স গড়ে তোলার কথাও স্থানীয় পর্যায়ে আলোচিত হচ্ছে।

 

বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে বাড়ছে আতঙ্ক: শ্যামনগর বাংলাদেশের অন্যতম নদীবেষ্টিত ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় উপজেলা। এখানকার মানুষের জীবন-জীবিকা নদী, কৃষি, মৎস্যসম্পদ ও বেড়িবাঁধের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশ থেকে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে নদীর পাড় ও বেড়িবাঁধে ভাঙন ও ধসের ঝুঁকি বাড়ছে। প্রতিবছর বেড়িবাঁধ ভাঙনের কারণে হাজার হাজার বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে মাছের ঘের প্লাবিত হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক ও মৎস্যচাষিরা।

 

এদিকে গাবুরা ইউনিয়নে হাজার কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ ও উন্নয়নকাজ চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নদীর কাছাকাছি এলাকায় অপরিকল্পিত বালু উত্তোলন অব্যাহত থাকলে চলমান উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। ভূতাত্ত্বিক ও পরিবেশগত বিবেচনায় নদীর স্বাভাবিক তলদেশের গঠন পরিবর্তিত হলে স্রোতের গতিপথ, নদীর তীরের স্থিতিশীলতা এবং পাড়ের ক্ষয়প্রবণতায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ভাঙনপ্রবণ উপকূলীয় এলাকায় অপরিকল্পিত বালু উত্তোলন দীর্ঘমেয়াদে মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। এর পাশাপাশি লবণাক্ত পানির অনুপ্রবেশ, কৃষিজমির ক্ষয়, মৎস্যসম্পদের ক্ষতি এবং নদীনির্ভর জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব পড়তে পারে সামগ্রিক উপকূলীয় বাস্তুতন্ত্রে।

 

বালুমহাল ইজারা না থাকার পরও কীভাবে চলছে উত্তোলন? অনুসন্ধানে জানা গেছে, বাংলা ১৪৩০ থেকে ১৪৩২ সাল পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বালুমহাল ইজারা দেওয়ার তথ্য রয়েছে। পরবর্তী সময়ে পরিবেশগত ঝুঁকি ও নদীভাঙনের আশঙ্কায় ইজারা বাতিলের বিষয়টিও আলোচনায় এসেছে। চলতি অর্থবছরে সংশ্লিষ্ট নদীগুলোতে বৈধ বালুমহাল ঘোষণা ও ইজারার অনুমোদন না থাকার দাবি করেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে কার অনুমোদনে, কোন শর্তে এবং কীভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সুন্দরবনসংলগ্ন সংবেদনশীল এলাকায় বালু উত্তোলনের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা ও পরিবেশগত বিধিনিষেধের বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

আইন কী বলছে? বাংলাদেশের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং এর সংশোধিত বিধান অনুযায়ী, নির্ধারিত শর্ত ও অনুমোদন ছাড়া বালু বা মাটি উত্তোলন দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী, নিষিদ্ধ বা অনুমোদনহীন স্থান থেকে বালু উত্তোলন এবং বিধিবহির্ভূতভাবে ড্রেজার ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইনের ১৫ ধারার প্রযোজ্য বিধান অনুযায়ী অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় কারাদণ্ড, অর্থদণ্ড এবং অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ বা বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। শ্যামনগরের নদীগুলোতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট সিভিল প্রশাসনের আওতাধীন। আমরা সীমিত জনবল নিয়ে সীমান্তে, বিশেষ করে চোরাচালান প্রতিরোধে কাজ করছি। তারপরও অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।” শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনকের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। আমি এ বিষয়ে কিছুই জানি না। ইউএনও এবং এসিল্যান্ডকে বলে দিচ্ছি, বালু উত্তোলন বন্ধ করার জন্য।” তিনি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

 

প্রশ্ন এখন একটাই—কার ছত্রছায়ায় চলছে এই বালু লুট? উপকূলীয় জনপদকে নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য যখন সরকার কোটি কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করছে, তখন সেই বাঁধের পাশেই নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

 

স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও কীভাবে দীর্ঘদিন ধরে একাধিক পয়েন্টে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে? কারা এই কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক? কোথায় যাচ্ছে উত্তোলিত বালু বিক্রির অর্থ? আর অভিযোগের পরও কেন কার্যকরভাবে বন্ধ হচ্ছে না এই কর্মকাণ্ড?

