Home Blog Page 20

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

0
মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএস-এর আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহ সহ আরও অনেকে ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, “সীমান্তবর্তী জেলাগুলোতে মানব পাচারের প্রবণতা রোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে জোরালো সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। পাচারের শিকার সারভাইভারদের সঠিক পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম কার্যকর করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নই পারে মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলতে।”
সভায় অংশগ্রণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ, এবং এনআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার ও সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যকার পারস্পরিক সংযোগের উপকারিতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব টেকসই পরিকল্পনা ও চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর: ফি নেওয়া যাবে না

0

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশের মতো সাতক্ষীরায়ও এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেলার সাতটি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ ছাড়া আশাশুনিতে ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালীগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবে।

 

সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বিনা ফিতে পরীক্ষা গ্রহণ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সদস্য মো. শাদমান হোসাইন শিফাতের জন্মদিন পালন করা হয়েছে।

শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেলে সাতক্ষীরা প্রথম আলো ও বন্ধুসভা কার্যালয়ে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকল বন্ধুরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়।

জন্মদিন পালন উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা নাচ, গান ও কবিতা আবৃত্তিতে মেতে ওঠেন। বন্ধুদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় কার্যালয় প্রাঙ্গণ এক মুখরিত সাংস্কৃতিক মঞ্চে রূপ নেয়। একে অপরকে কেক খাইয়ে দেওয়া এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

আনন্দময় এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রাহাতুল ইসলাম ও মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক সুদীপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার এবং ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে বন্ধু হুমাইরা মিমি, মো. শাদমান হোসাইন শিফাত, সাজিদুল ইসলাম, অরনা জামান, অনন্য জামান, সিফাত হোসেন, শিমুল হোসেনসহ সাতক্ষীরা বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে এ ধরনের ছোট ছোট আনন্দ আয়োজন নিয়মিত বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বন্ধুরা।

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এঘটনায় বরের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমান ও মেয়ের পিতা ও চাচির নিকট থেকে মুচলেকা গ্রহন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনাটি সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় ঘটেছে।

 

জানা গেছে, সাতক্ষীরা শহরের ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার দ্রুত কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আজিবুর রহমান, ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা এবং প্রশিক্ষক তাছরিনা খাতুনকে ঘটনাস্থলে পাঠান। সদর থানা পুলিশের একটা টিমও সে সময় ঘটনাস্থলে পৌছায়।মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়।

 

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে একজন ম্যজিষ্ট্রেট এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক ঘটনাস্থলে যান। এসময় মেয়ের চাচার বাড়িতে খাওয়ার সময় বরের পিতা ও উভয় পক্ষের আত্মীয় স্বজনকে পাওয়া যায়।

 

বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের বরের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সাথে সাথে পাঁচ হাজার টাকা পরিশোধ করে ছেলের পিতা মুচলেকা দেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

 

আজ দুপুরে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর তালার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিত ঘোষ এবং প্রশিক্ষক রাজিবুল ইসলাম এর নেতৃত্বে আরও একটা বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। মেয়ের পিতা মুচলেকা দিয়েছেন। বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরের গাড়ি অভিযানের খবর পেয়ে মাঝপথে ফিরে গেছে।

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

0

শ্যামনগর প্রতিবেদন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি জমি রাতের আঁধারে দখল করে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাহউদ্দিন মাস্টারের নেতৃত্বে ওই জমি খুঁটি ও নেট দিয়ে ঘিরে দখল করা হয়েছে।

দখলে অংশগ্রহণকারীদের মধ্যে মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরান, ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আবদুল হালিম, ইউনিয়ন বিএনপির সদস্য আদম আলী, শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আলামিন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুজার গাজী বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, রাতের আঁধারে সরকারি জমিটি ঘিরে ফেলা হয়। সকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে ওই জমি দখলের কাজে যুক্ত থাকতে দেখা গেছে বলে তাঁদের দাবি।

স্থানীয়দের আরও অভিযোগ, এর আগে মুন্সিগঞ্জ বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিত্যক্ত দোকান দখল করে বিএনপির দলীয় কার্যালয় চলমান স্থাপনের অভিযোগও উঠেছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন ফ্যাসিস্ট  আওয়ামী লীগের আমলেও এমন দখল  চলতো এখনো আগের মতোই অবস্থা তাহলে আমরা কোথায় যাব

দখলে অংশ নেওয়া বিএনপি নেতা আদম আলী ও ইমরান হোসেন বলেন, আমরা মোটরসাইকেল শ্রমিকের অফিস ও ইজিবাইক শ্রমিকের অফিস করার জন্য সরকারি জায়গা দখল করেছি।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মাস্টার বলেন,আমি এ বিষয়ে কিছুই জানি না। দখল কার্যক্রমে আমি ছিলাম না। সকালে বিষয়টি শুনেছি।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির বলেন, “দলের কেউ সরকারি জায়গা দখল করলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরিফ ফাহাদ বলেন, “সরকারি জায়গা দখলের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

