Home Blog Page 5

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

0

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রসুলপুরে অবস্থিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে পবিত্র কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে দোয়া মাহফিল, ডা. এম আর খানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়। রসুলপুরে অবস্থিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের কর্মময় জীবন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তাঁরা আরো বলেন, ডা. এম আর খান শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদী মানুষ। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর আদর্শ আজও এগিয়ে চলেছে।

এদিকে ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সাতক্ষীরাস্থ বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, শেখ মোশারফ হোসেন ও রফিকুন নেছা স্মনণে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬ আয়োজন করা হয়। চক্ষু চিকিৎসা শিবিরে মোট ২৭৪ জন রোগীর পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের ছানি অপারেশন রোগী ৯৩ জন, নালি অপারেশন ১২ জন। চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম।

তিনি রোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চক্ষু শিবিরের আর্থিক সহযোগিতা করেন সেখ মোয়াজ্জেম হোসেন। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শকে ধরে রেখে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?

0

মেহেদী হাসান, খুলনা থেকে: প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের সফর ঘিরে উৎসবমুখর ছিল খুলনা ও বাগেরহাট। সড়কের দুই পাশে মানুষের ভিড়, ফুলেল শুভেচ্ছা আর বর্ণিল সাজে নতুন রূপে দেখা যায় খুলনা নগরীকে। সফরে মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনের সঙ্গে বিনিয়োগ সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তবে সফর শেষে খুলনাবাসীর প্রশ্ন- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তা এলেও দীর্ঘদিনের সমস্যা সমাধানে কী পেল এই নগরী? বন্ধ শিল্পকারখানা, বেকারত্ব, চিকিৎসাসংকট, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকটের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডমুক্ত নিরাপদ নগরীর প্রত্যাশা কি পূরণ হবে?

নিরাপত্তার এই উদ্বেগের মধ্যেই সফরের দিন দুপুরে ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে তরিকুল ইসলাম শেখকে (৩৮) একটি চায়ের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও সামনে এনেছে। নগরবাসী চান, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ যেন চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা হত্যার আতঙ্কে না থাকেন। প্রধানমন্ত্রীর সফরের অন্যতম বড় প্রাপ্তি মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সফরে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তবে এর সুফল পেতে বন্দর কেন্দ্রিক সড়ক, রেল ও নৌ-যোগাযোগের উন্নয়নও জরুরি। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার এ উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। তবে নগরবাসীর প্রত্যাশা, এসব কার্যক্রম যেন সফর কেন্দ্রিক না থেকে নিয়মিত নাগরিক সেবায় রূপ নেয়। একসময় দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায় বন্ধ শিল্পকারখানা চালু, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এখন বড় দাবি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা বন্ধ কলকারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান এবং অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যাশা জানিয়েছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের বড় প্রকল্প ও ক্রীড়া কর্মসূচির মতো দৃশ্যমান উদ্যোগ এসেছে। কিন্তু খুলনা নগরীর জলাবদ্ধতা, সুপেয় পানি, চিকিৎসা, পরিবহন, শিল্পায়ন ও নিরাপত্তার মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন নির্দিষ্ট প্রকল্প বা সময়সীমাবদ্ধ ঘোষণা পাওয়া যায়নি। ফলে সফর ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা এখন বাস্তবায়নের অপেক্ষায়।

 

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। ২০২৭-২০২৮ সেশনের জন্য তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করবেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, পূণরায় সাতক্ষীরা জেলা আমির নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রেস বিজ্ঞপ্তি

বর্ণীল আয়োজনে ‘হৃদয় বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে পত্রিকাটির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মুক্ত স্বাধীনের সম্পাদক মো. আবুল কালাম, বৈশাখী টিভির শামীম পারভেজ, হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দীন, স্টার নিউজের গাজী ফরহাদ, বাংলানিউজের তানজির কচি, সাতক্ষীরার খবরের এসএম মহিদার রহমান এবং দৈনিক বাংলার আবু সাঈদ।

বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা অল্প সময়ের মধ্যে সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের খবর তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাকে সামনে আনতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও সাহসিকতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনপিবির হোসেন আলী, গ্রিন টেলিভিশনের মীর খায়রুল আলম, দ্য এডিটরসের রেজাউল করিম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা, রবিউল ইসলাম, আবু রায়হান, রাজু সিদ্দিকী, ইমন হোসেন, আবু জাফর ও হাবিবুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক হৃদয় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সাতক্ষীরায় বাস চাপা পড়ে নারীর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রহিমা খাতুন (৫৫) নামের এক নারী পরিবহন চাপায় নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (৫নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন আজ বৃহষ্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে তার মায়ের লাশ সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। তার ধারণা রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামি বাস বা ট্রাক মাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানান ওসি।

 

ডুমুরিয়ায় প্রকাশ্যে বন্দুকধারীদের গুলিতে বিএনপি নেতার ছেলে নিহত

0

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে বন্দুকধারীদের গুলিতে বিএনপি নেতার ছেলে তরিকুল ইসলাম (৩৮) নামের এক যুবক নিহত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রস্তুতির মধ্যেই খুলনার ডুমুরিয়ায় এক চা-দোকানে তরিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককের মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরের আমভিটা বাজারের জোড়া বটতলা এলাকার এক চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমভিটা বাজারের জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে সাধারণ গ্রাহকদের সঙ্গেই বসে আড্ডা দিচ্ছিলেন তরিকুল। হঠাৎ করেই একদল সশস্ত্র দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে তরিকুল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

হত্যাকাণ্ড সংঘটিত করেই দুর্বৃত্তরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় আমভিটা বাজারসহ আশপাশের এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “খবরের পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এটি রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের উদ্দেশ্যে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

এদিকে, তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের মধ্যে এমন মর্মান্তিক ও সন্ত্রাসী হামলায় ডুমুরিয়া উপজেলাসহ পুরো জেলা জুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রম-রমা

0

# স্বর্ণপাচারে আটক হয় পাচিংম্যান, মালিকরা থাকে অধরা
# এপারে-ওপারে সম্পদ গড়েছে বলাই দে
# শহরের নাজমুল স্বরনীতে বলাইদে’র ৫ তলা আলিশান মার্কেট, পুরাতন সাতক্ষীরায় মার্কেট, মুন্সিপাড়ায় ৪ তলা আলীশান বাড়ী।

বিশেষ প্রতিবেদক: স্বর্ণ ব্যবসার আড়ালে স্বর্ণপাচার সহ হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলাই সিন্ডিকেট। ঘাটে-ঘাটে অর্থকড়ি খরচ করে বছরের পর বছর অবৈধ এ ব্যবসা চালিয়ে প্রাসাদোপম মার্কেট ও বাড়ী সহ ওপারে গড়েছে অট্টালিকা। কারিগর থেকে নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর মালিক বনে যাওয়া বলাই সিন্ডিকেট্রে অবৈধ ব্যবসার অন্তরালে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। অনুসন্ধ্যানে জানা যায়, ফরিদপুর থেকে ৯৫ সালে শহরের পাকাপুল সড়কের ঐতিহ্যবাহী দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর কারিগর হিসেবে যোগ দেন বলাই। দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স এর মালিক দুলাল চন্দ্র দে’র নিকট থেকে দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স কিনে নেয় ফরিদপুরের বলাই। নাম পাল্টে রাখা হয় নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স। এরপর বলাইকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শহরের প্রাণকেন্দ্রে নাজমুল স্বরণীতে অত্যাধুনিক ৫তলা মার্কেট। মুন্সিপাড়ায় প্রাসাদোসম ৪তলা বাড়ী, পুরাতন সাতক্ষীরায় জমি সহ মার্কেট এর মালিক বনে গেছে এককালের স্বর্ণের কারিগর বলাই দে। এছাড়াও ভারতের পারে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাড়ী-গাড়ী বানিয়েছে বলাই দে। প্রায়ই সময় তাকে ভারতে যেতে দেখা যায়। তার এ অবৈধ স্বর্ণের ও হুন্ডির ব্যবসা টিকিয়ে রাখতে ভারত-বাংলাদেশ করা লাগে।
স্বর্ণপাচার ও হুন্ডির ব্যবসার বলাই দে সিন্ডিকেটের অপর ২ সদস্য হলো সোনারগাঁ জুয়েলার্স’র মত্যুঞ্জয় ও বৈশাখী জুয়েলার্স এর নিত্যানন্দ আমিন।


