নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা কামারবায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মারপিট করে উল্টো হয়রানি এবং আওয়ামী লীগ নেতা এড. লতিফকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সাংবাদিকসম্মেলনের আয়োজন করেন, কামারবায়সা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি বাঁশদহ ইউনিয়ের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি কামারবায়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে একই এলাকার মৃত রুস্তম আলীর পুত্র ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক এবং নারী ও শিশু পাচার মামলার এজাহারভুক্ত আসামী আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, আরিজুল ইসলাম, আঃ আহাদের পুত্র জামায়াত কর্মী মজনু, তোফাজ্জেল হোসেন তোপা, মোজাম্মেল, মোস্তাফিজুর রহমান, মহিউদ্দীন, মৃত রমজান আলীর পুত্র আকবর আলী, রাশেদুল ইসলামের পুত্র মোস্তাফিজুর রহমান রাজীব গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩১ জুলাই ২০১৯ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় আমরা উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয়ের গেটের সামনে আসা মাত্রই চাইনিজ কুড়াল, দাসহ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উক্ত সন্ত্রাসীরা আমিসহ আমার ভাই মোখলেছুর রহমান, চাচা আঃ মোমেন, মঞ্জুরুল ইসলাম, চাচাতো ভাই সবুজের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে আমার চাচাতো রুবিনা ছুটে আসলে তাকেও মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তাদের হামলায় আমিসহ ৬ জন গুরুতর আহত হই। এ খবর শুনে বিদ্যালয়ের জমিদাতা এড. আঃ লতিফ এ্যাম্বুলেন্স নিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য সেখানে ছুটে যান। এছাড়া তিনি আর কোন ব্যাপারে সেখানে হস্তক্ষেপ করেননি। অথচ ওই মারপিটের ঘটনাটি ভিন্নখাকে প্রবাহিত করতে এবং আমার দাদু আঃ লতিফকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উল্লিখিত সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা গল্প সাজিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। সেখানে আমার চাচা আমিনুল হাসান রাসেলকে জড়িয়েও মিথ্যাচার করা হয়েছে। অথচ মারপিটের সময় তিনি ছিলেন মধ্যস্থতাকারীর ভুমিকায়। তিনি বলেন, আমার দাদু লতিফ ও চাচা রাসেল মারপিটের সময় আমাদেরকে শান্ত থাকতে বলেছিলেন। তাই সেখানে আমাদের লোক বেশী থাকার শর্তেও আমরা কোন মারপিট করেনি। বরং আমাদেরকে কুপিয়ে তারা গুরুতর আহত করেছে। আমার দাদুর প্রতিপক্ষের কিছু কুচক্রী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদ্বয় উক্ত ঘটনাকে রং মাখিয়ে মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে চরমভাবে তার সম্মানের হানি করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে তাদের বিরুদ্ধে মামলাও রেকর্ড করেছেন। ওই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তারা এই অশুভ পায়তারা চালাচ্ছেন। তিনি এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাসিনা, রুবিনা, সবুজ, মোমেনা ও মোমেন।