0

 নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালায় ঘেরে মাছ চুরি সন্দেহে এক মাছের ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল (৫২) তালা সদরের জেয়ালা গ্রামের মৃত. মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।

 

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে রাত ৩ টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন জেয়ালা শশ্মান ঘাট এলাকায় গাছে বেঁধে গণপিটুনি দিয়ে হাত, পা ভেঙে দেয়, মাথায় কোপায়। চোঁখ তুলে নেওয়ার চেষ্টা করে। রাত তিনটা থেকে ভোর পর্যন্ত এভাবেই মারপিট চলতে থাকে।

 

তিনি বলেন, সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১২টার দিকে মারা যায়। আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডল মাছের ঘের ব্যবসায়ী। তার চার বিঘা মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে ?

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরি সন্দেহে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তালা থানার মামলার প্রস্তুতি চলছে।

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে আটক

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রল টিম। এ সময় তাঁদের ব্যবহৃত একটি ডিঙি নৌকা, ৮০ কেজি কাঁকড়া ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে উদ্ধার করা কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্মার্ট পেট্রল টিমের লিডার সজল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযানে ৮০ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা, ৫০টি আটন, একটি পানির ড্রাম, তিনটি বৈঠা ও একটি দা জব্দ করা হয়।

 

আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনী গ্রামের সাত্তার তরফদারের ছেলে আব্দুল গনি (৪৯) এবং নীলডুমুর গ্রামের আকছেদ পাড়ের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নিতে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: ২ আসামী আটক