 

এলাকার সচেতন মহল, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সংশ্লিষ্ট নদীগুলোতে সরেজমিন তদন্ত, বালুর স্তূপ ও পরিবহন কার্যক্রমের হিসাব যাচাই, ড্রেজার ও বলগেট জব্দ এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ লুট চলতেই থাকবে, অন্যদিকে তেমনি একদিন নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে শ্যামনগরের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রশাসনের আশ্বাস নয়, এবার প্রয়োজন দৃশ্যমান অভিযান ও জবাবদিহি—এমনটাই প্রত্যাশা শ্যামনগরের উপকূলবাসীর।

 

এব্যাপারে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী ড. মনিরুজ্জামান অকপটে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে বলেন, এই অনিয়মের বিরুদ্ধে আমি যুদ্ধ করে চলেছি। আইনমন্ত্রী সাতক্ষীরা আসলে আমি দুটি বিষয়ে কথা বলেছিলাম। একটি হল, বালু উত্তোলনে অনিয়ম, দ্বিতীয়টি হল সুন্দরবনে জলদস্যুর তৎপরতা বৃদ্ধি। দলের কতিপয় ব্যক্তি প্রশাসনের সাথে যোগসাজস করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের অলিখিত অনুমতি আছে। এই অঞ্চলে বালুমহল টেন্ডার হতো। সরকার কোটি টাকার উপর রাজস্ব পেতো। টেন্ডার বন্ধ করা হয়েছে। উন্নয়ন কর্মকান্ডের অজুহাত তুলে প্রশাসন বালু উত্তোলন বন্ধে অনাগ্রহী। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে দফায় দফায় কথা বলেও কোন প্রতিকার মিলছে না। চলবে……

সাতক্ষীরায় মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

0

নিজস্ব প্রতিবেদকঃ  সাতক্ষীরার ঐতিহ্যবাহী ইয়াং এরিয়ান্স ক্লাবের সভাপতি,জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য মরহুম তোফায়েল হকের স্মরণে
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন হলে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ইয়াং টাউন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনের সভাপতিত্বে ও সাতক্ষীরা এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম নান্টা এর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক গোলাম ফারুক বাবু,সাধারণ সম্পাদক ও আন্তর্জাতীক পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন,কুকরালি ভলিবল ক্লাবের সভাপতি রুহুল আমিন,ইয়াং কুকরালী ক্লাবের সভাপতি আশরাফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, কুকরালী আদর্শ যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, ডাঃ কিউ এ সিদ্দিকী সংসদের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, এরিয়ান্স ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান আলতু,সহ-সভাপতি চান্দু,সাবেক ফুটবলার ও এ্যাথলেট কাজী কামরুজ্জামান,অনির্বান ক্লাবের সভাপতি মো:সাইদুর রহমান শাহীন, স্টুডেন্ট ক্লাবের সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, সায়ের স্পোটিং ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন,জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য মোল্লা মুহম্মদ শাহাজুদ্দীন,গনমুখি ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিটুল, মহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, তুফান স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক তানজিম কামাল তমাল,পুর্বাচল ক্লাবের সভাপতি আহম্মদ আলী সরদার,সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সভাপতি একরামুল ইসলাম লালু,বিসিবি কোর্চ মোফাচ্ছিনুল ইসলাম তপু,জোর্দিয়া মর্ডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৃস্ঠোপোষক মশিউর রহমান বাবু,কামালনগর ক্লাবের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান রাসেল, রাজার বাগান যুব সংঘের সভাপতি আহসানুল কাদির স্বপন,১,২,৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী কাতারী সুলতানা চম্পা,রাজারবাগান যুব সংঘের সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ইয়াং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি মো: সাইফুল্লাহ গনি,বলাকা ক্রীড়া চক্রের সভাপতি রিপন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন,ইয়াং এরিয়ান্স ক্লাবের সাধারন সম্পাদক মিঠু, জেলা পেশাজীবী দলের সাধারন সম্পাদক সোহরাব হোসেন বাবু, রয়েল ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ওয়েজ হোসাইন দিপু, গাভা ক্রীড়া চক্রের মোহিনুর গাজী,আজাদ সৃতি সংঘের সভাপতি মনিরুজ্জামান কাকন,সাবেক এথলেট মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সালেকা হক কেয়া, সাবেক ন্যাশনাল খেলোয়াড় খাদিজা আক্তার চায়না, খোখো জাতীয় দলের সাবেক খেলোয়াড় জলিলতা,টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার দারুজ্জামান রুবেল,টাউন ক্লাবের কর্মকর্তা বাপ্পি,কমল মিত্র,কাজী মাতিন, প্রমুখ। এসময়

বক্তারা বলেন, মরহুম তোফায়েল হক সাতক্ষীরার সামাজিক, সাংগঠনিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সামাজিক ও সাংগঠনিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে মরহুম তোফায়েল হকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।

দেশীয় ও আন্তর্জাতিক ২০টি মানবাধিকার সংগঠন শম্পা গোস্বামীর পাশে

0

=> শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় এইচআরএফবির উদ্বেগ

সাতক্ষীরার প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। তাকে ঘিরে হয়রানি ও নিরাপত্তাঝুঁকির আশঙ্কা নিয়েও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার ও উন্নয়ন সংগঠনগুলোর এই জোট।

এইচআরএফবি গত সোমবার এক সংবাদ বিবৃতিতে জানায়, গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানায় দণ্ডবিধির ১২৪ক ধারায় শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। শম্পার অভিযোগ, তার বাসা ও সংগঠনের কার্যালয় পুলিশের নজরদারিতে আছে। পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে।

এইচআরএফবির আহ্বায়ক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক তাহমিনা রহমানের সই করা বিবৃতিতে বলা হয়, এ ধরনের অভিযোগের প্রেক্ষাপটে সংবিধানস্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের অবাধ চলাফেরার অধিকার এবং ৪৩ অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের গোপনীয়তার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই কোনো ব্যক্তির বাসভবন ও কার্যালয়ে নজরদারি এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি বলে মনে করে এইচআরএফবি।

মানবাধিকার জোটটি আরও জানায়, মানবাধিকার কার্যক্রমের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকা প্রয়োজন। একইসঙ্গে শম্পার আনা অভিযোগগুলো নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, একজন মানবাধিকারকর্মী হিসেবে শম্পা গোস্বামী যাতে তার শান্তিপূর্ণ ও বৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে। তিনি, তার পরিবার এবং নারী উন্নয়ন সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা যেন কোনো ভয়ভীতি, হয়রানি বা প্রতিশোধের শিকার না হন, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে এইচআরএফবি।

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ (বিএমপি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) দেশের ২০টি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার জোট এইচআরএফবি।

এদিকে, শ্যামনগর থানার ওসি দৈনিক সাতনদীকে জানান, প্রেরণা এনজিও অফিস ও সংগঠনটির নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বাড়িতে পুলিশের কোন নজরদারী নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে।

এব্যাপারে দৈনিক সাতনদীকে শম্পা গোস্বামী জানান, চক্রান্তকারীরা বসে নেই। ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। তারা আমাকে ফাদে ফেলে সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের প্রতিষ্ঠান প্রেরনাকে তারা দখল করতে চায়। ইতিমধ্যেই ২০টি মানবাধিকার সংগঠন মূলধারা গণমাধ্যম ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। যেকোন সংকট ষড়যন্ত্র মোকাবেলায় আমি মানুষিকভাবে প্রস্তুত আছি। প্রেস বিজ্ঞপ্তি