Home Blog Page 4

সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক- ১

0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৫ ও ৬ নভেম্বর মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়। বিজিবির তথ্য অনুযায়ী, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি ও বরালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করেন।

ভোমরা বিওপির সদস্যরা মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন উদ্ধার করেন। অন্যদিকে, বৈকারী বিওপির সদস্যরা বৈকারীপাড়া মোড় এলাকা থেকে একজনকে আটক করেন। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল ও একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেরাগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শ্যামনগরের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি আমিনুর, সম্পাদক আজিজ

0

জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজের আগে,মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং মুসল্লিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব আব্দুল আজিজ সরদার।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি আব্দুল গফফার গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সরদার, অর্থ সম্পাদক ও ক্যাশিয়ার আলহাজ্ব মুজিবর রহমান সরদার, মসজিদ পাঠাগার ও দ্বীনের দাওয়াত বিষয়ক দায়িত্বে মোঃ মাহবুবুর রহমান মাফু এবং শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সরদার।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ লুৎফর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ গোলাম ফারুক, মোঃ রফিকুল ইসলাম রফি, মোঃ আব্দুল মজিদ গাজী ও বাবুল্লাহ সরদার।

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ আতাউর রহমান, সভাপতি ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সরদার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জহুরুল হক আপু ও খান আব্দুর সবুর।

বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তারের অন্যতম কেন্দ্র। তাই নবগঠিত কমিটির সব সদস্যকে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মসজিদের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধর্মীয় শিক্ষা এবং নিয়মিত ইবাদত-বন্দেগির পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তালেব, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, রাজু আহমেদ, ফয়েজ, হযরত আলী, আদম আলী, শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি।

অনুষ্ঠানে নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সরদার উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, নতুন কমিটির পক্ষ থেকে সকল মুসল্লির জন্য খাবারের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে খাবার গ্রহণ করে যাওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন আনিসুর রহমান। সবশেষে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোখলেসুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবগঠিত কমিটির মাধ্যমে নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত মুসল্লিরা।

কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন

0

শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরের কেশবপুরে। এ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া গ্রামে অবস্থিত যশোর জেলার প্রাচীন বিদ্যাপীঠ পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ধীরাজ ভট্টাচার্যের জীবনীগ্রন্থের লেখক সহকারী অধ্যাপক তাপস মজুমদার।

পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত চক্রবর্তী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিদিশা ব্যানার্জী বিন্দু। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য স্বস্তিকা ঘোষ, সাংবাদিক রায়হান জনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্য ১৯০৫ সালের ৫ নভেম্বর কেশবপুরের পাঁজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

এ বিদ্যালয়েই তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। দেশভাগের আগেই তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। কর্মজীবনে পুলিশ বিভাগে চাকরির পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় এবং সাহিত্যচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘যখন পুলিশ ছিলাম’ ও ‘যখন নায়ক ছিলাম’। বক্তারা আরও বলেন, পুলিশে কর্মরত অবস্থায় ধীরাজ ভট্টাচার্য বদলি হয়ে চট্টগ্রামে আসেন।

পরে তাঁকে টেকনাফে বদলি করা হয়। সেখানে গিয়ে সংগীত, নাটক ও থিয়েটারের প্রতি অনুরাগী ধীরাজ মগ রাজার কন্যা মাথিনের প্রেমে পড়েন। তাঁদের প্রেমকাহিনি বাংলা সাহিত্যের লাইলী-মজনু কিংবা শিরি-ফরহাদের প্রেমকাহিনির মতোই আলোচিত। কিন্তু নানা ঘটনার পরিণতিতে মাথিনকে বিয়ে না করেই কলকাতায় ফিরে যান ধীরাজ। প্রিয় মানুষকে হারিয়ে মাথিন টেকনাফ থানার একটি কূপের পাশে অনশন শুরু করেন।