0
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটার আলোচিত ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় ১০ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরো ২০০/২৫০ জনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন হত্যাকান্ডের শিকার ওয়াহিদুজ্জামান শামীমের বড় ভাই দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত সামছুর রহমান সানার ছেলে আব্দুল জলিল সানা (৫২)। যার এনআইডি নং- ৮৭১২৫৬৩৫১৮১৬২। আব্দুল জলিলের দায়ের করা মামলা নং- ০৯, তাং- ১৫/১০/২৬ ইং এবং ধারা-১৪৩/৪৪৮/৪৪৯/৩২৩/৩০২/৩৪/১১৪ পেনাল কোড। পুলিশ উক্ত মামলার ৫ ও ৬নং এজাহারনামীয় আসামী আসাদুল ইসলাম মোল্যা (৪৬), পিতা- রহিম বক্স মোল্যা, সাং-নাজিরের ঘের এবং মোক্তার হোসেন খান (৫৩), পিতা- মৃত মাহাতাব উদ্দীন খান, সাং- সুবর্ণাবাদকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার মতে জানা গেছে, মামলার ১নং আসামী ফজলুল হক আমিনী (৪৫), পিতা- কারী রুহুল আমিন, সাং- দক্ষিণ পারুলিয়া ও ২ নং আসামী সাদিকুল ইসলাম ওরফে ভদু (২৮), পিতা- শওকত আলী, নিশ্চিন্তপুরসহ এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জন আসামী তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। বাদীর ভাই মৃত ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত ইং-১২/১০/২০২৬ তারিখ দুপুর ১২ টার সময় তার ভাইয়ের স্ত্রীর সাথে তার সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে বাদীর ভাইয়ের স্ত্রী তার ভাইকে বলে তুমি যে আমার সাথে খারাপ ব্যবহার করছো এই বিচার আল্লাহ করবে।
তখন তার ভাই তার স্ত্রীর সাথে আরো তর্কে জড়িয়ে যায়। তার ভাই মৃত ওহিদুজ্জামানের স্ত্রীর সহিত উক্ত তর্ক-বিতর্ক তার ভাইয়ের ঘরের পাশ থেকে কে বা কাহারা মোবাইলে রেকর্ড করে উক্ত রেকর্ড আশেপাশের মানুষসহ স্থানীয় জামায়াত অফিসে উপস্থিত সকলকে শুনিয়ে উক্ত তর্কের ভিতরে আল্লাহ এবং নবী বিরোধী কথা আছে মর্মে এলাকায় রটিয়ে দেয়। পরবর্তীতে এজাহারনামীয় আসামীরা তার ভাইয়ের বাড়ির ভিতর প্রবেশ করে আমার ভাইয়ের বাড়ি ঘেরাও করে বাড়ি ভাংচুর করতঃ তার ভাইকে ঘর হইতে বের করে দিতে বলে। তার ভাই প্রাণ ভয়ে বাড়ীর পিছন দিয়ে পালিয়ে প্রানে বাঁচে।
অতপরঃ তার ভাই মানসিক ভারসাম্যহীন থাকায় অসুস্থ হয়ে পড়লে একই দিন রাত অনুমান ১০ টায় কুলিয়ার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন । পরবর্তীতে ইং-১৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ৫টার সময় ১ ও ২ নং এজাহারনামীয় আসামীদ্বয় তার ভাইয়ের অবস্থান জানতে পেরে পূর্ব পরিকল্পিতভাবে ১ নং আসামীর হুকুমে ও নেতৃত্বে এজাহারনামীয় সকল আসামীসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জন দেবহাটা থানাধীন পশ্চিম কুলিয়া সাকিনস্থ জনৈক আব্দুস সবুর ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে তার ভাই ওয়াহিদুজ্জামান শামীম ইসলাম ধর্ম অবমাননা করেছে মর্মে অপবাদ দিতে থাকে এবং ডাক্তারের নিষেধ অমান্য করে তাকে উক্ত চেম্বার থেকে টেনে হিচড়ে রাস্তায় বের করে নিয়ে আসে।
এজাহারনামীয় ১ ও ২ নং এবং এজাহারনামীয় সকল আসামী পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে রাস্তায় ফেলে তার বুকে, মুখে, মাথায়, পেটে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মারতে থাকে। তার ভাই অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন দেবহাটা থানায় খবর দিলে থানার পুলিশ তার ভাইকে মূমুর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে ইং- ১৩/১০/২০২৬ তারিখ রাত্র অনুমান সাড়ে ৮টায় আসামীরা মিছিল সহকারে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে। আসামীগণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে থাকে।
হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, তার ভাইয়ের সাথে ডিউটিতে থাকা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আসামীগণকে অনেক বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এজাহারনামীয় আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হাসপাতালের মূল ফটক এবং পিছনের ফটক দিয়ে প্রবেশ করে তার ভাইকে হাসপাতালের বেড থেকে টেনে হিচড়ে নামিয়ে হাসপাতালের বারান্দায় নিয়ে এসে দুই হাত এবং দুই পা ধরে হত্যার উদ্দেশ্যে হাসপাতালের দেওয়ালে কয়েকবার আছাড় মারে। এসময় এজাহারনামীয় সকল আসামীসহ কতক অজ্ঞাতনামা আসামী আমার ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারে। একপর্যায়ে তারা মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়।
ঘটনা উল্লেখ করে মামলা দায়ের পরবর্তী দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাতব্যাপী অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৫ ও ৬নং আসামীদেরকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আলোচিত এই মামলাটি রেকর্ড পরবর্তী দ্রুত অভিযান পরিচালনা করে ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সকল আসামীকে গ্রেফতারে  পুলিশী অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন, সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের জন্য চেতনা একটি গুরুত্বপূর্ণ জিনিষ। চেতনা চ্যুত হলে প্যারালাইসিস রোগির মত হতে হবে। লক্ষ্যচ্যুত হতে হবে।
পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছেন, বিনিময়ে রয়েছে জান্নাত। জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। আল্লাহর কাছে আমার জানমাল বিক্রয় করেছি, আল্লাহর রাস্তায় জানা-মাল ব্যয় করতে হবে। আমার সালাত, জীবন মৃত্যু আল্লাহর জন্য।
তিনি রুকনদের চেতনা জাগ্রত রাখার তাগিদ দিয়ে বলেন, শপথ গ্রহনের সময় আমরা কি বলেছিলাম, সে চেতনা আমাদের আছে কি না? দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা করাই আমাদের চুড়ান্ত লক্ষ্য। চেতনা চ্যুত হলে লক্ষ্য চ্যুত হতে হবে। দুনিয়ার স্বার্থে নয় দ্বীনের জন্য কাজ করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ফরজ ও ওয়াজিব পালন করতে হবে। উপার্জনে হারাম পদ্ধতি অবলম্বন করা যাবেনা। নিজের পরিবার ও সমাজের অধিকার রক্ষায় কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে।
উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর।
অন্যদের মধ্যে আলোচনা রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওঃ আবু বকর ছিদ্দিক, নায়েবে আমীর নুরুল আবছার মুরতাজা ও মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ মোঃ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য মাওঃ রিয়াছাত আলী, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, মাওঃ আতাউর রহমান, অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু ও মাওঃ শহিদুল ইসলাম।

পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু

0
শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কৃতী সন্তান ও তরুণ উদ্যোক্তা কেশব কুমার সাধু। তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা।
কেশব কুমার সাধু পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের বাসিন্দা আনন্দ সাধুর ছোট ছেলে। ৪২ বছর বয়সী এই উদ্যোক্তা টাটা ক্রপ কেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক অঙ্গনে পরিচিতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর বিশেষ অবদান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ বাসভবনে শত শত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগে অসচ্ছল পরিবারগুলোর মধ্যে উৎসবের আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিবছর এভাবে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। নিজের এই মানবিক উদ্যোগ সম্পর্কে কেশব কুমার সাধু বলেন, “মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি প্রতিবছর যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি, সেটাই আমার বড় আশীর্বাদ।”
এ সময় উপস্থিত ছিলেন টাটা ক্রপ কেয়ার কোম্পানির চেয়ারম্যান গোলকবিন্দু সাধু, ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সাধু, নারায়ণ চন্দ্র সাধু, মুকুন্দ সাধু, কার্তিক সাধু, লিটন সাধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা কেশব কুমার সাধুর এই উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের কল্যাণে তাঁর এমন কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন