Home Blog Page 4

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১১ হাজার হবে।গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আজ ৭ নভেম্বর থেকে গ্রাম পুলিশের বেতন ভাতা কার্যকর হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১১ হাজার হবে। আর গ্রামের পুলিশের সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ হবে। এমনকি অবসর ভাতাও বাড়বে বলে ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত, সম্মৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি সম্ভব নয়।

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’ (বিজ)-এর কৃষি কর্মসূচির উদ্যোগে সমিতি অফিসের সদস্য, এলাকার সাধারণ কৃষক ও গৃহিণীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) বেলা ১২:৩০ টায় সাতক্ষীরা সদরের মেহেদীবাগ এলাকায় সংস্থার সাতক্ষীরা সদর শাখার সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এলাকার সাধারণ গৃহিণী, কৃষক ও সমিতির সদস্যদের মাঝে ১৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান সহকারি পরিচালক, এম এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জোনের জোনাল ম্যানেজার মোঃ হারুন-অর রশিদ এবং প্রধান কার্যালয়ের ম্যানেজার (অডিট) মোঃ শরিফউদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ দেলোয়ার হোসাইন এবং সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মোঃ সজিবুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রনি ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন ও ফলমূলই দেয় না, বরং এটি আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে ও ঔষধি গুণাগুণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। বিজ-এর এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করি বিতরণকৃত এই গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে শুধু পরিবেশ নয়, গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদাও পূরণ হবে। আসুন, আমরা সকলে বেশি করে গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ও অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত গ্রাহকদের হাতে চারা তুলে দেন।

কলারোয়ায় ইউপি সদস্য মনোনয়নে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

0
কামরুল হাসান, কলারোয়া থেকে: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় কলারোয়া পৌরসভা অডিটরিয়ামে কলারোয়া উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপিরসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বারটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি থেকে ইউপি সদস্য প্রার্থী মনোনীত করার জন্য উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। সদস্য আব্দুর রশীদ মিয়া, আশরাফ হোসেন ও আব্দুর রকিব মোল্লা।
এদিকে একই সভায় আগামী ৮ নভেম্বর সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করারও সিদ্ধান্ত নেয়া হয়।

আশাশুনির নওয়াপাড়া ও নৈকাটিতে নদী খননের মাটি বিক্রি বন্ধ হচ্ছে না

0

#প্রশাসনের নির্দেশনা মানতে চাইছেনা

 

#হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক

 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেতনা ও মরিচ্চাপ নদী খননের পর নদীর পাশে রাখা মাটি অবাধে কেটে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন স্থানে এসব মাটি কেটে ভলগেট (বাল্কহেড) ও ট্রলিযোগে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করে মাটি কাটা যাবেনা, কেউ কাটতে আসলে দ্রুত তাঁকে সংবাদ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এবং স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতনা ও মরিচ্চাপ নদী খননের পর উত্তোলিত মাটি নদীর দুই পাশে স্তূপাকারে রাখা হয়। এসব মাটি বাঁধের মতো কাজ করছে। কিন্তু সম্প্রতি বিভিন্ন স্থানে স্তূপ করা মাটি কেটে ভলগেট ও ট্রলিতে বোঝাই করে অন্যত্র নিয়ে বিক্রি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়ায় ট্রলি চালক আবু তালেবের ছেলে হাবিবুল্লাহ, সাবুদালীর ছেলে রাজ্জাক, সিরাজুলের ছেলে জহিরুল, মৃত মধুর ছেলে সিরাজুল ও সুফিয়া খাতুনের ছেলে সবুজ প্রতিদিন মাটি কেটে তাদের ট্রলিতে ভরে বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে বিক্রয় করে থাকে।

অপরদিকে নৈকাটি ব্রীজের পূর্ব পাশে শ্মশানঘাটের কাছে প্রায় ৫ বিঘা জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রয় করছে। নৈকাটিতে রবিউল ইসলাম ও তার ভাইয়ের সরাসরি নেতৃত্বে মাটি লুটের ঘটনা ঘটছে। প্রতি গাড়ি মাটি তারা ৯০০ টাকা হতে ১২০০ টাকা করে বিক্রী করছেন বলে জানাগেছে। তাদের গডফাদার হিসাবে ফারুক ও তোতা রয়েছে বলে বিভিন্ন অনলাইনে প্রচারিত খবরে প্রচার করা হয়েছে। মাটি কাটার কাজে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বললে তারা মাটি কাটার বিষয়ে কোনো অনুমতি নেননি বলে জানিয়েছেন। ফলে সরকারি প্রকল্পের আওতায় উত্তোলিত এসব মাটি কার অনুমতিতে কাটা ও বিক্রি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে নদীর পাড় দুর্বল হয়ে পড়তে পারে। মাটি কেটে নেওয়ার ফলে নদীর তীরে গর্তের সৃষ্টি হচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ ও নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় এই জনপদে নদীর পাড় ও বাঁধের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ভলগেট ও ভারী ট্রলিতে করে মাটি পরিবহনের কারণে ওয়াপদার রাস্তা, নওয়াপাড়া পুরাতন খেয়াঘাটের ইটের রাস্তা এবং মহেশ্বরকাটি থেকে চাপড়া গ্রামীণ পিচঢালা সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বালিভর্তি ভারী যানবাহন চলাচলে রাস্তার স্থায়িত্ব কমে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব রাস্তা সংস্কারে সরকারি অর্থ ব্যয় হলেও অবাধে মাটি পরিবহনের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এবং সংশ্লিষ্ট সরকারি প্রকল্পের শর্ত অনুযায়ী মাটি ব্যবস্থাপনার বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন মহল। সরেজমিন তদন্ত করে মাটি কাটা ও বিক্রির বৈধতা যাচাই, নদীর পাড় ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত এবং সরকারি সড়ক রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ দেখতে সরেজমিন গমন করেন। তাঁর আগমনের খবর জানতে পেরে কাজের সাথে জড়িতরা ইউএনও মহোদয় পৌছানোর আগেই সটকে পড়তে সক্ষম হয়।

ইউএনও শ্যামানন্দ কুন্ডু উপস্থিত লোকজনের সাথে কথা বলেন এবং মাটি কেটে নেওয়ার প্রমান দেখতে পেয়ে আর কেউ মাটি কাটতে না পারে সেব্যাপারে তদারকির জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। মাটি কাটা হলে তাঁকেও খবর দিতে বলেন। কিন্তু একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার সরকারি ছুটির দিন পুনরায় নওয়াপাড়ায় মাটি কেটে ৪টি ট্রলিতে করে নিয়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, নদীর মাটি যাতে কেউ কেটে নিতে না পারে এবং রাস্তা নষ্ট না হয় সে ব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বলা হয়েছে। পুনরায় মাটি কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে।

তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি: ৪৪ লাখ টাকার মালামাল লুট

0

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালায় খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা চেতনানাশকের প্রভাবে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে গৃহকর্তা সবুজ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা ওই খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে তছনছ করে। পরে সেখান থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ৪৪ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়।

খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালায় মোটরসাইকেল পুড়িয়ে হুমকির পর বিচালির গাদায় আগুন: নিরাপত্তাহীনতায় কাঠ ব্যবসায়ীয় সংবাদ সম্মেলন

0

 

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামে এক কাঠ ব্যবসায়ীকে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরদিন তাঁর বিচালির গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ধারাবাহিক এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী নূর ইসলাম সরদার।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ডাংগানলতা গ্রামের কাঠ ব্যবসায়ী নূর ইসলাম সরদার। তিনি আবুল হোসেন সরদারের ছেলে।

লিখিত অভিযোগে নূর ইসলাম সরদার জানান, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে উত্তর ডাংগানলতা গ্রামের সিরাজুল ইসলামের চায়ের দোকানে তিনি ও ওমর আলী হালদারসহ কয়েকজন বসে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের মৃত শহিদুল মোড়লের ছেলে ইসতাপ মোড়ল, মৃত হোসেন মালীর ছেলে জিহাদ মালী এবং সহর আলী হালদারের ছেলে মোসলেম হালদার তাঁকে প্রাণনাশের হুমকি দেন।

একই সঙ্গে তাঁর ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। নূর ইসলাম সরদারের অভিযোগ, হুমকির পরদিন সকালে একই গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের স্ত্রী আলেকজান বেগম তাঁকে ঘুম থেকে ডেকে জানান, তাঁর বিচালির গাদায় আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আগুন দেখতে পান। তাঁর ধারণা, আগের দিনের হুমকির সঙ্গে এ অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।

একদিকে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি, অন্যদিকে বিচালির গাদায় আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান নূর ইসলাম সরদার। তিনি বলেন, এ ধরনের ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কালিগঞ্জে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধি বহির্ভূত ভাবে দায়িত্ব পালন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বিধি বহির্ভূত হওয়ায় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর থেকে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মোঃ আব্দুল কাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সালাউদ্দিন ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে অদ্যাবধি বিধিবহির্ভূতভাবে দায়িত্ব পালন করে আসছেন। এ অবস্থায় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, কলেজের কর্মরত শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রথম ১০ জন শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তাবক্রমে তিনজন শিক্ষকের একটি প্যানেল তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ১৮ ধারা অনুসরণ করে প্রয়োজনীয় সভা ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই পত্রে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এস এম সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কোনো ধরনের আর্থিক লেনদেনসহ প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ নির্দেশনার পর কলেজটির নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

এব্যাপারে কালিগঞ্জের রতনপুর ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সালাউদ্দিন দৈনিক সাতনদীকে জানান, আমি বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছি।

সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক- ১

0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৫ ও ৬ নভেম্বর মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়। বিজিবির তথ্য অনুযায়ী, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি ও বরালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করেন।

ভোমরা বিওপির সদস্যরা মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন উদ্ধার করেন। অন্যদিকে, বৈকারী বিওপির সদস্যরা বৈকারীপাড়া মোড় এলাকা থেকে একজনকে আটক করেন। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল ও একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেরাগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শ্যামনগরের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি আমিনুর, সম্পাদক আজিজ

0

জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজের আগে,মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং মুসল্লিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব আব্দুল আজিজ সরদার।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি আব্দুল গফফার গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সরদার, অর্থ সম্পাদক ও ক্যাশিয়ার আলহাজ্ব মুজিবর রহমান সরদার, মসজিদ পাঠাগার ও দ্বীনের দাওয়াত বিষয়ক দায়িত্বে মোঃ মাহবুবুর রহমান মাফু এবং শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সরদার।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ লুৎফর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ গোলাম ফারুক, মোঃ রফিকুল ইসলাম রফি, মোঃ আব্দুল মজিদ গাজী ও বাবুল্লাহ সরদার।

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ আতাউর রহমান, সভাপতি ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সরদার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জহুরুল হক আপু ও খান আব্দুর সবুর।

বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তারের অন্যতম কেন্দ্র। তাই নবগঠিত কমিটির সব সদস্যকে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মসজিদের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধর্মীয় শিক্ষা এবং নিয়মিত ইবাদত-বন্দেগির পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তালেব, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, রাজু আহমেদ, ফয়েজ, হযরত আলী, আদম আলী, শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি।

অনুষ্ঠানে নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সরদার উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, নতুন কমিটির পক্ষ থেকে সকল মুসল্লির জন্য খাবারের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে খাবার গ্রহণ করে যাওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন আনিসুর রহমান। সবশেষে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোখলেসুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবগঠিত কমিটির মাধ্যমে নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত মুসল্লিরা।

কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন

0

শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরের কেশবপুরে। এ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া গ্রামে অবস্থিত যশোর জেলার প্রাচীন বিদ্যাপীঠ পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ধীরাজ ভট্টাচার্যের জীবনীগ্রন্থের লেখক সহকারী অধ্যাপক তাপস মজুমদার।

পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত চক্রবর্তী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিদিশা ব্যানার্জী বিন্দু। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য স্বস্তিকা ঘোষ, সাংবাদিক রায়হান জনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্য ১৯০৫ সালের ৫ নভেম্বর কেশবপুরের পাঁজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

এ বিদ্যালয়েই তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। দেশভাগের আগেই তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। কর্মজীবনে পুলিশ বিভাগে চাকরির পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় এবং সাহিত্যচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘যখন পুলিশ ছিলাম’ ও ‘যখন নায়ক ছিলাম’। বক্তারা আরও বলেন, পুলিশে কর্মরত অবস্থায় ধীরাজ ভট্টাচার্য বদলি হয়ে চট্টগ্রামে আসেন।

পরে তাঁকে টেকনাফে বদলি করা হয়। সেখানে গিয়ে সংগীত, নাটক ও থিয়েটারের প্রতি অনুরাগী ধীরাজ মগ রাজার কন্যা মাথিনের প্রেমে পড়েন। তাঁদের প্রেমকাহিনি বাংলা সাহিত্যের লাইলী-মজনু কিংবা শিরি-ফরহাদের প্রেমকাহিনির মতোই আলোচিত। কিন্তু নানা ঘটনার পরিণতিতে মাথিনকে বিয়ে না করেই কলকাতায় ফিরে যান ধীরাজ। প্রিয় মানুষকে হারিয়ে মাথিন টেকনাফ থানার একটি কূপের পাশে অনশন শুরু করেন।

কথিত আছে, অনশনরত অবস্থায় একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পরবর্তীকালে সেই কূপটি ‘মাথিনের কূপ’ নামে পরিচিতি লাভ করে। কলকাতায় ফিরে ধীরাজ ভট্টাচার্য চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। নায়ক ও খলনায়ক—উভয় চরিত্রেই অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি সাহিত্যিক হিসেবেও তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন। বক্তারা বলেন, পাঁজিয়ার মাটিতে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্বের স্মৃতি ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের সূচনা, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে তাঁর জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রতিষ্ঠানের এই কৃতী প্রাক্তন শিক্ষার্থীর জীবন, কর্ম ও স্মৃতিচারণমূলক আলোচনা উপভোগ করে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।