কথিত আছে, অনশনরত অবস্থায় একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পরবর্তীকালে সেই কূপটি ‘মাথিনের কূপ’ নামে পরিচিতি লাভ করে। কলকাতায় ফিরে ধীরাজ ভট্টাচার্য চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। নায়ক ও খলনায়ক—উভয় চরিত্রেই অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি সাহিত্যিক হিসেবেও তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন। বক্তারা বলেন, পাঁজিয়ার মাটিতে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্বের স্মৃতি ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের সূচনা, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে তাঁর জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রতিষ্ঠানের এই কৃতী প্রাক্তন শিক্ষার্থীর জীবন, কর্ম ও স্মৃতিচারণমূলক আলোচনা উপভোগ করে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

0

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রসুলপুরে অবস্থিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে পবিত্র কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে দোয়া মাহফিল, ডা. এম আর খানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়। রসুলপুরে অবস্থিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের কর্মময় জীবন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তাঁরা আরো বলেন, ডা. এম আর খান শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদী মানুষ। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর আদর্শ আজও এগিয়ে চলেছে।

এদিকে ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সাতক্ষীরাস্থ বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, শেখ মোশারফ হোসেন ও রফিকুন নেছা স্মনণে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬ আয়োজন করা হয়। চক্ষু চিকিৎসা শিবিরে মোট ২৭৪ জন রোগীর পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের ছানি অপারেশন রোগী ৯৩ জন, নালি অপারেশন ১২ জন। চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম।

তিনি রোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চক্ষু শিবিরের আর্থিক সহযোগিতা করেন সেখ মোয়াজ্জেম হোসেন। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শকে ধরে রেখে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?

0

মেহেদী হাসান, খুলনা থেকে: প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের সফর ঘিরে উৎসবমুখর ছিল খুলনা ও বাগেরহাট। সড়কের দুই পাশে মানুষের ভিড়, ফুলেল শুভেচ্ছা আর বর্ণিল সাজে নতুন রূপে দেখা যায় খুলনা নগরীকে। সফরে মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনের সঙ্গে বিনিয়োগ সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তবে সফর শেষে খুলনাবাসীর প্রশ্ন- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তা এলেও দীর্ঘদিনের সমস্যা সমাধানে কী পেল এই নগরী? বন্ধ শিল্পকারখানা, বেকারত্ব, চিকিৎসাসংকট, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকটের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডমুক্ত নিরাপদ নগরীর প্রত্যাশা কি পূরণ হবে?

নিরাপত্তার এই উদ্বেগের মধ্যেই সফরের দিন দুপুরে ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে তরিকুল ইসলাম শেখকে (৩৮) একটি চায়ের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও সামনে এনেছে। নগরবাসী চান, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ যেন চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা হত্যার আতঙ্কে না থাকেন। প্রধানমন্ত্রীর সফরের অন্যতম বড় প্রাপ্তি মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সফরে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তবে এর সুফল পেতে বন্দর কেন্দ্রিক সড়ক, রেল ও নৌ-যোগাযোগের উন্নয়নও জরুরি। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার এ উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। তবে নগরবাসীর প্রত্যাশা, এসব কার্যক্রম যেন সফর কেন্দ্রিক না থেকে নিয়মিত নাগরিক সেবায় রূপ নেয়। একসময় দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায় বন্ধ শিল্পকারখানা চালু, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এখন বড় দাবি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা বন্ধ কলকারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান এবং অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যাশা জানিয়েছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের বড় প্রকল্প ও ক্রীড়া কর্মসূচির মতো দৃশ্যমান উদ্যোগ এসেছে। কিন্তু খুলনা নগরীর জলাবদ্ধতা, সুপেয় পানি, চিকিৎসা, পরিবহন, শিল্পায়ন ও নিরাপত্তার মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন নির্দিষ্ট প্রকল্প বা সময়সীমাবদ্ধ ঘোষণা পাওয়া যায়নি। ফলে সফর ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা এখন বাস্তবায়নের অপেক্ষায়।

 

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। ২০২৭-২০২৮ সেশনের জন্য তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করবেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, পূণরায় সাতক্ষীরা জেলা আমির নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রেস বিজ্ঞপ্তি

বর্ণীল আয়োজনে ‘হৃদয় বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে পত্রিকাটির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মুক্ত স্বাধীনের সম্পাদক মো. আবুল কালাম, বৈশাখী টিভির শামীম পারভেজ, হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দীন, স্টার নিউজের গাজী ফরহাদ, বাংলানিউজের তানজির কচি, সাতক্ষীরার খবরের এসএম মহিদার রহমান এবং দৈনিক বাংলার আবু সাঈদ।

বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা অল্প সময়ের মধ্যে সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের খবর তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাকে সামনে আনতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও সাহসিকতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনপিবির হোসেন আলী, গ্রিন টেলিভিশনের মীর খায়রুল আলম, দ্য এডিটরসের রেজাউল করিম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা, রবিউল ইসলাম, আবু রায়হান, রাজু সিদ্দিকী, ইমন হোসেন, আবু জাফর ও হাবিবুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক হৃদয় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সাতক্ষীরায় বাস চাপা পড়ে নারীর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রহিমা খাতুন (৫৫) নামের এক নারী পরিবহন চাপায় নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (৫নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন আজ বৃহষ্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে তার মায়ের লাশ সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। তার ধারণা রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামি বাস বা ট্রাক মাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানান ওসি।

 

ডুমুরিয়ায় প্রকাশ্যে বন্দুকধারীদের গুলিতে বিএনপি নেতার ছেলে নিহত

0

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে বন্দুকধারীদের গুলিতে বিএনপি নেতার ছেলে তরিকুল ইসলাম (৩৮) নামের এক যুবক নিহত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রস্তুতির মধ্যেই খুলনার ডুমুরিয়ায় এক চা-দোকানে তরিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককের মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরের আমভিটা বাজারের জোড়া বটতলা এলাকার এক চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমভিটা বাজারের জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে সাধারণ গ্রাহকদের সঙ্গেই বসে আড্ডা দিচ্ছিলেন তরিকুল। হঠাৎ করেই একদল সশস্ত্র দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে তরিকুল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

হত্যাকাণ্ড সংঘটিত করেই দুর্বৃত্তরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় আমভিটা বাজারসহ আশপাশের এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “খবরের পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এটি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের উদ্দেশ্যে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

এদিকে, তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের মধ্যে এমন মর্মান্তিক ও সন্ত্রাসী হামলায় ডুমুরিয়া উপজেলাসহ পুরো জেলা জুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রম-রমা

0

# স্বর্ণপাচারে আটক হয় পাচিংম্যান, মালিকরা থাকে অধরা
# এপারে-ওপারে সম্পদ গড়েছে বলাই দে
# শহরের নাজমুল স্বরনীতে বলাইদে’র ৫ তলা আলিশান মার্কেট, পুরাতন সাতক্ষীরায় মার্কেট, মুন্সিপাড়ায় ৪ তলা আলীশান বাড়ী।

বিশেষ প্রতিবেদক: স্বর্ণ ব্যবসার আড়ালে স্বর্ণপাচার সহ হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলাই সিন্ডিকেট। ঘাটে-ঘাটে অর্থকড়ি খরচ করে বছরের পর বছর অবৈধ এ ব্যবসা চালিয়ে প্রাসাদোপম মার্কেট ও বাড়ী সহ ওপারে গড়েছে অট্টালিকা। কারিগর থেকে নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর মালিক বনে যাওয়া বলাই সিন্ডিকেট্রে অবৈধ ব্যবসার অন্তরালে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। অনুসন্ধ্যানে জানা যায়, ফরিদপুর থেকে ৯৫ সালে শহরের পাকাপুল সড়কের ঐতিহ্যবাহী দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর কারিগর হিসেবে যোগ দেন বলাই। দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর মালিক দুলাল চন্দ্র দে’র নিকট থেকে দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স কিনে নেয় ফরিদপুরের বলাই। নাম পাল্টে রাখা হয় নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স। এরপর বলাইকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শহরের প্রাণকেন্দ্রে নাজমুল স্বরণীতে অত্যাধুনিক ৫তলা মার্কেট। মুন্সিপাড়ায় প্রাসাদোসম ৪তলা বাড়ী, পুরাতন সাতক্ষীরায় জমি সহ মার্কেট এর মালিক বনে গেছে এককালের স্বর্ণের কারিগর বলাই দে। এছাড়াও ভারতের পারে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাড়ী-গাড়ী বানিয়েছে বলাই দে। প্রায়ই সময় তাকে ভারতে যেতে দেখা যায়। তার এ অবৈধ স্বর্ণের ও হুন্ডির ব্যবসা টিকিয়ে রাখতে ভারত-বাংলাদেশ করা লাগে।
স্বর্ণপাচার ও হুন্ডির ব্যবসার বলাই দে সিন্ডিকেটের অপর ২ সদস্য হলো সোনারগাঁ জুয়েলার্স’র মত্যুঞ্জয় ও বৈশাখী জুয়েলার্স এর নিত্যানন্দ আমিন।


প্রতিদিনই নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্সের বলাই দে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা ওপারে পাঠায়। মৃত্যুঞ্জয় আঢ্য ও নিত্যানন্দ আমিন জেলা জুড়ে জাল পেতেছে ভারতে টাকা পাচার করার জন্য। এতে তারা কমিশন পায়, বলাই দে’র নিকট থেকে। যারা জমি জমা বিক্রি করে ভারতে পাড়ি জমায় তারা অধিকাংশই বলাই সিন্ডিকেটের স্মরণাপন্ন হয়। সব পর্যায় থেকে টাকা কালেকশন করে মৃত্যুঞ্জন আঢ্য ও নিত্যানন্দ আমিন। পরে তারা বলাই দের কাছে যায় টাকার বস্তা নিয়ে। বলাই দে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পৌছে দেয়। বিনিময়ে মৃত্যুঞ্জয় আঢ্য ও নিত্যানন্দ আমিন নির্দিষ্ট অংশের কমিশন পায়। ভারতে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের ক্ষেত্রে বলাই দে শহরের একাধিক ব্যাংক ব্যবহার করে।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য্য বলাইদের মোবাইলে যোগাযোগ করা হলে তার কর্মচারী ফোন রিসিভ করে জানান, তিনি বাইরে আছেন। তবে বিশ্বস্ত সূত্রের দাবী তিনি দূর্গাপুজার পরপরই ভারত গমণ করেছেন। দ্বিতীয় দফায় নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স -এ গিয়ে কর্মচারীদের সাথে যোগাযোগ করে বলা হয় খবর সংক্রান্ত বিষয়ে বলাই দে’র সাথে জরুরী কথা বলা প্রয়োজন। চাওয়া হয় তাদের সহযোগিতা। কিন্তু এক সপ্তাহ ধরে চেষ্টা করেও তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি।
বৈশাখী জুয়েলার্সের মালিক নিত্যানন্দ আমিন এই প্রতিবেদককে জানান, হুন্ডি কেন কোন অবৈধ ব্যবসায় তিনি জড়িত নন। তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন।
সোনারগাঁ জুয়েলার্স এর স্বত্ত্বাধীকারী মৃত্যুঞ্জয় আঢ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় দাবী করে বলেন, কোন অবৈধ ব্যবসার সাথে তিনি জড়িত নন। তিনি যোগ করে বলেন, কারা হুন্ডির ব্যবসা-স্বর্ণ চোরাচালানের ব্যবসা করে সবই আপনারা জানেন। নতুন দোকান করার ফলে তার ব্যবসা ভালো যাচ্ছে। এতে করে কিছু মানুষ শত্রুতা বশত এসব ছড়াতে পারে।
হুন্ডি ও স্বর্ণপাচারের ক্ষেত্রে বলাই সিন্ডিকেটের যত সব নেটওয়ার্ক: প্রাইভেট, পরিবহন, ট্রাক সহ একাধিক কুরিয়ারের মাধ্যমে বলাই সিন্ডিকেটের স্বর্ণের বার ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে আসে। সেখান থেকে বলাই সিন্ডিকেটের পাচিং ম্যানরা স্বর্ণের বার বহন করে সীমান্ত নদী/খাল পার হয়ে ওপারে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌছে দেয়। প্রায়শই স্বর্ণের বার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও আটক হয় পাচিং ম্যানরা। মালিকরা থেকে যায় অধরা। স্বর্ণ পাচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু কর্তা ব্যক্তিরা মাসোয়ারা নিয়ে থাকে। ফলে বলাই সিন্ডিকেটেরা থেকে যায় অধরা। পরবর্তী প্রতিবেদন থাকবে বলাই সিন্ডিকেটের স্বর্ণ পাচার-সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। (চলবে…)।