সদর উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই কর্তৃক জমি দখল ও গাছ কর্তন : প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই কর্তৃক পাওয়ার নামা বুনিয়াদে পক্ষপাত গ্রস্ত এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও গাছ কর্তনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার মৃত ছাকবত আলীর পুত্র ভুক্তভুগী মীর মোশাররফ হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সদর উপজেলার মাছখোলা মৌজায় আমার ২৪ শতক জমি রয়েছে। আমি উক্ত সম্পত্তিতে দীর্ঘ ১০/১২ বছর পূর্বে প্রায় ১৫০টি মেহগিনি গাছ লাগাইয়া শান্তিপূর্ণ ভোগদখল করিয়া আসিতে থাকাকালে নিঃস্বত্ববান ও দখল বিহীন আমার বোন তাছলিমার নিকট হইতে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর ছোট ভাই আকরামুজ্জামান এক তঞ্চকী পাওয়ার নামা হাসিল করিয়া গত ১ আগষ্ট ২০১৯ তারিখ বেলা ১১টা ২৫ মিনিটের সময় তপশীল জমিতে জোর পূর্বক প্রবেশ করে আমার লাগানো মেহগিনি গাছ কর্তন করিতে থাকে। এ সংবাদ পাওয়ার সাথে সাথে অমি আকরামুজ্জামানের ০১৭১৬-১৪৯৯৫৮ নাম্বারের মোবাইল ফোনে কথা বলে তাকে উক্ত অন্যায় কাজ হতে বিরত থাকতে অনুরোধ জানালে আকরামুজ্জামান আমাকে উল্টো গালিগালাজসহ খুন জখমের হুমকি দেয়। এরপর বিষয়টি আমি তার বড় ভাই উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে জানাইলে তিনিও আমার সাথে অন্যায় ব্যবহার করেন এবং অদ্যবধি তারা ঐ গাছ কর্তনের কাজে লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, আমি পক্ষপাত গ্রস্ত একজন রুগী। আমার একটি মাত্র পুত্র সন্তান রয়েছে। আমি তাদের শক্তির কাছে খুব দূর্বল। এমতাবস্থায় তিনি (মীর মোশাররফ) সঠিক তদন্তে তপশীল সম্পত্তিতে তার আইনগত অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সুলতানপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ আগস্ট) সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, শাহাজান কবির সাজু, সুলতানপুর কাঁচাবাজার সমিতির সদস্য আব্দুর রহিম বাবু, শেখ নাছিমুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মুন্সীপাড়া স্যাটালাইট’র স্বত্বাধিকারী আবু জাহিদ ডাবলু, কাজী হেমায়েতুল ইসলাম রাজন, সাতক্ষীরা পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ। এডিপির অর্থায়ণে সুলতানপুর রোম টেইলাসের সামনে থেকে জুয়েলের বাড়ি পর্যন্ত ২৩৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন পর বেহালদশা রাস্তাটি আরসিসি ঢালাই হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের মাঝে প্রাণের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের প্রচেষ্টায় রাস্তাটি হওয়ায় তাকে দোয়া ও আর্শিবাদ করেছে এবং সেই সাথে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৫ আগষ্ট উপলক্ষে শ্যামনগর আ’লীগের প্রস্তুতি সভা
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা ও ১৫ আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় সভায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, মনোরঞ্জন তরফদার, অধ্যক্ষ বিদুস্রবা মন্ডল, আতিয়ার রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, সহ-সভাপতি শেখ মাহবুব উল হক, আফজালুল হক, গোলাম মোস্তফা মুকুল, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার বাবু, স ম আব্দুস সাত্তার, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা, প্রভাষক মোশারফ হোসেন সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বৃন্দ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে, ১২টি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় ১০৮টি ওয়ার্ডে ওই দিন সকাল থেকে মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, দোয়া অনুষ্ঠান ও খিচুড়ী বিতরনের সিদ্ধান্ত গৃহিত হয়। সাথে সাথে আ’লীগের প্রত্যেক সদস্যকে ৩টি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। প্রস্তুতি সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মুফতী মাওঃ আব্দুল খালেক।
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা আজমীর গুলিবিদ্ধ : বিভিন্ন জনের বর্ণনা
সুভাষ চৌধুরী : শনিবার রাত ১১টায় শহরের শিবতলায় ছাত্রলীগ নেতা আজমীর হোসেন ফারাবি সন্ত্রাসীদের হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়েছে। একই সময় আহত হয় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রলীগ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য শহরের শিবতলা এলাকায় পৌছাতেই তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষন করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয় জেলা ছাত্রলীগের প্রস্তাবিত যুগ্ম সম্পাদক আজমীর হোসেন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের ছেলে। একই সময়ে সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলে গুরুতর আহত হয় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ আরও কয়েকজন। গুলিবিদ্ধ আজমীর হোসেনের বাবা শাহাদাত হোসেন জানান, নাশকতার লক্ষ্যে একদল সন্ত্রাসী শিবতলার ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমানের বাড়ির ছাত্রমেসে জড়ো হয়েছে এমন খবর যাচাই করতে ছাত্রলীগের সদস্যরা সেখানে যায়। এ সময় পুলিশকেও খবর দেয় তারা। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে আসতে না আসতেই সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি ও পরে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে গ্রামবাসী সেখানে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যাবার চেষ্টা করে। তাদের চারজনকে গনপিটুনি দেয় গ্রামবাসী। পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ শনিবার রাতে জানান কারা এই হামলা ও গুলি করেছে তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে খুলনার কয়রা উপজেলার মো. ইব্রাহিম, যশোরের মনিরামপুরের মহিবুল্লাহ রুবেল, সাতক্ষীরার ঘোনার এমদাদুল হক মিলন ও গাংনি গ্রামের মুস্তাকিমবিল্লাহ। তাদের কক্ষ থেকে জামায়াত ও শিবিরের বেশ কিছু লিফলেট চাঁদার রসিদ, মাসিক মিটিংয়ের রুটিন ও বইপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে।
গুলিবিদ্ধ আজমীর বলেন,
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত যুগ্ম সম্পাদক গুলিবিদ্ধ আজমীর হোসেন ফারাবি সদর হাসপাতাল শয্যা থেকে বলেন ‘রাতে আমরা শহরের কুখরালিতে এক স্থানে ছিলাম। খবর পাই শিবতলার ওই মেসে নাশকতার লক্ষ্যে কয়েক ব্যক্তি গোপন সভায় বসেছে। বিষয়টি আমরা সদর থানার ওসিকে জানাই। আমরা একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটর সাইকেল নিয়ে সেখানে যেতেই উপরতলার একটি কক্ষ থেকে বলা হয় পাশের রুমে তারা মিটিং করছে। তিনি বলেন আমরা দরজা ঠেলে ঢুকতেই ছাত্ররা আমাদের ওপর আঘাত করে । প্রথমে ইটপাটকেল ছুড়ে আমাদের প্রতিহত করার চেষ্টা করে। পরপরই তারা গুলি করে। এই গুলিতে আমি আহত হই। ইটের আঘাতে আহত হন সৈয়দ সাদিকুর রহমানও। তবে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান অসুস্থ অবস্থায় হাসপাতাল বেডে নিদ্রামগ্ন থাকায় তার সাথে কথা বলা যায়নি। ছাত্রলীগ নেতাদের হাতে লাঠিসোটা ছিল কিনা জানতে চাইলে আজমীর বলেন কয়েকজন সদস্য গাছের ডাল ভাংছিল। আমি নিষেধ করেছিলাম।
জেলা ছাত্রলীগের সভাপতি যা বলেন,
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। তবে যা জেনেছি তা হলো ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে নাশকতার লক্ষ্যে একদল সন্ত্রাসী শিবতলার ওই ছাত্র মেসে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল। তারা শোক দিবসের ওই দিনকে ‘ইসলামী শিক্ষা দিবস’ ঘোষনা করে কর্মসূচি প্রনয়ণ করেছে। তাদেরকে ধরিয়ে দিতেই সদর থানার ওসিকে জানিয়ে ছাত্রলীগের ১০/১২ জন সদস্য সেখানে যায়। এরপরই তাদের ওপর হামলা হয়। এতে গুলিবিদ্ধ হয় আজমীর। আহত হয় জেলা সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। রেজা বলেন, রাতের ঘটনায় ছাত্রলীগের যে সব নেতাকর্মী সাদিকুর ও আজমীরের সাথে ছিলেন তারা হলেন নাহিদ, জাহিদ, জাকির, নোমান,দ্বীপ, সাইফুল, নয়ন, জামাল ও রাজীব। তারাও কম বেশি আহত হন।
গ্রামবাসী যা বলেন,
শিবতলার দ্বিতল মেস বাড়িটির মালিক ইসলামী ব্যাংক অফিসার মো. খলিলুর রহমান। কিছুদিন আগে তিনি সেটি কিনেছিলেন হায়াত আলি নামের এক ব্যক্তির কাছ থেকে। খলিলুর রহমান বলেন আমার বাড়ির উপরতলায় দুটি কক্ষে শিমুল ও মেহেদির নেতৃত্বে ৪/৫ জন করে মোট ১০ জন ছাত্র থাকে। তারা কোনো রাজনীতি কিংবা তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত কিনা তা তিনি জানেন না। তবে তারা বিভিন্ন কলেজে লেখাপড়া করে থাকে। পাঁচ মাস আগে তারা বাড়ির উপরতলার মেসে ওঠেন। বাড়ির নিচতলায় একটি ফ্যামিলি থাকে। এলাকাবাসীও বলেন ছেলেগুলির গতিবিধি চালচলন আচরন মোটেও খারাপ নয়। গ্রামবাসী বলেন তারা দেখেছেন ছাত্রলীগের ছেলেরা লাঠিসোটা নিয়ে দ্রুত বেগে সামনের দিকে যাচ্ছে। এতে আমরা আতংকিত হয়ে পড়ি। পরে শুনতে পাই চিৎকার চেচামেচি।
জমি দখল চেষ্টার যে ঘটনা সামনে আসেনি।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন মো. আইউব আলি। ২০১৬ সালের ১৫ মার্চ তিনি কিডনী জটিলতায় মারা যান। তার নিঃসন্তান স্ত্রী হোসনে আরা খাতুন বলেন তার চারজন দেবর। স্বামীর মৃত্যুর দিনেই তার দেবর আমিনুর কিছু কাগজপত্রে তার স্বাক্ষর নিয়ে বলেননা হলে সরকারি চাল আটা উত্তোলনের ক্ষমতা অন্যরা নিয়ে নেবে। তিনি বলেন কিছুদিন পর জানতে পারি আমার স্বামীর সেই লাইসেন্স দেবর আমিনুর নিজ নামে করে নিয়েছেন। স্বামীর সাড়ে তিন বিঘা জমির আম কাঁঠাল ও অন্য ফল দেবর ইচ্ছা মতো নিয়ে নেয়। ইচ্ছা মতো গাছও কেটে নেয়। এ নিয়ে আমার সন্দেহ জাগে আস্তে আস্তে আমার স্বামীর সম্পদ দেবর দখল করে নিচ্ছেন কিনা । তিনি বলেন কিছুদিন আগে তার অনুপস্থিতিতে তার রান্না ঘরের খোলার চাল ভেঙ্গে চুরে দেয় দেবর আমিনুর। বসতঘরে তালা ঝুলিয়ে দিতে গিয়েছিলেন। কিন্তু অনেকের আপত্তির মুখে তা তিনি পারেন নি। এমনকি আমার বিরুদ্ধে অপপ্রচারও চালান তিনি। আমার স্বামীর নামের রাইস মিলটি সচল করতে দেননি দেবর। এসব ঘটনায় সম্পদ হারানোর আশংকা করছিলেন হোসনে আরা। তিনি বলেন আমার স্বামীর চিকিৎসা ব্যয়ের জন্য ১০ লাখ টাকা দেনা হয়েছিলাম আমি। দেবর আমিনুর তার ভাই হিসাবে দেনার টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেবেন বলেও জানিয়েছিলেন।
গ্রামের মানুষের কাছ থেকে জানতে পেরে হোসনেআরা বলেন শনিবার রাতে একদল ছাত্রলীগ নেতা আমার স্বামীর বাড়ি জমি দখল করতে এসেছিল। দেবর আমিনুর তাদের ব্যবহার করে তা দখলে আনতে চুক্তি করেছিল তাদের সাথে। তিনি বলেন রাতে ছাত্রলীগের সদস্যরা আমার বাড়ি চিনতে না পেরে নিকটস্থ ব্যাংকার খলিলের বাড়ির মেসে উঠে পড়ে। সেখানেই গুলি কিংবা ইটছোড়ার ঘটনা ঘটে। তিনি বলেন শুনেছি আমিনুর নিজে আমার স্বামীর জমি বাড়ি দখল করতে সাহস পাচ্ছিলেন না। কারণ আমার ভাই আবদুল মান্নান যুবলীগের জেলা আহবায়ক। তাই ছাত্রলীগের ছেলেদের কৌশলে ব্যবহার করে আমার দেবর আমিনুর স্বামীর বাড়ি জমি দখল করতে এসেছিল। রোববার সকালে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাও আমাকে এই খবরটি দিয়ে গেছেন। আমি এর পর থেকে আতংকিত হয়ে পড়েছি বলে জানালেন হোসনে আরা।
তবে আমিনুরের সাথে যোগাযোগ করা যায়নি। তিনি শনিবার রাত থেকেই বাড়ি থেকে উধাও বলে জানান পাড়ার লোকজন।
আশাশুনি শিশু ধর্ষন : থানায় মামলা
প্রধান প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্য বড়দল গ্রামের আজিজুল ইসলাম গাজীর (৫০) বিরুদ্ধে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার আশাশুনি থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত শিশুটির বাবা।
এর আগে শনিবার বিকেলে শিশুটিকে পেয়ারা খাওয়া ও মোবাইলে ছবি দেখার নাম করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে আজিজুল। ধর্ষক আজিজুল ইসলাম গাজী বড়দল গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।
মামলার এজাহারে শিশুটির বাবা বলেন, শনিবার বিকেলে বড়দল গ্রামে নানার বাড়িতে থাকা সাড়ে চার বছরের শিশুকে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে ও মোবাইলে ছবি দেখানোর নাম করে নিজ বাড়িতে নিয়ে যায় আজিজুল ইসলাম গাজী। পরে মলম জাতীয় কোন পদার্থ ব্যবহার করে তার যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে নরপিচাশ আজিজুল ইসলাম গাজী। পরে ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়।
এ বিষয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারে অভিযান চলানো হচ্ছে।
কালিগঞ্জ সরকারি কলেজ, পর্ব-০১ : কলেজ প্রতিষ্ঠা, পরিচালনা ও অগ্রযাত্রা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহী কলেজের নাম কালিগঞ্জ কলেজ। কলেজটি প্রতিষ্ঠার পূর্বে অত্র এলাকায় উচ্চ শিক্ষার জন্য তেমন কোন প্রতিষ্ঠান ছিল না। কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে ১৯৬৯ সালের ১লা জুলাই প্রতিষ্ঠা লাভ করে এই কলেজটি। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিশিষ্ট শিক্ষানুরাগী কালিগঞ্জ সদরের শেখ আব্দুল গফুর, বন্দকাটি গ্রামের আলহাজ¦ সগীর আহমেদ এবং শিক্ষানুরাগী আলহাজ¦ শেখ আহম্মেদ আলী, জি এম উকালত আলী, শিক্ষক শেখ আব্দুর রহমান, আব্দুর রহিম পাড়, আলহাজ¦ শেখ আব্দুল লতিফ, নূর মোহাম্মদ, শেখ গোলাম বারী, ইছাহাক আলী সরদার সহ এলাকাবাসীর প্রচেষ্টায় কলেজটির আত্মপ্রকাশ ঘটে। সাতক্ষীরা রাজার বাগান কলেজের (বর্তমান সাতক্ষীরা সরকারী কলেজ) পরই এই কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিষ্ঠা কালীন সময়ে অর্থনৈতিক সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা থাকলেও নানা চড়াই উৎরাই পেরিয়ে কলেজটি এগিয়ে চলে সম্মুখ পানে। কলেজটির স্থাবর সম্পত্তির পরিমান ৫.৮১৫০ একর। চারিদিকে পাকা প্রাচীর বেষ্টিত এই কলেজে রয়েছে একটি গেইট, ১টি শহীদ মিনার, ২টি পুকুর, বড় খেলার মাঠ, ছাত্রী কমনরুম, ছাত্রী হোস্টেল (বর্তমানে অব্যবহৃত) ৪ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন ও ৪ তলা বিশিষ্ট শেখ কামাল আইসিটি ভবন। তবে এতো কিছুর মাঝেও কলেজটিতে রয়েছে কিছু সমস্যা ও সীমাবদ্ধতা।
কলেজটিতে ১৯৬৯ সাল থেকে এইচ,এস,সি পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিভাগে পাঠদান শুরু হয়। বর্তমানে এইচ এস সি তে ২০টি বিষয়ে পাঠদান করা হয়। কলেজে ১৯৭২- ৭৩ শিক্ষাবর্ষ থেকে ডিগ্রিপাস কোর্সে পাঠদান শুরু হয়। বর্তমানে বি এ, বি এস এস, বি এস সি ও বি কম বিভাগে ১৫টি বিষয়ে পাঠদান করা হয়। ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীন উন্মুক্ত কোর্স ও একই শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও অধীন বিএম কোর্স চালু করা হয়। ২০০৭ সাল থেকে বিএ (অনার্স) সম্মান কোর্স চালু হয়। এখানে রাষ্ট্র বিজ্ঞান, ইসলামী শিক্ষা ও ব্যবস্থাপনা এই ৩টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান করা হয়।
কলেজটিতে বর্তমানে শিক্ষক- কর্মচারীর সংখ্যা ৩৫ জন। সর্ব সাকুল্যে ছাত্র-ছাত্রী রয়েছে আড়াই হাজারের মতো। কলেজের ফলাফল বরাবরই সন্তোষজনক। চলতি বছরের এইচ এস সি পরীক্ষায় ৯ জন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০১৮ সালের এইচ এস সি’র ফলাফলে কালিগঞ্জ কলেজ সাতক্ষীরা জেলার মধ্যে ১ম স্থান লাভ করে।
বে-সরকারি অবস্থায় কলেজটিতে সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, বর্তমান সংসদ সদস্য এসএম জগলুল হায়দার সহ অন্যান্যরা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবীদ গোলাম রব্বানী। তিনি ১৯৬৯ সালের ১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর অধ্যক্ষ হিসেবে ১৮ জুলাই ১৯৬৯ সাল থেকে ১৮ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর ১৯৬৯ থেকে ১৪ ফেব্রুয়ারী ১৯৭১ সালপর্যন্ত গোলাম রব্বানী পূনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে কুষ্টিয়ার গোলাম রহমান ১৫ ফেব্রুয়ারী ১৯৭১ সাল থেকে ২১ মার্চ ১৯৯১ সাল পর্যন্ত একটানা ২০ বছর দায়িত্ব পালন করেন। এরপর আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গোলাম রহমান ২২ মার্চ ১৯৯১ থেকে ২০ জুলাই ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অত:পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে নলতার আবুল কাশেম ২১ জুলাই ১৯৯৪ সাল থেকে ৩০ জুন ২০০২ সাল পর্যন্ত দায়িত্বভার পালন করেন। পওে আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ১ জুলাই ২০০২ থেকে ১১ মে ২০০৩ পর্যন্ত মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ১২ মে ২০০৩ থেকে ৩১ আগস্ট ২০০৩ পর্যন্ত আব্দুর রশিদ এবং ১ সেপ্টেম্বর ২০০৩ থেকে ২৯ ফেব্রুয়ারী ২০০৪ সাল পর্যন্ত তমিজউদ্দীন দায়িত্ব পালন করেন। এরপর বর্তমান অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম ১ মার্চ ২০০৪ সালে কলেজের দায়িত্বভার গ্রহন করে অদ্যবধি পর্যন্ত রয়েছেন।
দায়িত্বভার গ্রহনের পর থেকে কলেজকে সামনের দিকে এগিয়ে নেয়া, শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, কলেজের ভবন নির্মাণ, শিক্ষকদের এমপিওভুক্তিকরন, কলেজের রেজাল্ট ভালো করা, শিক্ষার যথাযথ পরিবেশ তৈরী করা, সর্বোপরি একটি বে-সরকারী কলেজকে সরকারী করণে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। তার নিরলস পরিশ্রম, ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীর মনোবাসনা, শিক্ষক-কর্মচারী ও শুভান্যুধায়ীদের সহযোগিতা আর সরকার বাহাদুরের সদিচ্ছায় বিগত ১২ আগস্ট ২০১৮ তারিখে কলেজটি সরকারী করণের আদেশ জারি হয়। শুরু হয় কালিগঞ্জ সরকারি কলেজের নতুন পথচলা।
শেষ মুহুর্তে জমে উঠেছে পারুলিয়া পশুরহাট : চাহিদা ও দাম বেড়েছে দেশী গরুর, স্বস্তিতে খামারীরা
মোমিনুর রহমান, দেবহাটা: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় জমে উঠেছে সাতক্ষীরার অন্যতম বৃহৎ দেবহাটার পারুলিয়া পশুরহাট। তবে এবছর সরকারী নির্দেশনায় সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ না করায় চাহিদা ও দাম দুটোই বেড়েছে দেশীয় গরুর। এতে করে আশানুরুপ দামে গরু বিক্রি করতে পেরে অনেকটাই স্বস্তি ফিরেছে দেশীয় খামারীদের মধ্যে। অন্যদিকে জালটাকা ও প্রতারক চক্র ঠেকাতে রবিবার পারুলিয়া পশুরহাটকে সিসি ক্যামেরার আওতায় নিয়ন্ত্রন প্রায় দুই শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবীর পাহারার পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের টহলের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় বেশ নিরাপদে ও শান্তিতে গরু কেনাবেচা করতে পেরেছে ক্রেতা-বিক্রেতারা। এবছর তুলনামুলোক চাহিদা বেশী হওয়ায় দেশীয় গরুর দাম অনেকটাই বেশী হয়েছে বলে জানিয়েছেন একাধিক ক্রেতারা। অন্যদিকে এবারের ঈদে কুরবানির জন্য মানুষ গরুর দিকে ঝুকে পড়ায় চাহিদার সাথে সাথে অনেকটাই কমেছে ছাগলের দাম। রবিবার পারুলিয়া পশুরহাটে সরেজমিনে দেখা যায়, নয় থেকে দশ মন ওজনের বেশ বড় আকারের গরুর মুল্য চাওয়া হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা। আর সাত থেকে আট মন ওজনের গরুর মুল্য দুই থেকে আড়াই লক্ষ টাকা চাইছেন খামারীরা। অন্যদিকে তিন থেকে সাড়ে তিন মন ওজনের গরু আশি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে থাকায় বেশিরভাগ মানুষ লাখ টাকার ভিতরে কুরবানির ক্রয়ে ঝুকছেন বলে জানিয়েছেন খামারী ও গরু ব্যবসায়ীরা। আর পশুরহাটটিতে দালাল, প্রতারক ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার সহ পশু ক্রয় বিক্রয়ে অতিরিক্ত খাজনা আদায় না করায় সংশ্লিষ্ট ইজারাদার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্ট দুর দুরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। শুধু কুরবানির পশু নয়,রবিবার পারুলিয়ার এ পশুর হাট ঘিরে গার্মেন্টস সহ অন্যান্য সামগ্রীর দোকান গুলোতেও ছিলো সকল শ্রেনী পেশার মানুষের কেনাকাটার উপচে পড়া ভিড়।
কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ওই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার (৪আগস্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪’শতাধিক কর্মজীবী মা ও তাদের সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মাঝে সাবান, স্যালাইন, কেক, বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু ও কলারোয়া স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