প্রতিদিনই নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্সের বলাই দে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা ওপারে পাঠায়। মৃত্যুঞ্জয় আঢ্য ও নিত্যানন্দ আমিন জেলা জুড়ে জাল পেতেছে ভারতে টাকা পাচার করার জন্য। এতে তারা কমিশন পায়, বলাই দে’র নিকট থেকে। যারা জমি জমা বিক্রি করে ভারতে পাড়ি জমায় তারা অধিকাংশই বলাই সিন্ডিকেটের স্মরণাপন্ন হয়। সব পর্যায় থেকে টাকা কালেকশন করে মৃত্যুঞ্জন আঢ্য ও নিত্যানন্দ আমিন। পরে তারা বলাই দের কাছে যায় টাকার বস্তা নিয়ে। বলাই দে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পৌছে দেয়। বিনিময়ে মৃত্যুঞ্জয় আঢ্য ও নিত্যানন্দ আমিন নির্দিষ্ট অংশের কমিশন পায়। ভারতে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের ক্ষেত্রে বলাই দে শহরের একাধিক ব্যাংক ব্যবহার করে।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য্য বলাইদের মোবাইলে যোগাযোগ করা হলে তার কর্মচারী ফোন রিসিভ করে জানান, তিনি বাইরে আছেন। তবে বিশ্বস্ত সূত্রের দাবী তিনি দূর্গাপুজার পরপরই ভারত গমণ করেছেন। দ্বিতীয় দফায় নিউ দে ব্রাদার্স এন্ড জুয়েলার্স -এ গিয়ে কর্মচারীদের সাথে যোগাযোগ করে বলা হয় খবর সংক্রান্ত বিষয়ে বলাই দে’র সাথে জরুরী কথা বলা প্রয়োজন। চাওয়া হয় তাদের সহযোগিতা। কিন্তু এক সপ্তাহ ধরে চেষ্টা করেও তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি।
বৈশাখী জুয়েলার্সের মালিক নিত্যানন্দ আমিন এই প্রতিবেদককে জানান, হুন্ডি কেন কোন অবৈধ ব্যবসায় তিনি জড়িত নন। তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন।
সোনারগাঁ জুয়েলার্স এর স্বত্ত্বাধীকারী মৃত্যুঞ্জয় আঢ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় দাবী করে বলেন, কোন অবৈধ ব্যবসার সাথে তিনি জড়িত নন। তিনি যোগ করে বলেন, কারা হুন্ডির ব্যবসা-স্বর্ণ চোরাচালানের ব্যবসা করে সবই আপনারা জানেন। নতুন দোকান করার ফলে তার ব্যবসা ভালো যাচ্ছে। এতে করে কিছু মানুষ শত্রুতা বশত এসব ছড়াতে পারে।
হুন্ডি ও স্বর্ণপাচারের ক্ষেত্রে বলাই সিন্ডিকেটের যত সব নেটওয়ার্ক: প্রাইভেট, পরিবহন, ট্রাক সহ একাধিক কুরিয়ারের মাধ্যমে বলাই সিন্ডিকেটের স্বর্ণের বার ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে আসে। সেখান থেকে বলাই সিন্ডিকেটের পাচিং ম্যানরা স্বর্ণের বার বহন করে সীমান্ত নদী/খাল পার হয়ে ওপারে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌছে দেয়। প্রায়শই স্বর্ণের বার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও আটক হয় পাচিং ম্যানরা। মালিকরা থেকে যায় অধরা। স্বর্ণ পাচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু কর্তা ব্যক্তিরা মাসোয়ারা নিয়ে থাকে। ফলে বলাই সিন্ডিকেটেরা থেকে যায় অধরা। পরবর্তী প্রতিবেদন থাকবে বলাই সিন্ডিকেটের স্বর্ণ পাচার-সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। (চলবে…)।

স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

0

আজাদুর রহমান খান চৌধুরী পলাশ: স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর স্কটল্যান্ডের এডিনবরার একটি স্থানীয় হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ পার্থ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান মীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জি এম মাজেদুর রহমান, সহসভাপতি রাজন চৌধুরী ও মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জালাল মোড়ল, মমিনুর রহমান, জালাল আহমেদ, পার্থ, বনিক ও অমিসহ সংগঠনের নেতারা।

বক্তারা জাতীয় চার নেতার রাজনৈতিক অবদান ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

আলোচনা শেষে জাতীয় চার নেতা ও সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী, পুরুষ, শিশু ও কিশোরের উপস্থিতি ছিল। প্রবাসে থেকেও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি স্মরণে এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

0

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড। মাথা গোঁজার ঠাঁই বলতে খড়, গোলপাতা ও মরিচা ধরা পুরোনো টিনের তৈরি একটি জরাজীর্ণ ঘর। বৃষ্টি হলেই ছাউনি চুঁইয়ে পানি পড়ে। সেই ঘরেই স্বামীকে নিয়ে মানবেতর জীবন কাটছে ছকিনা খাতুন ও শামছুর রহমানের। তাঁর স্বামী শামছুর রহমান গাজীও পাননি বয়স্ক ভাতার কার্ড। স্বামীর ভিক্ষার টাকায় কোনো রকমে চলে তাঁদের সংসার। এমন অসহায় অবস্থায় বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য ৩ হাজার টাকা দাবির অভিযোগ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম সরদারের বিরুদ্ধে।

ছকিনা খাতুন ও শামছুর রহমানের বাড়ি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে। তাঁর অভিযোগ, বয়স্ক ভাতার কার্ডের জন্য তিনি একাধিকবার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সরদারের কাছে গিয়েছেন। অনলাইনে আবেদন করার কথা বলে ওই সদস্য তাঁর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ২০০ টাকা নেন। পরে কার্ড করে দেওয়ার জন্য আরও ৩ হাজার টাকা দাবি করেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরদার।

ছকিনা খাতুন বলেন, টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে ইউপি সদস্য তাঁকে বলেন, “আমি কি জমি বিক্রি করে তোমার কার্ড করে দেব? তিন হাজার টাকা লাগবে, না হলে কাগজপত্র নিয়ে যাও।” তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম সরদার বলেন, “কার্ড করে দেওয়ার জন্য আমি তাঁর কাছে টাকা চাইনি। অনলাইনে করার খরচের জন্য টাকা নিয়েছিলাম।”

এ বিষয়ে প্রতিবেদককে কিছু জানাতে তিনি বাধ্য নন বলেও মন্তব্য করেন। ছকিনা খাতুন বলেন তাঁর স্বামী মো. শামছুর রহমান গাজী এলাকায় ভিক্ষা করে যা পান, তা দিয়েই দুজনের সংসার চলে। নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করতেও তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি ভাতার কার্ডের জন্য টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি আরো বলেন, “আমার বয়স ৬৯ বছর। আমি গরিব মানুষ, থাকার মতো একটি ভাল ঘরও নেই। স্বামী ভিক্ষা করে যা পান, তা দিয়ে সংসার চলে না। কার্ড করার জন্য টাকা কোথায় পাব?” স্থানীয় বাসিন্দা মো. হযরত আলী বলেন, ছকিনা খাতুন ও শামছুর রহমান অত্যন্ত অসহায় ও দরিদ্র। ভাঙা ঘরে বসবাস করেন। বর্ষা এলেই ঘরের ভেতরে পানি পড়ে। স্বামীর ভিক্ষার টাকায় কোনো রকমে তাঁদের দিন কাটে। এই বয়সে তাঁর একটি বয়স্ক ভাতার কার্ড ও নিরাপদ বাসস্থান প্রয়োজন।

স্থানীয় আরেক বাসিন্দা মো. নুরুজ্জামান গাজী বলেন, ৬৯ বছর বয়সেও ছকিনা খাতুন ও শামছুর রহমান সরকারি বয়স্ক ভাতার কার্ড পাননি। তাঁর বসবাসের ঘরটিও অত্যন্ত নাজুক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আর্থিক অবস্থা যাচাই করে সরকারি ভাতা ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন।

এলাকাবাসীরা বলেন, ছকিনা খাতুন ও শামছুর রহমানের বসবাসের ঘরটির জরাজীর্ণ অবস্থা। খড় ও গোলপাতার ছাউনির ওপর বসানো কয়েকটি পুরোনো টিনও নষ্ট হয়ে গেছে। ঘরের বেড়া গোলপাতার তৈরি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে। ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার মতো পর্যাপ্ত ব্যবস্থাও নেই। এমন ঝুঁকিপূর্ণ ঘরেই স্বামীকে নিয়ে দিন কাটছে তাঁর। স্বামীর ভিক্ষার টাকায় অত্যন্ত কষ্টে সংসার চলে তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাদের একটি ঘর ও বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন।

ছকিনা খাতুনের দাবি, জীবনের শেষ সময়টুকু অন্তত নিরাপদ ঘরে কাটাতে চান তিনি। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রাপ্য সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তাঁর আর্থিক অবস্থা যাচাই করে বয়স্ক ভাতার যোগ্যতা নির্ধারণ এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার জন্য শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা বিভাগ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ চান তিনি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উনার প্রয়োজনীয় কাগজপত্র আমার কার্যালয়ে জমা দিলে বয়স্ক ভাতার কার্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ওনাকে আমার কার্যালয় বরাবর একটি লিখিত আবেদন করতে বলুন। সরকারি নীতিমালার আওতায় ওনাকে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করার ব্যবস্থা করব।

শিবপুর ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বাড়ছে আলোচনা

0

মোঃ ইকবাল হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম সামনে এসেছে।

তাঁদের মধ্যে রয়েছেন পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারবারের নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন এবং তাজমুজ্জামান।

সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও এলাকার উন্নয়নে ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা। তবে এখনো নির্বাচনের চূড়ান্ত প্রেক্ষাপট তৈরি না হওয়ায় কে শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ই বলে দেবে।

পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস: শিবপুর ইউনিয়নের সাবেক পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাসকে ঘিরে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। গত নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। এবার তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় তাঁকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ: বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়টি আলোচনায় উঠে আসছে। এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

২৩ বছরের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতায় মোঃ শফিকুল ইসলাম: সম্ভাব্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শিবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৩ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি চারবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিন বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ এই সময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতার কারণে তাঁকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রাখছেন স্থানীয়রা।

দলীয় মনোনয়নে আলোচনায় মাওলানা শাহাদাত হোসাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইনও সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী আলোচনায় রয়েছেন। দলীয় মনোনয়ন ও তাঁর রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তাঁকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় তাজমুজ্জামান তাজু: এছাড়া তাজমুজ্জামানকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন স্থানীয় অনেকে। তাঁর নির্বাচনী অবস্থান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা চলছে।

শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখবেন ভোটাররা?: সব মিলিয়ে শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আগাম নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।

একদিকে রয়েছে দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, অন্যদিকে রয়েছে বর্তমান দায়িত্ব পালন ও উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন এবং দলীয় রাজনৈতিক অবস্থান। তবে নির্বাচনে কে এগিয়ে থাকবেন, তা এখনই নির্ধারণ করার সুযোগ নেই। প্রার্থীদের যোগ্যতা, অতীতের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবার প্রতিশ্রুতি বিবেচনা করেই ভোটাররা তাঁদের সিদ্ধান্ত নেবেন—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

নির্বাচনকে ঘিরে শিবপুর ইউনিয়নের মানুষের প্রত্যাশা—ব্যক্তি বা দল নয়, এলাকার উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা এবং জনকল্যাণই হোক আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়।